📘 বিয়ে অর্ধেক দ্বীন > 📄 আমাদেরকে সর্বাবস্থায় স্বামী/স্ত্রী বা বন্ধু নির্ধারণের ক্ষেত্রে চারিত্রিক পবিত্রতাকে প্রাধান্য দিতে হবে

📄 আমাদেরকে সর্বাবস্থায় স্বামী/স্ত্রী বা বন্ধু নির্ধারণের ক্ষেত্রে চারিত্রিক পবিত্রতাকে প্রাধান্য দিতে হবে


আমরা যেন সচ্চরিত্র লোক থেকে দূরে না সরে যাই এবং চরিত্রহীন লোকদের সঙ্গী না বানাই। চরিত্রবান জীবনসঙ্গী পেতে হলে কী করতে হবে? অবশ্যই নিজেকে চরিত্রবান হতে হবে। না শুধু চরিত্রবান না, সচ্চরিত্রবান হতে হবে।

মহান আল্লাহ তায়ালা বলেন,
চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষদের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীদের জন্য, চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য। লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।

মনে রাখবেন, আজকে পথে-ঘাটে যার রূপ-লাবণ্য, বাহ্যিক পোশাক-পরিচ্ছদ, স্মার্টনেস দেখে বিমোহিত হচ্ছেন, সে কিন্তু আল্লাহর বিধানই ঠিকমত পালন করে না। চরিত্রবান হলে আপনি তার রূপ-লাবণ্য দেখতে পারতেন? না পারতেন না। সে নিজেকে লোকচক্ষু থেকে হেফাজত করত মহান রবের বিধান দ্বারা। তাহলে কি এটা ভাল চরিত্র হতে পারে! না পারে না।
তাই তাদের পিছনে না ছুটে, সময় নষ্ট না করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন। তিনিই সবকিছুর একমাত্র দাতা। চাওয়ার সাথে সাথে পেয়ে গেলে আলহামদুলিল্লাহ্। আর দেরী হলে তাওয়াক্কুল করুন। লা তাহযান, হতাশ হবেন না।

মহান রবের কাছে নেককার স্ত্রীর প্রার্থনা করুন। এর সাথে সাথে চক্ষুশীতলকারী সন্তান-সন্ততিও চান তার কাছে। চাওয়ার মত চেয়ে দেখুন, ইনশাআল্লাহ তিনি আপনার দুআ কবুল করবেন। হয় আজকে আর না হয় দুইদিন পর।
কিভাবে চাইতে হবে তা আল্লাহ তায়ালাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পবিত্র কুরআনে তার প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إمَامًا.
হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।

পবিত্র কুরআনে আরো আছে, رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ.
অর্থাৎ, হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। (সুরা আলে ইমরান: ৩৮)
এবং আরো আছে, رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ.
অর্থাৎ, হে আমার রব! আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন।

এছাড়া আরেকটা বিষয় লক্ষণীয়। আর তা হচ্ছে—যেকোনো মানুষের ভবিষ্যত প্রজন্মের চরিত্রবান হওয়ার বিষয়টি তার জীবনসঙ্গীর চরিত্রবান হওয়ার ওপর নির্ভর করে। এছাড়া সচ্চরিত্রবান দম্পতির উচিত তাদের সন্তানদের চরিত্র গঠনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করা এবং মহান রবের কাছে প্রার্থনা করা।
আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার, মানার এবং আমল করার তাওফিক দিন।

টিকাঃ
১২৭ সুরা নূর: ২৪, ২৬।
১২৮ সুরা ফুরকান: ৭৪।
১২৯ সুরা সাফফাত: ১০০।

📘 বিয়ে অর্ধেক দ্বীন > 📄 মহিলাদের বর্জনীয় অভ্যাস

📄 মহিলাদের বর্জনীয় অভ্যাস


১. ঈমান-আকিদা ও তাওহিদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, ইবাদত, সহিহশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, পিতা-মাতা, স্বামীর হক ও সন্তানের হক সম্পর্কে ইলম হাসিল করে না, অথচ জরুরত পরিমাণ ইলম অর্জন করা ফরয।
২. সময়ের পাবন্দি করে না।
৩. দুই তিন জন একত্রিত হলে অন্যের দোষ চর্চায় লিপ্ত হয়।
৪. সালাম দেয়ার অভ্যাস খুবই কম।
৫. চোগলখুরি তথা একের কথা অন্যের কাছে লাগানো অনেক মেয়েদের একটা বদ অভ্যাস।
৬. সাধারণত মহিলাদের মধ্যে নিজেকে প্রদর্শনের মানসিকতা অধিক লক্ষ্য করা যায়।
৭. বর্তমান মহিলারা সাজ-সজ্জার নামে অনেক নাজায়িজ ও হারাম কাজ করে থাকে।
৮. মহিলাদের জন্য সমস্ত শরীর আবৃতকারী মোটা কাপড়ের এমন ঢিলেঢালা পোষাক পরা জরুরী, যাতে করে শরীরের রং, ভাঁজ ও অঙ্গ-প্রত্যঙ্গের আকার আকৃতি বোঝা না যায়।
৯. অনেক মহিলারা বাহিরে পর্দা করে বের হলেও পরিবারিক জীবনে পর্দার ধার ধারে না।
১০. অনেকে বোরকা পরিধান করে কিন্তু চেহারা খোলা রাখে অথচ চেহারা সকল সৌন্দর্যের সমষ্টি, চেহারা আবৃত করা জরুরী।
১১. কোথাও কোনো প্রয়োজনে যেতে হলে অযথা ঘোরাঘুরি করে যাত্রা বিলম্ব করে।
১২. হাতে টাকা থাকুক বা না থাকুক, কোনো কিছু পছন্দ হলে তা অপ্রয়োজনীয় হলেও কিনতে হবে।
১৩. কেউ কোন উপকার করলে তার শুকরিয়া আদায় করে না। বিশেষত: ঘরের বউ-ঝিরা প্রশংসার যোগ্য কোনো কাজ করলেও শাশুড়ি কিংবা ননদরা তার শুকরিয়া আদায় করে না।
১৪. শাশুড়িরা অনেক সময় পুত্রবধূদের কাজের মেয়ের মত মনে করে, কখনোই নিজের মেয়ের মত মনে করতে পারে না।
১৫. পুত্রবধূরাও শাশুড়িদেরকে নিজ মায়ের মত ভাবতে পারে না। শাশুড়িকে তার প্রাপ্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করে।
১৬. স্ত্রীরা স্বামীর ইহসান তথা দয়া ও অনুগ্রহ স্বীকার করতে চায় না।
১৭. স্বামীর স্ত্রীর জন্য পছন্দ করে কোনো জিনিস আনল, কিন্তু ঘটনাক্রমে স্ত্রীর তা পছন্দ হল না, তখন স্ত্রী স্বামীর মুখের উপর বলে দেয় আমার এটা পছন্দ হয়নি; আমি এটা পরবও না ছুঁইবও না।
১৮. অনেক সময় টাকা, গহনা ইত্যাদি মূল্যবান জিনিস বালিশের নিচে বা খোলা যায়গায় রেখে দেয়, পরে হারিয়ে গেলে পরিবারের নিরাপরাধ লোকদের দোষারোপ করতে থাকে। যা মারাত্মক গুনাহ।
১৯. মহিলাদের মধ্যে কর্মতৎপরতা ও দূরদর্শিতার বেশ অভাব রয়েছে; ব্যস্ততার সময়ে কোনো কাজ তারা ঝটপট করতে পারে না; গতিমন্থরতা যেন তাদের একটা অংশ।
২০. দুই ব্যক্তি কোন বিষয়ে আলাপ করতে থাকলে অনেক মহিলা অযাচিতভাবে সেই কথায় অংশগ্রহণ করে এবং পরামর্শ দিতে থাকে।
২১. কোনো কোনো মহিলা মহিলাদের মহল থেকে এসে অন্য মহিলাদের অলংকার, শারীরিক গঠন, রূপ, পোশাক ইত্যাদির বর্ণনা নিজ স্বামীর কাছে করে থাকে।
২২. কারো সাথে কথা বলার প্রয়োজন হলে সে যত জরুরী কথা বা কাজেই লিপ্ত থাকুক না কেন সেদিকে খেয়াল না করে সে নিজের কথা বলবেই, ঐ ব্যক্তির কাজ বা কথা শেষ হওয়ার অপেক্ষা করে না।
২৩. কেউ কিছু বললে পূর্ণ মনোযোগসহকারে কথাগুলো শোনে না; এর মাঝে অন্য কাজ করতে থাকে বা ফাঁকে ফাঁকে কারো কথার উত্তর দিতে থাকে।
২৪. নিজের ভুল-ত্রুটিতে মনোযোগ দিতে চায় না। বরং যথাসম্ভব কথার ফুলঝুরি দিয়ে দোষ চাপা দিতে চায়; চাই তার কথার মধ্যে যুক্তি থাক বা না থাক।
২৫. কোনো কথা বা সংবাদ বলতে গেলে অসম্পূর্ণ বলে থাকে, যদ্দরুন ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং আসল কাজ ব্যাহত হয়।
২৬. অলসতাবশতঃ ফরয গোসল করতে দেরি করা মেয়েদের একটা চিরাচরিত অভ্যাস।
২৭. বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিতা মেয়েরা অযু গোসল সম্পর্কীয় মাসয়ালা মাসায়েলও জানে না।
২৮. অনেক বোকা মহিলা স্বামীর কর্মস্থান থেকে ফেরার সাথে সাথে তাকে শান্তি পৌঁছানোর পরিবর্তে তার কানে সংসারের কলহ বিবাদের কথা পৌঁছায়।
২৯. অনেক ননদ ভাইয়ের বৌ-দের সহ্য করতে পারে না, এমনিভাবে অনেক বৌ-রা ননদদের সহ্য করতে পারে না।
৩০. অনেক মহিলারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন থাকে।
৩১. কোন সন্তানকে হয়ত বেশী মহব্বত করে তার জন্য অনেক কিছু করে, এমনকি তার দোষ সহ্য করতে চায় না। অর্থাৎ সন্তানদের মধ্যে সমতা রক্ষা করে না।
৩২. অনেক মহিলা রোগ-শোক চাপা দিয়ে রাখে, কাউকে বলে না।
৩৩. অনেক শিক্ষিতা মহিলা স্বামীর ঘরে আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করার চেয়ে বাইরে গিয়ে চাকরি করাকে বেশি পছন্দ করে।

টিকাঃ
১০০ এখানে নারীদের কিছু বদভ্যাস আলোচনা করা হয়েছে। অনেক নারী এর ব্যতিক্রম রয়েছে কিন্তু অধিকাংশদের মধ্যে আলোচিত অভ্যাসগুলোর এক বা একাধিক দোষ পরিলক্ষিত হয়।- সম্পাদক।
১০১ মূল: শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ। মূল লেখাটি ঈষৎ পরিমার্জিত।

📘 বিয়ে অর্ধেক দ্বীন > 📄 মহিলাদের করণীয় কাজ

📄 মহিলাদের করণীয় কাজ


১. ঈমান-আকিদা ও তাওহিদ পরিশুদ্ধ করা।
২. ইবাদত-বন্দেগী সুন্নাত তরিকায় করা।
৩. স্বামীর খেদমত করা।
৪. স্বামীর বৈধ হুকুম মান্য করা।
৫. স্বামীর মালের হেফাযত করা।
৬. নিজেকে পরিপূর্ণভাবে পর্দায় রাখা।
৭. সন্তান লালন-পালন ও দ্বীনী শিক্ষা-দীক্ষা দেওয়া।
৮. মহিলাদের মধ্যে দ্বীনী দাওয়াত পেশ করা ও দ্বীনের জরুরী কথার তালিম করা ইত্যাদি ইত্যাদি।

টিকাঃ
১৩২ মূল: শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ। মূল লেখাটি ঈষৎ পরিমার্জিত।

📘 বিয়ে অর্ধেক দ্বীন > 📄 পুরুষদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়

📄 পুরুষদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়


এতক্ষণতো মহিলাদের কি করণীয় আলোচনা করলাম তাই বলে পুরুষদেরও দায়িত্ব ও কর্তব্য আছে সেটা ভুলে গেলে চলবে না।
১. আল্লাহ তায়ালাকে পাওয়া এবং হেদায়েতের উপর কায়েম থাকার জন্য আল্লাহওয়ালাদের সোহবত, মহব্বত ও শ্রদ্ধা রাখা জরুরী।
২. দ্বীনের খেদমতে নিয়োজিত উলামায়ে কেরামের সমালোচনা না করা।
৩. ঈমানী বিষয়ের তালিমের মাধ্যমে নিজের ঈমান ও আকিদা-তাওহিদি বিশ্বাসকে সঠিক করা।
৪. ইবাদত তথা নামায, রোযা, কুরআনে কারিমের তিলাওয়াত, যাকাত, হজ্জ ইত্যাদি ইবাদতসমূহ সুন্নাত মোতাবেক সুন্দরভাবে করা।
৫. হালাল রিযিকের সন্ধান করা ও হারাম উপার্জন থেকে দূরে থাকা।
৬. মুআশারাত তথা বান্দার হক বিশেষ করে পিতা-মাতা বিবি-বাচ্চা ও অন্যান্যদের হক উলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে তা পরিপূর্ণভাবে আদায় করা।
৭. তাযকিয়া তথা আত্মশুদ্ধির চেষ্টা করা।
৮. জামাআতের সাথে ফরয সালাত আদায় করা।
৯. শিরক, বিদআত ও গুনাহ থেকে কঠোরভাবে বেঁচে থাকা।
১০. প্রতিটি কাজে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করার জন্য সুন্নত শিখতে থাকা, সুন্নাতের প্রশিক্ষণ নেয়া, ৩টি গুরুত্বপূর্ণ সহজ সুন্নাতকে আমলে আনা।
১১. কুরআন কারিম নিয়মিত তিলাওয়াত করা।
১২. আল্লাহ তায়ালার জিকির করা।
১৩. দৈনন্দিন সকাল-সন্ধ্যার দুআ পড়া。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00