📄 ওয়াফসাহ (রাঃ) আসাদীর ঘটনা
ইমাম আহমদ (রঃ) বিন হাম্বল বর্ণনা করেছেন, "আমার থেকে আফফান, তাঁর থেকে হাম্মাদ বিন সালমা তাঁর থেকে যোবায়ের বিন আব্দুস সালাম এবং তাঁর থেকে আইয়ুব বিন আব্দুল্লাহ বিন মাকরায বর্ননা করেছেন। আইয়ুব বলতেন যে ওয়াবিসাহ আসদীর সঙ্গী এই ঘটনা ওয়াবিসার (রাঃ) মুখে শুনাতেন। ওয়াবিসা (রাঃ) বলতেন, "আমি রাসূলের (সাঃ) খিদমতে হাজির হলাম। আসার পূর্বেই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে, নবীর (সাঃ) নিকট নেকী ও বদি সম্পর্কে সকল প্রশ্ন করবো। যাতে কোন নেক কাজ আমার নিকট গোপন না থাকে এবং কোন খারাব কাজ সম্পর্কে আমি অনবহিত না থাকি। আমি যখন সেখানে পৌঁছলাম তখন রাসূলের (সাঃ) চারপাশে মুসলমানদের একটি দল বসেছিলেন। তারা রাসূলের (সাঃ) নিকট প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। আমি লোকদের মাথার ওপর দিয়ে আগে যেতে চাচ্ছিলাম। লোকেরা আমাকে বললো যে, এভাবে মাথার ওপর দিয়ে লাফ দিয়ে যাওয়া ঠিক নয়। আমি বললাম, "আল্লাহর ওয়াস্তে আমাকে রাস্তা দাও। আমি রাসূলে করিমের (সাঃ) নিকট যেতে চাই। তিনি আমার নিকট দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশী প্রিয়।"
নবী পাক (সাঃ) অত্যন্ত স্নেহ ও ভালোবাসার সঙ্গে বললেন, "ওয়াবিসাকে ছেড়ে দাও, ওয়াবিসা আমার নিকট এসো।” তিনি একথা দুই তিনবার বললেন। লোকজন আমার রাস্তা ছেড়ে দিলো এবং আমি নবীর (সাঃ) সম্পূর্ণ সামনে গিয়ে বসলাম। তিনি বললেন, "তুমি কি নিজে জিজ্ঞেস করবে অথবা আমি বলবো যে তুমি কোন উদ্দেশ্যেএসেছ?"
আমি আরজ করলাম, "হে আল্লাহর রাসূল! আপনিই বলে দিন।”
তিনি বললেন, "তুমি নেকী ও বদী সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছ?”
আমি আরজ করলাম, 'জ্বী, হ্যাঁ।”
তারপর নবী করিম (সাঃ) নিজের আঙ্গুলগুলো একত্রিত করে আমার বুকের ওপর চেপে ধরলেনএবং তিনবার এরশাদ করলেন, "হে ওয়াবিসা। নিজের দিল ও নফসের নিকট জিজ্ঞাসা করো। নেকী তাকে বলে যাতে তোমার অন্তর মুতমায়েন হয়। আর বদী হলো তা যা তোমার দিলে খটকা ও সন্দেহের মধ্যে নিক্ষেপ করে। এই মৌলনীতি সব সময় সামনে রাখবে। যদিও মানুষ এ ব্যাপারে ফতওয়া দিতে থাকবে।"
📄 তায়ামূল আযাযাব
আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন যে তাঁর থেকে মুহাম্মদ বিন আলা, তাঁর থেকে ইবনে ইদরিস তাঁর থেকে আছেম বিন কুলাইব, তাঁর থেকে তাঁর পিতা এবং তাঁর থেকে একজন আনসারী সাহাবী বর্ণনা করেছেন, "আমরা রাসূলের (সাঃ) সঙ্গে এক জানাযার নামাজের জন্য বের হলাম। আমি রাসূলকে (সাঃ) দেখলাম যে তিনি কবরের কিনারে দাঁড়িয়ে রয়েছেন এবং কবর খোদাইকারীদেরকে বলছিলেন, "পায়ের দিকে আরো খোঁড়ো এবং মাথার দিকেও আরো একটু প্রশস্ত কর।"
জানাযাহ এবং দাফনের পর রাসূলুল্লাহ (সাঃ) মদীনা ফিরে এলেন। এ সময় একজন মহিলার দূত তাঁর পক্ষ থেকে হুজুরকে (সাঃ) খাওয়ার দাওয়াত দিলো। তিনি তার সঙ্গে তাশরীফ নিলেন। তাঁর সামনে খাবার পেশ করা হলো। তিনি খাবারের মধ্যে হাত রাখলেন এবং উপস্থিত অন্যান্য সকলেও হাত বাড়ালেন। লোকজন খেতে লাগলেন। এ সময় আমাদের বুজুর্গরা দেখলেন যে, রাসূলুল্লাহ (সাঃ) এক লোকমা মুখে দিয়ে তা মুখের মধ্যে ঘোরাচ্ছেন ফিরাচ্ছেন। তারপর বললেন, "আমি অনুভব করছি যে মালিকের অনুমতি ছাড়াই এই বকরীর গোশত রান্না করা হয়েছে।"
সেই মহিলা একথা শুনে বলে পাঠালেন, "হে আল্লাহর রাসূল। আমি জনৈক প্রতিবেশীকে একটি বকরী ক্রয়ের জন্য বাকীতে প্রেরণ করেছিলাম। কিন্তু সে বকরী পায়নি। অতঃপর আমি প্রতিবেশীটির নিকট আমার প্রদত্ত অর্থ ফেরত চেয়ে পাঠালাম। কিন্তু সেসময় সে বাড়ী ছিল না। আমি তার স্ত্রীর নিকট অর্থ দাবী করলাম। তখন সে এই বকরী পাঠিয়ে দিয়েছিল। প্রতিবেশী বকরীটি নিজের জন্য ক্রয় করেছিল।" রাসূলুল্লাহ (সাঃ) বললেন, "এই গোশত কয়েদীদের খাইয়ে দাও।"
📄 ছুয়াদ বিন আব্দুল্লাহ আল ইয়াফির মদীনা আগমন
ইবনে ইসহাক বর্ণনা করেছেন, "ছুরাদ বিন আব্দুল্লাহ আল-ইযদি এক প্রতিনিধি দলের সঙ্গে হুজুরে পাকের (সাঃ) খিদমতে হাজির হলেন এবং ইসলাম কবুল করলেন। নবী পাক (সাঃ) হযরত ছুরাদকে তার কওমের مسلمانوں আমীর নিয়োগ করলেন এবং বললেন যে ইয়েমেনের গোত্রসমূহের চারপাশের ও পার্শ্ববর্তী মুশরিক গোত্রসমূহের বিরুদ্ধে নিজের কবিলা এবং অন্যান্য আশপাশের মুসলমানের সঙ্গে মিলে জিহাদ করো।
ছুরাদ বিন আব্দুল্লাহ রাসূলে পাকের (সাঃ) নির্দেশ অনুযায়ী বের হলেন এবং ইয়েমেনের জারাশ এলাকায় গিয়ে পৌঁছলেন। সে যুগে জারাশ একটি বদ্ধ শহর ছিল। শহরটির চারপাশে প্রাচীর দেওয়া ছিল। তাতে ইয়েমেনের কতিপয় গোত্র বাস করতো এবং বনু খাছায়াম গোত্রের কিছু মানুষও তাদের নিকট আশ্রয় নিয়েছিল। তারা মুসলমানদের আগমনের খবর পেয়ে ইয়েমেনীদের সঙ্গে দূর্গে আবদ্ধ হয়ে গেল।
হযরত ছুরাদ এবং তার সঙ্গীরা তাদেরকে এক মাস অবরোধ করে রাখলো কিন্তু দুর্গ কবজা করা গেল না। হযরত ছুরাদ অবশেষে অবরোধ উঠিয়ে নিলেন এবং স্থান ত্যাগ করে চলে গেলেন। অবরুদ্ধরা ধারনা করলো যে হামলাকারীরা পরাজিত হয়ে চলে গেছে। সুতরাং তারা দুর্গ থেকে বের হয়ে তাদের পিছু ধাওয়া করতে চাইলো। হযরত ছুরাদ যখন শাকার নামক পাহাড়ের নিকট পৌঁছলেন তখন জারাশ বাসীরা তার ওপর হামলা করে বসলো। হযরত ছুরাদ পিছু ফিরে এমনভাবে সেই হামলার জবাব দিলেন যে দুশমনরা গাজর কাটা হয়ে গেল। ব্যাপক সংখ্যায় তরা নিহত হলো।
তার পূর্বে জারাশবাসী পরিস্থিতি যাচাইয়ের জন্য মদীনায় দুজন প্রতিনিধি প্রেরণ করেছিল। প্রতিনিধিদ্বয়কে তারা এই বলে পাঠিয়েছিল যে তারা মদীনার শাসককে কেমন পেয়েছিল তা ফিরে এসে তাদেরকে জানাবে। এই দুই ব্যক্তি নবী পাকের (সাঃ) নিকট বসেছিলেন। এমন সময় তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, "শাকার কোন দেশে এবং এলাকায় অবস্থিত?" 'তারা জবাব দিল, "হে আল্লাহর রাসূল। আমাদের এলাকায় একটি পাহাড় আছে। তাকে কাশার বলে।” (জারাশবাসী শাকারকে কাশারই বলে থাকতো) তিনি বললেন, "এটা কাশার নয় শাকার।” তারা জিজ্ঞেস করলো, কেন? কোন বিশেষ কথা আছে কি?" তিনি বললেন, "এ মুহূর্তে সেই পাহাড়ের উপর কুরবানীর পশু জবেহ হচ্ছে।”
আসরের নামাযের পর এই আলোচনা হলো। এ কথা শুনে তারা দু'জন হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) অথবা হযরত ওসমান গণির (রাঃ) নিকট গেল। এ সময় তারা (আবু বকর (রাঃ) অথবা ওসমান (রাঃ)) তাদেরকে বললেন, "তোমাদের ধ্বংস হোক। রাসূলুল্লাহ (সাঃ) তোমাদেরকে তোমাদের কওমের কতলে আমের খবর দিয়েছেন। তোমরা উঠে দাঁড়াও এবং হুজুরের (সাঃ) খিদমতে গিয়ে আরজ করো যে, তিনি যেন তোমাদের কওমের পক্ষে দোয়া করেন। যাতে তাদের ওপর থেকে এই আজাব বা শাস্তি দূর হয়। এ কথা শুনে তারা কাল বিলম্ব না করে রাসূলে পাকের (সাঃ) নিকট উপস্থিত হল এবং দোয়ার আবেদন জানাল। রাসূলে পাক (সাঃ) দোয়া করলেনঃ "হে আল্লাহ! তাদের কওমের ওপর থেকে মুসিবত দূর করো।"
সে সময়ই তারা রাসুলে পাকের (সাঃ) নিকট থেকে অনুমতি নিয়ে স্বগৃহে রওয়ানা হল। সেখানে পৌঁছে তারা খবর পেল যে, সেই দিন এবং সেই সময় তাদেরকে ছুরাদ বিন আব্দুল্লাহ যুদ্ধে ধরাশায়ী করে ফেলেন এবং যারা জীবিত ছিল তারা পালিয়ে জীবন রক্ষা করে।
📄 ইবনে নাযিহ আল-হাজবীকে হত্যা
ইবনে ইসহাক বর্ণনা করেন, মুহাম্মদ বিন জাফর বিন যোবায়ের আমার নিকট থেকে হযরত আব্দুল্লাহ বিন আনিসের হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ বলেন, "নবীয়ে আকরাম (সাঃ) আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, সুফিয়ান বিন নাবিহ আল-হাজলী আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য একত্রিত করে রেখেছে বলে খবর পেয়েছি। সে বর্তমানে নাখলা অথবা আরনায় অবস্থান করছে। তুমি যাও এবং তাকে হত্যা কর।"
আমি আরজ করলাম, "হে আল্লাহর রাসূল। তার কিছু আলামত এবং হুলিয়া সম্পর্ক আমাকে বলে দিন। যাতে আমি তাকে চিনতে পারি।"
তিনি বললেন, "তুমি যখন তাকে দেখবে তখন তোমার শয়তানের চেহারা স্মরণ হবে এবং তোমার ও তার মধ্যে মজবুত নিদর্শন এই হবে যে তাকে দেখে একবার তোমার শরীরে কাঁপন অনুভূত হবে।”
আমি নিজের তরবারীসহ বের হয়ে পড়লাম এবং তার নিকট গিয়ে পৌঁছলাম। আমি দেখলাম যে সে হাওদায় সওয়ার নিজের স্ত্রীদেরকে নীচে নামাচ্ছে এবং তাঁবুর দিকে অগ্রসর হচ্ছে। সময়টি ছিল আসরের সময়। আমি যেই তাকে দেখলাম সেই আমার মনে সেই অনুভূতি জাগ্রত হলো যা হুজুর (সাঃ) ইঙ্গিত দিয়েছিলেন। আমি কাঁপনও অনুভব করলাম। যাহোক আমি তার দিকে অগ্রসর হলাম। হঠাৎ করে আমার ধারণা হলো যে আমার এবং তার মধ্যেকার ব্যাপারটি সাঙ্গ হতে যেন বেশী সময় না নেয় ও আসরের নামাজ যেন কাজা হয়ে না যায়। আমি পৃথক হয়ে নামাজ আদায় করলাম। অতপর সোজা তার দিকে অগ্রসর হলাম। আমি যখন তার নিকট পৌছলাম তখন সে জিজ্ঞাসা করলো, "তুমি কে?”
জবাবে বললাম, "আমি একজন আরব। আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। তুমি "সেই ব্যক্তির মুকাবিলা করার জন্য যে সার্থক বিরাট সেনা বাহিনী প্রস্তুত করেছ তার খ্যাতি আমাকে তোমার প্রতি আগ্রহান্বিত করেছে এবং আমি তোমার নিকট হাজির হয়ে গেছি।”
সে অমার কথা শুনে গর্বের সঙ্গে বলতে লাগলো, "তুমি যা কিছু শুনেছ তা সঠিক। আমি তার বিরুদ্ধে মোকাবিলার জন্য প্রস্তুত।” আমি তার সাথে সাথে কিছু দূরে গেলাম। আমি যখন অনুভব করলাম যে সে আমার তরবারীর আওতায় রয়েছে তখন আমি তার ওপর তরবারী চালালাম এবং তাকে হত্যা করে ফেললাম। তাকে হত্যা করে আমি আমার পথ নিলাম এবং তার স্ত্রীদের শোকে মাথা কূটতে দেখে তাদের সামনে থেকে গায়েব হয়ে গেলাম।
আমি যখন মদীনা মুনাওয়ারাতে হুজুরে আকরামের (সাঃ) খিদমতে হাজির হলাম তখন তিনি আমাকে দেখেই বললেন, "চেহারাতো সফল হিসেবেই মনে হচ্ছে।” আমি আরজ করলাম, "হে আল্লাহর রাসূল। আমি তাকে কতল করে এসেছি।” তিনি বললেন, "তুমি ঠিকই বলেছ।”
তারপর রাসূলে মকবুল (সাঃ) আমাকে সঙ্গে করে নিজের বাড়ি নিয়ে গেলেন এবং একটি লাঠি দিয়ে বললেন, "হে আব্দুল্লাহ বিন আনিস। এই লাঠি নাও এবং তা নিজের কাছে রেখো।"
আমি নবীর (সাঃ) গৃহ থেকে সেই লাঠি নিয়ে বাইরে এলাম। এ সময় লোকজন আমার জন্য অপেক্ষা করছিল। তারা আমাকে দেখে জিজ্ঞাসা করলো, "এই লাঠি কি জন্য?"
আমি বললাম, "রাসুলুল্লাহ (সাঃ) আমাকে এটা দিয়ে দিয়েছেন এবং তা আমার নিকট রাখার নির্দেশ দিয়েছেন।" তারা বললো, "তুমি কি হুজুরের (সাঃ) নিকট ফিরে গিয়ে জিজ্ঞাসা করবে না যে তিনি এই লাঠি কেন দিয়েছেন?” আমি তার নিকট ফিরে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, "ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাকে এই পবিত্র লাঠি কেন প্রদান করেছেন? তিনি ইরশাদ করলেন, "এটা আমার ও তোমার মধ্যে কিয়ামতের দিন নিদর্শন হবে। সেদিন খুব কম মানুষই ঠেস দেওয়ার জন্য কোন কিছুর সাহায্য পাবে। তুমি এই লাঠির ওপর ঠেস দিয়ে চলো এবং কিয়ামতের দিনও এই লাঠিসহ আমার সঙ্গে মিলিত হবে।"
ইবনে ইসহাক আরো বলেছেন, "আব্দুল্লাহ বিন আনিস নিজের তরবারী ও সেই লাঠি সব সময় নিজের নিকট রাখতেন। মৃত্যুর সময়ও এই লাঠি তাঁর নিকট ছিল। তিনি ওসিয়ত করেছিলেন যে, লাঠিটি তার কাফনের সঙ্গে লেপ্টে দিতে হবে এবং তা সমেতই দাফন করতে হবে। বস্তুত তার ওসিয়ত অনুযায়ী এমনি করা হয়েছিল।