📄 শীতকালের রোযা দীর্ঘ তাহাজ্জুদের জন্য সহায়ক
আমের বিন সাউদ নামী জনৈক কুরাইশী বুযুর্গ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: الصوم في الشتاء الغنيمة الباردة اما ليله فطويل ও اما نهاره فقصير .
অর্থ: "শীতকালের রোযা গনীমত। (কেননা তখন) রাত দীর্ঘ হয় এবং দিন ছোট হয়। (ফলে তখন রোযা রাখা সহজ হয় এবং তাহাজ্জুদের জন্য দীর্ঘ সময় মেলে।)"
📄 সাহেবে কুরআনের প্রতি আহ্বান
প্রখ্যাত তাবেয়ী হযরত মুজাহিদ রহ. বলেন, শীতের মৌসুম শুরু হলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বলতেন: يا اهل القرآن طال الليل لصلاتكم ও قصر النهار لصيامكم فاغتنموا -
অর্থ: "হে সাহেবে কুরআন! (তাহাজ্জুদ) নামাজের জন্য রাত লম্বা হয়েছে এবং তোমাদের রোযার জন্য দিন ছোট হয়েছে। সুতরাং এ সময়টিকে তোমরা গনীমত মনে কর।"
📄 এক রাতে কুরআন খতম করা
ইসহাক বিন সাঈদ আল-কুরাশী তার পিতার সূত্রে হযরত ইবনে যুবাইর রহ.-এর অবস্থা বর্ণনা করেন যে- ان ابن الزبير كان يقرأ القرآن في ليلة -
অর্থ: "নিশ্চয় ইবনে যুবাইর এক রাতে পুরো কুরআন তেলাওয়াত করতেন।"
📄 সারা বছর রাত জাগরণ করা
মুহাম্মাদ বিন যায়েদ হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর সম্পর্কে বলেন: كان عبد الله بن الزبير يحي الدهر اجمع، فكان يحى ليلة قائما حتى يصبح وليلة يحييها راكعا حتى الصباح وليلة يحييا ساجدا حتى الصباح
অর্থ: "আব্দুল্লাহ ইবনে যুবাইর পুরো বছর রাত জাগরণ করতেন। কখনো তিনি সকাল পর্যন্ত রাতভর জেগে থাকতেন নামাযে দণ্ডায়মান অবস্থায়, কখনো রুকু অবস্থায় এবং কখনও সেজদারত অবস্থায়।"