📄 আমের বিন আকওয়ার শাহাদাত
ইবনে ইসহাক মুহাম্মদ বিন ইবরাহীম ইবনুল হারিছুত তাইমী থেকে এবং তিনি আবুল হাইছাম নাসার বিন দাহার আসলামী থেকে এবং তিনি নিজের পিতা থেকে শুনেছেন যে, এক সফরকালে হুজুরে আকরাম (সাঃ) সালমাহ বিন আমর বিন আকওয়ার চাচা আমের বিন আকওয়াকে বললেন, "ইবনে আকওয়া কিছু হুদ্দিখানি কর। যাতে উট দ্রুত চলতে পারে।"
ইবনে আকওয়া উট থেকে নেমে পায়ে হেটে চলতে লাগলেন এবং হদ্দির জন্য যুদ্ধগাথার কবিতা পড়তে লাগলেন। এই কবিতায় রাসূলকে (সাঃ) নিশ্চয়তা দেয়া হয়েছিল যে যুদ্ধের সময় সাহাবি বৃন্দ (রাঃ) অটলতা প্রদর্শন করবেন। সেই কবিতা হলোঃ
والله لولا الله ما اهتدينا ولا تصدقنا ولا صلينا ! انا اذا قوم بغوا علينا وان ارادوا فتنة ابينا ! فانزلنا سكينة علينا وثبت الاقدام ان لا قينا !
"খোদার কসম। খোদা যদি আমাদেরকে তাওফিক না দিতেন তাহলে আমরা হেদায়াত প্রাপ্ত হতাম না। না আমরা সাদকা দিতাম, না আমরা নামায পড়তাম। অর্থাৎ তিনি আমাদেরকে বিশেষ রহমতে ইসলামের হেদায়াত দিয়েছেন এবং আমরা এই পবিত্র জীবন গ্রহণ করেছি।"
সেই রাস্তায় চলতে গিয়ে যখন কোন শত্রু আমাদের বিরুদ্ধে চড়াও হয় তখন আমরা বযদিলী প্রদর্শন করি না। যারা আমাদের জন্য ফিতনা সৃষ্টি করতে চায় আমরা তাদের বিরুদ্ধে ঘৃণা মিশ্রিত ক্রোধ প্রকারতাম।
হে মাওলায়ে করিম। আমাদের অন্তরে প্রশান্তি দাও এবং দুশমনের সঙ্গে যদি মুকাবিলা হয়ে যায় তাহলে অটলতা দান কর।"
প্রিয় নবী (সাঃ) এই কবিতা শুনে খুশী হলেন এবং ইবনে আকওয়াকে يرحمك الله "আল্লাহ তোমার ওপর রহম করুন" এই দোয়া করলেন। তিনি যদি কোন সাহাবীকে কখনো এই দোয়া করতেন তখন সে শাহাদাতের মর্যাদায় আসীন হয়ে যেতেন।
হযরত ওমর (রাঃ) সেই সময়ই বলে ফেললেন, "হে আল্লাহর রাসূল। খোদার কসম, ইবনে আকওয়ার শাহাদাত তো আবশ্যিক হয়ে গেল। সে যদি আরো কিছু দিন আমাদের সঙ্গে থাকতো তাহলে কতই না ভালো হতো।"
আমের বিন আকওয়া (রাঃ) খায়বারের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। তাঁর শাহাদাতের ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে যে, শত্রুর সঙ্গে লড়াই করতে করতে তাঁর নিজের তরবারীই উল্টে তাকে আঘাত করে বসে। যখম খুব মারাত্মক ছিল। তাতেই তার ওফাত হয়।
তাঁর শাহাদাতের ব্যাপারে লোকদের সন্দেহ হলো এবং বললো, "সেতো নিজের তরবারীর আঘাতেই আহত হয়ে নিহত হয়েছেন।" আমের বিন আকওয়ার ভাতুষ্পুত্র সালমাহ বিন আমর এইসব কথা শুনে হুজুরে আকরামের (রাঃ) খিদমতে হাজির হলেন এবং লোকজনের মন্তব্যের কথা উল্লেখ করলেন। হুজুরে আকরাম (সাঃ) একথা শুনে বললেন, انه الشهيد অবশ্যই সে হক পথে শাহাদাত পেয়েছে। অতপর তিনি তাঁর নামাযে জানাযা পড়ালেন এবং সকল মুসলমান তাঁর জানাযার নামায পড়লেন।
📄 আবুল ইয়াসারের জন্য রাসূলের (সাঃ) দোয়া
ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে, বুরাইদাহ বিন সুফিয়ান আসলামী তাঁকে এই ঘটনা কয়েকজন বর্ণনাকারীর মুখ দিয়ে শুনিয়েছেন। আবুল ইয়াসার কা'ব বিন ওমর বলেন, "আমরা হুজুরে আকরামের (সাঃ) সঙ্গে খায়বারের যুদ্ধে ছিলাম। রাত হয়ে যাচ্ছিল। আমরা ইহুদীদের দূর্গ অবরোধ করেছিলাম। হঠাৎ করে ভেড়া-ছাগলের একটি দল সেখান দিয়ে অতিক্রম করলো। তার মালিক ছিল একজন ইহুদী এবং দুর্গে ফিরে যাচ্ছিল।
হুজুরে আকরাম (সাঃ) ইরশাদ করলেনঃ "এইসব বকরীর মধ্য থেকে দুচারটা আমাদের খাওয়ার জন্য কে নিয়ে আসতে পারে?” আবুল ইয়াসার বলেন, "আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি এই কাজ করতে পারি।” তিনি বললেন, "ঠিকআছে।”
আমি উট পাখীর মত গিয়ে বকরীর পালে ঢুকে পড়লাম। পালের প্রথম অংশ দুর্গে ঢুকে পড়েছিল। আমি শেষ অংশ থেকে দু'টো ধরলাম এবং তা বগলদাবা করে নিজের সৈন্যবাহনীর দিকে রওয়ানা করলাম। আমি এমনভাবে আসছিলাস যে আমার নিকট যেন কোন বোঝাই নেই।
আমি যখন বকরী নিয়ে হুজুরে আকরামের (সাঃ) খিদমতে পেশ করলাম তখন তিনি তা জবেহ করার নির্দেশ দিলেন এবং সকলেই তার গোশত খেলেন।"
রাসুলের (সাঃ) সাহাবীদের (রাঃ) মধ্যে হযরত আবুল ইয়াসারই (রাঃ) সর্বশেষে ওফাত পান। হজুরে আকরাম (সাঃ) তাঁর কল্যাণের জন্য দোয়া করেছিলেন। তিনি দীর্ঘজীবন পেয়েছিলেন। শেষ জীবনে তিনি কখনো এই ঘটনা বর্ণনা করলে অশ্রু ঝরে পড়তো এবং বলতেন, "আমার থেকে উপকৃত হও। আমার বয়সের কসম। সাহাবীদের (রাঃ) দলের আমিই রয়ে গেছি। বাকী সবাই বিদায় নিয়ে গেছেন।”
📄 বিষমিশ্রিত বকরী
ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে, হুজুরে আকরাম (সাঃ) খায়বারের দুর্গ জয় করে যখন সেখানে ইতমিনানের সঙ্গে অবস্থান করলেন তখন সাল্লাম বিন মাশকাম ইহুদীর স্ত্রী যয়নব বিনতিল হারিছ প্রিয় নবীকে (সাঃ) একটি হাদিয়া পাঠালো। হাদিয়াটি ছিল মুসাল্লাম গোশতের আকারে একটি বকরী। মহিলাটি হাদিয়া প্রেরণের পূর্বে জিজ্ঞাসা করেছিলেন যে, হুজুর (সাঃ) বকরীর কোন অংশের গোশত বেশী পছন্দ করেন। তাকে বলা হয়েছিল দস্তির গোশত তিনি বেশী পছন্দ করেন।
মহিলাটি বকরীর গোশতে বিষ মিশিয়ে দিয়েছিল এবং বিশেষভাবে দস্তিকে বেশী করে ভুনেছিল। অতপর এই তুনা বকরী নিয়ে সে হুজুরের (সাঃ) সামনে রেখে দিলো। হুজুর (সা:) দস্তির গোশত নিলেন। কিন্তু তিনি তা তখনো খাননি। তার পাশে সাহাবী হযরত বাশার (রাঃ) বিন বারা' বিন মরুরও বসেছিলেন। তিনি গোশতের একটি টুকরো নিলেন এবং খেয়ে ফেললেন। প্রিয় নবী (সাঃ) মুখে লোকমা তো নিলেন কিন্তু না গিলে উগড়ে দিলেন। অতপর বললেন, বকরীর হাড় আমাকে খবর দিচ্ছে যে এটা বিষাক্ত।
সেই মহিলাতো বকরী রেখে চলে গিয়েছিল। তিনি তাকে তৎক্ষণাৎ ডেকে পাঠালেন। সে আসার পর তিনি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। সে অপরাধ স্বীকার করলো। তিনি তাকে এই অপরাধমূলক কাজ কেন করেছে তা জিজ্ঞাসা করলেন। জবাবে সে বললো "আপনি আমার কওমের সঙ্গে যে আচরণ করেছেন তা আপনার নিকট গোপনীয় ব্যাপার নয়। আমি ধারনা করেছিলাম যে, আপনি যদি দুনিয়ার বাদশাহদের মত বাদশাহ হন তাহলে বিষ মিশ্রিত গোশত খেয়ে মারা যাবেন এবং আমি শাস্তি পাবো এবং প্রতিশোধের আগুন ঠান্ডা হবে। আর আপনি যদি নবী (সাঃ) হন তাহলে আল্লাহ আপনাকে খবরদার করবেন।"
ইবনে ইসহাক বর্ণনা করেন যে, এই স্বীকৃতির পর হুজুর (সাঃ) তাকে ক্ষমা করে দেন। কিন্তু দ্বিতীয় রাওয়ায়েত থেকে জানা যায় যে, সে সময় তিনি তাকে ক্ষমা করে দেন। তবে পরে সেই বিষের ক্রিয়ায় হযরত বশিরের (রাঃ) ওফাত হলে তিনি ইসলামী আইন অনুযায়ী সেই মহিলার ওপর কিসাসের হদ জারি করেন এবং তাকে কতল করা হয়।
📄 আল-আসওয়াদ রাখাল
ইবনে ইসহাক (রাঃ) আসওয়াদ রাখালের ঘটনা বর্ণনা করে লিখেছেন, "হুজুরে আকরাম (সাঃ) যখন খায়বারের একটি দূর্গ অবরোধ করে রেখেছিলেন তখন এই রাখাল তাঁর নিকট এলো। তার কাছে একটি বকরীর পাল ছিল। আর তার মালিক ছিল একজন ইহুদী। সে হুজুরকে (সাঃ) আরজ করলো, "হে আল্লাহর রাসূল ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। তিনি তার সামনে ইসলামের শিক্ষা পেশ করলেন। তাতে সে ইসলাম গ্রহণ করলো। হুজুর (সাঃ) যে কোন ব্যক্তির সামনে ইসলাম পেশ করতে কখনো লজ্জা অনুভব করতেন না। তা সে যত সাধারণ বা নীচই হোক না কেন। রাখাল যখন মুসলমান হলো তখন বললো, "হে আল্লাহর রাসুল! আমি অমুক ইহুদীর কাছে চাকরি করি এবং এগুলো তারই বকরী। এখন আমাকে বলুন, আমি কি করবো?” তিনি বললেন, এই সব বকরীকে পাথর মেরে ভাগিয়ে দাও। তারা নিজের মালিকের নিকট নিজেরাই চলে যাবে। আসওয়াদ রাখাল মুঠ ভরে পাথর নিল এবং বকরীদের মুখের ওপর মারতে মারতে বললো, "যাও নিজের মালিকের নিকট চলে যাও। খোদার কসম! আমি আর কখনো তোমাদের সঙ্গে যাবো না।"
বকরীগুলো একত্রিত হয়ে দুর্গের দিকে চলে গেল, আসওয়াদ রাখাল সাহাবীদের (রাঃ) সঙ্গে শামিল হয়ে গেলেন। এখন তিনি সাহাবী। মুজাহিদদের সঙ্গে একত্রিত হয়ে তিনি দুর্গের ওপর হামলা করলেন এবং যুদ্ধে খুব বীরত্ব প্রদর্শন করলেন। দুর্গের ওপর থেকে ইহুদীরা পাথর নিক্ষেপ করলো। একটি পাথর হয়রত আসওয়াদের গায়ে লাগলো এবং তিনি মারাত্মকভাবে আহত হলেন এবং তখনই তিনি শাহাদাত বরণ করলেন। তার পবিত্র লাশ হুজুরের (সাঃ) নিকট আনা হালো এবং চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। প্রিয় নবী (সাঃ) সাহাবার (রাঃ) এক দলের সঙ্গে সামনে অগ্রসর হলেন। কিন্তু তিনি পুনরায় পিছু হটে এলেন। সাহাবীরা (রাঃ) আরজ করলেন, "হে আল্লাহর রাসূল। আপনি মুখ ফিরিয়ে নিলেন কেন?" তিনি বললেন, তাঁর নিকট সুন্দর চক্ষু বিশিষ্ট দু'জন হর ছিলেন। জান্নাতে তারা তাঁর স্ত্রী। আমি লজ্জার কারণে পিছু হটে এসেছি।
সেই সাহাবা (রা) না কোন নামায পড়েছিলেন। না কোন রোযা রেখেছিলেন। কিন্তু সোজা জান্নাতে পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ তার ওপর রাজী হয়ে গিয়েছিলেন।