📄 রাতের ১ রাকাত দিনের ২০ রাকাত হতে উত্তম
হযরত ইয়ালা বিন আতা রহ. বলেন, আমার ফুফু সালমা বলেন, আমাকে হযরত আমর বিন আস রা. বলেন: يا سلمى ركعة بالليل خير من عشر بالنهار -
অর্থ: "হে সালমা! রাতের এক রাকাত নামায দিনের কুড়ি রাকাত হতে উত্তম।"
📄 তাহাজ্জুদ পড়া ছাড়া উপায় নেই
হযরত কাতাদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: لا بد من قيام الليل ولو قدر حلب شاة :
অর্থ: "তাহাজ্জুদ পড়া ছাড়া উপায় নেই, যদিও বকরীর দুধ দোহনের সময়ের পরিমাণও হোক না কেন।"
অর্থাৎ, কেয়ামতের দিন নাজাত চাইলে অল্প সময়ের জন্য হলেও তাহাজ্জুদ নামায পড়তে হবে। এ হাদীস প্রমাণ করে যে, তাহাজ্জুদ নামায নফল-সুন্নত হলেও নাজাতের ব্যাপারে তার গুরুত্ব অপরিসীম। আখেরাতে সহজে নাজাত চাইলে তাহাজ্জুদ আমলের বিকল্প নেই। প্রতিদিন অল্প হলেও এ নামায পড়া চাই।
📄 আল্লাহর নৈকট্য দানকারী আমল
হযরত মুবারক বিন ফুযালা রহ. বলেন, এক ব্যক্তি হযরত হাসান বসরী রহ.-কে জিজ্ঞাসা করেন, হে আবু সাঈদ! আল্লাহর নৈকট্যকারী আমলসমূহের মধ্যে সর্বোত্তম কোনটি? জবাবে হযরত হাসান বসরী রহ. বলেন:
ما أعلم شيئا يتقرب به المتقربون إلى الله أفضل من قيام العبد في جوف الليل الى الصلوة -
অর্থ: "আল্লাহর নৈকট্যশীল বান্দাগণ যেসব আমলের দ্বারা আল্লাহর নৈকট্য হাসেল করেন তার মধ্যে মধ্যরাতের তাহাজ্জুদ পড়ার চেয়ে উত্তম আমল আর কোনোটি আছে বলে আমির জানা নেই।"
📄 অধিক সওয়াবের আমল
দুইটি আমলের সওয়াব অতি বেশি। এ প্রসঙ্গে হযরত হাসান বসরী রহ.-এর উক্তি স্মরণীয়। তিনি বলেছেন:
ما نعلم عملا أشد من مكابدة هذا الليل ونفقة المال -
"নিয়মিত রাত জাগরণ এবং আল্লাহর রাস্তায় সমস্ত মাল ব্যয় করা অপেক্ষা অধিক কষ্টকর ও সওয়াবের আমল আর আছে বলে আমরা জানি না।"