📄 লেখা পড়া
আবু বকর বিন আয়াশ বর্ণনা করেছেন যে, আছিম বিন আবিন্নজুদ যার বিন হবায়েশ থেকে এবং তিনি আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে বর্ননা করেছেন যে, তিনি (আব্দুল্লাহ বিন মাসউদ) বকরী চরাতেন। তিনি বলেন, "আমি উকবা বিন আবি মুয়াইতারের বকরীর পাল চরাতাম।" একবার রাসূলে আকরাম (সাঃ) আমার নিকট দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, "এই ছেলে! তোমার নিকট কি দুধ আছে? আমি আরজ করলাম, "হ্যা, দুধতো আছে। কিন্তু তাতো কোন ব্যক্তির আমানত। আমি তা দেওয়ার অধিকারী নই।"
তিনি বললেন, "আচ্ছা তোমার নিকট কি এমন বকরী আছে যা কোন সময় গর্ভবতী হয়নি এবং দুধও দেয়নি।” আমি বললাম, হ্যা, এমন বকরী তো আছে। অতপর আমি সেই বকরী হুজুরের (সাঃ) খিদমতে পেশ করলাম। তিনি বকরীর দুধের বাঁটে হাত ঘুরালেন এবং কিছুক্ষণ তা পানালেন। ফলে তার বাঁটে দুধ এলো। তিনি এক পাত্রে দুধ দোহন করে নিজেও পান করলেন এবং নিজের সঙ্গী আবু বকরকেও পান করালেন। অতপর তিনি বাঁটগুলোকে বললেন, "শুকিয়ে যাও।” সুতরাং তা শুকিয়ে গেল।
ইবনে মাসউদ বলেন, "আমি তা দেখে হয়রান হয়ে গেলাম। অতপর আমি হুজুরের (সাঃ) নিকট আরজ করলাম, "হে আল্লাহর রসূল! যে কালাম আপনি পাঠ করেন তা থেকে আমাকেও কিছু শিখিয়ে দিন” তিনি আমার মাথার ওপর হাত রাখলেন এবং বললেন,
يرحمك فانك عليم معلم
আল্লাহ তোমার ওপর রহম করুন। তুমি জ্ঞানী তোমাকে শিখানো হয়েছে।
📄 গীর্জা বস্ত্রের বাঘ
ইবনে আসাকির মুহাম্মদ ইবনে ইসহাকের উদ্ধৃতি দিয়ে আবু লাহাবের পুত্র উতায়বা প্রসঙ্গে একটি ঘটনা লিখেছেন। এই ঘটনা বর্ণনাকারীদের মধ্যে ওসমান বিন উরওয়া রয়েছেন। তিনি এই ঘটনা পিতা উরওয়া থেকে শুনেছেন এবং তিনি হাবার বিন আসওয়াদ থেকে শুনেছেন। তিনি বর্ণনা করেন, "আবু লাহাব এবং তার পুত্র উতায়বা বাণিজ্য ব্যাপদেশে সিরিয়া রওয়ানা হয়। আমিও তাদের সাথে যাত্রা শুরু করি। সফরে রওয়ানা হওয়ার পূর্বে উতায়বা বললো, খোদার কসম! আমি মুহাম্মাদের (সাঃ) নিকট যাবো এবং তার রবের ব্যাপারে তার আকীদার কারণে তাকে অবশ্যই কষ্ট দেবো।” তারপর সে হুজুরের (সঃ) নিকট পৌঁছলো এবং বলতে লাগলো "হে মুহাম্মদ। তুমি যার ব্যাপারে বলে থাকো আমি তাকে অস্বীকার করি।
دنا فتدلى - فكان قاب قوسين او ادنى
"পরে নিকট আসলো এবং ওপরে ঝুলে থাকলো। এমনকি দুই ধনুকের সমান কিংবা তা থেকে কিছুটা কম দূরত্ব থেকে গেল।” (সুরায়ে আন-নাজম-১) এই বেয়াদবীর কারণে হুজুর (সঃ) দোয়া করলেন,
اللهم سلط عليه كلبا من كلابك
অর্থাৎ হে আল্লাহ! তার ওপর তোমার কুকুরদের মধ্য থেকে কোন কুকুর লেলিয়ে দাও।
উতাইবা নিজের ধারণা অনুযায়ী এক বিরাট কাজ করে নিজের পিতার নিকট ফিরে এলো।
আবু লাহাব জিজ্ঞাসা করলো, "প্রিয় পুত্র। তুমি তাকে কি বললে?” সে বললো, আমি তাকে এই এই বলেছি। সে জিজ্ঞেস করলো, "এরপর মুহাম্মদ কি বলেছে? উতায়বা বললো, তিনি এই বদদোয়া দিয়েছেন (ওপরে বর্ণিত)। একথা শুনতেই আবু লাহাব বিবর্ন হয়ে গেল এবং সে বললো, হে পুত্র! খোদার কসম, তোমাকে আমি বদদোয়া থেকে মাহফুজ মনে করি না।”
হাবার আরো বলেন, আমরা সিরিয়া সফরের জন্য রওয়ানা হলাম। আবরাহ নামক স্থানে আমরা উঠলাম। গীর্জা ঘরের পাদরী আমাদেরকে বললো, "আরব ভাইয়েরা। তোমরা এখানে কিভাবে এলে। এটাতো খুব ভয়ংকর স্থান। এখানে তো সাধারণ স্থানে বকরী চরার মতো বাঘ ঘোরাফেরা করে।"
এ কথা শুনে আবু লাহাবের অবস্থা কাহিল হয়ে পড়লো। সে আমাদেরকে বললো, "তোমরা জানো যে আমি বৃদ্ধ মানুষ। আমার মান-মর্যাদা সম্পর্কেও তোমরা জানো এবং তোমাদের ওপর আমার যে অধিকার রয়েছে তাও তোমরা জানো। ঐ ব্যক্তি (মুহাম্মাদ রাসুলুল্লাহ) আমার পুত্রকে বদদোয়া দিয়েছে। আমি এ ব্যাপারে খুব চিন্তিত। অতএব, তোমরা সকল সামান গীর্জাঘরের আঙিনায় জমা কর এবং তার ওপর আমার পুত্রের বিছানা বিছাও। অতপর তোমরা সব সামানের চারপাশে শুয়ে পড়।”
হাব্বার বলেন, "আমরা তার নির্দেশ মত সব কিছু করলাম। যখন রাত হলো তখন জঙ্গল থেকে বাঘ এলো। আমাদের সকলের চেহারা শুকলো। কিন্তু কাউকে কিছু বললো না। সে তার শিকারের অনুসন্ধানে ছিল। সে পিছু হটে গিয়ে জোরে লাফ দিল এবং সামানের মাথার ওপর গিয়ে চড়লো। উতায়বার চেহারা শুকলো এবং ছিন্নভিন্ন করে ফেললো। অতপর তার মাথা পৃথক করে ফেললো। আবু লাহাবের অবস্থা ছিল খুবই সঙ্গীন। সে বলছিলো, "আমি জানতাম, আমার পুত্র মুহাম্মাদের (সঃ) বদদোয়া থেকে কখনো বাঁচতে পারে না।"
📄 আল-আমরা এবং মিরাজ
মুহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন, রাসূলের (সাঃ) মি'রাজ সফর সম্পর্কে তাঁর নিকট উম্মে হানি বিনতে আবি তালিবের (রাঃ) এই রাওয়ায়েত পৌঁছেছে। উম্মে হানির নাম ছিল হিন্দ। তিনি বললেন, সে রাতে রাসুলুল্লাহ (সাঃ) আমার ঘরে শুয়েছিলেন। তিনি এশার নামায আদায় করে বিছানায় শুয়ে পড়লেন। আমরাও শুয়ে পড়লাম। ফজরের নামাযের আগে তিনি আমাদেরকে জাগালেন এবং আমরা তাঁর সঙ্গে সুবহের নামায আদায় করলাম। নামাযের পর তিনি বললেন, "হে উম্মে হানি! আমি তোমাদের সঙ্গে এশার নামায পড়েছিলাম। অতপর রাতে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম এবং সেখানে নামায পড়েছি। এখন আমি পুনরায় সকালের নামায তোমাদের সঙ্গে এখানে আদায় করছি। যেমন তোমরা দেখছো।"
এ কথা বলেই তিনি বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আমি তাঁর চাদরের কোণা ধরলাম। ফলে তাঁর পেটের ওপর থেকে কাপড় সরে গেল। তাঁর পেট দেখতে তুলার মত সাদা ছিল। আমি আরজ করলাম, "হে আল্লাহর নবী। লোকদেরকে এ কথা বলবেন না। তারা সঙ্গে সঙ্গে আপনাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবে।” তিনি বললেন, "খোদার কসম। এই ঘটনার কথা আমি লোকদেরকে অবশ্যই বলবো।"
তিনি যখন চলে গেলেন তখন আমি নিজের একজন হাবশী বাঁদীকে রাসূলুল্লাহ (সাঃ) কি বলেন এবং জবাবে লোকজন কি বলে তা দেখা ও শোনার জন্য নির্দেশ দিলাম। হুজুরে আকরাম (সাঃ) লোকদের নিকট গিয়ে ঘটনা বর্ণনা করলেন। লোকজন তা শুনে ভয়ানক বিস্ময় প্রকাশ করলো এবং বললো, "হে মুহাম্মদ, এই ঘটনার দলিল প্রমাণ কি তা বলো। আমরা কখনো এ ধরনের কথা কারোর মুখ থেকেশুনিনি।
তিনি বললেন, প্রমাণ হলো যে, আমি অমুক কবিলার পাশ দিয়ে অতিক্রম করি। তারা অমুক উপত্যকাতে ছিল। বুরাক দেখে তাদের উট বিশৃংখল হয়ে পড়ে। একটি উট দল ছেড়ে চলে যেতে লাগলো। আমি তাদেরকে ডেকে বললাম যে, উট কোথায়? আমি সিরিয়ার দিকে যাচ্ছিলাম। যেতে যেতে আমি যখন সানজিনান পাহাড়ের ওপর পৌঁছলাম তখন অমুক কবিলার নিকট দিয়ে যাওয়ার সময় দেখলাম যে, লোকজন ঘুমিয়ে রয়েছে। পানির পাত্র পড়ে ছিল। তার মুখ তারা বেঁধে রেখেছিল। আমি তার মুখ খুললাম এবং পানি পান করলাম। অতপর তার মুখ আবার আগের মতই বেঁধে রাখলাম। তার প্রমাণ যদি তোমরা চাও তাহলে দেখবে যে, তাদের কাফেলা এখন তানয়িমের গিরিপথ বাইজা থেকে নীচে নামছে। কাফেলার আগে আগে মেটে রংয়ের উট আছে। এই উটের ওপর দুটো খলে রয়েছে। থলে দুটির একটির রং কালো এবং অপরটির রং সাদা।" উম্মেহানি আরো বর্ণনা করেন, "লোকজন খুব দ্রুত তার সঙ্গে সেই গিরিপথের দিকে গেল এবং প্রথম উট সেইভাবে পেল না যেমন হুজুর (সাঃ) বর্ণনা করেছিলেন। সেই উট কাফেলায় ছিল। (কিন্তু কিছু দূর অতিক্রম করার পর সম্ভবত অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল। আর এটা তেমন কোন আচমকা ব্যাপার ছিল না। এ জন্য কোরেশরা তা রাসুলকে (সঃ) মিথ্যা প্রতিপন্ন করার ব্যাপারে ব্যবহার করেনি) কোরেশরা পানির পাত্রের ব্যাপারে কাফেলাকে জিজ্ঞেস করলে তারা বললো, "খোদার কসম! সে সত্য বলেছে। আমরা পানির পাত্র পূর্ণ করে রেখেছিলাম। অতপর তার মুখ ও বেঁধে দিয়েছিলাম। সকালে উঠে পাত্রের মুখতো তেমন বাঁধাই পেলাম। কিন্তু তাতে পানি ছিল না।”
দ্বিতীয় কাফেলা যখন মক্কা পৌঁছল তখন লোকজন তাদের নিকট তাদের অবস্থা জিজ্ঞেস করলো। তারা বললো, "খোদার কসম। তিনি সত্য কথা বলেছেন। সেই উপত্যকায় আমাদের উট বিশৃংখল হয়ে গিয়েছিল এবং একটি উট দল ছেড়ে চলে গিয়েছিল। অতপর আমরা এক ব্যক্তির আওয়াজ শুনলাম। সে আমাদেরকে ডাকলো এবং বললো যে, উট এদিকে রয়েছে। যেদিক থেকে আওয়াজ এসেছিল আমরা সেদিকে গিয়ে উটটি পেয়ে গেলাম।” ইবনে ইসহাক হাসান বাসরীর উদ্ধৃতি দিয়েও এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, "যখন সকাল হলো এবং হুজুর (সাঃ) কোরেশদেরকে সমগ্র ঘটনা শুনালেন তখন তারা তাঁকে অসম্ভব বলে আখ্যায়িত করে অস্বীকার করলো। তাদের বক্তব্য ছিল যে, একটি কাফেলার মক্কা থেকে সিরিয়া পৌঁছতে এক মাস এবং সেখান থেকে ফেরার জন্য একমাস প্রয়োজন। মুহাম্মদ (সঃ) এক রাতে কেমন করে এখান থেকে সেখানে গেলেন এবং তারপর ফিরেও এলেন?"
এই ঘটনার পর অনেক দুর্বল ঈমানের মানুষ ফিতনার শিকার হয়ে মুরতাদ হয়ে যায়। কয়েক ব্যক্তি আবু বকরের (রাঃ) নিকট গিয়ে বললো, "হে আবু বকর! তোমার দোস্ত কি বলে তা কি শুনেছো?" সে দাবী করেছে যে, গত রাতে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করে এবং সেখানে নামায পড়ে এবং ফিরেও এসেছে।” আবু বকর (রাঃ) বললেন, "তোমরা অকারণে মিথ্যা অপবাদ দিচ্ছ।” তারা বললো, "তুমি নিজেই গিয়ে শুনো তোমার দোস্ত মসজিদে বসে স্বয়ং এই কাহিনী শুনাচ্ছে।"
আবু বকর বললেন, "মুহাম্মদ (সঃ) যদি এই কথা বলে থাকেন তাহলে খোদার কসম। এটা ঠিক। তোমরা তাতে বিস্মিত কেন হচ্ছ? খোদার কসম! আমি তো তার চেয়েও বড় কথা স্বীকার করি। তিনি বলেন, রাত অথবা দিনের কোন মুহুর্তে আসমান থেকে তাঁর নিকট ওহি আসে এবং আমি তা সত্য মনে করি। যে ব্যাপারে তোমরা আশ্চর্য হচ্ছো তা থেকেও তো ওহির ব্যাপারটি আরো বেশী আশ্চর্যের। কিন্তু আমি তা মানি।
এরপর হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) হুজুরের (সাঃ) খিদমতে হাঁজির হয়ে আরজ করলেন, "লোকদেরকে কি এ কথা বলেছেন যে রাতে আপনি বাইতুল মুকাদ্দস তাশরীফ নিয়েছিলেন এবং ফিরেও এসেছেন?" তিনি জবার দিলেন, "হ্যাঁ, আমি এ কথা বলেছি।" হযরত আবু বকর (রাঃ) আরজ করলেন, " হে আল্লাহর রাসুল। আমি বাইতুল মুকাদ্দস দেখেছি। আপনি তার সিফত বর্ণনা করুন। তিনি বাইতুল মুকাদ্দাসের নকশা বর্ণনা করলেন। হাসান বাসরী বলেন, এ সময় আল্লাহ তায়ালা হুজুরে আকরামের (সাঃ) সামনে বাইতুল মুকাদ্দাস পেশ করে দিয়েছিলেন। তিনি তার নকশা দেখে বর্ণনা করেছিলেন। হুজুরে আকরাম (সাঃ) যখন এক এক বস্তুর দৃশ্য বর্ণনা করছিলেন তখন আবু বকর (রাঃ) বলছিলেন, "আপনি সম্পূর্ণ ঠিক বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য রাসূল।" তিনি যখন সম্পূর্ণ নকশা বর্ণনা করলেন এবং প্রত্যেক বস্তুই হযরত আবু বকর (রাঃ) সত্য বলে স্বীকার করে নিলেন তখন প্রিয় নবী (সাঃ) তাকে "সিদ্দিক” উপাধিতে ভূষিত করলেন।
ইবনে ইসহাক অন্যভাবে হযরত আবু সাঈদ খুদরীর (রাঃ) যবানীতে বর্ণনা করেছেন। তিনি বলেন, "আমি হুজুর (সাঃ) থেকে শুনেছি যে, তিনি বলতেন, "আমি যখন বাইতুল মুকাদ্দসে নামাজ শেষ করলাম তখন একটি সিঁড়ি (মি'রাজ) আমার সামনে পেশ করা হলো। এমন সুন্দর বস্তু আমি কখনো দেখিনি। সেই সিঁড়ি তোমরা দেখতে পাও না। কিন্তু যখন কারোর মৃত্যুর সময় আসে তখন সে তা দেখতে পায়। আমার দোস্ত জিবরাইল (আঃ) আমাকে সেই সিড়ির উপর চড়িয়ে দিল। আমি এই সিঁড়িতে চড়েই আসমানের দরজাতে গিয়ে পৌঁছলাম। এ দরজাকে বাবুল হাফজা বলে। এই দরজায় একজন ফেরেস্তা পাহারাদার রয়েছেন। তার নাম হলো ইসমাইল। তার অধীন ১২ হাজার ফেরেশতা রয়েছে এবং ১২ হাজারের প্রত্যেকের অধীন আবার ১২ হাজার ফেরেশতা নিয়োজিত রয়েছে। এ সময় তিনি কুরআন মজিদের এই আয়াত পাঠ করলেন,
অর্থাৎ তোমার রবের অসংখ্য সৈন্য রয়েছে। সে সম্পর্কে তিনি স্বয়ংই জানেন। অন্য কেউ জানতে পারে না।
অতপর বলেন, "আমরা যখন দরজায় পৌঁছলাম তখন ফেরেশতা জিজ্ঞাসা করলো, "জিবরাইল (আঃ) তোমার সঙ্গে এ কে?” সে বললো, "তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।" সে জিজ্ঞাসা করলো, "তাকে কি ডেকে পাঠানো হয়েছে?"
জিবরাইল (আঃ) জবাব দিলেন, "হ্যাঁ" "সেই ফেরেশতা আমাকে দোয়া খায়ের করলেন এবং দরজা খুলে দিলেন।"
ইবনে ইসহাক আহলে ইলমের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে, হুজুর (সাঃ) বলেছেন, আমি যখন আসমানসমূহের উপর গিয়েছিলাম তখন যে সব ফেরেশতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল তাদের সকলেই হেসে ও মুচকি হাসি দিয়ে আমাকে সম্বর্ধনা জানিয়েছিলেন এবং প্রত্যেকেই আমার জন্য দোয়া খায়ের করেছিলেন। একজন ফেরেশতা আমি এমন পেয়েছিলাম যে, যিনি আমার জন্য অন্যান্য ফেরেশতার মত দোয়া খায়ের করছিলেন। কিন্তু তাঁর চেহারায় প্রফুল্লতার নাম-নিশানাও ছিল না। আমি জিবরাইলকে (আঃ) জিজ্ঞাসা করলাম, "এ কোন ফেরেশতা?” জিবরাইল (আঃ) বলেন, "হে আল্লাহর রাসূল। সে আগেও কোন দিন হাসে নি এবং পরেও কোন দিন হাসবে না। সে যদি হাসতো তাহলে আজ আপনার আগমনেই হাসতো। কিন্তু তার জন্য নির্দেশই হলো সে যেন কখনো না হাসে। সে হলো জাহান্নামের দারোগা। তার নাম "মালিক।"
আমি জিবরাইলকে (আঃ) বললাম, 'তুমি আল্লাহর নিকট مُطَاعَ ثُمَّ آمين অর্থাৎ যার নির্দেশ মানা যায় এবং যার আমানত স্বীকৃত হওয়ার মর্যাদা রাখে। তুমি কি ঐ ফেরেস্তাকে নির্দেশ দিয়ে আমাকে দোজখের, ঝলক দেখাতে পারো?” জিবরাইল (আঃ) বলেন, "হাঁ, কেন নয়।" অতপর তিনি মালিককে নির্দেশ দিলেন, "মালিক মুহাম্মদকে (সাঃ) দোজখ দেখিয়ে দাও।" এই নির্দেশের পর তিনি দোজখের ওপর থেকে পরদা সরিয়ে দিলেন। দোজখ ফুটন্ত হওয়া শুরু হলো এবং তার স্ফুলিঙ্গ বড় থেকে বড় হতে লাগলো। এমন অনুভব হতে লাগলো যে প্রত্যেক বস্তু ভষ্ম করে ফেলবে। আমি জিবরাইলকে (আঃ) বললাম, দোজখকে তার সীমানায় ফিরিয়ে নেয়ার জন্য মালিককে নির্দেশ দিন। জিবরাইল (আঃ) মালিককে বললেন এবং সে আগুনকে তার সীমানায় ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ছায়া যেভাবে মিলিয়ে যায় তেমনি আগুন ফিরে গেল। তারপর মালিক তাকে পরদা দিয়ে ঢেকে দিল।
আবু সাঈদ খুদরী (রাঃ) মি'রাজের ঘটনার আরো বর্ণনা দিয়ে বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমি যখন আসমানের ওপর গেলাম তখন সেখানে আমি একজন বুজর্গ ব্যক্তিকে বসা দেখলাম। মানুষের রুহ তাঁর সামনে পেশ করা হচ্ছিল, কিছু রুহ দেখে তিনি আনন্দ প্রকাশ করছিলেন এবং বলছিলেন, "পবিত্র রুহ পবিত্র শরীর থেকে বের হয়েছে। তার জন্য কল্যাণ রয়েছে।" আবার কিছু রুহ দেখে তিনি দুঃখ প্রকাশ করতেন এবং চেহারায় অশ্বস্তির ভাব ফুটে উঠতো। অতপর বলতেন, 'অপবিত্র শরীর থেকে বের হয়েছে।"
আমি জিজ্ঞাসা করলাম, "জিবরাইল (আঃ) এই বুজর্গ ব্যক্তি কে?” তিনি বললেন, " তিনি হলেন হযরত আদম (আঃ)। তাঁর সকল সন্তানের রুহ তাঁর খিদমতে পেশ করা হয়। কাফের এবং নাফরমানদের দেখে বিরক্তি ও আফসোস প্রকাশ করেন। ঈমানদার ও নেককারদের রুহ দেখে আনন্দিত হন।"
অতপর আমি কিছু লোক দেখলাম। যাদের ঠোঁট উটের মত ঝুলন্ত ছিল। তাদের হাতে ছিল আগুনের পাথর। তা মুখে নিক্ষেপ করলে পিঠ দিয়ে বাহিরে বেরিয়ে আসতো। আমি জিবরাইলকে (আঃ) তাদের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, "তারা হলোজুলুম করে ইয়াতিমের সম্পদ ভক্ষণকারী মানুষ।"
অতপর আমি অনেক বড় বড় পেটওয়ালা মানুষকে দেখলাম। এতবড় পেট যা ধারনাও করা যায় না। ফিরাউন ও তার কওমকে আগুনে নিয়ে যাওয়ার রাস্তায় তারা পড়েছিল। ফিরাউন ও তার কওম পিপাসার্ত উটের মত চলতো এবং সেই সব বড় পেটওয়ালাদেরকে দলিত মথিত করে চলে যেত। কিন্তু তারা নিজের স্থান থেকে নড়তে পারতো না। আমি জিবরাইলকে (আঃ) জিজ্ঞেস করলাম, এরা কারা?' তিনি জবাব দিলেন, "তারা হলো সূদ খোর।"
এরপর আমি আরো কিছু লোককে দেখলাম তাদের সামনে তাজা তুনা খোশবুদার গোশত পড়ে ছিল এবং তার সাথেই দুর্গন্ধযুক্ত গোশতও ছিল। তারা পবিত্র গোশত না খেয়ে দুর্গন্ধযুক্ত গোশত খাচ্ছে। আমি তাদের ব্যাপারে জিজ্ঞেস করলাম। জানা গেল যে তারা বৈধ স্ত্রী ছেড়ে অবৈধ পথ অবলম্বনকারী মানুষ।
তারপর আমি কিছু মহিলাকে দেখলাম। তারা নিজের বুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খুব কষ্টে ছিল। আমি জিজ্ঞাসা করলে জিবরাইল (আঃ) বললেন, "তারা সেই মহিলা যারা পুরুষদের ঘাড়ে সেই সব সন্তান চাপিয়ে দিয়েছিল যারা প্রকৃতপক্ষে সেই পুরুষদেরছিলনা।"
ইবনে ইসহাক বলেন, কাসিম ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) থেকে এই রাওয়ায়েত বর্ণনা করেছেন যে তিনি (সাঃ) বলেছেন, "সেই মহিলার ওপর আল্লাহর সীমাহীন গজব আপতিত হয় যে পুরুষের বংশে সেই সন্তান ঢুকিয়ে দেয় অথচ সেই সন্তান তার নয়। অতপর সে তার সম্পদও ভক্ষণ করে (অর্থাৎ উত্তরাধিকার ও নাফকা বা খরচ-খরচার আকারে) এবং তার গোপন কথাও জেনে যায়।"
ইবনে ইসহাক মিরাজের ঘটনা বর্ণনা করে হযরত আবু সাঈদ খুদরীর (রাঃ) উদ্ধৃতি দিয়ে আরো বিশদ বর্ণনা দেন যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "অতপর জিবরাইল (আঃ) আমাকে দ্বিতীয় আসমানের ওপর নিয়ে গেলেন। সেখানে আমি দুই নওজোয়ান ইসা (আঃ) ইবনে মরিয়ম এবং ইয়াহিয়া (আঃ) বিন জাকারিয়াকে দেখলাম। তারা পরস্পর খালাতো ভাই ছিলেন।
অতপর আমি তৃতীয় আসমানে গেলাম। সেখানে আমি এক ব্যক্তিকে দেখলাম। তিনি দেখতে পূর্ণিমার চাদের মত ছিলেন। আমি জিজ্ঞাসা করলে জিবরাইল (আঃ) বললেন, "তিনি আপনার ভাই ইউসুফ (আঃ) বিন ইয়াকুব (আঃ)।” অতপর আমি চতুর্থ আসমানের ওপর চড়লাম। সেখানেও এক ব্যক্তিকে দেখলাম। জিবরাইল (আঃ) বললেন, তিনি হলেন ইদরিস (আঃ) যার ব্যাপারে আল্লাহর ইরশাদ হলোঃ
وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا
জিবরাইল (আঃ) আমাকে পঞ্চম আকাশের ওপর নিয়ে গেলেন। সেখানে আমি একজন বয়স্ক বুজর্গ ব্যক্তিকে দেখতে পেলাম। তার থেকে সুদর্শন বৃদ্ধ আমি কখনো দেখিনি। তিনি ছিলেন হারুন (আঃ) বিন ইমরান। ৬ষ্ঠ আসমানে আমি এক দীর্ঘ-দেহী উঁচু নাকওয়ালা ব্যক্তি দেখলাম। তাঁর ব্যাপারে জিবরাইলকে (আঃ) জিজ্ঞেস করলে তিনি বললেন, তিনি হলেন তোমার ভাই মুসা (আঃ) ইবনে ইমরান।"
সর্বশেষে আমি যখন সপ্তম আসমানে চড়লাম। সেখানে একজন বুজর্গ ব্যক্তি চেয়ারের ওপর বসেছিলেন। তার চেয়ার ছিল বাইতুল মামুরের দরজার ওপর। বাইতুল মামুরে প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা প্রবেশ করে এবং বের হয়। এবং একবার প্রবেশকারী ফেরেশতা পুনরায় দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত প্রবেশ করবে না। বরং প্রতিদিন নতুণ ফেরেশতার আগমন ঘটে।"
বাইতুল মা'মুরের দরজার ওপর বসা বুজর্গ ব্যক্তির সঙ্গে তোমাদের নবীর (স্বয়ং রাসূলুল্লাহ) এমন সাদৃশ্য রয়েছে যে অন্য কেউ তার উদাহরণ হতে পারে না। সেই বুজর্গের ব্যাপারে আমি জিজ্ঞাসা করলে জিবরাইল (আঃ) বললেন, "তিনি আপনার পিতা ইবরাহিম (আঃ)।"
অতপর জিবরাইল (আঃ) আমাকে জান্নাতে নিয়ে গেলেন। সেখানে আমি এক অনিন্দ সুন্দরী দাসী দেখলাম। তাকে জিজ্ঞাসা করলাম, "সে কে?" তিনি জবাব দিলেন যে, সে যায়েদ বিন হারেছার হুর।"
হজুরে আকরাম (সাঃ) যয়েদ (রাঃ) বিন হারেছাকে সেই দাসীর এবং জান্নাতের ওসুসংবাদদিয়েছেন।
📄 নবীর (সাঃ) হিজরত
ইবনে ইসহাক বর্ণনা করেছেন "আ'মার থেকে ইয়াযিদ বিন যিয়াদ মুহাম্মদ বিন কা'ব আল-কারাজির উদ্ধৃতিসহ এই ঘটনা বর্ণনা করেছেন যে, যখন কেরেশদের নির্বাচিত ব্যক্তিরা নবীয়ে আকরামের (সাঃ) গৃহ অবরোধ করলো, তখন তাদের মধ্যে আবু জেহেল বিন হিশামও শামিল ছিল। সে সাথীদেরকে বললো, "মুহম্মদের (সাঃ) ধারণা যে, তোমরা যদি তাকে অনুসরণ কর তাহলে আরব এবং আজমের মালিক হয়ে যাবে এবং অতপর এটাও যে তার ওপর ঈমান আনলে মৃত্যু পরবর্তী জীবনে তোমরা জর্দানের সর্বোত্তম বাগানের মত বাগান পাবে। আর যদি তা না কর তাহলে তার হাতে যবেহ হয়ে যাবে এবং মৃত্যু পরবর্তী জীবনে তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। তাতে জ্বলতে থাকবে।”
এই আলোচনা হুজুরের (সঃ) ঘরের দরজাতেই হচ্ছিল। প্রিয় নবী (সঃ) আল্লাহর নির্দেশ মোতাবেক নিজের ঘর থেকে বের হলেন। হাতে এক মুঠো মাটি নিলেন এবং কাফিরদের প্রতি তা নিক্ষেপ করে বললেন, "হ্যাঁ। আমি এ সব কিছুই বলে থাকি এবং এ কথাও বলি যে, তোমরা সেই সব লোকের অন্তর্ভুক্ত যাদের তকদিরে রয়েছে আগুন।” আল্লাহ পাক দুশমনদের চোখের ওপর পর্দা ফেলে দিলেন। তারা তাঁকে দেখতেই পেল না। তিনি তাদের মাথার ওপর মাটি নিক্ষেপ করলেন। সে সময় তিনি সূরায়ে ইয়াসিনের আয়াত তিলাওয়াত করছিলেন।
তিনি সেই আয়াতসমূহ তিলাওয়াত 'শেষ করলে সব কাফিরের মাথা ও মুখমন্ডল মাটিতে ভরে গিয়েছিল। তারপর তিনি নিজের পথে রওয়ানা হলেন। রাতের কোন এক অংশে কাফেরদের নিকট তাদের জনৈক সঙ্গী এলো। অবরোধের সময় সে তাদের সঙ্গে ছিল না। সে জিজ্ঞেস করলো "তোমরা এখানে কার জন্য অপেক্ষা করছ?” তারা বললো, "মুহাম্মদের জন্য।” বললো, "খোদা তোমাদেরকে ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহর কসম! মুহাম্মদ (সঃ) তো তোমাদের মধ্য থেকে সুস্থভাবেই বের হয়ে চলে গেছে এবং যাবার সময় তোমাদের সবার মাথার ওপর মাটিও নিক্ষেপ করে গেছে। যার অপেক্ষায় তোমরা দাঁড়িয়ে আছ-সে তো চলে গেছে। এখন এখানে কিকরছো।"
বর্ণনাকারী বলেন, এ কথা শুনে প্রত্যেক ব্যক্তি নিজের মাথায় হাত রাখলো এবং তা মাটি মিশ্রিত পেলো। তারপর দেওয়ালের ওপর দিয়ে উকি মারতে লাগলো। প্রিয় নবীর (সঃ) বিছানায় আলী (রাঃ) হুজুরের (সঃ) চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। তা দেখে তারা বলতে লাগলো, "খোদার কসম। মুহাম্মদ (সঃ) তো স্বগৃহে শুয়ে আছে এবং তার ওপর চাদর রয়েছে। রাসুলুল্লাহ (সঃ) ঘুমে নিমগ্ন রয়েছেন সকাল পর্যন্ত তারা এইটাই মনে করলো। সকালে যখন হযরত আলী (রাঃ) ঘুম থেকে জাগলেন এবং চাদর ফেলে দিলেন তখন কাফেরদের চোখ বিস্ফারিত হওয়ার মত। তারা তখন বলাবলি শুরু করলো যে, খবর দানকারীর খবর সঠিক ছিল এবং সে সত্য বলেছিল।"