📘 বিশ্বনবীর সাঃ মুজিযা > 📄 ইসলামের শহীদ উরওয়াহ্ বিন মাসউদ (রাঃ)

📄 ইসলামের শহীদ উরওয়াহ্ বিন মাসউদ (রাঃ)


ইবনে ইসহাক বর্ণনা করেছেন, রাসূলে পাক (সাঃ) রমযান মাসে তাবুক থেকে মদীনা পৌঁছেন। সেই মাসেই বনু ছাকিফের প্রতিনিধিদল তাঁর নিকট এলো। তারা তাবুকে তাঁর সঙ্গে সাক্ষাত করে চলে গেলো। কিন্তু তাদের মধ্য থেকে এক সৌভাগ্যবান মানুষ উরওয়াহ বিন মাসউদ তাঁর মদীনা রওয়ানার পর তাঁর পদাংক অনুসরণ করে তাঁর সন্ধানে বের হলো। মদীনায় পৌঁছার পূর্বেই সে তাঁর সঙ্গে সাক্ষাত করলো। হুজুরের (সাঃ) সাক্ষাতের পর এই ছাকাফী সরদার মুসলমান হয়ে গেলেন এবং বনু ছাকিফে ফিরে গিয়ে তাবলিগের কাজ শুরু করার জন্য রাসূলের (সাঃ) নিকট অনুমতি চাইলেন। রাসূলে পাক (সাঃ) বললেন; অভিপ্রায় তো ভালো কিন্তু তোমার গোত্রের মানুষ তোমাকে মেরে ফেলবে। হুজুর (সাঃ) বনু ছাকিফের কাঠিন্য ও জাহেলী গর্বের কথা অবগত ছিলেন। উরওয়াহ বিন মাসউদ (রাঃ) আরজ করলেন, হে আল্লাহর রাসূল। আমিতো নিজের কওমে খুবই জনপ্রিয়। তারা আমাকে নিজের সন্তানের চেয়েও বেশীভালোবাসে।
ইবনে ইসহাক আরো বর্ণনা করেন, উরওয়াকে নিজের কওমে অত্যন্ত মান সম্মানের দৃষ্টিতে দেখা হতো। তার নির্দেশ শুনা এবং মানা হতো। তিনি নিজের কওমের নিকট এলেন। আশা ছিল যে, কওমের মধ্যে তাঁর যেমন সম্মান রয়েছে তেমনি ভীতিও আছে। এ জন্য কেউ তার নির্দেশের বিরোধিতা করবে না। সকলকেই তিনি ইসলামের সাধারণ দাওয়াত দিলেন।
তার কওম এই দাওয়াতের বিরোধিতা করে বসলো। তিনি অব্যাহতভাবে এই দাওয়াত দিতে থাকলেন। একটি উঁচু পাহাড়ে চড়ে তিনি নিজের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন এবং সাধারণ মানুষকে শিরক ও কুফর পরিত্যাগ করে ইসলামে প্রবেশ করার দাওয়াত দিলেন। বনু ছাকিফ চারদিক থেকে তার ওপর তীর বর্ষণ করতে লাগলো। তিনি আহত হলেন।
আহত হওয়ার পর তাঁকে জিজ্ঞাসা করা হলো, "আপনি আপনার রক্তের ব্যাপারে কি বলেন?" তাঁর খান্দান হত্যাকারী ও তার গোত্রের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের ঘোষণা প্রদান করেছিল। তিনি বললেন, "আমার বদলায় কাউকে হত্যা করবে না। এতো একটা সম্মান। আল্লাহ পাক তা আমাকে প্রদান করেছেন এবং তিনি আমাকে শাহাদাতের মহান মর্যাদায় অভিষিক্ত করেছেন। আমার একমাত্র ইচ্ছা হলো যে, আমাকে সেই শহীদদের পাশে দাফন করতে হবে যারা হুজুরে আকরামের (সাঃ) সঙ্গে বনি ছাকিফের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সেখানেই শহীদ হয়েছিলেন।” এক রাওয়ায়েতে এও আছে যে, শাহাদাতের পূর্বে তিনি বলেছিলেন, "আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাঃ) আল্লাহর সত্য রাসূল। তিনি আমাকে এই শাহাদাতের খবর দিয়েছিলেন।"

📘 বিশ্বনবীর সাঃ মুজিযা > 📄 আমের ও ইয়াবিদ

📄 আমের ও ইয়াবিদ


ইবনে ইসহাক বর্ণনা করেন, রাসূলের (সাঃ) নিকট যখন বনু আমেরের প্রতিনিধি এলো তখন সেই প্রতিনিধি দলে আমের বিন তোফায়েল এবং ইরবিদ বিন কায়েসও ছিলো। ইরবিদ ছিল কবি লবিদ (রাঃ) বিন রবিয়ার ভাই। এই প্রতিনিধি দলে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলো জাব্বার বিন সালমা। আর এই তিন ব্যক্তিই ছিল নিজের কবিলার সরদার এবং বড় দরজার শয়তান।
খোদার দুশমন আমের বিন তোফায়েল হুজুরের (সাঃ) নিকট এলো এবং সে প্রথম থেকেই বিশ্বাসঘাতকতার অভিপ্রায় নিয়েছিল। তার কওমের লোকেরা তাকে বলেছিল যে, আরবের সকল কবিলাই যেহেতু ইসলাম গ্রহণ করেছে সেহেতু তুমিও ইসলামে দাখিল হয়ে যাও। সে জবাব দিল, খোদার কসম! আমি ওয়াদাবদ্ধ হয়েছি যে, সেই সময় পর্যন্ত শান্তিতে বসবো না যতক্ষণ পর্যন্ত সকল আরবকে অনুগত বানিয়ে না দিব। এখন কি আমি সেই কোরেশী যুবকের অনুগত হব? না, এটা কখনো হতে পারে না। অতপর সে ইরবিদকে বললো, "যখন আমরা সে ব্যক্তির (মুহাম্মদ সাঃ) নিকট পৌঁছবো তখন আমি তাকে কথা বলায় লাগিয়ে রাখবো। তুমি তাকে দেখতে থাকবে এবং সুযোগ বুঝেই তাকে শেষ করে দেবে।”
তারা মদীনা পৌঁছলে আমের বিন তোফায়েল রাসূলে পাককে (সাঃ) বললো, "হে মুহাম্মদ! আমি তোমার সঙ্গে পৃথকভাবে কথা বলতে চাই। আমার সঙ্গে একটু বাইকেলুন।”
রাসূলে পাক (সাঃ) বললেন, "খোদার কসম! আমি তোমার সঙ্গে পৃথকভাবে কোন কথা বলতে চাই না। তুমি একক আল্লাহর ওপর ঈমান না আনলে তোমার সঙ্গে পৃথকভাবে কোন কথা বলবো না।"
আমের বার বার নিজের দাবী দোহরাতে লাগলো এবং অপেক্ষা করত লাগলো যে, এই কথা বার্তার মধ্যেই ইরবিদ পরিকল্পনা অনুযায়ী কাজ কর ফেলবে। কিন্তু ইরবিদ কিছু কিরতে পারলো না। হুজুর (সাঃ) আমেরের দাবী প্রত্যাখ্যান করলেন তখন সে ঔদ্ধত্যের সঙ্গে বললো, "খেদার কসম। আমি এই এলাকায় সওয়ার ও পদাতিক বাহনী দিয়ে ভরে দিব। তা তোমাকে খতম করে ফেলবে।" এই ধমক দিয়ে সে চলে গেল। তার গমনের পর রাসূলে পাক (সাঃ) দোয়া করলেন, "হে আল্লাহ! আমের বিন তোফায়েলের মোকাবিলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও।”
প্রিয় নবীর (সঃ) নিকট থেকে বিদায় হওয়ার পর আমের ইরবিদকে বললো, "হে ইরবিদ! তোমার সর্বনাশ হোক। আমি তোমাকে যে নির্দেশ দিয়েছিলাম তার কি হলো? খোদার কসম। এই বিশ্ব চরাচরে আমি নিজের জীবনের ব্যাপারে তোমার থেকে কাউকে বেশী ভয় করতাম না। খোদার কসম, আজ তোমার ভীরুতা দেখে ফেলেছি। এখন আর আমি তোমার ভয়ে ভীত হবো না।"
ইরবিদ জবাব দিল, "তোর বাপের মৃত্যু হোক। এ ব্যাপারে তাড়াহুড়ো করবি না। খোদার কসম! আমি তোর নির্দেশ পালনের ইরাদা করেছিলাম। কিন্তু আমার ও তার মধ্যে তুমি বাধা ছিলে। সে আমার নজরেই আসছিল না। আমি শুধু তোমাকেই দেখছিলাম। তুমি ছাড়া আর কাউকেই আমি দেখতে পাচ্ছিলাম না। তোমার ওপর তরবারী চালিয়ে দিলে ভালো হতো কি?”
উভয়ে তর্ক-বিতর্ক করতে করতে ফিরে যাচ্ছিল। তারা রাস্তাতেই ছিল এমন সময় আল্লাহ পাক আমের বিন তোফায়েলকে প্লেগ রোগে আক্রান্ত করে দিলেন। সে বনু সলুলের এক মহিলার গৃহে শান্তি পেয়ে মৃত্যু বরণ করলো।”
ইবনে ইসহাক আরো বর্ণনা করেছেন, তার সঙ্গী তাকে দাফন করে রওয়ানা হলো এবং ঠান্ডার মধ্যে স্বজাতির মধ্যে পৌঁছলো। কওমের লোকেরা জিজ্ঞেস করলো, "ইরবিদ কি খবর এনেছ? সে বললো, "খোদার কসম! কোন ভাল খবর নেই। সে আমাদেরকে কোন অদৃশ্য বস্তুকে ইবাদাতের দাওয়াত দিয়েছিল। আমার ইচ্ছা ছিল যদি সে আমার সামনে আসে তাহলে আমি তাকে তীরের লক্ষ্যস্থল বানিয়ে হত্যা করে ফেলবো।"
এই কথা বলার এক অথবা দুই দিন পর ইরবিদ নিজের উটের ওপর সওয়ার হয়ে তা বেচে ফেলার লক্ষ্যে বাড়ী চললো। আল্লাহ তায়ালা আসমান থেকে বজ পাত করলেন। এই বজ্র ইরবিদ এবং তার উটকে খতম করে দিল।

📘 বিশ্বনবীর সাঃ মুজিযা > 📄 বারিদের মক্কা

📄 বারিদের মক্কা


ইবনে ইসহাক বর্ণনা করেন, "আদি বিন হাতেম তাই সম্পর্কে আমি যেসব বর্ণনা পেয়েছি তা থেকে জানা যায় যে, সে রসুলকে (সাঃ) চরমভাবে ঘৃণা করতো। তার বর্ণনা হলো, "আমি খৃষ্টধর্ম গ্রহণ করেছিলাম এবং আমি নিজেই কবিলার সরদার ছিলাম। আমার মর্যাদা ছিল বাদশাহ এবং শাসকদের মত। বনু তাই থেকে এক চতুর্থাংশ গনিমতের মাল পেতাম। তা দিয়েই জীবিকা চলতো। আমি আমার ধর্মকে সত্য ধর্ম হিসেবে আখ্যায়িত করতাম এবং নিজের শাসনের ওপর খুব গর্ব ছিল। আমার আর কোন ধরনের চিন্তা-ভাবনা ছিল না।
সময় অতিবাহিত হতে লাগলো। এ অবস্থায় কেউ আমাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে বললো, তার কথা শুনতেই তাঁর সম্পর্কে আমার চরম ঘৃণা অনুভব হলো। মদীনা থেকে যখন তার সেনা বাহিনী আশে পাশে যেতে লাগলো তখন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আমি আমার এক আরবী গোলামকে বললাম, "তোমার কল্যাণ হোক। আমার জন্য মোটা তাজা দ্রুতগামী একদল উট তৈরী রেখো। যখন মুহাম্মদের (সাঃ) বাহিনীর খবর পাবে তখনই অবিলম্বে আমাকে খবর দেবে।” আমার এই গোলাম আমার উটের রাখাল ছিল।
আমার নির্দেশ অনুযায়ী সে উট প্রস্তুত করেছিল। একদিন খুব প্রত্যুষে রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে সে আমার কাছে এলো এবং বললো, "মুহাম্মদের (সাঃ) বাহিনীর আগমনে তুমি কিছু করতে চেয়েছিলে। যাহোক, সেই বাহিনীতো এসে গেছে। আমি দূর থেকে কিছু ঝান্ডা দেখলাম। আমি সে ব্যাপারে জিজ্ঞেস করলে জনৈক ব্যক্তি বললো এরা হলো মুহাম্মদের (সাঃ) বাহিনী। এখন যা করার তা কর।”
আদি আরো উল্লেখ করেন, "আমি গোলামকে খুব তাড়াতাড়ি আমার উট হাজির করার কথা বললাম। উট এলে আমি অত্যাবশ্যকীয় সামান নিলাম এবং পরিবার- পরিজনকে উটের ওপর বসালাম এবং সিরিয়ার দিকে রওয়ানা দিলাম। আমি ধারণা করেছিলাম যে, সিরিয়ায় আমার স্বধর্মীদের শাসন রয়েছে। তাদের সঙ্গে মিলিত হবো। এ ব্যস্ততায় আমার বোন সাফানাহ বিনতে হাতেমকে ফেলে রেখে এসেছিলাম। রওয়ানার সময় সে কোথাও কোন জরুরী কাজে গিয়েছিল। আমি দুশ্চিন্তাগ্রস্থ অবস্থায় বোনকে রেখে সিরিয়ায় চলে যাই।
রাসূলের (সাঃ) বাহিনী বনু তাইকে পরাজিত করে এবং তাদের সম্পদ ও গবাদি পশু হস্তগত করে। অনেক মহিলা ও শিশুকে কয়েদী বানিয়ে নেয়। অধিকাংশ পুরুষই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। কয়েদীদেরকে মদীনা নেয়া হলো। হজুরে আকরাম (সাঃ) আমার সিরিয়ার দিকে পালিয়ে যাওয়ার খবর পেয়েছিলেন। বন্ তাইয়ের কয়েদীদেরকে মসজিদের নিকট একটি কম্পাউণ্ডে রাখা হলো। আমার বোনও তাদের সঙ্গে কয়েদ ছিল। একদিন রাসুলুল্লাহ (সাঃ) সেখান দিয়ে অতিক্রম করছিলেন। সে সময় আমার বোন দাঁড়িয়ে গেল। সে বললো, "হে আল্লাহর রাসূল! আমার পিতা মারা গেছেন। আমার ওপর ইহসান করুন এবং আল্লাহও আপনার ওপর ইহসান করবেন।" তিনি জিজ্ঞেস করলেন, "তোমার অভিভাবক কে?” সে জবাব দিল, "আদি বিন হাতেম।" রাসুলে পাক (সাঃ) জিজ্ঞেস করলেন, "সেই ব্যক্তি যে আল্লাহ ও তার রাসুল (সাঃ) থেকে দূরে পালিয়ে যায়?” এ কথা বলে তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন পুনরায় নবী পাক (সাঃ) কয়েদীদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেদিনও বিনতে হাতেম তাঁর নিকট একই আবেদন জানালো। তিনিও পূর্বেকার জবাবেরই পুনরুল্লেখ করলেন। বিনতে হাতেম বলেন, "তৃতীয় দিনে যখন তিনি কয়েদীদের নিকট এলেন তখন আমি নিরাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু হুজুরের (সাঃ) পেছনে পেছনে এক ব্যক্তি আসছিল। সে ইঙ্গিতে আমার ব্যাপার পেশ করার কথা জানালো। বস্তুতঃ আমি সাহস পেয়ে উঠে দাঁড়ালাম এবং আমার নিবেদনের কথা পুনরুল্লেখ করলাম। আমার নিবেদন শুনে তিনি বললেন, "আমি তোমার ওপর ইহসান করেছি এবং তোমাকে আযাদি দিয়ে দিয়েছি। কিন্তু তাড়াহুড়ো করো না। এখানে অপেক্ষা করো। তোমার কওমের কোন বিশ্বস্ত ব্যক্তি অথবা কাফেলা এদিক দিয়ে গেলে তাদের সঙ্গে চলে যাবে। যাওয়ার পূর্বে আমাকে খবর দেবে।” যে ব্যক্তি আমাকে নেক পরামর্শ দিয়েছিলেন তার সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকেরা আমাকে বললো যে, তিনি হলেন আলী ইবনে তালিব। রাসুলুল্লাহর (সাঃ) চাচাতোভাই। আমি যাতায়াতকারী একটি কাফেলার ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলাম। অবশেষে বিলি অথবা কাজায়াহ কবিলার কাফেলা এলো। তারা সিরিয়া যাচ্ছিল। তাদের সঙ্গে আমাদের পরিচয় ছিল। আমি আমার ভাইয়ের নিকট সিরিয়া গমন করতে চাইছিলাম। আমি রাসুলকে (সাঃ) খবর দিলাম। তিনি আমাকে কাপড় দিলেন। সওয়ারী দিলেন এবং রাহাখরচ দিয়ে খুব মান ইজ্জতের সঙ্গে বিদায় করলেন। আমি সেই কাফেলার সঙ্গে চলে গেলাম। আদী বলেন, "খোদার কসম! আমি আমার পরিবার পরিজনসহ সিরিয়া অবস্থান করছিলাম। কিন্তু খুব পেরেশান ছিলাম। বোনের জন্য শুধু চিন্তা করতাম। তার যে কি হচ্ছে এ চিন্তাই আমাকে পেয়ে বসেছিল। একদিন আমি বাড়ীর সকলের সঙ্গে বসেছিলাম। এমন সময় সামনে একটি কাফেলা পরিদৃষ্ট হলো। একটি উটের ওপর কোন পর্দানশীন মহিলা সওয়ার ছিলেন। সে কাফেলা আমাদের দিকেই আসছিল। আমি মনে মনে বললাম হাতেমের কন্যা আসছে। পৌঁছলে দেখা গেল সেই।”
পৌঁছেই সে আমাকে গালাগাল শুরু করে দিল। "আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জালেম। তুমি নিজের বালবাচ্চাদেরকে নিজের সঙ্গে সওয়ার করিয়ে পালিয়ে এসেছ এবং নিজের পিতার কন্যা এবং তার ইজ্জতকে ফেলে রেখে এসেছ।”
আমি স্বয়ং লজ্জিত ছিলাম। আমি বললাম, "আমার প্রিয় বোন, তুমি ঠিকই বলেছ। আমি কোন ওজর পেশ করছি না। আমাকে মাফ করে দাও এবং কোন বদ দোয়াকরোনা।"
অতপর সে সওয়ারী থেকে নামলো এবং আমার নিকটই থাকা শুরু করলো। সে খুব বুদ্ধিমতি মহিলা ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, "তুমি সেই ব্যক্তিকে (মোহাম্মদ সাঃ) কেমন পেয়েছ? এবং তাঁর সম্পর্কে তোমার মত কি?
জবাবে সে বললো, "আমার মত হলো তুমি অবিলম্বে তার খিদমতে হাজির হও। যদি সে আল্লাহর নবী (সাঃ) হয়ে থাকে তাহলে তার নিকট দ্রুত গমন করা ফজিলতের ব্যাপার। আর যদি সে বাদশাহ হয়ে থাকে তাহলে সে লোকদেরকে সম্মান করতে জানে। সেখানে মর্যাদাবানদেরকে বেইজ্জত করা হয় না এবং তোমার মান মর্যাদা তো স্পষ্ট ব্যাপার।”
আমি তার মতকে সঠিক মনে করলাম এবং স্বেচ্ছায় মদীনার দিকে রওয়ানা দিলাম। মদীনায় পৌঁছে দেখলাম যে হুজুরে পাক (সাঃ) নিজের মসজিদে তাশরীফ নিয়েছেন। আমি সালাম করলাম। তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি আরজ করলাম, "আদি বিন হাতেম তাই।" তিনি আমাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানালেন এবং আমাকে স্বগৃহে নিয়ে গেলেন। গৃহে যাওয়ার সময় এক দুর্বল বৃদ্ধা তাঁর পথ রোধ করে দাঁড়ালো। তিনি দীর্ধক্ষণ তাঁর কথা শুনলেন এবং সে নিজের সমস্যা ও প্রয়োজনের কথা বলতে লাগলো।
আমি মনে মনে বললাম, "খোদার কসম, এই ব্যক্তি বাদশাহ হতে পারেন না।' বৃদ্ধার সঙ্গে কথা শেষ করে তিনি আমাকে বাড়ী নিয়ে গেলেন। ছোট একটি ঘরে তিনি আমার দিকে একটি বসার গদি এগিয়ে দিলেন। গদিটি ছিল খেজুর পাতায় ভর্তি একটি চামড়ার গদি। আমাকে বললেন, "এর ওপর বসো।" আমি আরজ করলাম, "না, আপনি তার ওপর তাশরীফ রাখুন।” কিন্তু তিনি হুকুম দিলেন, "না, তুমি এর ওপর বসো।” আমি গদির ওপর বসলাম। অথচ রাসূলে মকবুল (সাঃ) মাটির ওপর তাশরীফ রাখলেন। এ সময় আমি অন্তরে অন্তরে বললাম, "খোদার কসম! এ ধরনের ব্যবহার তো কোন বাদশাহ করতে পারে না।।"
তারপর তিনি আমাকে বললেন, "হে আদি বিন হাতেম। তুমি কি রাকুসী গোত্রের সঙ্গে সম্পর্কযুক্ত নও?” (রাক্সী একটি ধর্মীয় দল। তাদের ধর্মীয় বিশ্বাস ও রসম ইহুদী ও খৃস্টানদের মধ্যবর্তী স্থানে ছিল) আমি আরজ করলাম, "জ্বী হা, আমি রাকুসী।” তাঁর দ্বিতীয় প্রশ্ন ছিল, "তুমি কি নিজের কওমের নিকট থেকে গনিমতের মালের চতুর্থাংশ আদায় করতে না?" আমি জবাব দিলাম, "জ্বী হাঁ।” তিনি বললেন, "এই আদায় তোমাদের দীন অনুযায়ী হালালও ছিল না।” আমি স্বীকার করলাম যে, হুজুরের (সাঃ) ফরমান সঠিক।
এতক্ষণে আমি ভালোভাবেই জেনে ফেললাম যে তিনি আল্লাহর বরহক রাসুল (সাঃ)। যেসকল কথা আরবরা অবশ্যই জানতো না তা তিনি খুব ভালোভাবে অবহিত ছিলেন। অতপর তিনি আমাকে একটি প্রশ্ন করলেন। বললেন, হে আদি। সম্ভবতঃ তুমি একটি কারণে দীন ইসলাম গ্রহন করছো না। কারণটি হলো مسلمانوں অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। খোদার কসম। ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে সকলে হবেন দাতা। কোন গ্রহীতা পাওয়া যাবে না। সম্ভবতঃ তুমি এ ব্যাপারেও পেরেশান রয়েছো যে, এরা তো সংখ্যায় খুবই কম এবং সমগ্র দুনিয়া তাদের দুশমন। খোদার কসম। এই দীনের বিজয় এমন হবে যা তুমি শুনবে এবং দেখবে যে একজন মহিলা অলংকার সজ্জিত অবস্থায় একাকী নিজের উটের ওপর কাদেসিয়া থেকে সওয়ার হবেন এবং বাইতুল্লাহর হজ্বের জন্য মক্কা সফর করবেন। তিনি কোন ধরনের ভয়ে ভীত হবেন না। হে আদি। সম্ভবতঃ তুমি ভেবে থাকবে যে দুনিয়ায় অনেক বাদশাহ এবং সুলতান রয়েছেন। অথচ মুসলমানদের মধ্যে কোন তাজদার বা রাজা বাদশাহ নেই। খোদার কসম। তুমি শুনবে যে বাবিলের সাদা মহল সমূহ তাদের হাতে বিজয় লাভ করবে।”
আদি বলেন, "একথা শুনে আমি ইসলাম গ্রহণ করলাম।”
তিনি বলতেন, "আমি দুটি জিনিসতো স্বচক্ষে দেখেছি। বাবিলের মহলসমূহও বিজিত হয়েছে এবং কাদেসিয়া থেকে একাকী সফরকারী মহিলাকেও আমি দেখেছি। আমি খোদার কসম খেয়ে বলছি যে, তৃতীয় ব্যাপারটিও অবশ্যই সংঘটিত হবে এবং দান সাদকা গ্রহণের মত কেউ থাকবেনা।"

📘 বিশ্বনবীর সাঃ মুজিযা > 📄 নাযেলার দাঁত

📄 নাযেলার দাঁত


আবু ওমর বর্ণনা করেছেন "নাবেগা জা'দী হুজুরে আকরামের (সাঃ) খিদমতে হাজির হয়ে একটি কাসিদাহ পড়লেন। নবী করীম (সাঃ) এজন্য তাকে দোয়া করলেন। সে কাসিদাহর প্রথার চরণ হলোঃ
اتيت رسول الله اذ جاء بالهدى ويتلوا كتاباً كالمجرة نيرا
"আল্লাহর রাসূল (সাঃ) হেদায়াতসহ যখন দুনিয়ায় তাশরীফ আনলেন তখন আমি তাঁর খিদমতে হাজির হলাম। তিনি মানবতার হেদায়াত বা পথ প্রদর্শনের কাজ করতেন এবং কিতাব তিলাওয়াত করতেন। যার আয়াত ছায়াপথের নক্ষত্রপুঞ্জের মত চমকদার এবং আলকোজ্জল।"
হাসান বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন যে, তিনি কোন ব্যক্তির নিকট থেকে শুনেছেন যে নাবেগার রাসূলেরর (সাঃ) দরবারে হাজির হওয়ার ঘটনা নাবেগা স্বয়ং বর্ণনা করতেন। নাবেগা বলেছেন, "আমি হুজুরে পাকের (সাঃ) যিয়ারত লাভ করলাম। এ সময় আমি এই কবিতা পাঠ করলাম :
"আমরা সেই কওমের সুপুত্র যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী। আমাদের অশ্বারোহী সেই সময় পর্যন্ত যুদ্ধ থেকে ফিরে আসে না যতক্ষণ যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না হয়। তারা পৃষ্ঠ প্রদর্শণ কাকে বলে তা জানেই না।"
"হতবুদ্ধি হওয়ার সময় (প্রচন্ড যুদ্ধের সময়) আমরা শত্রুকে ব্যাপক আকারে নিধন করি এবং রক্তের নদী বইয়ে দিয়ে থাকি। এই সময় আমাদের ঘোড়ার রং চেনা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। কালো বর্ণের ঘোড়া লাল হয়ে যায়।”
"যুদ্ধের ময়দান থেকে সাফ-সুতরা এবং সহিহ সালামত অবস্থায় আমাদের ঘোড়া ফিরে আসার কোন রীতিই নাই। বরং প্রয়োজনের সময় আমরা তাদের কুঁচও কেটে ফেলে থাকি এবং যুদ্ধ ক্ষেত্রে অটল থেকে দুশমনদেরকে সাফ করে ফেলি।"
"আমরা নিজদের সুস্পষ্ট কার্যাবলীর কারণে আসমান সদৃশ খ্যাতির শীর্ষে আরোহণ করেছি এবং আমাদের নসব এত উঁচু এবং কলংকহীন যে অত্যন্ত সম্মান ও ইজ্জতের সঙ্গে আমাদের দাদাদেরকে স্মরণ করা হয়। এসব কিছু সত্ত্বেও আমরা তার থেকেও বুলন্দ মর্যাদার আকাঙ্খা করি।"
একথা শুনে নবী করীম (সাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, "হে আবু লায়লা। তা থেকে উঁচু কি মর্যাদার আকাংখা করে থাকো?” আমি আরজ করলাম, "জান্নাত।” তিনি বললেন, "অবশ্যই, ইনশাল্লাহ।”
নাবেগা বললেন, অতপর আমি হজুরকে (সাঃ) এই কবিতা শুনালামঃ "যে ভদ্রতা বা নম্রতার সঙ্গে বীরত্বের সংশ্লিষ্টতা নেই, তা আবার কোন কাজের। তাকে তো ভীরু বলাই যথার্থ। ভদ্রতা ও নম্রতার সঙ্গে বাহাদুরী থাকতে হবে। যাতে হাওজের পরিস্কার পানি ঘোলাকারীদের দাঁতভাঙ্গা জবাব দেয়া যায়।”
"আবার এমন বাহাদুরী বা বীরত্ব যার সঙ্গে ভদ্রতা ও নম্রতার সংমিশ্রণ থাকে না তাতো জাহেলী বা অজ্ঞতার নামান্তর। বীরত্বের সীলমোহর অংকিত করার পর ক্ষমা ও নম্রতা দিয়ে অন্তরকে জয় করতে হবে।”
হুজুরে পাক (সাঃ) এই কবিতা শুনে বললেন, "আল্লাহ তোমার দাঁতকে সব সময়ের জন্য মাহফুজ ও মজবুত রাখুন।"
হাসান বলেন, নাবেগা জা'দীর দাঁত সকলের চেয়ে বেশী খুবসুরত ছিল। তিনি মুখ খুললেই বিদ্যুতের মত চমকে সাদা দাঁত দৃষ্টি গোচর হতো। তাঁর কোন দাঁত পড়েনি এবং দুর্বলও হয়নি। এটা ছিল রাসুলে করিমের (সাঃ) দোয়ার তাছির। নাবেগা একশ বারো বছর জীবিত ছিলেন এবং তার দাঁত আমৃত্যু সম্পূর্ণ ঠিক ছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00