📄 সমস্ত আমল হতে তাহাজ্জুদের ফায়দা বেশি
তাহাজ্জুদ নামাযের ফায়দা অনেক। হযরত উসমান বিন আতা খোরাসানী রহ. স্বীয় পিতা হতে এ প্রসঙ্গে বর্ণনা করেন: (১) قيام الليل محياة للبدن (২) و نور فى القلب (৩) وضياء في البصر (৪) وقوة في الجوارح (৫) وان الرجل إذا قام من الليل متهجدا أصبح فرحا يجد لذلك فرحاني قلبه (৬) و اذا غلبته عيناه فنام عن جزئه أصبح لذلك حزينا منكسর القلب كأنه قد فقد شيئا، وقد فقد أعظم الأمور له نفعا
অর্থ : ১. তাহাজ্জুদ নামায দেহের জীবন সমতুল্য। ২. এবং দিলের নূর বিশেষ। ৩. এবং চোখের আলো স্বরূপ। ৪. এবং অঙ্গ-প্রত্যঙ্গের শক্তিসম।
৫. মানুষ যখন তাহাজ্জুদ পড়তে জাগ্রত হয় এবং ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে, তখন তার সকাল খুব খোশময় ও আন্তরিক প্রশান্তিদায়ক হয়।
৬. আর যদি কখনো তার চোখ না খুলে; বরং নিদ্রা বিভোর হয়ে যায় এবং নিয়মিত আমল করতে জাগ্রত না হতে পারে, তাহলে সকাল বড়ই চিন্তাদায়ক হয়। তার দিল বিমর্ষ হয়ে যায়, যেন তার মূল্যবান কোনো সম্পদ হস্তচ্যুত হয়েছে! আর কেনইবা তার অবস্থা এমনটি হবে না, কেননা তার ঐ আমল হাত ছাড়া হয়ে গেছে, যা সমস্ত আমল হতে বেশি ফায়দাজনক আমল ছিল!
📄 তাহাজ্জুদ নামায মু'মিনের নূর স্বরূপ
হযরত হারিস বিন যিয়াদ রহ. বলেন, হযরত ইয়াযিদ রকাশী রহ. বলেন: قيام الليل نور للمؤمن يوم القيامة يسعى يديه ومن خلفه، وصيام النهار يبعد العبد من حر السعير
অর্থ: "তাহাজ্জুদ নামায মু'মিনের নূর। কেয়ামতের দিন এই নূর তাকে সামনে এবং পশ্চাৎ হতে ঘিরে রাখবে। আর দিনের রোযা বান্দাকে জাহান্নামের উত্তাপ থেকে দূরে রাখে।"
📄 তাহাজ্জুদগুজারদের জন্য সুসংবাদ
হযরত তলহা বিন মাসরাফ রহ. বলেন, আমার কাছে এই বর্ণনা পৌঁছেছে যে: ان العبد إذا قام من الليل ليتجهد ناداه ملكاه طولك، سلكت منهاج العابدين قبلك
অর্থ: "বান্দা যখন তাহাজ্জুদ পড়ার জন্য জাগ্রত হয়, তখন দুই ফেরেশতা তাকে ডেকে বলে, তোমার প্রতি সুসংবাদ হোক! তুমি পূর্ববর্তী আবেদদের তরীকার উপর চলেছ।"
📄 ফেরেশতারা তাহাজ্জুদ গুজারদের দোয়ায় ‘আমীন’ বলে
হযরত আবু মি'অশার রহ. মুহাম্মদ বিন কায়েস রহ. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার কাছে এই বর্ণনা পৌঁছেছে যে:
ان العبد اذا قام من الليل للصلوة تناثر عليه البر من عنان السماء الى مفرق رأسه و هبطت عليه الملائكة تستمع لقراءته واستمع له عمار داره و سكان الهواء، فاذا فرغ من صلاته وجلس فى الدعاء احاطت به الملائكة و تؤمن على دعائه، فان هو اضطجع بعد ذلك نودى : نم قرير العين مسرورا ، ثم فخير نائم على خير عمل
অর্থ: "বান্দা যখন রাতে তাহাজ্জুদ নামায পড়ার জন্য জাগ্রত হয়, তখন আসমানের কিনারা হতে তার মাথার তালু পর্যন্ত তার জন্য নেকী ছড়িয়ে দেয়া হয়। আসমান থেকে ফেরেশতা তার জন্য অবতরণ করে এবং তার কুরআন পড়া শোনে। তার ঘরে বিদ্যমান নেককার জিন এবং খোলা ময়দানে অবস্থানরত মাখলুক তার কুরআন পড়া কান লাগিয়ে শোনে। যখন সে নামায শেষে দোয়া করার জন্য বসে, ফেরেশতারা তাকে ঘিরে নেয় এবং তার দোয়ায় আমীন আমীন বলতে থাকে। এরপর সে যদি মা'মুলাত শেষে কিছু সময়ের জন্য ঘুমায়, তাহলে ফেরেশতাদের পক্ষ হতে তাকে বলা হয়: শীতল চোখে প্রফুল্লচিত্তে ঘুমাও! তুমি সর্বোত্তম নিদ্রা যাপনকারী। কেননা, তুমি সর্বোত্তম আমল করে ঘুমিয়েছ।"