📄 তিন ইবাদতে রাত পার
আতা বিন জাবালা রহ. একজন বিশিষ্ট বুযুর্গ ছিলেন। তিনি বলেন, মানসূরের মৃত্যুর পরে মানুষ তার মায়ের কাছে জানতে চায় যে, মানসূরের বিশেষ আমল কী ছিল? জবাবে তার মাতা বলেন:
كان ثلث الليل يقرأ، ومثله يبكى، وثلثه يدعو -
অর্থ: "রাতের একভাগে তিনি কুরআন তেলাওয়াত করতেন। আরেক ভাগে কান্না-কাটি করতেন। আর অপর এক ভাগে দোয়া করতেন। (এভাবে তিন ইবাদতে রাত পার করতেন।)"
📄 রাতের আঁধারে অস্থিরচিত্তে ক্রন্দন
মুহাম্মাদ বিন জাফর বলেন, আব্দুল্লাহ বিন ইদরিস আমাকে বলেছেন:
ما رأيت الليل على أحد من الناس أخلف منه على أبي حيان التيمي، صحبناه مرة إلى مكة فكان إذا أظلم الليل فكأنه هذا الزنابير إذا هيجت من عشها -
অর্থ: "আমি রাতের আঁধারকে আবু হায়্যান তায়মী অপেক্ষা আর কারো ক্ষেত্রে অধিক হালকা পাইনি। একবার আমরা তার সঙ্গে ছিলাম। আমরা দেখি যে, যখন রাতের আঁধার ছড়িয়ে পড়ে তখন তিনি ইবাদত-বন্দেগী ও কান্না-কাটিতে বেশি অস্থির হয়ে পড়েন। যেমন হাতল টানলে তা হতে শো শো আওয়াজ হয়, তেমনি তার ফোঁপানি শোনা যেত।"
📄 মৌমাছির মত ভোঁ ভোঁ আওয়াজ বের হওয়া
আব্দুল্লাহ বিন গালেব রহ. বলেন, আমি রবী বিন সাবীহ রহ.-এর খেদমত করতাম। যখন তিনি তাহাজ্জুদ নামাযের জন্য জাগ্রত হতেন, তখন আমি তার ওজুর পানি এনে দিতাম। তখন ঘরের কোণ হতে তাহাজ্জুদ গুজার এবং রাত জাগরণকারীদের দোয়ার এমন আওয়াজ নির্গত হত, যেমন মৌমাছির চাকে আঘাত করার পর মৌমাছি শব্দ করে বের হয়। তিনি আরও বলেন, রবী যখন থেকে ইবাদতকে নিজের শহর বানিয়ে নিয়েছিলেন, তখন থেকে তিনি খুব কমই সেখান থেকে বের হতেন। তাঁর রাতের ইবাদত-বন্দেগী খুবই দীর্ঘ হত।"
📄 মৃত্যু পর্যন্ত শয্যা গ্রহণ না করার অঙ্গিকার
মুহাম্মাদ বিন আবু মানসূর ঘটনা বর্ণনা করেন:
كان من صفوان بن سليم اعطى الله عهدا لا أضع جنبي على فراشي حتى ألحق بربي
অর্থ: "সফওয়ান বিন সুলাইম আল্লাহর সঙ্গে এভাবে ওয়াদা করেন যে, আমি আমার প্রতিপালকের সঙ্গে সাক্ষাত তথা মৃত্যু পর্যন্ত বিছানায় পার্শ্বদেশ রাখব না।"
বর্ণনাকারী বলেন, আমি জানতে পেরেছি যে, এই ওয়াদার পর সফওয়ান চল্লিশ বছর বেঁচেছিলেন। কিন্তু দীর্ঘ এ সময়ের মাঝে কখনও শয্যা গ্রহণ করে ওয়াদা ভঙ্গ করেননি। যখন তার ইন্তেকালের ক্ষণ ঘনিয়ে আসে, তখন তাকে বলা হলো- رحمك الله الا تضطجع অর্থ: "আল্লাহর করুণা হোক আপনার প্রতি, আপনি কি এ মুহূর্তেও শয্যা গ্রহণ করবেন না?"
জবাবে তিনি বলেন- মা وفيت لله بالعهد إذا অর্থ: "তবে তো আমি আল্লাহর সঙ্গে ওয়াদা পূরণকারী হব না!" বর্ণনাকারী বলেন, অতঃপর তাকে হেলান দিয়ে বসিয়ে দেয়া হয় আর এ অবস্থাতেই তার প্রাণ দেহ থেকে নির্গত হয়ে যায়।
إنه ثقبت جبهته من كثرة السجود অর্থ: "অধিক সেজদার কারণে সফওয়ানের কপাল ফেটে গিয়েছিল।"