📄 নামাযের সময়ে যাত্রাবিরতি করায় দোয়া
হযরত সালেম বিন আব্দুল্লাহ রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
رحم الله عبد الله بن رواحة كان ينزل فى السفر عند وقت كل صلوة
অর্থ: "আল্লাহ তা'আলা আব্দুল্লাহ বিন রওহার উপর রহমত নাযিল করুন। সফরের মাঝে নামাযের সময় হলে তিনি যাত্রাবিরতি করতেন (এবং নামায পড়ে নিতেন)।"
ফায়েদা: সফর অবস্থায় মুসাফিরের লক্ষ্য থাকে পথে যাত্রাবিরতি যতদূর সম্ভব কম করে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছা। সফরে সময় বাঁচানোর জন্য দুই ওয়াক্ত নামায এক সময়ে পড়ার অনুমতিও আছে। তবে নামাযের প্রতি গুরুত্বের দাবী হলো, প্রত্যেক নামাযের সময়ে যাত্রাবিরতি করে নামায পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা রা.-এর আমলও এমন ছিল। নবীজী তাঁর এই আমল সমর্থন করেছেন এবং এর জন্য তাকে 'রহমতের দোয়া' দিয়েছেন।
📄 তাহাজ্জুদের জন্য স্ত্রীকে জাগ্রত করার ফযিলত
হযরত আবু সাঈদ খুদরী রা. এবং হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
من استيقظ من الليل ও ايقظ امرأته فصليا ركعتين جميعا كتبا من الذاكرين كَثِيرًا وَ الذكرات
অর্থ: "যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগে এবং তার স্ত্রীকেও জাগ্রত করে অতঃপর উভয়ে দুই রাকাত (তাহাজ্জুদ) নামায পড়ে, তাহলে অধিক জিকিরকারী পুরুষ এবং অধিক জিকিরকারী নারীর তালিকায় তাদের নাম লেখা হয়।"
📄 যুদ্ধের ময়দানেও নবীজীর তাহাজ্জুদ আদায়
হারিছা বলেন, আমি হযরত আলী রা.-কে বলতে শুনেছি:
ما كان فينا فارس يوم بدر غير المقداد ও لقد رأيتنا تلك الليلة وما من احد من القوم الا نائم غير رسول الله صلى الله عليه وسلم فانه قائم الى سمرة او شجرة بين يديه يصلى في جوف الليل حتى أصبح
অর্থ: "বদর যুদ্ধে আমাদের মধ্যে মেকদাদ ছাড়া আর কেউ অশ্বারোহী ছিলেন না। (সকলেই হয়ত উটের আরোহী বা পদাতিক ছিলেন।) আমি সে রাতে সবাইকে ঘুমুতে দেখেছি। তবে নবীজী ব্যতীত। তিনি একটি বাবলা গাছ কিংবা অন্য কোনো গাছের সামনে অর্ধরাত হতে ভোর পর্যন্ত (তাহাজ্জুদ) নামায পড়তে থাকেন।"
📄 সাত রাতে কুরআন খতমের লাভ
ইসহাক বিন খলীফা জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
من قرأ القرآن في سبع كتب من العابدين
অর্থ: "যে ব্যক্তি সাত রাতে কুরআন খতম করবে, তার নাম আবেদদের তালিকায় লেখা হবে।"