📄 ইবাদত করতে করতে শীর্ণকায় হওয়া
ইসহাক বিন ইসমাইল বলেন, আমি যারীরকে বলতে শুনেছি:
بلغ منصورا حديث عبد الله بن مسعود! من يقم الحول يصب ليلة القدر، فقام سنة يصوم النهار ويقوم الليل حتى بلى فصار مثل الجرادة
অর্থ: "যখন মানসূর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-এর এই উক্তি সম্পর্কে জানেন যে, যে ব্যক্তি সারা বছর পূর্ণ রাত ইবাদত করবে, সে অবশ্যই শবে কদর পাবে। সুতরাং তখন থেকে তিনি শবে কদর পাবার আশায় সারা বছর দিনে রোযা রাখতেন এবং রাতভর নামায পড়তেন। এভাবে অবিরাম ইবাদত করার কারণে তার অবস্থা টিঙির মত জীর্ণ-শীর্ণ হয়ে যায়।"
📄 রাত ছিল মানসূরের বাহন
মুহাম্মাদ বিন হুসাইন বলেন, সুফিয়ানের সূত্রে হুমায়দী আমাকে বলেছেন:
كان الليل عند منصور مطية من المطايا متى شئت اصبته قد ارتحله
অর্থ: "রাত ছিল মানসূরের বাহনসমূহের একটি বাহন। তিনি যখন ইচ্ছা তাতে আরোহণ করতেন। অর্থাৎ রাতের যে কোনো অংশে তিনি ইচ্ছেমত জাগ্রত হতেন এবং ইবাদত-বন্দেগীতে লিপ্ত হতেন।"
📄 রাত জাগরণ গোপন করার প্রয়াস
খালফ বিন তামীম বলেন, আমি আবু তামীম বিন মালিককে বলতে শুনেছি :
كان منصور بن المعتمر اذا صلى الغداة أظهر النشاط لأصحابه فيحدثهم ও يكثر إليهم، ولعله انما بات قائما على أطرافه كل ذلك ليخفى عنهم العمل
অর্থ: "মানসূর বিন মু'তামির রহ.-এর আমল ছিল, তিনি প্রতিদিন ফজরের নামায আদায় শেষে সাথীদের সামনে উদ্দামতা ও ফুরফুরে মেজাজ প্রকাশ করতেন। তাদের সঙ্গে চুটিয়ে আলাপ করতেন এবং তাদের সঙ্গে বসে আসর জমাতেন। অথচ তিনি সারা রাত দাঁড়িয়ে পার করে আসতেন। তারপরেও তার খোশ মেজাজ ও প্রফুল্লতা দেখানোর একমাত্র উদ্দেশ্য ছিল, যেন সাথীদের কাছে তার আমলের কথা গোপন থাকে।"
📄 দাঁড়ানো লাঠিটা কোথায়?
আবুল আহওয়াস বলেন, মানসূর বিন মু'তামিরের এক প্রতিবেশির একটি বাদী ছিল। মানসূরের মৃত্যুর পরে বাঁদী তার মনিবকে জিজ্ঞাসা করে :
يا أبة! اين الخشبة التي كانت في سطح منصور ؟
অর্থ: "আব্বাজান! মানসূরের ছাদে যে লাঠিটি দাঁড়া করানো থাকত তা কোথায় গেল?"
জবাবে মনিব বলেন: يا بنية! ذالك منصور كان يقوم الليل -
অর্থ: "বেটি! ওটা লাঠি ছিল না; বরং মানসূর নিজে ছিলেন। তিনি এভাবে দাঁড়িয়ে রাতে ইবাদতে মশগুল থাকতেন।"