📄 কী জিনিস দ্বারা মোহর দিতে হবে?
এ ব্যাপারে ফকিহগণ বলেছেন-মোহর হওয়ার জন্য শর্ত হল:
১। সেটি হয় এমন জিনিস হতে হবে যার অর্থমূল্য রয়েছে। যেমন, টাকা-পয়সা, স্বর্ণ-রৌপ্যের অলংকার, জায়গা-জমি, আসবাবপত্র ইত্যাদি।
২। অথবা এমন কোনো কাজ বা সেবা হতে হবে, যার বিনিময় মূল্য রয়েছে। যেমন কুরআন শিখানো। বিয়ের পূর্বে এ মর্মে চুক্তি হবে যে, মোহর হিসেবে স্বামী তার স্ত্রীকে কুরআন শিখাবে। অথবা এ মর্মে চুক্তি হবে যে, সে তাকে পড়ালেখা শেখাবে অথবা স্বামী স্ত্রীর পক্ষ থেকে বিশেষ কোনো কর্ম সম্পাদন করবে।
বিয়ের সময় যদি এ ধরণের কাজ বা সেবা দানের শর্তে উভয়পক্ষ সম্মত হয় তাহলেও তা মোহর হিসেবে পরিগণিত হবে। কারণ এগুলোর বিনিময় মূল্য রয়েছে।
সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ প্রার্থী এক দরিদ্র সাহাবিকে বললেন,
اذْهَبْ فَالْتَمِسُ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ.
যাও, তালাশ কর, একটি লোহার আংটি হলেও।
লোকটি চলে গেল এবং খুঁজে দেখল। এরপর এসে বলল, আমি কিছুই পেলাম না; এমনকি একটি লোহার আংটিও না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কুরআন জানা আছে? সে বলল, অমুক অমুক সুরা আমার জানা আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকট যে পরিমাণ কুরআন আছে তার বিনিময়ে এ মহিলাকে তোমার সাথে বিয়ে দিলাম।
উক্ত হাদিস থেকে ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ (একটি বর্ণনা মোতাবেক) কুরআন শিখানোকে মোহর হিসেবে গণ্য করেছেন। বরং কুরআন শিখানোকে মোহর হিসেবে গণ্য করার ব্যাপারে অধিকাংশ আলেম একমত। কিন্তু যদি শুধু কুরআনের সুরা বা আয়াতকে মোহর ধরা হয় অর্থাৎ বর নিজে নিজে কুরআন পড়বে অথবা কুরআন মুখস্থ করবে-এটাই মোহর। তবে এ বিষয়ে সঠিক কথা হল, এটা মোহর হিসেবে গণ্য হবে না। বরং কুরআন তিলাওয়াত শিখানো বা বিশেষ কোনো কাজ করে দেয়ার শর্ত থাকলে তা মোহর হিসেবে পরিগণিত হতে পারে।
অর্থ-সম্পদ থাকার পরও শুধু কুরআন শিখানোকে মোহর হিসেবে গণ্য করা বৈধ নয়:
অর্থ-সম্পদ থাকার পরও শুধু কুরআন শিখানোকে মোহর হিসেবে গণ্য করা বৈধ হবে না। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোহার আংটি হলেও খোঁজার কথা বলেছেন। সুতরাং আর্থিক মোহর দেয়ার সামর্থ থাকলে তাই প্রদান করতে হবে। অর্থ-সম্পদ না থাকলে তখন তার জন্য উক্ত বিকল্প পথ। কিন্তু অর্থ-সম্পদ একেবারে না দিয়ে শুধু কুরআন শিখানোকে মোহর হিসেবে ধার্য করা বৈধ হবে না। তবে যদি আর্থিক মোহরের পাশাপাশি এটাও বলা হয় যে, স্বামী স্ত্রীকে কুরআন শেখাবে অর্থাৎ আর্থিক মোহর তো থাকলই, পাশাপাশি কুরআনও শিখাতে হলো, তাহলে তাতে কোনো সমস্যা নেই। এটিও মোহর হিসেবে পরিগণিত হবে ইনশা আল্লাহ।
টিকাঃ
১১৯ সহিহ বুখারি: ৫৫৩৩।
১২০ উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল; জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।