📄 হাম্মাম বিন মুনাব্বেহের দোয়া
হাসীন বিন আব্দুর রহমান বলেন, হাম্মাম রহ. সেজদায় গিয়ে এভাবে দোয়া করতেন : اشفنى من النوم باليسير واجعل سهرى فى طاعتك অর্থ: “হে আল্লাহ! আমাকে রাতের ঘুম থেকে বিরত রাখুন। আমাকে তাওফিক দিন যেন আমি জাগ্রতাবস্থায় আপনার আনুগত্য করতে পারি।” বর্ণনাকারী বলেন, তিনি বসে পড়ে একটু ঝিমুতেন মাত্র; এ ছাড়া আর ঘুমাতেন না।
📄 এক আয়াতেই সকাল
ওকা বিন ইয়াস বলেন, আমি সাঈদ বিন যুবাইরকে সকাল পর্যন্ত একটি আয়াত বারবার পড়তে শুনেছি। আয়াতটি হলো: فَسَوْفَ يَعْلَمُونَ إِذِ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَাসِلُ يُسْحَبُونَ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ .
অর্থ: "সুতরাং তারা অচিরেই জানতে পারবে। যখন তাদের গলায় থাকবে বেড়ি ও শিকল, তাদেরকে গরম পানিতে হেঁচড়ানো হবে, তারপর আগুনে দগ্ধ করা হবে।" -সূরা মু'মিন ৭০-৭২
📄 রাত ছোট হওয়ার অভিযোগ
লায়ছ বলেন, বিলাল আবসী রমযান মাসে তাহাজ্জুদে এক চতুর্থাংশ কুরআন পড়তেন। অতঃপর নামায শেষে আমাদের দিকে ফিরলে মানুষ বলত: لقد خففت بنا الليلة অর্থ: "রাত কাটানো আমাদের জন্য সহজ করে দেয়া হয়েছে।"
📄 আল্লাহর জিজ্ঞাসা
ইবনে জুরাইজ আতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার নিকট এই খবর পৌঁছেছে যে, বান্দা যখন নামাযের মধ্যে অন্যমনস্ক হয়, তখন আল্লাহ তা'আলা বলেন: ابن ادم إلى من تلتفت ؟ أنا خير لك مما تلتفت إليه অর্থ: "ইবনে আদম! কোন দিকে মন দিচ্ছ? মনে রেখ, যে দিকে মন দিচ্ছ আমি তার থেকে তোমার জন্য ভাল।"