📄 নামায সমস্ত ইবাদতের সর্দার
হযরত আমর বিন দীনার রহ. বলেন, পূর্ববর্তী বড়জনদের মধ্যে এ কথা সর্বজনবিদিত ছিল যে : الصلوة رأس العبادة
অর্থ : 'নামায ইবাদতের মূল এবং সর্দার।"
📄 তাহাজ্জুদ সবচেয়ে মর্যাদার আমল
ওয়াহাব বিন মুনাব্বেহ রহ. বলেন : أشرف اعمال المؤمن التهجد و قيام الليل -
অর্থ : "মু'মিনের সবচেয়ে মর্যাদার আমল হলো তাহাজ্জুদ পড়া এবং রাত জাগরণ করে ইবাদত করা।"
📄 তাহাজ্জুদ হীনকে সম্মানিত এবং নীচকে উন্নত করে
ওয়াহাব বিন মুনাব্বেহ রহ. বলেন : قيام الليل يشرف به الوضيع و يعز به الذليل وصيام النهار يقطع عن صاحبه الشهوات، وليس للمؤمن راحة دون دخول الجنة -
অর্থ : "তাহাজ্জুদ নামায হীন ব্যক্তিকে সম্মানিত করে, নিচুকে উন্নত করে। এমনিভাবে দিনের নফল রোযা রোযাদারের কুপ্রবৃত্তিকে মিটিয়ে দেয়। মু'মিনের প্রকৃত শান্তি হাসিল হবে জান্নাতে প্রবেশ করার পর; এর পূর্বে নয়।”
📄 তাহাজ্জুদে দীর্ঘ কিয়ামে আবেদদের প্রশান্তি
হযরত ইয়াযিদ রকাশী রহ. তাঁর মাওয়ায়েজে বলেন : بطول التهجد تقر عيون العابدين، وبطول الظمأ تفرح قلوبهم عند لقاء الله عز وجل -
অর্থ : "তাহাজ্জুদে দীর্ঘ কিয়ামে আবেদদের চোখ ঠাণ্ডা তথা তাদের আত্মপ্রশান্তি অর্জিত হয়। আর দীর্ঘ সময়ের পিপাসায় তাদের অন্তর খুশি হবে প্রভুর সঙ্গে সাক্ষাতকালে।"