📄 নামাযের মাধ্যমে ক্ষমা লাভ
হযরত ইয়াহইয়া ইবনে কাছীর রহ. বলেন: رأيت زبيرا الإيامي في المنام فقلت : الى ما صرت يا ابا عبد الرحمن؟ قال : ارى رحمة الله ، قلت فاى عملك وجدت افضل؟ قال : الصلوة، ও حب على بن ابي طالب
অর্থ: "আমি যুবায়দ ইয়ামীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, হে আবু আব্দুর রহমান! আপনার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে? জবাবে তিনি বলেন, আল্লাহর রহমত আমাকে ঢেকে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার আমলসমূহের মধ্যে কোন আমলটিকে সবচেয়ে শ্রেষ্ঠ পেয়েছেন? জবাবে তিনি বলেন, নামায ও হযরত আলী রা.-এর প্রতি মহব্বত।
এ আছর প্রমাণ করে যে, নামায কেমন সফলতার পাথেয়, তেমনি সাহাবায়ে কেরামের মহব্বত পোষণও নাজাতের কারণ। তবে মনে রাখতে হবে যে, প্রত্যেক সাহাবীকে মহব্বত করতে হবে কুরআন-হাদীসের ভাষ্য মোতাবেক। যার যতটুকু ফযিলত রয়েছে তাকে ঠিক ঐ পর্যায়ে রেখে মহব্বত করতে হবে। মহব্বতের নামে মনগড়া কিছু করা যাবে না। তখন এটা আর মহব্বত হবে না; বরং তাঁর প্রতি জুলুম হবে।"
📄 দিন-রাত শয়ন না করা
সাঈদ বিন আমর আল কিন্দী রহ. বলেন, আমাকে হযরত আবছার রহ, ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন:
كان محمد بن النضر عندى مختفيا فكان لا ينام ليلا ولا نهارا، قال فقلت له لو قلت فقد جاء فى القائلة : قيلوا فان الشيطان لا تقيل فجعل لا يرد على فألححت عليه فقال : انى لأنفس عليها بالنوم وقال غيره : اني لأكره أن اعطى نفسى سؤلها في النوم -
অর্থ: "মুহাম্মদ বিন নজর রহ. আমার নিকট অবস্থানরত ছিলেন। তাঁর অভ্যাস ছিল, তিনি দিনে-রাতে কখনও ঘুমুতেন না। তার এই কঠোর মেহনত দেখে আমি তাকে বলি যে, আপনি কিছুক্ষণ দিবানিদ্রা যান। বলা হয়েছে: দিবানিদ্রা যাও, কেননা শয়তান দিবানিদ্রা যায় না। আমার এ কথার কোনো জবাব তিনি দিতেন না। আমি এ ব্যাপারে তাকে চাপাচাপি করলে তিনি বলেন, আমি ঘুমের ব্যাপারে নফসের প্রতি কঠোরতা করি। কোনো কোনো বুযুর্গ বলেন, আমি এটা পছন্দ করি না যে, ঘুমের ব্যাপারে চোখের দাবী মেনে নিব। অর্থাৎ চোখ তো ঘুমাতে চাইবেই কিন্তু আমি তার চাহিদা পূরণ করা পছন্দ করি না।"
📄 রাতে হৃদকম্পন শুরু হওয়া
হযরত নাফে বিন উমর রহ. বলেন, উমর বিন মুনকাদিরীর মাতা উমরকে দীর্ঘদিন নির্ঘুম ও ইবাদতে পরিশ্রান্ত দেখে বলেন, বৎস! আমি তোমাকে একটু বিশ্রামরত দেখতে বড়ই আগ্রহী। জবাবে উমর বলেন:
يا أمه والله ان الليل ليرد على فيهولني فينقضى عنى وما قضيت منه أربي -
অর্থ: "আম্মাজান! রাত এসে আমাকে ভীষণভাবে শঙ্কিত করে তোলে। ফলে আমার ঘুম শেষ হয়ে যায় এবং আমার হৃদকম্পন বেড়ে যায়।"
📄 কবরে দীর্ঘকাল থাকতে হবে
বকর আবেদ ঘটনা বর্ণনা করেন যে, সিরিয়ায় একজন বড় বুযুর্গ ছিলেন। তিনি ইবাদত-বন্দেগীতে সারাক্ষণ লিপ্ত থাকতেন। একবার তার মা তাকে বলেন :
يا بني عملت ما لم يعمل الناس اما تريد ان تمجع فأقبل يرد عليها وهو يبكى يقول : ليتك كنت بي عقيما ان لبنيك فى القبر حبسا طويلا -
অর্থ : "প্রিয় পুত্র! আমি তোমাকে এমন এমন মেহনত করতে দেখি, যা অন্যরা করে না। রাতে ঘুমুতে তোমার মন একদম চায় না? জবাবে পুত্র কান্নাজড়িত কণ্ঠে বলে : কতই না ভাল হত, যদি আপনি আমাকে জন্ম না দিতেন! আপনার পুত্রকে কবরে দীর্ঘকাল অবস্থান করা লাগবে।"