📄 জাহিলিয়া যুগ ও ইসলামের প্রারম্ভিক যুগে বাইজেন্টাইনী রাষ্ট্রের সাথে আরবদের সম্পর্ক
আরব উপদ্বীপ তিনটি মহাদেশের সঙ্গমস্থলে অবস্থিত। এ কারণে প্রাচীন যুগ থেকেই এর একটি আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। ভারতের সাথে ইউরোপের সোজাসুজি যোগাযোগ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রাচ্যের পণ্যদ্রব্য প্রধানত আরবের রাস্তা দিয়েই পাশ্চাত্যে গিয়ে পৌঁছত এবং খোদ আরবরাও বাণিজ্য ব্যপদেশে দূর-দূরান্তে গমন করত। একদিকে এ ব্যবসা-বাণিজ্য যেমন আরবদেরকে মিসর, সিরিয়া, চীন এবং ভারতে পৌঁছিয়ে দিয়েছে, অন্যদিকে তেমনি মাতৃভূমির অনুর্বরতা অনেক প্রাচীনকাল থেকেই তাদেরকে দেশত্যাগে বাধ্য করেছে। যখন বাইজেন্টাইনী রোমকদের উন্নতির যুগ শুরু হয় তখন আরবদের বেশির ভাগ রাজ্যেরই বিলুপ্তি ঘটে অথবা বাইজেন্টাইনীদের অনুগত রাজ্যে পরিণত হয়।
বাইজেন্টাইনী ও ইরানীদের মধ্যে বংশ পরম্পরায় শত্রুতা চলে আসছিলো। এই শত্রুরা একে অপরকে প্রতিরোধ করার জন্য আরবদেরকেই কাজে লাগাত। এ উদ্দেশ্যে তারা আরব সীমান্তে আরবদের দ্বারাই কয়েকটি ক্ষুদ্র নিরপেক্ষ রাজ্য প্রতিষ্ঠা করে। বাইজেন্টাইনীরা দামিশকে এই ধরনের একটি রাজ্য প্রতিষ্ঠা করে যেখানে গাস্সান সম্প্রদায় রাজত্ব করত। গাস্সানীরা বরাবরই রোমানদের অনুগত থাকে এবং তাদের প্রভাবে নিজেরাও খ্রীস্ট ধর্ম গ্রহণ করে। বাইজেন্টাইনী প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং তারা সিরিয়া ছাড়িয়ে ফিলিস্তিন, অতঃপর খোদ উত্তর আরব পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে।
রসূলুল্লাহ্ (সা)-এর প্রপিতামহের পিতামহ কুসাই বাইজেন্টাইনী প্রভাবাধীন কুযা'আ সম্প্রদায়ের সহায়তায় মক্কার ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। কুসাই মক্কায় একটি নগররাষ্ট্র প্রতিষ্ঠা করেন। কুসাইর পর আব্দে মনাফের পুত্র হাশিম কায়সার-ই-রোমের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া গমনাগমনের নিরাপত্তা লাভ করেন। কায়সার-ই-রোম হাশিমকে হাবশের নাজ্জাশীর নামে একটি সুপারিশপত্রও দিয়েছিলেন। মক্কাবাসীরা প্রতি বছর নিয়মিত শীতকালে ইয়ামন অঞ্চলে এবং গ্রীষ্মকালে সিরিয়া, মিসর প্রভৃতি অঞ্চলে বাণিজ্য যাত্রা করত। তবে বাইজেন্টাইনী সীমান্ত ফাঁড়িতে আরবদেরকে কঠোর পরীক্ষার সম্মুখীন হতে হতো এবং অস্ত্র রফতানীর ওপর নিষেধাজ্ঞা ছিল।
ইয়ামনের নাজরানে খ্রীস্টানদের ওপর যূনাওয়াসের অত্যাচারের প্রতিবাদে কায়সারের প্ররোচনায় হাবশীরা ইয়ামন আক্রমণ করে এবং সেখানে খ্রীস্টান শাসন প্রতিষ্ঠা করে। রসূলুল্লাহ (সা) শিশু বয়সে এবং যৌবনে বাণিজ্য কাফেলার সাথে সিরিয়া গিয়েছিলেন। নবুওয়ত লাভের পর যখন আরবরা তাঁর ওপর নির্যাতন শুরু করে তখন তিনি অনুসারীদের হাবশায় হিজরত করতে বলেন এবং কায়সারের প্রভাবাধীন নাজ্জাশীর ন্যায়পরায়ণতার প্রশংসা করেন। রসূলুল্লাহ (সা) রোমানদেরকে ইরানীদের ওপর প্রাধান্য দিতেন।
হিজরতের পর মদীনার নগররাষ্ট্র যখন শক্তিশালী হয় তখন রসূলুল্লাহ (সা) উত্তরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দুমাতুল জন্দলকে শত্রুমুক্ত করতে সচেষ্ট হন। ৬ষ্ঠ হিজরীতে হুদায়বিয়া চুক্তির পর রসূলুল্লাহ (সা) কায়সার হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র পাঠান। বসরার শাসনকর্তার কাছে প্রেরিত রসূলুল্লাহর দূতকে গাস্সানী সর্দার মুতার নিকটে হত্যা করলে রসূলুল্লাহ (সা) এর প্রতিশোধ নিতে ৮ম হিজরীতে একটি সেনাবাহিনী পাঠান যা মুতার যুদ্ধে লিপ্ত হয়। এরপর ৯ম হিজরীতে রসূলুল্লাহ (সা) বিশাল বাহিনী নিয়ে তাবুক অভিযান পরিচালনা করেন। কায়সার তখন সরাসরি যুদ্ধে না আসলেও সীমান্তবর্তী অনেক ছোট রাজ্য যেমন আয়লা, মাক'না, জারজাহ্ ও আযরাহ্ মুসলমানদের বশ্যতা স্বীকার করে এবং জিযিয়া প্রদানে রাজি হয়।
আয়লার শাসক ইউহান্না রসূলুল্লাহ (সা)-এর সাথে একটি বাণিজ্যিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন। মাক'নাবাসীরাও এই সময় মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হয়। যদিও মাক'না ও খায়বর চুক্তির পরবর্তী কিছু নকল কপি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে, তবে রসূলুল্লাহর সময় উত্তর আরবে ইসলামের রাজনৈতিক প্রভাব সুদৃঢ় হয়েছিল তা অনস্বীকার্য। রসূলুল্লাহ (সা)-এর ওফাতের ঠিক পূর্বে তিনি মুতা পরাজয়ের প্রতিশোধ নিতে উসামা বিন যায়দের নেতৃত্বে একটি বাহিনী প্রস্তুত করেছিলেন যা পরবর্তীতে খলীফা আবু বকর (রা) কার্যকর করেন।
খিলাফতে রাশেদার যুগে রোমানদের ওপর আরবদের বিজয় ত্বরান্বিত হয়। রোমানদের ধর্মীয় গোঁড়ামির বিপরীতে মুসলমানদের উদারতা ও সহনশীলতা সিরিয়া ও ফিলিস্তিনের স্থানীয় খ্রীস্টানদের আকৃষ্ট করেছিল। ফলে তারা বাইজেন্টাইনীদের চেয়ে মুসলমানদের অধীনে থাকাকেই অধিক শ্রেয় মনে করেছিল। রসূলুল্লাহ (সা) এবং খিলাফতে রাশেদার যুগে ইসলামের এই মানবিক ও রাজনৈতিক আদর্শই বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল এলাকা জয় করতে সাহায্য করেছিল।
তথ্যপঞ্জীঃ
La Diplomatic Musulmane al E poque Du prophete etdes khalittas orthodoexs-এর সংশ্লিষ্ট অধ্যায়গুলো দ্রষ্টব্য।
📄 রসূলুল্লাহ্ (সা)-এর যুগে আরব-ইরান সম্পর্ক
আরব উপদ্বীপের বেশির ভাগই মরু অঞ্চল। তাই সেখানকার অধিবাসীরা তাদের খাদ্যের জন্য প্রাচীনকাল থেকেই অন্য দেশের মুখাপেক্ষী ছিল। তারা জীবিকার সন্ধানে ইরাক ও ইরানে যাতায়াত করত। সর্বপ্রথম 'ত্বাই' সম্প্রদায়ের লোক বসবাসের জন্য ইরানের দিকে যাত্রা করেছিল। ইরাক অঞ্চলে দেশত্যাগী আরবদের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছিল যে তারা সেখানে 'হীরা' নামক একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ইরানের বাদশারা বেদুঈন আরবদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হীরাকে একটি নিরপেক্ষ বাফার স্টেট হিসাবে ব্যবহার করত।
ইরানের শাহানশাহরা হীরার শাসকদের প্রতি আস্থা রাখলেও কালক্রমে তাদের মধ্যে ঔদ্ধত্য দেখা দেয়। হীরাকে ইরানের একটি প্রদেশে পরিণত করতে গিয়ে তারা আরবদের ওপর অমানুষিক নির্যাতন চালায়। এই তিক্ততা চরম আকার ধারণ করে 'যী-কার' যুদ্ধের সময় যেখানে আরবরা ইরানী বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে। রসূলুল্লাহ (সা) তখন মদীনায় তাঁর দাওয়াতের কাজ শুরু করেছিলেন। যখন পারস্যের নির্যাতিত আরব নেতা মাসান্না শায়বানী মুসলিম বাহিনীর সাহায্য চাইলেন তখন থেকেই মূলত ইসলামী রাষ্ট্রের সাথে ইরানের সরাসরি সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়।
আরবের পূর্ব উপকূলীয় অঞ্চলসমূহ যেমন বাহরাইন, আম্মান এবং ইয়ামনও তখন ইরানী প্রভাবাধীন ছিল। আম্মানের আরব সরদার হাওযা বিন আলীকে ইরানের কিসরা একটি রাজমুকুট উপহার দিয়েছিলেন। তায়েফের দুর্গটিও কিসরার পাঠানো প্রকৌশলীর সাহায্যে নির্মিত হয়েছিল। রসূলুল্লাহ (সা) মক্কী জীবনেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একদিন কিসরা ও কায়সারের সম্পদ মুসলমানদের অধিকারে আসবে।
৬ষ্ঠ হিজরীতে হুদায়বিয়া চুক্তির পর রসূলুল্লাহ (সা) প্রতিবেশী শাসকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করেন। তিনি ইরানের শাহানশাহ খসরু পারভেজের কাছে আবদুল্লাহ বিন হুযাফার মাধ্যমে একটি পত্র পাঠান। পত্রে খসরুকে 'ইরানের নেতা' সম্বোধন করা হয়েছিল যা অহংকারী খসরুর পছন্দ হয়নি। সে পুরো পত্রটি না পড়েই ছিঁড়ে ফেলে। রসূলুল্লাহ (সা) এ খবর শুনে বদদোয়া করে বলেছিলেন— আল্লাহ তা'আলাও তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিন।
খসরু পারভেজ ইয়ামনের গভর্নর বাযানকে নির্দেশ দিয়েছিলেন মুহাম্মদ (সা)-কে গ্রেফতার করে মাদায়েনে পাঠাতে। কিন্তু রসূলুল্লাহ (সা) বাযানের দূতদের বলেন যে আল্লাহর নির্দেশে খসরু পারভেজ স্বীয় পুত্রের হাতে নিহত হয়েছে। ঐতিহাসিক বর্ণনায় খসরুর মৃত্যু তারিখ নিয়ে কিছুটা মতভেদ থাকলেও কায়সার হিরাক্লিয়াসের সমসাময়িক পত্র থেকে জানা যায় যে ২৭ ফেব্রুয়ারি ৬২৮ খ্রিষ্টাব্দে (৬ষ্ঠ হিজরীর মধ্য রমযান) খসরু পারভেজ নিহত হন। রসূলুল্লাহর এই ভবিষ্যদ্বাণী ফলে বাযান এবং ইয়ামনের অধিবাসীরা ইসলাম গ্রহণ করে।
খসরুর মৃত্যুর পর পারস্য সাম্রাজ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। রসূলুল্লাহ (সা) এই সুযোগে পারস্যের অধীনস্থ আরব প্রদেশগুলোর সাথে সরাসরি যোগাযোগ শুরু করেন। বাহরাইনের মুনযার বিন সাভা এবং আম্মানের জীফার ও আবদ রসূলুল্লাহর দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। তারা মাদায়েনের সাথে সম্পর্ক ছিন্ন করে মদীনার আনুগত্য স্বীকার করে। রসূলুল্লাহ (সা) অত্যন্ত সফল কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পারস্যের হাত থেকে আরব উপদ্বীপের নিয়ন্ত্রণ মুক্ত করতে সক্ষম হয়েছিলেন। রসূলুল্লাহর ওফাতের পর তাঁর সুযোগ্য খলীফা আবূ বকর সিদ্দীকের সময় পারস্য বিজয়ের চুড়ান্ত যাত্রা শুরু হয়।
টিকাঃ
১. তানবীহ, মাসউদী, পৃষ্ঠা ১৮৬।
২. কায়সার হিরাক্লিয়াসের যুদ্ধাভিযান সম্পর্কে জার্মান ভাষায় লিখিত গিরল্যাণ্ড-এর পুস্তক সবচাইতে নির্ভরযোগ্য।
৩. সীরাতে ইবনে হিশাম ও তারীখে তাবারীর বিভিন্ন বর্ণনা এবং 'আহদে নবভী কা নেযামে হুকমরানী' দ্রষ্টব্য।
📄 রসূলুল্লাহ্ (সা)-এর যুগেই ইয়াহুদী
বর্তমান বিশ্বে রক্ত সম্পর্ক বা বংশের উপর ভিত্তি করে গঠিত জাতিসমূহের মধ্যে য়াহূদী একটি অতি প্রাচীন জাতি । এই জাতির একটি নিজস্ব সভ্যতা, নিজস্ব সাহিত্য সংস্কৃতি এবং নিজস্ব ইতিহাস রয়েছে । যদি এদেরকে হযরত ইয়াকূব বিন ইসহাক বিন ইবরাহীম (আ)-এর বংশধর বলে মেনে নেওয়া হয় তাহলে এরা নমরূদদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবিল অর্থাৎ ইরাক থেকে কে'নান অর্থাৎ ফিলিস্তিন ও সিরিয়ায় এসেছিল । অতঃপর হযরত ইউসুফ (আ)-এর যুগে এরা মিসরে গমন করে ।
বলা হয়ে থাকে যে, ঐ যুগে সিরীয় বংশোদ্ভূত একটি গোত্র ফিরাউনের আসনে অধিষ্ঠিত ছিল । এ কারণে অতি অল্প সময়ের মধ্যে হযরত ইউসুফ (আ)-এর 'আযীয-ই-মিসর' অর্থাৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী মন্ত্রী হতে কোনরূপ বেগ পেতে হয় নি । এর কয়েক পুরুষ পরই মিসরীয় বংশোদ্ভূত একটি গোত্র ফিরাউনের আসনে অধিষ্ঠিত হয় । ফলে পূর্বেকার ফিরাউনদের অনুগ্রহপ্রাপ্তরা ধীরে ধীরে পরবর্তীদের রোষানলে পতিত হয় ।
ফিরাউন রা'মাসীস-এর যুগে য়াহূদীরা হযরত মূসা (আ)-এর নেতৃত্বে সংঘবদ্ধভাবে মিসর ছেড়ে 'আরদে মুকাদ্দাসের' (ফিলিস্তিন)-এর দিকে যাত্রা করে । সুহুফে মূসা অর্থাৎ তাওরীতের বাকি অংশ অন্যান্য নবীদের প্রতি অবতীর্ণ হয়েছে বলে প্রকাশ । তাওরীত থেকেই জানা যায় যে, য়াহূদীরা 'আরদে মুকাদ্দাসের' প্রাচীন অধিবাসীদের (যারা আরবের আমালিকা বংশোদ্ভূত ছিল) উপর এরূপ অমানুষিক অত্যাচার করে যে, তাতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠে । তারা স্তন্যপানকারী শিশুদেরকেও রেহাই দেয়নি । এই হিংস্র স্বভাবের কারণেই য়াহূদীরা বারবার গৃহযুদ্ধে লিপ্ত হয়েছে এবং য়াহূদী বংশোদ্ভূত অসংখ্য নবী ও সংস্কারক তাদের হাতে প্রাণ দিয়েছেন ।
বাদশাহ তালুতের পর হযরত দাউদ (আ) এবং হযরত সুলায়মান (আ) ফিলিস্তিনে 'ইলাহী রাষ্ট্র' প্রতিষ্ঠা ও পরিচালনা করেন । অতঃপর গৃহযুদ্ধের কারণে য়াহূদী রাষ্ট্র দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং কখনো ইরাক পূর্ব থেকে এবং কখনো সিরিয়া উত্তর থেকে এই সমস্ত জনবসতির উপর আক্রমণ চালাতে থাকে । ফলে য়াহূদীরা ফিলিস্তিন পরিত্যাগ করে ছিন্নভিন্ন হয়ে পড়ে । অতঃপর ফিলিস্তিনে প্রত্যাবর্তন এবং সেখানে বসবাস করার জন্য তাদের উপর্যুপরি প্রচেষ্টা অব্যাহত রয়েছে ।
নবুওতের পূর্বে
রসূলুল্লাহ্ (সা)-এর আবির্ভাবকালে আরবের প্রতিটি অঞ্চলেই য়াহুদীরা বসবাস করত । কোথাও তাদের বসতি ছিল ঘন, আবার কোথাও ছিন্নভিন্ন । সংক্ষেপে বলতে গেলে তাদের বসতির একটি শিকল ইলা (আকাবা) মাক'না, খায়বর, ওয়াদিউল কু'রা, তীমার, ফিদক, মদীনা, ইয়াসরিব, তায়েফ এবং জারশ থেকে নিয়ে ইয়ামান, আম্মান এবং বাহরাইন পর্যন্ত উত্তর-দক্ষিণে বিস্তৃত ছিল ।
মক্কায় য়াহূদীদের কমই দেখা যেত । অবশ্য মক্কার আশেপাশে ঘন ঘন যে সমস্ত মেলা (যেমন-উকায, মিনা, মাজনা, যুলমাজায প্রভৃতি) বসত সেগুলোতে অর্থ উপার্জনের জন্য তারা বিভিন্ন প্রকারের অভিনব কৌশল অবলম্বন করত । ভবিষ্যত বক্তা, জ্যোতিষী ইত্যাদি থেকে আরম্ভ করে সাধারণ মানুষেররও মন জয়ের জন্য তারা রঙ-বেরঙের উপাদান সরবরাহ করত । শিক্ষিত (আহলে কিতাব) হওয়ার কারণে তারা ঐ এলাকার বেদুঈনদের দৃষ্টিতে অত্যন্ত সম্মানের পাত্র ছিল ।
প্রাচ্য প্রতীচ্যের সর্বত্রই এখন একথা স্বীকৃত যে রসূলুল্লাহ্ (সা)-এর আবির্ভাবের প্রারম্ভিক যুগে আহলে কিতাব (য়াহূদী খ্রীস্টান) একজন মহান ব্যক্তিত্ব তথা শেষ সান্ত্বনাদানকারীর অপেক্ষায় ছিল । কিন্তু রসূল-জীবন অধ্যয়নকারীদের সামনে এক্ষেত্রে এমন অদ্ভুত বৈপরিত্য পরিলক্ষিত হয়, যার সমন্বয় সাধন মোটেই সহজ নয় । বৈপরিত্যটি হলো এই যে, রসূলুল্লাহ্ (সা)-এর আবির্ভাবকালে মদীনার য়াহূদীরা একদিকে তাদের প্রতিবেশী আরবদেরকে এই মর্মে হুমকি দিতে থাকে যে, এখনই প্রতিশ্রুত মসীহের আবির্ভাব হবে এবং তারা তাঁর সাহায্যে শত্রুদের মুণ্ডপাত করবে এবং অন্যদিকে এমন সব ঘটনা অহরহ ঘটতে থাকে যাতে য়াহূদীদেরকে ঐ প্রতিশ্রুত মসীহেরই হত্যার ষড়যন্ত্রে দিবারাত্রি লিপ্ত থাকতে দেখা যায় । যেমন, রসূলুল্লাহ্ (সা) তাঁর দুধ-মা হালিমার কোলে চড়ে যখন একটি মেলায় যান তখন একজন য়াহূদী জ্যোতিষী তাঁকে দেখেই চীৎকার করে উঠে এবং উচ্চস্বরে বলতে থাকে, 'য়াহূদীরা, তোমরা এই শিশুকে অবিলম্বে হত্যা কর, কেননা সে তোমাদের সর্বনাশ করবে ।' রসূলুল্লাহ্ (সা) আপন কৈশোরে পিতৃব্য আবূ তালিবের সাথে একটি বণিকদলের অন্তর্ভুক্ত হয়ে যখন ফিলিস্তিন যান তখন সেখানকার একজন ঈসায়ী রাহিব (ধর্মগুরু) আবূ তালিবকে পরামর্শ দেন, 'এই ছেলেকে নিয়ে আর অগ্রসর হয়ো না । কেননা য়াহূদীরা এই ছেলের শত্রু । তারা কোনমতে জানতে পারলে একে তৎক্ষণাতই হত্যা করবে ।' ইতিহাসে এ ধরনের আরো অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় ।
ইসলাম প্রচারের সূচনায়
'সমগ্র বিশ্বের রহমত' হযরত মুহাম্মদ (সা)-কে আল্লাহ্ তা'আলা সমগ্র মানব-জাতির জন্য কিয়ামত পর্যন্ত একজন 'উত্তম আদর্শ'রূপে প্রেরণ করেছিলেন । তাই তাঁকে অধীন রাখা হয়েছিল স্বাভাবিক কার্যকারণের । সমগ্র জ্বিন ও মানুষ তাঁর সম্বোধিত হওয়া সত্ত্বেও ব্যক্তিগত দায়দায়িত্বের গণ্ডি ছিল তাঁর সীমাবদ্ধ । একেবারে প্রাথমিক পর্যায়ে তাঁকে তাঁর গোত্রের এবং তাঁর সাথে মেলামেশাকারীদের সামনে ইসলামের দাওয়াত পেশ করার নির্দেশ দেওয়া হয় । অতঃপর নির্দেশ দেওয়া হয় গোপনীয়তা পরিত্যাগ করে সবাইকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার । মক্কী জীবনে মোটামুটিভাবে তাঁর ব্যক্তিগত যে দায়দায়িত্ব ছিল তা কুরআনের "لتنذر ام القرى ومن حولها" (যাতে তুমি ভয় দেখাও মক্কা এবং তার আশেপাশের লোকদেরকে) এই আয়াতে বর্ণিত হয়েছে । উল্লেখিত এলাকায় কি য়াহূদীরা বসবাস করত? আরব ঐতিহাসিকরা এর না-সূচক জওয়াব দিয়েছেন এবং কুরআন মজীদের আভ্যন্তরীণ সাক্ষ্যও তা-ই প্রমাণ করে ।
মদীনায় হিজরতের পূর্বে যে ৮৬টি সূরা নাযিল হয়েছে তার মধ্যে কোথাও য়াহূদীদেরকে সরাসরি সম্বোধন করে কিছু বলা হয়নি । 'ইয়া বানী ইসরাঈলা' (হে য়াহূদীগণ)-এই বাক্যটি অবতরণ অনুপাতে সর্বপ্রথম ৮৭নং সূরায় (সূরা বাকা'রা) পাওয়া যায়, যা হিজরতের পরে অবতীর্ণ সূরাগুলোর প্রাথমিক পর্যায়ভুক্ত । মক্কী যুগে 'ইয়া বানী আদম' (হে মানবজাতি) এবং 'ইয়া আইয়ুহান নাস' বাক্যই ব্যবহৃত হয়েছে ।
অবতরণের ধারাবাহিকতা স্মরণে রেখে যদি কিছুদিন কুরআন মজীদ অধ্যয়ন করা যায় তাহলে একথা প্রতিভাত হয়ে উঠে যে, সর্বপ্রথম আয়াত, যার মধ্যে য়াহূদীদের (পরোক্ষভাবে হলেও) উল্লেখ আছে তা হচ্ছে সূরা মুয্যাম্মিলের আয়াত :
انا ارسلنا اليكم رسولا شاهدا عليكم كما ارسلنا الى فرعون رسولا -
নিশ্চয় আমি তোমাদের কাছে তোমাদের সম্বন্ধে সাক্ষীস্বরূপ এক রসূল পাঠিয়েছি যেমন ফিরাউনের কাছে এক রসূল পাঠিয়েছিলাম । (৭৩:১৫)
এখানে য়াহূদী জাতির কোন উল্লেখ করা হয়নি, বরং তাদের শ্রেষ্ঠ নবী হযরত মূসা (আ)-এর উল্লেখ করে তাঁর সাথে হযরত মুহাম্মদ (সা)-এর তুলনা করা হয়েছে । অর্থাৎ আল্লাহ্ তা'আলা ফিরাউন রা'মাসীসকে পথ প্রদর্শনের জন্য একজন রসূল পাঠিয়েছিলেন এবং সে রসূলকে না মানার দরুন তাকে কঠোর শাস্তি ভোগ করতে হয়েছিল । এভাবে তোমাদের (মক্কাবাসীদের) দিকেও আল্লাহ্ তা'আলা একজন রসূল পাঠিয়েছেন ।
অতঃপর সূরা আ'লা অবতীর্ণ হয় । তাতে বলা হয় :
والاخره خير وابقى - أن هذا لفي الصحف الأولى - صحফ ابرهيم وموسى -
অর্থাৎ পরকাল অতি উত্তম ও চিরস্থায়ী, নিশ্চয় একথা পূর্বের কিতাব সমূহেও অর্থাৎ হযরত ইবরাহীম ও হযরত মূসা (আ)-এর কিতাব সমূহে আছে (৮৭:১৭-১৯) । অতঃপর য়াহুদীদের নয় বরং তাদের একটি নতুন শাখার অর্থাৎ খ্রীস্টানদের উল্লেখ (সূক্ষ্মভাবে) করা হয়েছে সূরা ইখলাসে । তাতে খ্রীস্টানদের মৌলিক বিশ্বাসসমূহকে রদ করা হয়েছে এই বলে যে, 'আল্লাহ্ তা'আলা কাউকেও জন্ম দেন না এবং তিনি নিজেও জন্ম নেন নি ।' কুরআন মজীদের সূরা বুরূজ, সূরা কা'ফ, সূরা ক'মর, সূরা সোয়াদ প্রভৃতিতে বারবার যে বিষয় উল্লেখ করা হয়েছে তা হলো, ফিরাউন এবং তার শোচনীয় পরিণামের কথা । সূরা ত্বীন-এর মধ্যে তুরে সিনীন (সিনাই পাহাড়)-এর শুধুমাত্র পরোক্ষ উল্লেখ রয়েছে ।
সূরা সোয়াদের মধ্যে বেশ কয়েকজন নবীদের উল্লেখ রয়েছে । তাতে উল্লেখ রয়েছে যে, হযরত দাউদ (আ), সুলায়মান (আ) এবং আইউব (আ) য়াহূদী বংশে প্রেরিত হয়েছেন এবং রসূলুল্লাহ্ (সা) নিজে ও তেমনি একজন নবী ও রসূলরূপে প্রতিভাত হয়েছেন ।
মক্কী সূরাসমূহের মধ্যে বিস্তারিতভাবে এবং গুরুত্বের সাথে সর্বপ্রথম য়াহূদীদের উল্লেখ করা হয় সূরা আ'রাফে (এই সূরার ক্রমিক নম্বর গ্রন্থনার দিক দিয়ে ৭ এবং অবতীর্ণ হওয়ার দিক দিয়ে ৩৯) ।
এই সূরায় ফিরাউন থেকে মুক্তি এবং 'আরদে মুকাদ্দাসের' পথে হযরত মূসার তাওরীত লাভ প্রভৃতি বর্ণনা করার পর তাওরীত এবং ইঞ্জীলেও হযরত মুহাম্মদ (সা)-এর আগমন সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর কথা আকর্ষণীয় পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে । যেমন "মূসা তাঁর সম্প্রদায় হতে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য মনোনীত করলো । তারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো তখন মূসা বললো, 'হে আমার প্রতিপালক, তুমি ইচ্ছা করলে পূর্বেই তো এদেরকে এবং আমাকেও ধ্বংস করতে পারতে । আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে সেজন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এটা তো শুধু তোমার পরীক্ষা, যা দ্বারা তুমি যাকে ইচ্ছা বিপথগামী কর এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত কর । তুমিই তো আমাদের অভিভাবক; সুতরাং আমাদের ক্ষমা কর ও আমাদের প্রতি দয়া কর এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ ।
'আমাদের জন্য নির্ধারিত কর ইহকাল ও পরকালের কল্যাণ, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করেছি ।' আল্লাহ্ বললেন, আমার শাস্তি যাকে ইচ্ছা দিয়ে থাকি আর আমার দয়া-তা তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত; সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করবো যারা সাবধান হয়, যাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে ।
যারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর রসূলের-যার উল্লেখ তাওরীত ও ইঞ্জীলে-যা তাদের নিকট আছে-তাতে লিপিবদ্ধ পায়, যে তাদেরকে সৎকাজের নির্দেশ দেয় ও অসৎকাজ থেকে নিষেধ করে, যে তাদের জন্য পবিত্র বস্তু বৈধ করে ও অপবিত্র বস্তু অবৈধ করে এবং যে মুক্ত করে তাদেরকে তাদের ভার হতে ও বন্ধন হতে যা তাদের উপর ছিল । সুতরাং যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাকে সম্মান করে এবং যে আলো তার সাথে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে তারাই সফলকাম ।
বল, 'হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসূল, যিনি আকাশ-মণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী; তিনি ছাড়া অন্য কোন ইলাহ নেই; তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান; সুতরাং তোমরা বিশ্বাস স্থাপন কর আল্লাহর প্রতি ও তাঁর নিরক্ষর রসূলের প্রতি যে আল্লাহ্ ও তাঁর বাণীতে বিশ্বাস করে, এবং তোমরা তার অনুসরণ কর যাতে তোমরা পথ পাও ।
মূসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রয়েছে যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও ন্যায়বিচার করে (৭ : ১৫৫-৫৯) ।"
আমি এই আয়াতসমূহের 'শানে নুযুল' তাফসীর ও হাদীস গ্রন্থাদিতে পরিষ্কারভাবে পাই নি । তবে আমার মনে হয়, মক্কাবাসীরা যখন তায়েফ, ইয়ামন, মদীনা, খায়বর, ইরাক, সিরিয়া, মিসর প্রভৃতি দেশ সফর করত এবং সেখানকার অধিবাসীদেরকে মক্কার গুরুত্বপূর্ণ সংবাদটি (নাবা-ই আযীম) শোনাত (অর্থাৎ বলত যে, তাদের শহরে এক ব্যক্তি আল্লাহর রসূল হওয়ার দাবি করছে) । তখন সেখানকার য়াহূদী এবং খ্রীস্টানরা এ ব্যাপারে তাদের বিভিন্নমুখী মতামত পেশ করত এবং মক্কাবাসীদেরকে বিভিন্ন নতুন প্রশ্ন শিখিয়ে দিত এবং কুরআনে যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেগুলোর জওয়াব বাৎলে দিত । সূরা আ'রাফে প্রথমে বিস্তারিতভাবে ধর্ম প্রচার এবং সৎপথ প্রদর্শনের মৌলিক দলীলাদি পেশ করা হয়েছে এই মর্মে যে, পূর্ববর্তী লোকদের মধ্যেও নবী-রসূল এসেছেন । একদিকে নবীদের সমসাময়িক লোকেরা নাফরমানীর কারণে আল্লাহর শাস্তিতে পতিত হয়ে যেমন ধ্বংস হয়েছে অন্যদিকে তেমনি নবীদের অনুসারীদের পরবর্তী বংশধরদের মধ্যেও যখন নাফরমানী ফিরে এসেছে এবং আল্লাহ্ প্রদত্ত শিক্ষার শেষ চিহ্নটুকু পর্যন্ত মুছে গেছে তখন তাদের মধ্যে আবার নতুনভাবে নবীর আবির্ভাব হয়েছে । অথবা ইতিপূর্বে যেখানে কোন নবী আসেননি তখন সেখানে নবী এসেছেন । এভাবে নূহ, হূদ, সালেহ, লুত এবং শূআ'ইব (আ)-এর বিবরণী দেওয়া হয়েছে । অতঃপর ফিরাউনের প্রতি হযরত মূসা (আ)-এর প্রেরিত হওয়ার কথা বলা হয়েছে । অন্যান্য নবীর চাইতে মূসা (আ)-এর শিক্ষা সংরক্ষিত বলে মনে করা হত এবং তাঁর অনুসারী য়াহূদীরাও বর্তমান ছিল । এই প্রেক্ষিতে প্রশ্ন উঠত যে, যদি তাওরীত মূসা (আ)-এর উপর অবতীর্ণ আল্লাহর কিতাব হয়ে থাকে তাহলে কোন নতুন নবী এবং নতুন কিতাবের কি প্রয়োজন? যেসব লোক সৎপথ চায় তারা সবাই য়াহূদী হয়ে গেলেই তো পারে । অন্ততঃ মদীনার য়াহূদীরা তখন পর্যন্ত মোটামুটিভাবে ধর্ম প্রচার করত এবং তাদের ধর্মকে শুধুমাত্র বংশগত বেষ্টনী তথা বনী ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ বলে মনে করত না । ঐ সময়ে রসূলুল্লাহ্ (সা) প্রত্যক্ষভাবে য়াহূদীদের সম্মুখীন হন নি । শুধু মক্কীবাসীদেরকে য়াহূদীদের শিখিয়ে দেওয়া প্রশ্নাদি তাঁর সামনে আসছিলো এবং তিনি আল্লাহর পক্ষ থেকে তাদের বুদ্ধিমত্তা ও প্রয়োজন অনুযায়ী উত্থাপিত প্রশ্নাদির উত্তর দিয়ে যাচ্ছিলেন । যেমন :
১. তিনি [মুহাম্মদ (সা)] বর্তমান নবী এবং ইঞ্জীলে তাঁর আগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে ।
২. মানুষের বুদ্ধিমত্তার ক্রমোন্নতির প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা তার সাবেক নির্দেশাবলী কিছুটা সংশোধন, কিছু কিছু বাধা-নিষেধ দূরীকরণ এবং শক্ত বোঝা অপসারণ করে নিজ কৃপায় মানুষের জীবন ধারণ পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ও সরল করতে চান ।
৩. পূর্ববর্তী নবীদের আগমন দেশভিত্তিক, জাতিভিত্তিক এবং কালভিত্তিক ছিল । এখন আল্লাহ্ তা'আলা এমন একজন নবী পাঠাতে চেয়েছেন যিনি হবেন সর্বদেশ, সর্বকাল এবং সমগ্র মানব জাতির জন্য ।
এখন প্রশ্ন হতে পারে যে, পূর্ববর্তী নবীদের অনুসারীদের একটি অতি স্বল্প সংখ্যক লোকও যদি আজ পর্যন্ত সত্যিকার রাব্বানী শিক্ষার উপর কায়েম থাকে তাহলে তাদেরকেও কি নবাগত নবীর অনুসরণের জন্য অনুপ্রাণিত করা হবে? হ্যাঁ, করা হবে । কেননা পূর্ববর্তী সব ধর্মগ্রন্থেই একজন পরিষ্কার ভাষায় শেষ নবী, একজন শেষ সান্ত্বনাদাতার আগমনের কথা বলা হয়েছে । অতীতের সমস্ত ধর্মগ্রন্থেই হযরত মুহাম্মদ (সা)-এর উল্লেখ আছে বলে কুরআনও দাবি করেছে - "إنه لفي زبر الأولين" সুদীর্ঘকাল অতিবাহিত হওয়া এবং নানা ঘটন-অঘটনে পতিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বেদসমূহের (চাই তা ইবরাহীম (আ) প্রাপ্ত সহীফা হোক কিংবা না হোক) মধ্যে একজন আবদুল্লাহ্ ও আমিনা-তনয়ের আগমনের সুসংবাদ আছে । গৌতম বুদ্ধও (চাই তিনি নবী হোন কিংবা না হোন) মরণকালে তাঁর অনুচরদেরকে একজন সম্মানিত নবীর আগমনের নির্দেশ দেন । তাওরীত এবং ইঞ্জীলে রসূলুল্লাহ (সা)-এর আগমনের সুসংবাদ লিপিবদ্ধ ছিল বলে কুরআন দাবি করছে । গত চৌদ্দ শ' বছর ধরে মুসলিম জ্ঞানী ব্যক্তিরা এ বিষয়ের উপর অনেক আলোচনা-পর্যালোচনা করে আসছেন । অতএব আমি এখানেই আলোচনার ইতি টানছি ।
তখন পর্যন্ত মক্কাবাসীরাই ছিল রসূলুল্লাহ্ (সা)-এর সম্বোধিত জন । অবশ্য হজ্ব উপলক্ষে আরব উপদ্বীপের অন্যান্য এলাকারও যে সমস্ত লোক বছরে একবার মক্কার অদূরে মিনা নামক স্থানে সমবেত হত এবং কয়েকদিন সেখানে অবস্থান করে ঈদ পালন করত, খুব সম্ভব তারাও শীঘ্রই সম্বোধিতদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে । তবে তখন পর্যন্ত য়াহূদী এবং খ্রীস্টানরা সরাসরি রসূলুল্লাহর সামনে আসে নি বলা চলে । এ কারণে য়াহূদীদের উল্লেখ পরোক্ষভাবে এবং তৃতীয় পুরুষে করা হয়েছে । অবশ্য তাদের ধর্মের ভাল দিকটি অকপটে তুলে ধরা হয়েছে এবং তাদের ধর্মগ্রন্থ যে আল্লাহ্ প্রদত্ত সে কথাও খোলাখুলিভাবে স্বীকার করা হয়েছে ।
২৭তম সূরায় (যা অবতীর্ণ হওয়ার দিক দিয়ে ৪৮তম) একটি নতুন ভঙ্গিতে বক্তব্য পেশ করা হয় । সূরার প্রথমে যেখানে রসূলুল্লাহ্ (সা) এবং তাঁর অনুসারীদেরকে এই বলে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে, অবতীর্ণ কুরআন চরম বিজ্ঞ ও জ্ঞানী আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে আসছে, সেখানে সামান্য আগে বেড়ে বলা হচ্ছে যে, 'নিশ্চয়ই এই কুরআন বনী ইসরাইলের কাছে, তারা যে সকল বিষয়ে বিবাদ (মতানৈক্য) করে থাকে তার অধিকাংশই ঠিক ঠিক বলে দেয় (২৭ : ৭৬) ।' তাহলে কি কিছুসংখ্যক য়াহূদী প্রতিশ্রুত নবীর উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং বাকীরা তা অস্বীকার করেছিল? এক্ষেত্রে অনুমান করা ছাড়া গত্যন্তর নেই । তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে, অতঃপর কুরআন এবং রসূলুল্লাহ (সা)-এর দৃষ্টি য়াহূদীদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল । কেননা এর পর যে দু'টি সূরা (সূরা কাসাস্ ও সূরা বনী ইসরাইল) অবতীর্ণ হয় তাতে বেশির ভাগ ক্ষেত্রেই হযরত মূসা (আ)-এর অবস্থা, তাঁর মাহাত্ম্য এবং উচ্চ মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে । বলা হয়েছে, 'আমি পূর্বতন যুগের লোকদের ধ্বংস করার পর অবশ্যই মূসা (আ)-কে কিতাব দিয়েছিলাম, যা মানুষের জন্য পরিষ্কার দলীল, সৎপথের জ্ঞান ও দয়াস্বরূপ, এই উদ্দেশ্যে যে, তারা এ থেকে উপদেশ গ্রহণ করবে (২৮ : ৪৩) ।
বোঝা যাচ্ছে যে, এবার পরোক্ষভাবে হলেও য়াহূদীদের সাথে রসূলুল্লাহ (সা)-এর সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছিল এবং তারা (ইসলাম সম্পর্কে) মক্কার কুরায়শদের উত্থাপিত ওজর আপত্তি এবং তর্ক-বিতর্কে অংশগ্রহণ করতে শুরু করে দিয়েছিল এবং তাওরীতের মধ্যে রসূলুল্লাহ্ (সা) সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, অত্যন্ত দৃঢ়তার সাথে তা অস্বীকার করছিল । কেননা এর পরই যে সূরা নাযিল হয় (১০ম সূরা) । তাতে মূসা এবং হারুন (আ)-এর বিস্তারিত বিবরণী (১০ : ৭৫) পেশ করার পর সমকালীন য়াহুদীদেরকে জেনে শুনে বিপরীত মত পোষণ এবং সত্যকে অস্বীকার করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে (১০ : ৯৩) । বলা হয়েছে, "আমি তোমার নিকট যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমার কোন সন্দেহ হয় তাহলে যারা তোমার আগে থেকে কিতাব পড়ে আসছে তাদের জিজ্ঞাসা কর (১০ : ৯৪) ।" এর দ্বারাও অনুমান করা হয় যে, এক অথবা একাধিক য়াহূদী ও খ্রীস্টান ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছিল এবং তারা সমর্থন করে যাচ্ছিলো যে, তাওরীত ও ইঞ্জীলে যে প্রতিশ্রুত নবী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তিনি মুহাম্মদ (সা) ছাড়া আর কেউ নন । অতঃপর সূরা হুদ নাযিল হয় । তাতেও নবী (সা)-এর অভিযোগটির পুনরাবৃত্তি করা হয় (১১ : ১১০) ।
ইতিমধ্যে হযরত মূসা (আ)-র কিতাবকে 'আসমানী ওহী' বলে স্বীকার করার কারণে একটি নতুন প্রশ্ন দেখা দিচ্ছিল এবং কুরআন থেকে তার জওয়াব পাওয়া যাচ্ছিল । বিষয়টি হলো এই যে, য়াহূদীদের পবিত্র গ্রন্থে পূর্ববর্তী নবীদের অবস্থা বিশদভাবে বর্ণিত হয়েছে । তবে এর মধ্যে কোন কোন নবীর কীর্তিকলাপ লজ্জাজনক এবং অপমানজনক বলেই প্রতীয়মান হয় । একদিকে কুরআন প্রায় প্রতিদিন এসব নবীর নাম ও অবস্থা বিশদভাবে বর্ণনা করে তাঁদেরকে আদর্শ স্থানীয় ব্যক্তিত্ব এবং আল্লাহর সম্মানিত বান্দারূপে সর্বসমক্ষে পেশ করছিলো, বরং মুসলমানদেরকে এখনো ঐসব নবীর শিক্ষা এবং আদর্শ অনুসরণের নির্দেশ দিচ্ছিলো ("بهدا هم قنده" তুমিও তাদের পথ অনুসরণ কর - ৬ : ১১) এবং অন্যদিকে এই সমস্ত নবীর অবস্থা আহলে কিতাব অর্থাৎ য়াহূদীদের কাছে যেভাবে লিপিবদ্ধ পাওয়া যেত, তাতে ঘৃণারই উদ্রেক হত ।
য়াহূদী জাতির মত য়াহুদীদের পবিত্র গ্রন্থও বারবার অত্যন্ত সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হয় । কখনো কখনো বিদেশী আক্রমণকারীরা য়াহূদী ধর্মকে নির্মূল করার অভিপ্রায়ে য়াহূদীদের ধর্মগ্রন্থকে ধ্বংস করে দেয় এবং কয়েক শতাব্দী পর শুধু ব্যক্তি বিশেষের স্মরণশক্তির উপর নির্ভর করে পরিপূর্ণভাবে তো নয়ই বরং আংশিকভাবে তা আবার লিপিবদ্ধ করা হয় । কখনো কখনো ধর্মনেতারা বিশুদ্ধ মন নিয়ে স্থানে স্থানে তা সংশোধন করেন, কখনো কখনো অনুন্নত প্রাচীন লিখন পদ্ধতিকে আধুনিকায়ন করতে গিয়ে তাতে কিছু নতুন জিনিস ঢুকে পড়ে, দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার ফলে কখনো কখনো হাতে লেখা গ্রন্থগুলোর কালি মুছে গিয়ে মূল বিষয়বস্তু পরিবর্তিত হয়ে যায়—এ সমস্ত কথা এখন খোদ য়াহুদীরাও স্বীকার করেন । আমরা এখানে আরো একটি অতিরিক্ত বিষয়ের উল্লেখ করবো । আর তা হচ্ছে এই যে, হযরত সুলায়মান (আ)-এর মৃত্যুর পর সিংহাসন নিয়ে য়াহুদীদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল এবং এতে প্রত্যেকটি দল এবং একে অন্যকে দোষী সাব্যস্ত করছিল । ইয়ারুবাম নামীয় একজন দলপতি হযরত সুলায়মান (আ) কর্তৃক সাজাপ্রাপ্ত এবং তাঁর কট্টর শত্রু ছিল । ঘটনাচক্রে সে-ই হযরত সুলায়মান (আ)-এর পর য়াহূদীদের বারোটি গোষ্ঠীর মধ্য থেকে দশটি গোষ্ঠীরই বাদশারূপে স্বীকৃতি লাভ করে । অতঃপর সে আল্লাহ প্রদত্ত ধর্মকে পরিত্যাগ করে পৌত্তলিকতার প্রচলন করে । হযরত সুলায়মান (আ)-এর পুত্র এবং তাঁর মনোনীত ব্যক্তি শুধুমাত্র দু'টি গোষ্ঠীর বাদশাহরূপে সিংহাসনে আরোহণ করেন । বাদশাহ ইয়ারুবাম অধিকৃত অঞ্চলসমূহের ধর্মগ্রন্থে হযরত সুলায়মান (আ) এবং তাঁর পিতা প্রমুখের অবস্থাদি কিরূপ বিকৃত করে লিপিবদ্ধ করা যেতে পারে এবার তা চিন্তা করে দেখুন ।
এবার কুরআন মজীদ য়াহুদীদের জন্য আল্লাহ প্রদত্ত একটি বিরাট অবদান হিসাবে পরিলক্ষিত হলো । তারা এর আলোকে তাদের নবীদের চরিত্র এবং আচার-আচরণকে মানব সৃষ্ট কালিমা থেকে মুক্ত করে আদি ও আসলরূপে পুনরায় কিতাবে লিপিবদ্ধ করলো । গত কয়েক শতাব্দী ধরে প্রকৃতিও কুরআনকে বারবার সাহায্য করেছে । বিভিন্ন স্থান থেকে তাওরীতের বিভিন্ন লিপিবদ্ধ অংশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক যুগের লিপিবদ্ধ গ্রন্থের সাথে পরবর্তী যুগের গ্রন্থের তুলনামূলক বিচারে তাতে সংযোজিত অনেক ভুলভ্রান্তি এবং পরিবর্তন ও পরিবর্ধন লোক চোখে ধরা পড়েছে ।
দ্বিতীয় মহাযুদ্ধকালীন সময়ে য়াহুদীরা কয়েকজন আরব বেদুঈনের সৌজন্যে একটি পুরাতন ধ্বংসাবশেষ থেকে বর্তমান কাল পর্যন্ত প্রাপ্ত তাওরীত সমূহের সর্বাধিক প্রাচীন কপিটি সংরক্ষিত অবস্থায় উদ্ধার করে । এটা খ্রীস্টীয় সনের সূচনাকালে কিংবা তার নিকটবর্তী কোন এক সময়ে লেখা হয়েছিল । এই কপিটির প্রথম পাঠকালেই বর্তমানকালে প্রচলিত তাওরীতের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সংশোধন করতে হয় । বিশ্বস্ততার সাথে এটা সম্পাদনা করলে পূর্ববর্তী নবীদের উপর আরোপিত আরো অনেক কলংকই অনায়াসে বিদূরিত হয়ে যাবে । য়াহূদীদের আভ্যন্তরীণ কোন্দল, জেনে শুনে সত্যকে অস্বীকার প্রভৃতি কথা সূরা 'হুদ' এরপর সূরা হামীম সিজদায়ও (৪১ : ৪৫) উল্লেখ করা হয়েছে । আর সূরা শূরা (৪২ : ১৫) এবং সূরা জাসিয়াও য়াহূদী নবীদের প্রশংসা করা হয়েছে এবং য়াহুদীদের উপর আল্লাহ্ প্রদত্ত পুরস্কার এবং অবদানের কথা বারবার উল্লেখ করা হয়েছে । সূরা জাসিয়ায় তো বলা হয়েছে, 'আর নিশ্চয় আমি বনী ইসরাইলকে কিতাব, হিকমত (বিচারের জ্ঞান) ও নবুওত দিয়েছিলাম, তাদেরকে ভাল ভাল জিনিস খেতে দিয়েছিলাম, সমুদয় সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং তাদেরকে এসব (সত্য ধর্মের) বিষয়ে স্পষ্ট দলীল দিয়েছিলাম, কিন্তু তাদের কাছে জ্ঞান ভাণ্ডার আসার পরে তারাই নিজেদের মধ্যে শুধু পরস্পর হিংসাবশতঃ মতভেদ করেছে (৪৫ : ১৬) ।'
অতঃপর সূরা আহকা'ফ নাযিল হয় । তাতে 'এবং এর পূর্বে, মূসার কিতাবই মানুষের জন্য পথ প্রদর্শক ও করুণাস্বরূপ ছিল এবং এই কিতাব কুরআন সত্যতা ঘোষণাকারী'—বলে তাওরীতের প্রশংসা করা হয় এবং কুরআনকে তাওরীতের প্রতিদ্বন্দ্বী নয় বরং সাহায্যকারীরূপে সর্বসমক্ষে উপস্থাপন করা হয় । সূরা আম্বিয়া-যা এর কিছু পরে নাযিল হয়েছিল—তাতে তাওরীতকে 'আল-ফুরকান' এবং যিয়া (জ্যোতি) আখ্যা দেওয়া হয় ।
কুরআনের প্রচারমূলক প্রয়োজনেই উপরিউক্ত কাহিনীমূলক সূরাসমূহের পর বিশুদ্ধ আকায়িদমূলক সূরা 'গাশিয়া' নাযিল হয়, যাতে মানুষকে কিয়ামতের (শেষ বিচারের) ভয় দেখানো হয় । অতঃপর পুনরায় কাহিনীমূলক (সূরা কাহফ) নাযিল হয় ।
প্রবাদবাক্য, গল্প কাহিনী প্রভৃতির সাহায্যে উপস্থাপিত যুক্তির মধ্যে তীক্ষ্ণ ধার ও সৌন্দর্যের সৃষ্টি হয় সত্য, তবে এক্ষেত্রে একটি কথা স্মরণ রাখা উচিত যে, ঐ সমস্ত কাহিনীর গোলকধাঁধায় পতিত হওয়া, যেমন-কাহিনীতে বর্ণিত আসহাবে কাহফ কোন্ যুগের, তাদের সংখ্যা কত ছিল, তাদের নাম কি ছিল, তাদের গুহা কোথায় ছিল ইত্যাদি কুরআনের মূল লক্ষ্য তথা মানব জাতির পথ প্রদর্শনের ক্ষেত্রে কোন গুরুত্বই রাখে না তবে এক্ষেত্রে মানুষের জ্ঞান থেকে উপকৃত হওয়ার মধ্যে বাধার কিছু নেই ।
উপরোক্ত বর্ণনার প্রেক্ষিতে নিম্নে মূসা (আ) ও আবে হায়াত (যেখানে মাছ জীবিত হয়ে গিয়েছিল)-এর কাহিনীর উপর কিঞ্চিৎ আলোচনা করা হচ্ছে ।
একটি কথা জেনে রাখা উচিত যে, এ ধরনের কাহিনী বিভিন্ন সভ্যতার ঐতিহ্যগত বিবরণীর মধ্যে পাওয়া যায় । এটা মূসা (আ)-এর হাজার বছর পরের ঘটনা হলেও মহান আলেকজান্ডার এবং তার বাবুর্চিকেও এ ধরনের একটি কাহিনীর দিকে সম্পর্কিত করা হয়ে থাকে । তবে একটি কাহিনী যা ইরাকে কিছু সংখ্যক ইটের উপর লিখিত অবস্থায় একটি লাইব্রেরীতে পাওয়া গেছে এবং যা হযরত মূসা (আ)-এর চাইতেও প্রাচীন যুগের বলে স্বীকার করে নেওয়া হচ্ছে-তাতে গাল্ গামীশ্ নামীয় এক ব্যক্তিকে অবিকল এই ঘটনারই নায়ক বলা হয়েছে । উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, কুরআন মজীদে দু'জন পৃথক ব্যক্তিত্বের জন্য 'ইমরান' নাম ব্যবহার করা হয়েছে । এভাবে 'মূসা' নামও যদি দু'জন ব্যক্তির জন্য ব্যবহার করা হয় তবে তাতে কোন বাধা নেই । সূরা কাহফের মধ্যে মূসা (আ) এবং তার শিক্ষা-সফরের যে উল্লেখ করা হয়েছে তাতে বাহ্যত এটা বোঝা যায় না যে, তিনি অবশ্যই অবশ্যই মূসা বিন ইমরান (হযরত হারুনের ভাই) হবেন । যদি বলা হয় যে, এই মূসা দ্বারা গালগা মূসা ('মীশ' এর অপভ্রংশ)-কে বোঝানো হয়েছে, তাহলেও আপত্তির কিছুই থাকবে না । (গালগা মীশের আবে হায়াত এবং মাছের পুনরায় জীবিত হওয়ার বিস্তারিত কাহিনী জার্মান সাময়িকী তাসাইত শারীফত ফিউরা সেভরিয়া লোগী, ১৯১১-তে দেখুন) তাওরীতের মধ্যেও মাছ জীবিত হওয়ার কোন কাহিনী মূসার দিকে সম্পর্কিত করা হয়নি ।
মক্কী সূরাগুলো সম্পর্কে আর একটি জিনিসের উল্লেখ করে এখানেই আলোচনার ইতি টানছি । সূরা আন'আম (বর্তমান পাঠক্রম অনুযায়ী ৬ষ্ঠ এবং নুযূলক্রম অনুযায়ী ৫৫তম), অতঃপর সূরা নহল (পাঠক্রম অনুযায়ী ১৬শ এবং নুযূলক্রম অনুযায়ী ৭০তম)-এর মধ্যে য়াহূদীদের খাদ্য সম্পর্কিত বাধা-নিষেধের উল্লেখ আছে । প্রথমে উল্লেখিত সূরায় বলা হয়েছে, 'আর য়াহুদীদের জন্য আমি নিষিদ্ধ করেছিলাম সমুদয় নখযুক্ত জন্তু, আরো নিষিদ্ধ করেছিলাম গরু, ভেড়া ও ছাগলের চর্বি-যা তাদের পিঠে বা নাড়ীভুঁড়ির মধ্যে থাকে কিংবা যা হাড়ের সঙ্গে জড়িত আছে তৎসমুদয় ব্যতীত । আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম তাদের বিদ্রোহের কারণে; আমি অবশ্যই সত্যবাদী (৬ : ১৪৭)' এবং পরে উল্লেখিত সূরায় বলা হয়েছে "এবং আমি য়াহুদীদের উপর সেই জিনিস নিষিদ্ধ করেছিলাম, যা এর পূর্বে তোমার কাছে বর্ণনা করেছি । বস্তুত আমি তাদের উপর কোন অত্যাচার করিনি, বরং তারাই নিজেদের উপর অত্যাচার করেছে (১৬ : ১১৮) ।" এর দ্বারা অনুমিত হয় যে, যখন রসূলুল্লাহ্ (সা) ঐ সমস্ত অনাবশ্যকীয় বাধা-নিষেধকে রহিত ঘোষণা করেন [সে মুহাম্মদ (সা) তাদেরকে ভাল কাজের হুকুম দেয় এবং মন্দ কাজ হতে নিষেধ করে এবং তাদের জন্য পবিত্র জিনিসসমূহ বৈধ (হালাল) এবং অপবিত্র জিনিসসমূহ অবৈধ করে দেয় এবং তাদের উপর যে বোঝা ও বেড়িসমূহ ছিল তা নামিয়ে দেয় (৭ : ১৫৭) । তখন য়াহূদীরা রসূলুল্লাহ্ (সা)-কে ধিক্কার দিতে থাকে এবং তাঁর বিরুদ্ধে মক্কাবাসীদেরকে উত্তেজিত করতে থাকে । এমতাবস্থায় য়াহূদীদেরকে ধমকিয়ে দেওয়া সমীচীন মনে করা হয় । আর তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে, যে জিনিস প্রায়শ্চিত্ত স্বরূপ তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, প্রকৃতপক্ষে তা খারাপ জিনিস ছিল না । অতএব এই প্রেক্ষিতে নির্দোষ আরববাসী এবং মুসলমানদের জন্য আল্লাহ্-সৃষ্ট এই সমস্ত অবদানকে নিষিদ্ধ করার কোন কারণই থাকতে পারে না ।
সারসংক্ষেপ
মোটকথা, মক্কী যুগে রসূলুল্লাহ্ (সা) এবং য়াহূদীদের সম্পর্কের উপর বাইরের কোন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না । তবে কুরআনের বর্ণনার আভ্যন্তরীণ সাক্ষ্য দ্বারা উপরোক্ত সম্পর্কের যে বিবরণী উপরে পেশ করা হয়েছে তাতে এটা পরিষ্কার বোঝা যায় যে, ইসলাম এবং য়াহূদীদের মধ্যে মোটামুটি একটি সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল এবং দিন দিন তা ঘনিষ্ঠ হচ্ছিল । মাদানী সূরার একটি আয়াত (অবশ্য বাইরের সাক্ষ্য) দ্বারা এও স্বীকৃত হয়েছে যে, এই আয়াত (মক্কী) দ্বারা এবং মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের সময় নাজ্জাশীর নামে লিখিত এবং হযরত জাফর ত্বাইয়া (রা)-এর হস্তে প্রদত্ত রসূলুল্লাহ্ (সা)-এর চিঠির একটি কথা দ্বারা :
يا اهل الكتاب تعالوا الى كلمة سواء بيننا وبينكم ..... الآية
অর্থাৎ তুমি বলো, 'হে কিতাবিগণ, আসো সে কথায়, যা আমাদের ও তোমাদের মধ্যে একই, আমরা আল্লাহ্ ছাড়া কারো ইবাদত করি না, কোন কিছুতেই তাঁর শরীক করি না এবং আমাদের কেউ আল্লাহ্ ছাড়া কাউকেই প্রতিপালকরূপে গ্রহণ করে না ।' (৩ : ৬৪)
পরিষ্কার বোঝা যায় যে, মক্কী যুগেই য়াহূদী, খ্রীস্টান এবং সাধারণ আরববাসীদেরকে মিল্লাতে ইবরাহীমের পতাকাতলে একত্রিত করার ব্যাপক প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছিল এবং মদীনায় হিজরতের পর তা ব্যাপকতা লাভ করে । আগামীতে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ।
টিকাঃ
১. রামাসীস তার উপাধি ছিল । তবে সিসোতারস নামে তিনি বিখ্যাত ছিলেন । আনুমানিক খ্রীস্টপূর্ব ১৩৩০ অব্দে তিনি তাঁর পিতা সীতী (প্রথম)-এর স্থলাভিষিক্ত হন এবং খ্রীস্টপূর্ব ১২৬০ অব্দের কোন এক সময়ে পানিতে ডুবে মারা যান । তাঁর মমিকৃত লাশ ১৮৮১ খ্রীস্টাব্দে পাওয়া যায় ।
২. মুহম্মদ ও বিশ্বের পরিসমাপ্তি (ফরাসী ভাষায় লিখিত) ৪ কাসনোভা, পৃষ্ঠা ২৮ ; ইঞ্জীল : ইউহ্না ।
৩. কুরআনে (২০ : ৮০) এই শব্দ (অর্থাৎ 'হে বনী ইসরাঈল') রসূলুল্লাহর সম্বোধন হিসাবে নয় বরং ঘটনা বর্ণনা প্রসঙ্গে এসেছে ।
📄 হিজরত-উত্তরকালে ইয়াহুদীদের সাথে সম্পর্ক
মদীনার প্রাচীনতম নাম ছিল ত্বাবত । অতঃপর একে বলা হত তাইবা । খুব সম্ভব এই তাইবারই একটি পৃথক পল্লীর নাম ছিল ইয়াসরিব-যার অবস্থান উহুদ পাহাড়ের দক্ষিণ-পশ্চিমে ছিল বলে জানা যায় । ইয়াসরিবে প্রচুর পানি এবং খেজুর গাছ ছিল । মদীনাও মোটামুটি একটি প্রাচীন নাম । খুব সম্ভব এটা য়াহুদীদের একটি কেন্দ্র ছিল । অবশ্য ইসলামের যুগে এটা 'মদীনাতুন্ নবী' নামে সমগ্র আরবে খ্যাতি লাভ করে ।
মদীনায় য়াহূদীরা বেশ প্রাচীনকাল থেকেই বসবাস করে আসছিল । তারা আরবী ভাষা দ্বারা এতটা প্রভাবান্বিত হয়ে গিয়েছিল যে, তাদের নাম ধাম এবং গৃহস্থালী ভাষাও বিশুদ্ধ আরবীতে রূপান্তরিত হয়ে গিয়েছিল । তাদের গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থাও গড়ে উঠেছিল । তবে তাতে নিয়ম শৃঙখলা বিদ্যমান ছিল । 'বায়তুল মাদরাস' নামে তাদের একটি কেন্দ্র ছিল-যা একাধারে বিচারালয় এবং দারুল উফতা (ধর্মীয় বিধি-নিষেধ বর্ণনা কেন্দ্র) হিসেবে কাজ করত । য়াহূদীদের গোত্রভিত্তিক ধন-ভাণ্ডার ছিল । গোত্রের আকস্মিক প্রয়োজন মেটাবার জন্য চাঁদা আদায়ের মাধ্যমে ঐ ভাণ্ডারে ধন-সম্পদ সংগৃহীত হত । মদীনার য়াহূদীদের সামগ্রিক ইতিহাস এবং মদীনায় তাদের ক্ষমতাসীন থাকাকালে ইয়ামনের জনৈক 'তুব্বা' (শাসক) কর্তৃক মদীনা আক্রমণ সম্পর্কে আলোচনা-পর্যালোচনার স্থান এটা নয় (অবশ্য এ সম্পর্কিত উপাদান এবং তথ্যাদিও বড় একটা পাওয়া যায় না) ; তবে এ ক্ষেত্রে লক্ষণীয় যে, মদীনার দক্ষিণাঞ্চলের ওয়াদিউল আকীকে'র একটি পাহাড়ের উপর এখনো (১৩৬৬ হি : ) ইয়ামনী স্টাইলে লিখিত বেশ কিছু শিলালিপি পাওয়া যায়, যেগুলোতে শুধুমাত্র মানুষের নাম লিপিবদ্ধ করা হয়েছে । এই শিলালিপিগুলো কবেকার তা অবশ্য জানা যায় নি ।
রসূলুল্লাহ্ (সা)-এর মদীনা আগমনের পূর্বেই সেখানকার অধিবাসীরা দু'ভাগে বিভক্ত হয়ে পড়েছিল । একভাগ ছিল পৌত্তলিক আরব এবং অপর ভাগ ছিল য়াহূদী । ওদের মধ্যে আবার পারস্পরিক রেষারেষি ছিল । ফলে কিছুসংখ্যক আরব ও কিছু সংখ্যক য়াহূদী গোত্র একদিকে এবং অবশিষ্ট আরব ও অবশিষ্ট য়াহূদী গোত্রগুলো অন্যদিকে পরস্পর মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিল । এদের মধ্যে মাঝে মাঝে রক্তাক্ত যুদ্ধ সংঘটিত হয় । এ ধরনেরই শেষ যুদ্ধ 'ইয়াওমে বুআস' নামে খ্যাত । এই যুদ্ধ এত দীর্ঘায়িত ও ব্যাপকতর হয়ে পড়েছিল যে, তাতে মক্কাবাসীদেরকেও স্বপক্ষে টানার প্রচেষ্টা চলতে থাকে এবং এমনি প্রচেষ্টারত একদল প্রতিনিধি 'আকাবা নামক স্থানে রসূলুল্লাহ্ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করে ।
মদীনার কৃষি, শিল্প, বাণিজ্য সবকিছুর উপরই য়াহূদীদের প্রাধান্য ছিল । মদীনার আরবরা যে কারণেই ইসলামের দিকে ঝুঁকে পড়ুক না কেন, তাতে বাহ্যত য়াহূদীদের কোন আকর্ষণই ছিল না । তারা দৃঢ়ভাবে একটি প্রাচীন ধর্মের অনুসারী ছিল এবং তাতে তাদের ধর্মীয় ও পার্থিব চাহিদা মোটামুটিভাবে পূরণ হয়ে যাচ্ছিল । তাদের অর্থনৈতিক অবস্থাও প্রতিবেশীদের চাইতে ভাল ছিল । তাদের মধ্যে লেখাপড়ার প্রচলন ছিল-সর্বোপরি তারা একটি ঐশী গ্রন্থের অধিকারী ছিল । ফলে মানসিক দিক দিয়ে নিজেদেরকে নিরক্ষর আরবদের চাইতে শ্রেষ্ঠতর মনে করত ।
য়াহুদীদের ধর্মগ্রন্থে একজন শেষ নবীর আগমনের সুসংবাদ ও ভবিষ্যদ্বাণী ছিল, তবে আরবদের মধ্য থেকে সে নবীর আগমনের ব্যাপারে তাদের ধারণা কি ছিল তা বলা মুশকিল । অবশ্য এটা জানা যায় যে, রসূলুল্লাহ্ (সা)-এর আবির্ভাবকালে তারা অবশ্যই এ ধরনের একজন নবীর আগমন প্রতীক্ষায় ছিল, যেমন ইউরোপীয় ঐতিহাসিকরা আজ তা স্বীকার করতে শুরু করেছেন । অবশ্য য়াহূদীরা চাচ্ছিল যে, তাদেরই বংশে সেই নবীর আবির্ভাব হবে । 'তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশী আল্লাহভীরু'— কুরআনের এই সাধারণ নিয়মটি নিশ্চয়ই তাদের কাছে পছন্দনীয় ছিল না । কিন্তু রসূলুল্লাহ্ (সা)-এর মদীনায় আগমন এবং সেখানে মক্কার আশ্রয়প্রার্থী মুহাজিরদের পুনর্বাসনের কাজ সম্পন্ন করার পর য়াহূদীদের প্রতি মনোনিবেশ করা তাঁর জন্য ছিল অপরিহার্য । মক্কী জীবনের শেষ দিকেই তাওরীতের ভবিষ্যদ্বাণীর উপর কুরআন গুরুত্ব আরোপ করতে শুরু করেছিল । আর মাদানী জীবন শুরু হওয়ার পর তো য়াহূদীদের সাথে মদীনার অলিতে গলিতে রাতদিন মুসলামানদের দেখা-সাক্ষাৎ হচ্ছিলো । তা ছাড়া রাজনৈতিক ও আত্মরক্ষামূলক প্রয়োজনাদি পূরণ করা ততক্ষণ পর্যন্ত সম্ভব ছিল না, যতক্ষণ না মদীনার এই শতকরা ৫০ জন অধিবাসীর সাথে মুসলমানরা এক সন্তোষজনক সমঝোতায় পৌঁছে ।
সীরাতে ইবনে হিশামের ৫৪৫ পৃষ্ঠায় বনি কায়নুকার সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রসূলুল্লাহ্ (সা) সেই প্রাচীনতম পদ্ধতি গ্রহণ করেছিলেন বলে জানা যায় । তিনি তাদেরকে শপথ প্রদানের মাধ্যমে জিজ্ঞাসা করছিলেন, 'তাওরীতে কি আমার সম্পর্কে ভবিষ্যদ্বাণী নেই? যদি তোমরা শপথ করে বল যে, 'নেই' তাহলে তোমাদেরকে এ ব্যাপারে দোষারোপ করা হবে না ।' রসূলুল্লাহ্ (সা)-এর এই মর্মের একটি পত্রও পাওয়া যায়, যা তিনি খায়বরের য়াহূদীদের নামে লিখেছিলেন । ঐ পত্রে তাদেরকে আল্লাহর দানসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল এবং এই বলে তাদেরকে তাওরীতের ভবিষ্যদ্বাণীসমূহের উপর বিশ্বাস স্থাপনের আহ্বান জানানো হয়েছিল যে, যদি সত্যি সত্যি তাওরীতে আমার উল্লেখ না থাকে, তাহলে এ ব্যাপারে তোমাদের কাছে আমার বিশেষ কোন দাবি নেই । খুব সম্ভব এই পত্র সে যুগেরই এবং কোন বিশেষ বাহকের মাধ্যমে তা খায়বরে পাঠানো হয়েছিল । অবশ্য ঐ পত্রের কোন ফল পরিলক্ষিত হয়নি । বরং পর পর এমন সব ঘটনা ঘটতে থাকে যেগুলোর কারণে য়াহূদী-মুসলিম সম্পর্ক দিন দিন তিক্ততর হতে থাকে ।
মদীনার নগররাষ্ট্রের সাহীফা বা সংবিধান কখন রচনা এবং জারী করা হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি । তবে ঐতিহাসিকরা এ ব্যাপারে একমত যে, সর্বপ্রথম বনী কায়নুকা গোত্রই এই শাসনতন্ত্রের বরখেলাফ কাজ করেছিল । ঘটনার বিস্তারিত বিবরণী ইতিহাসে লিপিবদ্ধ নেই, তবে এতটুকু জানা যায় যে, তৃতীয় হিজরীর মাঝামাঝি সময়ে জাহিলিয়া যুগের কিছু বদ-অভ্যাসের কারণে ঐ য়াহূদীরা একজন মুসলিম মহিলাকে অপমান করে, যার প্রতিক্রিয়াস্বরূপ কিছু খুনাখুনি হয় । রসূলুল্লাহ্ (সা)-এর রাজনীতি এই ছিল যে, তিনি ইসলাম প্রচারকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতেন; তাই য়াহুদীরা প্রতিশ্রুতি ভঙ্গ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা সত্ত্বেও তিনি তাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণের আহ্বান জানান । রসূলুল্লাহ্ (সা)-এর ঐ আহ্বানের কি প্রত্যুত্তর তারা দিয়েছিল, তা জানা যায় নি । তবে ঘটনা শেষ পর্যন্ত এতদূর গিয়ে গড়ায় যে, মুসলমানরা তাদের মহল্লাকে ঘেরাও করে ফেলে এবং ১৫ দিন পর তারা শর্তহীনভাবে বশ্যতা স্বীকার করলে রসূলুল্লাহ্ (সা) তাদেরকে তিন দিনের মধ্যে নিরাপদে মদীনা ছেড়ে যাওয়ার অনুমতি দেন, তবে তাদের অস্ত্রশস্ত্র আটক করে ফেলা হয় । য়াহূদীদের মদীনা ত্যাগের ব্যাপারে দেখাশোনা করার জন্য, তাবারীর বর্ণনানুযায়ী রসূলুল্লাহ্ (সা) একজন বিশেষ সেনাপতি নিয়োগ করেন । য়াহূদীদের সংখ্যা সাত শ' ছিল বলে জানা যায় । কথিত আছে যে, ওরা শেষ পর্যন্ত ফিলিস্তিনে গিয়ে বসতি স্থাপন করে ।
এখানে দু'একটি কথার উল্লেখ প্রয়োজন । প্রথম কথা এই যে, পরবর্তী বছরগুলোতে মদীনায় বরাবরই বনী কায়নুকা' সম্প্রদায়ের য়াহূদীদের সন্ধান পাওয়া যায় (যেমন আগামীতে উল্লেখ করা হবে) । তাদের পুরো সম্প্রদায়কে দেশান্তরিত করা হয়েছিল, না সম্প্রদায়ের কিছু লোককে, তা অবশ্য জানা যায় নি । যদি তাদের পুরো সম্প্রদায়কে দেশান্তরিত করা হয়ে থাকে, তাহলে কি তাদের কিছুসংখ্যক লোককে ক্ষমা করে মদীনায় পুনরায় বসবাসের অনুমতি দেয়া হয়েছিল, যাতে তারা তাদের পেশা (স্বর্ণকারের কাজ) চালিয়ে যেতে পারে? এখানে বিশেষভাবে প্রণিধানযোগ্য, যেসব ঐতিহাসিক পরবর্তী সময়ে মদীনায় য়াহুদীরা ছিল বলে উল্লেখ করেছেন, তাঁদের মতে, বনী কায়নূকা সম্প্রদায়ের য়াহূদীরা উহুদ যুদ্ধে মুসলমানদের সাহায্য করেছিল (ইবনে সাদ) । ৫ম হিজরীতে যখন বনী কুরায়যা সম্প্রদায়ের সাথে মুসলমানদের যুদ্ধ হয়-তখনও তারা মুসলমানদের সাহায্য করেছিল (মাবসূত, সারাখসী) । ৭ম হিজরীতে খায়বর যুদ্ধেও তারা মুসলমানদের সাহায্য করেছিল এবং তার প্রতিদানে পুরস্কার লাভ করেছিল (সুনানে বায়হাকী) ।
অতএব ঐতিহাসিকরা বারবার ভুল করে উপরোক্ত তথ্য পরিবেশন করেছেন, তেমন কথা বলা যায় না । সারকথা এই যে, বনী কায়নুকা সম্প্রদায়ের য়াহূদীরা কৃষিজীবী নয় বরং কারিগর ছিল । মদীনায় যে জায়গায় তাদের বসতি ছিল সেটা আজ ধু-ধু প্রান্তর । ইতিহাসে 'সোকে বনী কায়নূকা'র (বনী কায়নুকা'র বাজার)-এর উল্লেখ পাওয়া যায় । খুব সম্ভব এরা কারিগরি কাজ ছাড়া ব্যবসা-বাণিজ্যও করত । আনসারের কোন কোন সম্প্রদায়ের সাথে 'বনী কায়নুকা' সম্প্রদায়ের মৈত্রীচুক্তি ছিল । পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পর আনসাররা ঐ মৈত্রীচুক্তি থেকে সরে আসে এবং পুরাপুরিভাবে রসূলুল্লাহ্ (সা)-এর পিছনে সারিবদ্ধ হয় । অবশ্য পূর্ববর্তী ঐ চুক্তির কারণেই তারা বনী কায়নূকা'র সাথে সদয় ব্যবহারের জন্য রসূলুল্লাহ্ (সা)-এর কাছে সুপারিশ করে । মুসলমান এবং বনী কায়নূকা'র মধ্যে সংঘটিত যুদ্ধে অন্যান্য য়াহূদী নিরপেক্ষ থাকে । এর দ্বারা বোঝা যায় যে, সামগ্রিকভাবে য়াহূদীদের সাথে রসূলুল্লাহ্ (সা)-এর কোন চুক্তি ছিল না বরং তিনি প্রত্যেকটি গোত্রের সাথে পৃথক পৃথকভাবে চুক্তি সম্পাদন করেছিলেন । মদীনা রাষ্ট্রের সংবিধানের চুক্তির মধ্যেও সামগ্রিকভাবে বনী কায়নূকা'র নাম নয় বরং পৃথক পৃথকভাবে তার প্রত্যেকটি শাখার নাম রয়েছে এবং এখন পর্যন্ত জানা যায়নি যে, ঐ চুক্তিতে উল্লেখিত সম্প্রদায়গুলোর মধ্যে কোন্ন্টি বনী কায়নুকা, কোন্টি বনী নযীর এবং কোন্টি বনী কুরায়যা গোত্রের অন্তর্ভুক্ত ছিল ।
য়াহূদীদের মধ্যে পরস্পর শত্রুতা যতই থাক না কেন, অন্যান্য সম্প্রদায়ের সাথে সংঘর্ষ দেখা দিলে তারা নিজেদের লোকদের পক্ষ অবলম্বন করত । অতএব বনী কায়নূকা গোত্রের মদীনা থেকে বিতাড়নের পর অবশিষ্ট য়াহূদীরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যদি মনে মনে ক্ষেপে গিয়ে থাকে, তাহলে তাতে বিষয়ের কিছু নেই । কিন্তু দু'বছর পর্যন্ত তাদের সম্পর্কে কোন উল্লেখযোগ্য ঘটনার সন্ধান পাওয়া যায় না । ধারণা করা হয় যে, রসূলুল্লাহ্ (সা) তাদের মধ্যে প্রচার কার্য চালিয়েছিলেন, সাধারণ মুসলমানদের সাথেও তাদের আলাপ আলোচনা ও তর্কবিতর্ক হয়েছিল এবং সামান্য কয়েকজন ছাড়া কোন য়াহূদীই শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি ।
হিজরতের পর অবতীর্ণ সূরাগুলোর মধ্যে সূরা বাকারাকেই সর্বপ্রথম সূরা মনে করা হয়, এর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত বনী ইসরাইলের কাহিনী রয়েছে এবং ঐ সমস্ত তর্কবিতর্কের উল্লেখ রয়েছে যা মুসলমান ও য়াহুদীদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল । য়াহুদীদের উপর একের পর এক আল্লাহর যে সমস্ত নিয়ামত এসেছিল, সূরা বাকারায় সেগুলো উল্লেখ করা হয়েছে । এই সূরার মধ্যে য়াহুদীদের মন জয়ের জন্য বিভিন্ন টেকনিক (কৌশল) অবলম্বন করা হয়েছে । একই সূরায় তাদের সম্পর্কে দু'দুবার পরিষ্কার ভাষায় স্বীকার করা হয়েছে, "আমি সমস্ত জগতের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন" (২ : ৪৭; ২ : ১২২) , তাদের ধর্মীয় গ্রন্থাদিতে রসূলুল্লাহ্ (সা)-এর আগমন সম্পর্কিত যে সমস্ত ভবিষ্যদ্বাণী রয়েছে, তা তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে, তাদের সকল নবীকে মুসলমানদেরও নবী বলে স্বীকার করে নেয়া হয়েছে, এমন কি এও বলা চলে যে, তাদেরকে এমন একটি বুনিয়াদী ধর্মের প্রতি আহ্বান জানানো হয়েছে, যার ভিত্তি সামান্য কয়েকটি বিশ্বাসের উপর স্থাপিত [যেমন বলা হয়েছে, "যারা ঈমান এনেছে, যারা য়াহূদী, নাসারা এবং সাবিয়ী-তাদের যে কেউ আল্লাহ্ ও আখিরাতে ঈমান আনবে এবং সৎকাজ করবে তাদের জন্য তাদের প্রভুর নিকট পুরস্কার রয়েছে । তাদের ভয়ের বা শোকের কোন কারণ নেই (২ : ৬২) " এবং "ঈমানদারগণ য়াহূদী, সাবিয়ীন এবং খ্রীস্টান যে কেহ আল্লাহ্ ও আখিরাতে ঈমান আনবে এবং সৎকাজ করবে তাদের কোন ভয় নেই এবং তারা কোন কষ্ট পাবে না (২ : ৬৯) ।" ] । কিন্তু য়াহূদীরা ইসলাম গ্রহণ করেনি । আর এত কিছু সত্ত্বেও দৃঢ়তার জীবন্ত মূর্তি রসূলুল্লাহ্ (সা) তাদের সম্পর্কে মোটেই নিরাশ হন নি ।
ইতিমধ্যে বায়তুল মুকাদ্দাসের পরিবর্তে মুসলমানরা কা'বাকে তাদের কিবলা করে নিয়েছিল । এর ফলেও মুসলমানদের প্রতি য়াহুদীদের বিদ্বেষ সৃষ্টি হয়ে থাকবে । বনী কায়নূকা'র ঘটনার কয়েক মাস পরই ওহ্রদ যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে মুসলমানরা কুরায়শদের হাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় । আর ইসলামী রাষ্ট্র শেষ হয় হয় পর্যায়ে পৌঁছেও যেন কোন মতে টিকে যায় । এ ব্যাপারে য়াহূদীদের অবদান কি ছিল তা বলা মুশকিল ; তবে ইবনে কাসীর এবং অন্যান্য ইতিহাসগ্রন্থ থেকে এটা অবশ্য জানা যায় যে, কাব বিন আল আশরাফ নামীয় জনৈক য়াহূদী (বনী নযীর গোত্রের সাথে যার মায়ের রক্ত-সম্পর্ক ছিল) গোপনীয়ভাবে কুরায়শদেরকে মুসলমানদের উপর আক্রমণ পরিচালনার আমন্ত্রণ জানাচ্ছিলো এবং এ ব্যাপারে তাদেরকে সাহায্য প্রদানের নিশ্চিত আশ্বাস দিচ্ছিলো । বনী কায়নূকা'র ঘটনার পর সুসংঘটিত ইসলামী গোয়েন্দা সংস্থা এ ঘটনাটি জানতে পারে এবং উক্ত ষড়যন্ত্র সম্পর্কে রসূলুল্লাহ্ (সা)-কে অবহিত করে । মুসলিম ঐতিহাসিকরা নিঃসংকোচে স্বীকার করেন যে, রসূলুল্লাহ্ (সা) প্রেরিত কিছুসংখ্যক গেরিলা যোদ্ধা ঐ বিশ্বাসঘাতককে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয় ।
কোটিপতি কা'ব বিন আল আশরাফ তার সীমাতিরিক্ত প্রেমাসক্তির জন্য সর্বত্র নিন্দিত ছিল । এই পথে সে তার ধন-সম্পদকে যেভাবে বিনা দ্বিধায় লুটিয়ে দিচ্ছিল, তাতে শুধু আরবরাই নয় বরং য়াহূদীরাও তার বিরুদ্ধে দারুণভাবে ক্ষেপে গিয়েছিল । ফলে দেখা যায়, তাকে হত্যার পর মদীনার য়াহূদী অধিবাসীদের মধ্যে কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় নি । কা'ব অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি প্রাসাদে বসবাস করত । মদীনার দক্ষিণে অবস্থিত ঐ প্রাসাদের ধ্বংসাবশেষ এখনো পর্যটকদের প্রভাবিত করে । ঐ প্রাসাদটি ছিল একটি দুর্গবিশেষ । অবরোধ-পরিস্থিতি দেখা দিলে তাতে পানির সুবন্দোবস্ত থাকত । শুধু একটি কূপই নয় বরং একটি বিরাট জলাধার, পাইপের সাহায্যে প্রাসাদের বিভিন্ন অংশে বিশুদ্ধ পানি সরবরাহ করত ।
মদীনা নগর-রাষ্ট্রের চুক্তির মধ্যে য়াহুদীদের সাথে প্রতিরক্ষা ছাড়াও সামাজিক বীমায় পরস্পর সহযোগিতার অঙ্গীকার ছিল । ওহুদ যুদ্ধের কয়েকমাস পর চতুর্থ হিজরীতে অনুরূপ একটি ঘটনা ঘটে । এদিকে যথারীতি য়াহূদীদের দৃষ্টি আকর্ষণ করার পর খোদ রসূলুল্লাহ্ (সা) কয়েকজন প্রাচীন সাহাবীসহ সংশ্লিষ্ট গোত্র অর্থাৎ বনী নযীরের বসতিতে গমন করেন এবং তাদেরকে প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত করে চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেন । তারা ইতস্তত করতে থাকে এবং রসূলুল্লাহকে অপেক্ষারত রাখে । রোদের তেজ প্রখর হতে থাকে এবং ঐতিহাসিকদের বর্ণনানুযায়ী রসূলুল্লাহ্ (সা) য়াহূদীদের একটি গাড়ীর ছায়ায় গিয়ে বসেন । তখন য়াহূদীরা কা'ব বিন আল আশরাফের হত্যা এবং অন্যান্য ব্যাপারে প্রতিশোধ গ্রহণের জন্য চাকা খুলে গাড়ীটি রসূলুল্লাহর উপর ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল বলে ঐতিহাসিকরা যে বর্ণনা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য বলে মনে হয় । কেননা মদীনা প্রভৃতি স্থানে য়াহূদীরা এ ধরনের আরো কিছু ঘটনা ঘটিয়েছিল বলে ইতিহাসে উল্লেখ আছে । যাহোক রসূলুল্লাহ্ (সা) তাদের উপরিউক্ত দুরভিসন্ধি আঁচ করতে পেরে এমনভাবে সেখান থেকে চলে আসেন যে, তিনি বিষয়টি বুঝতে পেরেছেন এমন সন্দেহও য়াহূদীদের হয়নি । প্রকৃতপক্ষে এটা মুসলমানদের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা ছাড়া কিছুই ছিল না ।
শীঘ্রই মুসলমানরা মদীনার দক্ষিণে অবস্থিত এবং ঘন খেজুর বাগান পরিবেষ্টিত বনী নযীরের বাসভূমি ঘেরাও করে ফেলেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর সামরিক প্রয়োজনে তাদের খেজুর বাগানের কিছু অংশ (কুরআনের বর্ণনা অনুযায়ী) কেটে পরিষ্কার করা হয়, শেষ পর্যন্ত য়াহূদীরা যখন বশ্যতা স্বীকার করে তখন তাদের সাথে যথেষ্ট সদ্ব্যবহার করা হয় । তাদের প্রত্যেক ব্যক্তিকে এক উট ভর্তি মাল সম্পদ সমেত মদীনা থেকে চলে যাওয়ার অনুমতি দেয়া হয় অবশ্য কোন অস্ত্র সাথে নেওয়ার অনুমতি দেয়া হয়নি । ঐতিহাসিকদের বর্ণনানুযায়ী এই অবস্থায়ও তারা বাহাদুরী ফলাতে থাকে এবং বাজনা বাজিয়ে গান গাইতে গাইতে এমনভাবে মদীনা ত্যাগ করে, যেন জয় তাদেরই হয়েছে । তারা বাসগৃহ ও বাগানসমূহ ছেড়ে যায় সত্যি, তবে ঘরের অস্থাবর জিনিসপত্রাদি, এমনকি দরজা ও চৌকাঠ পর্যন্ত সঙ্গে উঠিয়ে নিয়ে যেতে ভুলেনি । রসূলুল্লাহ্ (সা) তাঁর প্রদত্ত প্রতিশ্রুতি অত্যন্ত ঔদার্যের সাথে রক্ষা করেন এবং উপরিউক্ত যাবতীয় কার্যাদি-তাদের জন্য বৈধ রাখেন (তারীখে তাবারী, পৃষ্ঠা ১৪৫২) ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, মদীনা ত্যাগের নির্দেশ দেওয়ার পর বনী নযীরের লোকেরা রসূলুল্লাহর দৃষ্টি আকর্ষণ করে বলে যে, তারা স্থানীয় অধিবাসীদেরকে যে ঋণ দিয়েছিল তা এখনো অনাদায়ী রয়ে গেছে । রসূলুল্লাহ্ (সা) তখন বলেন, 'পরিমাণ কিছুটা হ্রাস করে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সমস্ত ঋণ আদায় করে নাও ।' (সারাসী, সিয়ারে কবীর : ২২) । শত্রু হওয়া সত্ত্বেও রসূলুল্লাহ্ (সা) তাদের ঋণ ফেরত পাওয়ার অধিকারকে এভাবে সংরক্ষণ করেন । আপোস চুক্তির মাধ্যমে তাদের অস্থাবর যে সমস্ত সম্পদ রসূলুল্লাহর অধিকারে আসে তা 'রাষ্ট্রীয় সম্পদ' বলে ঘোষণা করা হয় । রসূলূল্লাহ্ (সা) তা থেকে কিছু সম্পদ নিজের জরুরী প্রয়োজন মেটাবার জন্য রাখেন এবং বাকিটা আনসারদের অনুমতি নিয়ে মুহাজিরদের মধ্যে বন্টন করে দেন । তবে দু'জন গরীব আনসারকেও কিছু সম্পদ দেন এবং বনু নযীর সম্প্রদায়ের দু'জন নওমুসলিমকেও তাদের সম্পদ ফিরিয়ে দেন (তাবারী, পৃষ্ঠা ১৪৫৩) ইমাম বুখারী (র) কিতাবুল বয়ু'তে এই মর্মে একটি হাদীস উদ্ধৃত করেছেন যে, 'য়াহূদীরা দেশ ত্যাগ করার সময় রসূলুল্লাহ্ (সা) তাদেরকে তাদের ভূসম্পত্তি বিক্রি করে যাওয়ার অনুমতি দিয়েছিলেন ।' কিন্তু এ ঘটনাটি ইমাম বুখারী বিস্তারিতভাবে লিখেন নি, তাই এটা কবেকার ঘটনা তা নিশ্চয় করে বলা মুশকিল ।
ইতিহাসের একটি বিবরণ অনুযায়ী বন্ নযীরকে ঘেরাও করার সময় ইসলামী বাহিনী এমন এক জায়গায় অবস্থান নেয়, যা বনু নযীর ও বনু কুরায়যা বসতির ঠিক মাঝখানে ছিল । বনু কুরায়যা গোত্রের গোপন সামরিক সাহায্য বন্ধ করার জন্যই যে অনুরূপ করা হয়েছিল, তা পরিষ্কার বোঝা যায় । ঘটনাটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ইসলামী বাহিনীর অবস্থানস্থলের, যেখানে রসূলুল্লাহ্ (সা)-এর তাঁবু ছিল সেখানে 'মসজিদে ফযীহ' নামে একটি মসজিদ তৈরী করা হয়, যা এখনো বিদ্যমান আছে । তীরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য রসূলুল্লাহর ঐ তাঁবুটি কাঠ দিয়ে তৈরী করা হয়েছিল (সীরাতে শামিয়াহ) ।
এই ধারণা করা বিবেকসম্মত যে, ইসলাম ও য়াহূদীদের মধ্যকার সম্পর্ক তখন অনেক তিক্ত হয়ে উঠেছিল এবং ইসলাম বিস্তারের প্রচেষ্টাকে বানচাল করার জন্য য়াহূদীরা সভ্যতা ও সৌজন্য বিবর্জিত কার্যকলাপ শুরু করে দিয়েছিল । মসজিদে নবভীতে প্রদত্ত রসূলুল্লাহ্ (সা)-এর ভাষণসমূহের প্রতি উষ্মা প্রকাশ, রসূলুল্লাহকে 'আস্সালামু আলাইকুম' (তোমার উপর শান্তি বর্ষিত হোক)-এর পরিবর্তে 'আসামু আলাইকুম' (তোমার মৃত্যু হোক) বলা এবং বিভিন্ন ধর্মীয় কাজকে উপলক্ষ করে ঠাট্টা-তামাশা করা যেন য়াহূদীদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল । তাদের এসব আচার-আচরণের নিন্দা করে কুরআনের আয়াত নাযিল হয়েছে, (যেমন, "হে মুমিনগণ, তোমাদের পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাস করে ও তামাশা মনে করে, তোমরা তাদেরকে ও কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না । বরং তোমরা আল্লাহকে ভয় কর, যদি তোমরা মুমিন হও । যখন তোমরা নামাযের জন্য আহ্হ্বান কর তখনো তারা হাসি-ঠাট্টা করে, কেননা তাদের কোন বুদ্ধি নেই"—৫ : ৫৭-৫৯) । রসূলুল্লাহ্ (সা) যখন য়াহূদী ব্যবসায়ীদের কাছ থেকে ধারে খাদ্য কিনতেন তখনো তাদের কিছুসংখ্যক দুরাচারী রসূলুল্লাহ্ (সা)-কে খারাপ কথাবার্তা বলত । কিন্তু সর্বাবস্থায় রসূলুল্লাহ্ (সা)-এর আচরণ ছিল সুন্দরতম এবং আদর্শস্থানীয় । জনৈক সাহাবী 'আসামু আলাইকুম' (তোমার উপর মৃত্যু বর্ষিত হোক)-এর প্রতি রসূলুল্লাহ্ (সা)-এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি ওদেরকেও উত্তরে 'ওয়া আলাইকুম' (তোমাদের উপরও অর্থাৎ তোমরা আমার উপর যে জিনিসটি বর্ষিত হতে কামনা করলে, আমিও তোমাদের উপর সে জিনিসটি বর্ষিত হবার কামনা করছি) । য়াহূদী খাদ্য ব্যবসায়ীর অসাদারচণের ঘটনা সম্পর্কে ঐতিহাসিকরা লিখেছেন যে, হযরত উমর (রা) তখন রাগে অনেকটা বেসামাল হয়ে পড়েন । কিন্তু রসূলুল্লাহ্ (সা) য়াহূদীকে তার প্রাপ্য ঋণের চাইতে কিছু বেশি অর্থ দিয়ে বিদায় করেন । যখন য়াহূদীরা ধর্মকে নিয়ে ঠাট্টা-তামাশা করত তখন তিনি নীরব থাকাটাকেই শ্রেয় মনে করতেন ।
অবশ্য কুরআন মজীদের নতুন নতুন অবতীর্ণ ওহীর মধ্যে য়াহূদী সম্পর্কিত উক্তিসমূহ ক্রমশ কঠিনতর হতে থাকে । একটি ধর্মীয় কিতাবের মধ্যে রদবদল করা (য়াহুদীদের মধ্যে কেউ কেউ আছে যারা কথা সমূহকে তাদের স্থান হতে বদল করে থাকে-৫ : ৪৬) , অর্থের জন্য অসত্য ও ধর্মবিরোধী ফতওয়া দিয়ে স্বধর্মীদের পথভ্রষ্ট করা ("অতএব সেই লোকদের জন্য কঠোর শাস্তি আছে যারা নিজ হাতে কিতাব লিখে তার বদলে কিছু মূল্য পাবার জন্য বলে, 'এটা আল্লাহর নিকট থেকে এসেছে, অতএব তাদের হাত যা লিখেছে, সেজন্য তারা কঠোর শাস্তি পাবে এবং তারা এর দ্বারা যা উপার্জন করে তার জন্যেও তারা দুঃখভোগ করবে ।"-২ : ৭৯) তাওরীতের নির্দেশাবলীকে পশ্চাতে ফেলে রাখা ("আর যখন আল্লাহর তরফ হতে তাদের মধ্যে এরূপ কোন রসূল এলো, যে তাদের সঙ্গে যা আছে তার সত্যতার সাক্ষ্য, তখনি কিতাবীদের একদল আল্লাহর কিতাবকে পিছন দিকে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না।"-২ : ১০১) , নিজেদের নবীদের পর্যন্ত হত্যা করা ("তারপর তারা অপমান ও দারিদ্র্যের দ্বারা জর্জরিত হলো এবং আল্লাহর গজবে পড়লো । এটা এজন্য যে, তারা আল্লাহর হুকুম মানত না এবং অযথা নবীদের হত্যা করত । এটা এজন্য যে তারা অবাধ্য হয়েছিল এবং পুনঃ পুনঃ সীমা লঙ্ঘন করেছিল"-২ : ৬১) ইত্যাদি অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয় । হযরত দাউদ (আ) ও হযরত ঈসা (আ)-এর মুখে তাদের উপর অভিশাপ বর্ষণ এবং এ ধরনের অন্যান্য বিষয়ের উল্লেখ করে যেন মুসলমানদেরকে এই মর্মে সান্ত্বনা দেওয়া হয় যে, এ জাতি (য়াহূদী) চিরদিনই এরূপ আচরণ করেছে, অতএব এদের ঈমান না আনার কারণে নিরাশ হওয়ার কোন হেতু নেই । কেননা এই পথভ্রষ্টতা ও আল্লাহদ্রোহিতার কারণেই যুগে যুগে এদের উপর অপমান এবং দারিদ্র্য নেমে এসেছে ।
কিন্তু ক্রমবর্ধমান এই রাজনৈতিক টানা-হেঁচড়া সত্ত্বেও য়াহূদীদের কোন ন্যায় এবং সত্যকে অস্বীকার করা হয়নি । বরং সর্বদা এবং শেষ পর্যন্ত এই বলা হতে থাকে যে, তাওরীত একটি পথ প্রদর্শক এবং আসমানী গ্রন্থ । এটাকে য়াহূদীদের পুরোপুরি অনুসরণ করা উচিত ("নিশ্চয় আমি নাযিল করেছি তাওরীত, যাতে রয়েছে হিদায়েত (পথ প্রদর্শন) ও নূর (আলো), যা দ্বারা বিচার করেছিল ঐ সকল নবী যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছিল এবং আল্লাহওয়ালা ও বিদ্বান ব্যক্তিরা । কেননা তারা আল্লাহর কিতাবের সংরক্ষণকারী নিযুক্ত হয়েছিল এবং তারা এটাকে মেনেছিল । অতএব (হে য়াহূদীগণ) মানুষকে ভয় না করে আমাকেই ভয় করো, আর অল্পমূল্যে আমার বাণীসমূহ বিক্রি করো না এবং আল্লাহ্ যা নাযিল করেছেন সে অনুযায়ী যারা বিচার না করে তারাই কাফির"-৫ : ৪৪) , "বলো হে কিতাবিগণ, তোমাদের কোন কাজ হবে না, যতক্ষণ না তোমরা তাওরীত ও ইঞ্জীলকে এবং তোমাদের প্রভুর পক্ষ হতে যা তোমাদের প্রতি নাযিল হয়েছে তা কায়েম (প্রতিষ্ঠা) না কর" (৫ : ৬৭) ] । য়াহূদী ও অন্যান্য কিতাবিদের যবেহ করা জন্তু, রান্না করা জিনিস এবং তাদের মেয়েদের বিবাহ করা মুসলমানদের জন্য বৈধ বলে ঘোষণা করা হয় [ "আজ তোমাদের জন্য বৈধ করা গেল সব পবিত্র জিনিস, আর কিতাবিদের খাদ্য তোমাদের জন্য এবং তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ, আর বিশ্বাসী সতীসাধ্বী ও পূর্বের কিতাবিদের সতী নারীরাও (তোমাদের জন্য বৈধ) , যখন তোমরা তাদের মুহর আদায় কর পবিত্র জীবন যাপনের জন্য প্রকাশ্য কুকর্ম বা গোপন প্রেমের জন্য নয়, আর যে ঈমানকে অস্বীকার করে, তার সমস্ত কাজ বৃথা যায় এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়"-(৫ : ৫) ] । কিন্তু দেশ ত্যাগের কারণে বনী নযীরের লোকেরা অত্যন্ত ব্যথিত হয় । তারা খায়বরে গিয়ে বসতি স্থাপন করে এবং সেখানকার নেতৃত্ব লাভ করে । সেখানে তারা তাদের যাবতীয় শক্তি শুধু প্রতিশোধ গ্রহণের প্রস্তুতিতেই নিয়োজিত করে । তাদের দূত একদিকে মক্কায় গিয়ে কুরায়শদেরকে মদীনা আক্রমণের জন্য প্ররোচিত করে এবং নিজেদের সাহায্যের আশ্বাস দেয় এবং অন্যদিকে গিতফান, ফাযারা প্রভৃতি লুটেরা গোত্রসমূহকে মদীনা আক্রমণ করে লুটপাট চালানোর জন্য প্রলোভিত করে । এতে কোন সন্দেহ নেই যে, খন্দক যুদ্ধে বিভিন্ন গোত্র কর্তৃক মদীনা ঘেরাও করার মূলে এই য়াহূদীদের প্রচেষ্টাই ছিল সর্ব প্রধান কারণ ।
মদীনার সাথে অর্থনৈতিক বয়কট এবং মদীনায় গমনকারী কাফেলাসমূহকে দুমাতুল জন্ন্দল প্রভৃতি স্থানে ভীতি প্রদর্শনেরও মূলে ছিল এই য়াহূদীদেরই কারসাজি । খন্দক যুদ্ধের ঘেরাওকালে মদীনায় অবস্থানকারী বনু কুরায়যার য়াহূদীরা হুয়াই বিন আখতব প্রমুখ নযীরী য়াহূদীদের প্ররোচনায় মুসলমানদের প্রবঞ্চিত করতে উদ্যত হয়েছিল এবং খন্দক যুদ্ধের পরও হতোদ্যম না হয়ে বরং আরো জোরেসোরে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল ।
পঞ্চম হিজরীর শাওয়াল মাসে কুরায়শ এবং অন্যান্য গোত্র মদীনা ঘেরাও করে । রসূলুল্লাহ্ (সা) পূর্বেই এ সম্পর্কে অবগত হতে পেরে তাদের প্রতিরোধ করার জন্য শহরের উন্মুক্ত অংশে পরিখা খননের ব্যবস্থা করেন । ঐতিহাসিকদের বর্ণনানুযায়ী ঐ সময় বনু কুরায়যার য়াহূদীরা মুসলমানদেরকে শাবল, গাঁথুনি, কোদাল প্রভৃতি দিয়ে সাহায্য করে (ওয়াকিদী) । এছাড়া তারা সক্রিয়ভাবে মুসলমানদের কোনরূপ সাহায্য করেছে বলে প্রমাণ পাওয়া যায় নি । বরং জানা যায় যে, তারা শেষ মুহূর্তে মুসলমানদের প্রবঞ্চিত করার প্রস্তুতি নেয় এবং ইতিপূর্বে মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তির অবসান হয়েছে বলে খোলাখুলিভাবে ঘোষণা করে । মুসলমান শিশু এবং মহিলারা যেসব সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছিল তারা তার আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এবং তাদের দুরভিসন্ধি চরিতার্থ করার সুযোগ খুঁজতে থাকে ।
মোটকথা, মুসলমানদের সফল কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টার ফলে য়াহূদীরা শত্রুদলের সাথে একাকার হয়ে যেতে পারেনি । তবে কুরায়শ ও অন্যান্য গোত্র যখন ঘেরাও উঠিয়ে মদীনা ত্যাগ করে, তখন আসে তাদের (য়াহূদীদের) বিশ্বাসভঙ্গের পরিণাম ভোগের পালা । মুসলমানরা তাদের বসতি ঘেরাও করে । এ ব্যাপারে শহরের অন্যান্য গোত্র-বিশেষ করে বনী কায়নূকা'র অবশিষ্ট য়াহূদীরা মুসলমানদের সাহায্য করে । অতএব বোঝা যায় যে, বনী কুরায়যার উপরিউক্ত অসদাচরণের ফলে শান্তিকামী য়াহূদীরাও তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছিল । দীর্ঘদিন পর বনী কুরায়যার লোকেরা অস্ত্র সমর্পণ করে এবং তাদের জন্য এটা অনুমোদন করা হয় যে, তাদের সাবেক আনসারী বন্ধু গোত্র তাদের সম্পর্কে যে সিদ্ধান্ত দেবে তা-ই কার্যকরী করা হবে ।
বনী নযীরের বন্ধু গোত্র তাদের প্রাণ রক্ষা করেছিল, কিন্তু বনী কুরায়যার অতীত কার্যকলাপের দরুন তাদের প্রতি তাদের বন্ধু গোত্র অত্যন্ত অসন্তুষ্ট হয়ে উঠে এবং পরিষ্কার সিদ্ধান্ত দেয় যে, বিজিত শত্রুর সাথে যেরূপ আচরণ করার কথা তাওরীতে আছে, এই বিজিত য়াহূদীদের সাথে সেরূপ আচরণই করা হবে । যুক্তিসংগত কারণেই হযরত মুহাম্মদ (সা)-এর পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া গত্যন্তর ছিল না । অগত্যা তিনি আদেশ দিলেন, প্রাপ্তবয়স্ক সকল পুরুষকে হত্যা করা হবে, স্ত্রীলোক ও শিশুদেরকে ক্রীতদাস বানানো হবে এবং তাদের যাবতীয় বিষয়-সম্পদকে মালে গনীমতে পরিণত করা হবে । স্ত্রীলোকদের হত্যা করা যায় না এজন্য যে, তারা যুদ্ধ করে না । অন্যথায় এই সংঘর্ষকালে জনৈকা য়াহূদী স্ত্রীলোক একটি গাড়ী থেকে কিছু চাকার পাট নীচের দিকে ফেলে দিয়েছিল, যার ফলে একজন মুসলমান সিপাহী শাহাদত লাভ করেন । এই সামরিক অপরাধের শাস্তিস্বরূপ ঐ স্ত্রীলোককেও মৃত্যুদণ্ড দেওয়া হয় (সীরাতে ইবনে হিশাম) । রাষ্ট্রের ভাগে মালে গনীমতের যে অংশ পড়ে তা থেকে ক্রীতদাসীদের নিলামে বিক্রি করে সে অর্থ দ্বারা সিরিয়া ও নজদের বাজারসমূহ থেকে অস্ত্রশস্ত্র ও ঘোড়া কেনা হয় (সীরাতে শামী) এবং ভূসম্পত্তি, ঘরবাড়ী, বাগান প্রভৃতি স্থাবর সম্পত্তি সাধারণ সৈন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয় (বালাযুরী) ।
এবার মদীনায় য়াহূদীর সংখ্যা অনেক কমে যায় । তাদের অসদাচরণের মাত্রাও হ্রাস পায় । ফলে ইসলামী রাষ্ট্রও তাদের প্রতি অত্যন্ত সদয় ব্যবহার করতে থাকে । তাদের দরিদ্র গোত্রগুলোর জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা নির্ধারণ করে দেয়া হয় । (বনী উরায়েদ গোত্র ছিল তাদের অন্যতম । মদীনায়, উহুদ পাহাড়ের পূর্বপ্রান্তে এখনো 'মসজিদে উরায়েদ' নামে তাদের বসতির অস্তিত্ব দৃষ্টিগোচর হয় ।) শহরের মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনার পুরাপুরি স্বাধীনতা ছিল, এমন কি, মসলা ধারে নেওয়ার কারণে এক য়াহূদীর কাছে রসূলুল্লাহ্ (সা) তাঁর বর্মটি বন্ধক রেখেছিলেন এবং সেই অবস্থায়ই তাঁর ওফাত হয় । রসূলুল্লাহ (সা) তাঁর য়াহূদী প্রতিবেশীদেরকে সম্মানের চোখে দেখতেন, তারা অসুস্থ হলে দেখতে যেতেন, তাদের জানাযার মিছিল যখন গলি অতিক্রম করত তখন তিনি উপবিষ্ট থাকলে মৃত্যুজনিত এই খোদায়ী কাণ্ডের সম্মানে দাঁড়িয়ে যেতেন ।
বনু কুরায়যার চরম পরিণামের কথা শুনে খায়বরের বনু নযীর প্রভৃতি গোত্র একেবারে অগ্নিশর্মা হয়ে উঠে । সারাসীর (শরহে সিয়ারে কবীর : ২০১) বর্ণনা অনুযায়ী তাদের এবং মক্কাবাসীদের মধ্যে এই মর্মে একটি চুক্তি হয় যে, মুসলমানরা প্রতিরোধমূলক অভিযানে মক্কার দিকে গেলে খায়বরবাসীরা এবং খায়বরের দিকে গেলে মক্কাবাসীরা সেনাবিহীন মদীনা আক্রমণ করে লুটপাট চালাবে । আর মুসলমানরা যদি কোন দিকে না গিয়ে মদীনায়ই অবস্থান করে, তাহলে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে আবার মদীনায় দ্বিতীয় খন্দকযুদ্ধের আয়োজন করা হবে ।
রসূলুল্লাহ্ (সা)-এর চরম কূটনৈতিক সাফল্যের পরিণামস্বরূপ যখন হুদায়বিয়া চুক্তি সম্পাদিত হয়, তখন খায়বর এবং মক্কার উপরিউক্ত চুক্তি বন্ধন আপনা আপনি শিথিল হয়ে পড়ে । খায়বর অভিযান পরিচালনাকালে কুরায়শরা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে—রসূলুল্লাহ্ (সা) সে সম্পর্কে আশ্বস্ত হওয়ার এক মাস পরই সপ্তম হিজরীর মুহাররমে খায়বর ঘেরাও করেন । ইবনে সা'দের বর্ণনানুযায়ী খায়বর অভিযানের প্রস্তুতি মদীনার য়াহূদীদের কাছে ছিল অসহ্যকর, কিন্তু মদীনায় বসবাস করে এ ব্যাপারে কিছু করার মত কোন ক্ষমতাই তাদের ছিল না । ইমাম আবু ইউসুফ (র) এর বর্ণনা অনুযায়ী বনু কায়নূকা' গোত্রের য়াহুদীরা খায়বর অভিযানে মুসলমানদের সাহায্য করেছিল এবং এর পুরস্কারস্বরূপ তাদেরকে মালে গনীমতের একটি অংশ দেওয়া হয়েছিল (তা'লীকে' সুনানে কুবরা : বায়হাকী : -এ বনু কায়নুকার এ সাহায্যকারীদের সংখ্যা দশ ছিল বলে উল্লেখ করা হয়েছে) । মোটকথা, পুরো সেনাবাহিনীকে মদীনায় রেখে তা থেকে মাত্র পনেরো শ' প্রাণ উৎসর্গকারীর একটি বাহিনী খায়বর অভিমুখে যাত্রা করে । খাযারা ও গিতফান ছিল খায়বরের বন্ধুগোত্র । পথিমধ্যে রসূলুল্লাহ্ (সা) তাদেরকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেন । তাদেরকে মদীনার খেজুর প্রদানের লোভও দেখানো হয় । কিন্তু কোন কাজ হয়নি । যখন তারা কিছুতেই সম্মত হলো না, তখন রসূলুল্লাহ্ (সা) সেনাবাহিনী পরিচালনার ক্ষেত্রে এমন একটি কৌশল অবলম্বন করেন যে, তাতে ঐ আরব গোত্রগুলো খায়বরবাসীদের সাহায্য করার পরিবর্তে নিজেদের বসতি এবং স্ত্রী-পুত্রদের নিয়েই ব্যস্ত থাকে এবং খায়বরের পুরো অভিযানে কোন উৎপাতই করতে পারে নি । "খায়বর বিজয়ের পর ঐ নির্লজ্জ লোভীরা রসূলুল্লাহ্ (সা)-এর কাছে খায়বরবাসীদের সাহায্য না করার পুরস্কার চাইতে এসেছিল, কিন্তু রসূলুল্লাহ্ (সা) তাদেরকে ধমকিয়ে বিদায় করে দেন (শামী) ।"
খায়বর অভিযান ছিল অত্যন্ত ভয়ানক । খায়বর অঞ্চলের মাটি ছিল উর্বর । সেখানে পানিরও প্রাচুর্য ছিল । এখনো সেখানে বিরাট খেজুর বাগান এবং য়াহূদী যুগের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন জলাশয় রয়েছে । খায়বরের টিলাভূমিতে ছিল সাতটি দুর্গ এবং পুরো বসতির আয়তন পঁচিশ বর্গ মাইলের কম ছিল না । 'হিনু মুরাহহাব' ছিল ঐ সমস্ত দুর্গের অন্যতম-যা পুরান কীর্তিতে পরিণত হওয়া সত্ত্বেও এখনো সউদী গভর্নরের বাসস্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে । ঐ দুর্গের জলাশয়গুলো এখনো ভাল অবস্থায় রয়েছে । হিসনে মুরাহহাব থেকে সম্পূর্ণ খায়বর শহর দেখা যায় ।
খায়বর এত ঐশ্বর্যপূর্ণ ও সমৃদ্ধিশালী শহর ছিল যে, জাহিলিয়া যুগে কুরায়শরা তাদের বিয়ে শাদীতে খায়বর থেকেই অলংকারাদি ভাড়া করে নিয়ে আসত । একবার এ ধরনের এক সেট অলংকার হারিয়ে গেলে তার ক্ষতিপূরণস্বরূপ কুরায়শকে দশ হাজার দীনার পরিশোধ করতে হয়েছিল (শরহে সিয়ারে কবীর) ।
যা হোক, ঐ দুর্গগুলো একটির পর একটি অধিকৃত হতে থাকে । কোন কোন দুর্গ অধিকারে স্থানীয় য়াহূদীরাও সাহায্য করেছিল । শামীর বর্ণনা অনুযায়ী রসূলুল্লাহ্ (সা)-কে 'হিনুয যুবায়ের' দুর্গের ভূগর্ভস্থ রাস্তার সন্ধান জনৈক য়াহূদীই দিয়েছিল, যার ফলে ঐ দুর্গটি সহজেই অধিকার করা সম্ভব হয় । ওয়াকিদীর বর্ণনা অনুযায়ী মুসলিম বাহিনী কর্তৃক পরিবেষ্টিত য়াহূদীরা দুর্গের উপর থেকে মুসলমানদের উপর 'মানজানিক' (পাথর নিক্ষেপণ যন্ত্র)-এর সাহায্যে পাথর নিক্ষেপ করছিল । মালে গনীমত হিসেবে প্রাপ্ত ঐ সমস্ত 'মানজানিক' মুসলমানরা পরবর্তী সময়ে তায়েফবাসী এবং অন্যান্য বিরোধী পক্ষের বিরুদ্ধে ব্যবহার করেছিল ।
দুর্গ ঘেরাওকালে জনৈক য়াহূদীর এক ক্রীতদাস (যে রাখাল ছিল) ইসলাম গ্রহণ করে । ইসলামী আইন অনুযায়ী সে সঙ্গে সঙ্গে দাসত্ব থেকে মুক্তি লাভ করে । কিন্তু রসূলুল্লাহ্ (সা) তাকে নির্দেশ দেন, যেন সে তার প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা না করে । সে অনুযায়ী ক্রীতদাসটি পশুপালটিকে তার প্রভুর দুর্গের সন্নিকটে হাঁকিয়ে নিয়ে যায় এবং দুর্গের দিকে ভড়কিয়ে দেয় । পশুগুলো চিরাচরিত অভ্যাস অনুযায়ী আপনা আপনি দুর্গের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং বিশ্বস্ত ক্রীতদাসটি সেখান থেকে ইসলামী ঘাঁটিতে ফিরে আসে ।
ভীষণ সংঘর্ষের পর শেষ পর্যন্ত সবগুলো দুর্গই আত্মসমর্পণ করে । তাদের সাথে এই চুক্তি হয় যে, তারা শুধু তাদের পরিধানের পোশাক এবং স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে খায়বর ছেড়ে যেখানে ইচ্ছা চলে যাবে । (বালাযুরী, পৃষ্ঠা ৩৩) ।
ঐ এলাকায় কোন মুসলমান বসতি ছিল না । তাই য়াহূদী বসতি তৎক্ষণাৎ উঠিয়ে দিলে সেখানকার বাগ-বাগিচা নষ্ট হয়ে যেত এবং ফসলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার দরুন দেশের খাদ্য চাহিদা পূরণের ক্ষেত্রে অসুবিধা দেখা দিত । উপরিউক্ত কারণে এবং য়াহূদীদের আবেদনের প্রেক্ষিতে রসূলুল্লাহ (সা) অনুমতি দেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত য়াহূদীরা খায়বরে বসবাস করবে এবং নিজ নিজ জমি থেকে যথারীতি উপকৃত হবে । তবে উৎপাদন আধা-আধি হিসাবে বন্টিত হবে ।
পরবর্তী বছরগুলোতে ইসলামী তহশীলদারের কর্মপদ্ধতি এই বন্টনের ব্যাপারে এত ন্যায়ভিত্তিক থাকে যে, য়াহূদীরা তা প্রত্যক্ষ করে অলক্ষ্যে চীৎকার দিয়ে উঠে : এই ন্যায়বিচারের কারণেই জমির উপর আসমান দাঁড়িয়ে আছে, ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে না ।
বন্টনের পর সরকার যে অংশ পেত তা থেকে রসূলুল্লাহ্ (সা) যেসব ভাতা নির্ধারণ করেছিলেন, তার দু'টি দলীল ইতিহাস সংরক্ষণ করেছে (ইবনে হিশাম, পৃষ্ঠা ৭৭৫) । ঐ দলীলের মধ্যে রসূলুল্লাহ্র সহধর্মিণিগণ, হযরত ফাতিমা (রা), হযরত আবূ বকর (রা), রসূলুল্লাহর কিছু সংখ্যক আত্মীয়স্বজন এবং অন্যান্য বেশ কয়েকজন স্ত্রী-পুরুষের নাম রয়েছে ।
আপসচুক্তির পর মুসলমান সৈন্যরা য়াহূদীদের বাগানসমূহের উপর ঝাঁপিয়ে পড়ে । য়াহূদীদের অভিযোগ পেয়ে রসূলুল্লাহ (সা) মুসলমান সৈন্যদেরকে কঠোর ভাষায় সতর্ক করে দেন এবং প্রতিশ্রুতিবদ্ধ য়াহূদীদের সম্পদ তাদের সম্মতি কিংবা তাদের ন্যায্য পাওনা পরিশোধ ছাড়া (শরহে সিয়ারে কবীর) গ্রহণ করা অবৈধ বলে ঘোষণা করেন । হযরত আলী (রা)-এর বর্ণনা অনুযায়ী ঐ সময়েই রসূলুল্লাহ্ (সা) মুসলমানদের জন্য মুতআ' (নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা) এবং গাধার মাংস ভক্ষণ নিষিদ্ধ করেছিলেন । মাকরীযির বর্ণনানুযায়ী মালে গনীমতের মধ্য থেকে তাওরীতের কপিসমূহ য়াহূদীদেরকে ফিরিয়ে দেওয়া হয় । সন্ধির পর পর জনৈকা য়াহূদী মহিলা রসূলুল্লাহ্ (সা)-কে নিমন্ত্রণ করে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগের চেষ্টা করে । কিন্তু সে স্বীকারোক্তি করায় শেষ পর্যন্ত রসূলুল্লাহ্ (সা) তাকে ক্ষমা করে দেন ।
চুক্তি অনুযায়ী অস্ত্রশস্ত্র এবং সোনারূপা বিজয়ীদের (মুসলমানদের) হাতে সোপর্দ করা অবশ্য কর্তব্য ছিল । কিন্তু বনূ নযীরের 'পৌর কোষাধ্যক্ষ'কে জিজ্ঞাসাবাদ করা হলে সে উত্তরে বললো যে, কোষাগারের যাবতীয় মালসম্পদ যুদ্ধে খরচ হয়ে গেছে । তখন রসূলুল্লাহ্ (সা) এই বলে বিষয়টি মিটমাট করে ফেলেন যে, যদি কোষাধ্যক্ষের কথা আগামীতে কখনো মিথ্যা বলে প্রমাণিত হয়, তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে । পরবর্তী সময়ে জনৈক স্থানীয় য়াহূদী, মুসলমানদের কাছে ফাঁস করে দেয় যে, একটি ধ্বংসস্তূপের কাছে কোন একটি লোক প্রায়ই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে । সঙ্গে সঙ্গে এ স্থানটি খনন করা হলে তা থেকে য়াহূদীর পৌর কোষাগারের মাল-সম্পদ বেরিয়ে আসে । এবার 'কানানা' নামীয় য়াহূদী কোষাধ্যক্ষকে তার মিথ্যাচারের জন্য প্রাণদণ্ড দেওয়া হয় এবং তার নব পরিণীতা বিধবা পত্নী (যার মধুচন্দ্রিমাও উদযাপিত হয়নি। -শরহে সিয়ারে কবীর) সুফিয়া (রা) রসূলুল্লাহর সহধর্মিণীদের অন্তর্ভুক্ত হন । শেষ পর্যন্ত হযরত সুফিয়া (রা)-এর কারণেই খায়বর-বাসীদের সাথে ইসলামী রাষ্ট্রের আচরণ বেশ সৌহার্দমূলক হয়ে উঠে । হযরত সুফিয়া (রা) নিজে ও ছিলেন তাঁর অমুসলিম আত্মীয়-স্বজনের প্রতি অত্যন্ত করুণাময়ী । এমনকি মৃত্যুকালে তিনি তাঁর সম্পত্তি এক য়াহূদী ভাইপোর জন্য অসীয়ত করে যান (যারকানী, ব-হাওয়ালা সীয়ারুস সাহাবীয়াত) । ইসলাম এই ধরনের দান খয়রাত এবং সৌজন্যমূলক আচরণের প্রতি উৎসাহই প্রদান করে থাকে ।
খায়বরের পার্শ্ববর্তী অঞ্চলসমূহে য়াহূদী বসতি ছিল প্রচুর । খায়বরের পরিণাম ঐ অঞ্চলবাসীদের মনেও দারুণ প্রভাব বিস্তার করে । ফলে 'বনূ আযরা'-র মত শক্তিশালী য়াহূদী সম্প্রদায়ও মুসলমানদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হয় । (মাবসূত আস্ সারাসী, ২৩শ খণ্ড, পৃষ্ঠা ২) ।
বালাযুরীর বর্ণনানুযায়ী (পৃষ্ঠা ৩৩-৩৫) খায়বর থেকে প্রত্যাবর্তনকালে রসূলুল্লাহ্ (সা) ওয়ালিদউল কু'রাবাসীদেরও আনুগত্য দাবি করেন । ফলে তাদের সাথে কিছুটা সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত তারা খায়বরবাসীদের অনুরূপ শর্তাদির উপর মুসলমানদের বশ্যতা স্বীকার করে । সেখানকার কিছু জমি (যা খুব সম্ভব পতিত ছিল। বালাযুরীর বর্ণনানুযায়ী 'হামযাতুল আযরী'কে জায়গীরস্বরূপ দান করা হয় । রসূলুল্লাহ্ (সা) আমর বিন সায়ীদ বিন আ'সকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন । মদীনামুখী পথে ফিদকও পড়ে । বালাযুরীর বর্ণনানুযায়ী রসূলুল্লাহ্ (সা) সেখানে একজন মুবাল্লিগ (ধর্ম প্রচারক) প্রেরণ করেন । কিন্তু সেখানকার লোক কোনরূপ যুদ্ধ-বিগ্রহ ছাড়াই রসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে হাযির হয়ে খায়বরবাসীদের অনুরূপ শর্তাদির উপর মূলসমানদের বশ্যতা স্বীকার করে । রসূলুল্লাহ্ (সা)-এর ফিদকের বাগানসমূহের আমদানীর ব্যয়খাত নির্দিষ্ট করে দেন । তা থেকে তিনি তাঁর এবং তাঁর পরিবার পরিজনের দৈনন্দিন জীবনের প্রয়োজনাদি মেটাতেন এবং যা অবশিষ্ট থাকত তা জনকল্যাণ-মূলক কাজে ব্যয়িত হত (ইবনে হিশাম, পৃষ্ঠা ৭৬৪) । সাফদীর বর্ণনানুযায়ী আল-হিকম বিন সায়ীদ বিন আল-আসকে ফিদক অঞ্চলের গভর্নর নিয়োগ করা হয়েছিল ।
বাহ্যত খায়বরবাসীদের পুরোপুরি আভ্যন্তরীণ স্বাধীনতা ছিল । তাই সেখানে কোন মুসলমান গভর্নর নিয়োগ করা হয় নি । এমন কি, একদা সেখানে জনৈক আনসার নিহত হলে রসূলুল্লাহ (সা) তার রক্তমূল্য পরিশোধ করার জন্য য়াহূদীদের কাছে পত্র লিখেন এবং তারা যখন শপথ করে বললো যে, এ কাজে য়াহূদীদের কোন হাত ছিল না তখন রসূলুল্লাহ (সা) তাদেরকে সে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মদীনার সরকারী কোষাগার থেকেই ঐ আনসারীর রক্তমূল্য পরিশোধ করে দেন (ইবনে হিশাম, পৃষ্ঠা ৭৭৮; মুয়াত্তা, ইমাম মালিক) ।
অষ্টম হিজরীতে মক্কা বিজিত হয় । সাথে সাথে তায়েফের পালা আসে । তায়েফে যথেষ্ট সংখ্যক য়াহূদী ছিল । কিন্তু ব্যবসা-বাণিজ্য এবং সূদী কারবার ছাড়া সেখানকার রাজনীতিতে তাদের বিশেষ কোন প্রভাব ছিল না । বালাযুরীর গ্রন্থে (পৃষ্ঠা ৫৬) য়াহূদীদের কথা আছে, কিন্তু চুক্তি সম্পাদনের ক্ষেত্রে তাদের বিশেষ কোন ভূমিকা ছিল বলে উল্লেখ নেই ।
নবম হিজরীতে তাবুকের বিরাট অভিযান পরিচালনা করা হয় । তাতে ৩০ হাজার মুসলমান অংশগ্রহণ করেছিলেন । রসূল জীবনের কোন অভিযানেই এত বড় জনসমাবেশ পরিলক্ষিত হয়নি । অতএব এটা পরিষ্কার যে, ঐ অভিযানকালে আশেপাশের ছোট ছোট বসতি সহজে এবং বিনা বাক্যব্যয়ে মুসলমানদের বশ্যতা স্বীকার করেছিল । জারবা, আযরাহ এবং মাক'নার বেশির ভাগই য়াহূদী বসতি ছিল বলে জানা যায় । জারবা এবং আযরাহের অধিবাসীরা মাথাপ্রতি বার্ষিক এক দীনার জিযিয়া প্রদানের ইচ্ছা ব্যক্ত করে এবং তাদেরকে সে শর্তেই ইসলামী রাষ্ট্রে আশ্রয় প্রদান করা হয় (ইবনে সা'দ) ।
তীমাবাসীরা কখন বশ্যতা স্বীকার করেছিল, তা সঠিক জানা যায়নি । বালাযুরী লিখেছেন, ওয়াদিউল কুরা'বাসীদের পরিণাম দেখে তীমাবাসীরা আপনা আপনি রসূলুল্লাহর আশ্রয় প্রার্থনা করে । তাদের সাথে সম্পাদিত চুক্তিতে জিযিয়ার উল্লেখ আছে । এতে অনুমিত হয় যে, এটাও তাবুক অভিযানের পাশাপাশি একটি ঘটনা । কেননা ঐ সময়েই সম্পাদিত চুক্তিসমূহে প্রধানত জিযিয়ার উল্লেখ পাওয়া যায় । সেখানকার গভর্নর ছিলেন ইয়াযিদ বিন সুফিয়ান-যিনি মক্কা বিজয়কালে (অষ্টম হিজরীতে) ইসলাম গ্রহণ করেছিলেন । যা হোক, যুদ্ধাভিযান ছাড়াই বশ্যতা স্বীকার করায় তাদেরকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হয় । তাদের সাথে সম্পাদিত চুক্তির বচন ইতিহাস সংরক্ষণ করেছে-যা আকারে সংক্ষিপ্ত হলেও অর্থ প্রকাশের ক্ষেত্রে অনন্য । চুক্তিটি ছিল নিম্নরূপ :
بسم الله الرحمن الرحيم هذا كتاب من محمد رسول الله لبنى عاديا أن لهم الذمة وعليهم الجزية ولا عداء ولا جلاء الليل مد والنهار شد وكتب خالد بن سعيد ( ابن سعد )
"করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে । আল্লাহর রসূল মুহাম্মদ (সা)-এর পক্ষ থেকে বনূ আদিয়া সম্প্রদায়ের জন্য এই চুক্তি লেখা হচ্ছে । আশ্রয় তাদের প্রাপ্য এবং জিযিয়া প্রদান তাদের দায়িত্ব । তাদের উপর জুলুম করা হবে না এবং তাদেরকে দেশ ছাড়াও করা হবে না । (এই চুক্তিকে) রাত দীর্ঘায়িত করবে এবং দিন করবে সুদৃঢ় । (এটাকে) খালিদ বিন সায়ীদ লিখে দিয়েছেন" (ইবনে সা'দ) ।
বনু আদিয়া এবং তীমার উল্লেখ থাকায় অনুমিত হয় যে, এটা ছিল সর্বজন পরিচিত য়াহূদী সামওয়াল বিন আদিয়ার সম্প্রদায় । কেননা মাসউদীর মতে (আত্তানবীহ্ ওয়াল আশরাফ, পৃষ্ঠা ২৫৮) সামওয়াল তীমারই শাসক ছিলেন ।
মাক'নার ব্যাপারটি বেশ ঘোরালো । আকাবা উপসাগরের এই বন্দরটিও খুব সম্ভব য়াহূদী ঈসায়ী ঝগড়ার কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল এবং ইলাবাসী ঈসায়ীরা সেখানকার য়াহূদীদেরকে পাকড়াও করে তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল । ইলাবাসীদের সাথে যখন চুক্তি হলো তখন রসূলুল্লাহ (সা) নির্দেশ দেন, যেন মাক'নাবাসীদেরকে পাথেয় ও অন্যান্য আসবাব সামগ্রী দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয় (ইবনে সা'দ) । ধারণা করা হয় যে, য়াহূদীরা তাবুকে এসে রসূলুল্লাহকে সাহায্য সহায়তা প্রদান করতে শুরু করেছিল । খোদ মাক'নাবাসীদের সাথে সম্পাদিত চুক্তি অজ্ঞাতই রয়ে গেছে । তাদের সাথে কোন যুদ্ধ হয়েছিল বলে জানা যায়নি । এতদসত্ত্বেও ইবনে সা'দে যে চুক্তির উল্লেখ আছে সে অনুযায়ী তাদেরকে তাদের অস্ত্রশস্ত্র, ক্রীতদাস, গৃহপালিত পশু, বস্ত্র, খেজুর বাগানের শীতকালীন ফসল, ধৃত মৎস্যের এক-চতুর্থাংশ এবং মহিলাদের চরকা কাটা সূতার এক-চতুর্থাংশ ইসলামী রাষ্ট্রকে প্রদান করতে হবে । অবশ্য তাদেরকে জিযিয়া কর থেকে অব্যাহতি দেওয়া হবে । রসূলুল্লাহ (সা) তাদের অতীত অপরাধসমূহও মাফ করে দেন এবং শেষ পর্যন্ত তাদেরকে বেগারী এবং জবরদস্তিমূলক শ্রম থেকেও মুক্ত করে দেওয়া হয় । তাদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নেওয়া হয় যে, তাদের শাসক হয় তাদের মধ্য থেকে হবে, নয়ত রসূলুল্লাহর আহল থেকে । অতঃপর বালাযুরী তাঁর ইতিহাসগ্রন্থ 'ফুতুহুল বুলদান' রচনা করেন এবং ঐ চুক্তির মূল লিপিবদ্ধ বচনের, চোখে-দেখা যে বিবরণ দেন তাতে কিছুটা পরিবর্ধন ছিল । আর তা হচ্ছে, অতীতে সংঘটিত যাবতীয় হত্যাকাণ্ডের রক্তমূল্য থেকে তাদের অব্যাহতি দেওয়া হবে এবং তাদের বসতির অধিকারী হবে একমাত্র তারাই অথবা রসূলুল্লাহ (সা) কিংবা তার প্রেরিত প্রতিনিধি । অস্ত্র, বস্ত্র, ক্রীতদাস প্রভৃতি সমর্পণের ব্যাপারে একটি পরিবর্ধন হলো, 'হ্যাঁ, রসূলুল্লাহ্ (সা) কিংবা তাঁর প্রেরিত প্রতিনিধিই যদি এর মধ্য থেকে কিছু বাদ দেন (তাহলে তা দিতে হবে না) ।' আর তাদের বসতির নেতা তাদেরই মধ্য থেকে হবেন কিংবা 'আহলে বায়তে রসূলুল্লাহ্' (সা)-এর মধ্য থেকে । অবশেষে ঐ চুক্তির লেখকের নামও রয়েছে । আর তিনি হলেন আলী বিন আবূ তালিব । চুক্তি সম্পাদনের তারিখও রয়েছে । আর তা হলো নবম হিজরী । তারিখের ব্যাপারে একটি কথা প্রণিধানযোগ্য যে, সুবহুল আ'শা, কালকাশান্দী এবং আত্তারাতিবুল ইদারিয়াহ্, কাত্তানী-এর মধ্যে যদিও উল্লেখ করা হয়েছে যে, খোদ রসূলুল্লাহ্ (সা)-এর নির্দেশেই হিজরী সনের প্রবর্তন করা হয়েছিল, কিন্তু তাবারী এবং অন্যান্য ঐতিহাসিকের বর্ণনানুযায়ী এটা সর্বসম্মত যে, হযরত উমর (রা) ষোড়শ হিজরীতে হিজরী সনের প্রবর্তন করেছিলেন । অতএব উল্লেখিত চুক্তির মধ্যে হিজরীর উল্লেখ একটি খাপছাড়া কথারই নামান্তর । অনুমান করা যেতে পারে যে, উল্লেখিত চুক্তির এই বানোয়াট বচনই কালকাশান্দী প্রমুখকে প্রতারিত করেছিল, যার ফলে তারা হিজরী সন প্রবর্তনের ক্ষেত্রে একটি নতুন মতের জন্ম দেন ।
এই চুক্তির একটি তৃতীয় বর্ণনা মিসরীয় য়াহূদীদের একটি পাণ্ডুলিপিতে পাওয়া যায় । বর্ণনার ভাষা আরবী হলেও লিখন-রীতি ইবরানী । সে অনুযায়ী 'এই চুক্তি মাক'নার সাথে সাথে খায়বরবাসী এবং তাদের বংশধরদের ক্ষেত্রেও 'কিয়ামত পর্যন্ত প্রযোজ্য' । রসূলুল্লাহ্ (সা)-এর সাথে হযরত সুফিয়া (রা)-এর বিবাহ-বন্ধনই এই বিশেষ সুবিধা প্রদানের কারণ বলে উল্লেখ করা হয়েছে । কেননা হযরত সুফিয়া (রা) ছিলেন খায়বরেরই অধিবাসী এবং য়াহূদী বংশোদ্ভূত । এই চুক্তি অনুযায়ী অস্ত্র, ক্রীতদাস এবং মাল সম্পদ মুসলমানদের হাতে সমর্পণ করা হবে না বরং তা য়াহূদীদেরই অধিকারে থাকবে । উপরন্তু তাদেরকে সরকারী কর থেকেও অব্যাহতি দেওয়া হবে । তাছাড়া য়াহূদীদেরকে বিশেষ পোশাক পরিধান, বিশেষ রঙের কটিবেষ্টনী বাঁধা, সাথে অস্ত্র রাখা এবং অশ্বারোহনেরও অনুমতি দেওয়া হবে । তদুপরি তারা কোন মুসলমানকে হত্যা করলে তার ক্ষেত্রে সেই শাস্তিই প্রযোজ্য হবে, যা একজন মুসলমান হত্যাকারীর ক্ষেত্রে হয়ে থাকে । য়াহূদীদেরকে অন্যান্য সকল যিম্মীর উপর মর্যাদা প্রদান করা হবে । তারা মসজিদে প্রবেশ করতে পারবে এবং তাদের জানাযা শহরের রাজপথগুলোর উপর দিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পাবে । চুক্তির শেষে পঞ্চম হিজরী লেখা হয়েছে (অথচ নবম হিজরীতে মাক'না এবং সপ্তম হিজরীতে খায়বর বিজিত হয়েছিল) ।
নবম হিজরীতে সম্পাদিত মাক'না চুক্তি কম বেশি সেরকমই হওয়া উচিত, যেরকম জারবা ও আযরাহের ক্ষেত্রে হয়েছিল । কেননা মাকনার মত এসব স্থানের অধিবাসীরাও যুদ্ধ-বিগ্রহ ছাড়াই স্ব-ইচ্ছায় মুসলমানদের আনুগত্য স্বীকার করেছিল । প্রকৃত ঘটনা এই হয়ে থাকবে যে, মুসলিম রাষ্ট্রনায়করা যখন স্বেচ্ছাচারী হয়ে উঠেন এবং খলীফা মুতাওয়াক্কিল ও অন্যরা যখন অমুসলিম প্রজাদের উপর কিছু বাড়াবাড়ি করতে থাকেন তখন তাদের সে বাড়াবাড়ি থেকে রক্ষা পাওয়ার জন্য ঐ সমস্ত বানোয়াট দলীলসমূহ রচিত হয়, যা ইবনে সা'দ ও বালাযুরীর যুগে পাওয়া যায় ।
এই চুক্তিতে বস্ত্র ও অস্ত্র সমর্পণের যে কথা আছে-পাঠকদের নিশ্চয়ই স্মরণ থাকবে যে, খায়বর চুক্তিতে তার উল্লেখ ছিল । অতএব এই বানোয়াট চুক্তি রচনার সময় খায়বর এবং মাকনা চুক্তির কিছু কথা এবং কিছু শব্দ গ্রহণ করা হয় এবং সেই সাথে কিছু বাড়তি সুবিধা নিজেদের জন্য লিপিবদ্ধ করা হয়, যাতে খলীফা মুতাওয়াক্কিলকে এই বলে প্রভাবান্বিত করা যায় যে, খোদ রসূলুল্লাহ্র নির্দেশেই এই সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল । অতঃপর মিসরে যখন ফাতিমী খিলাফত প্রতিষ্ঠিত হলো (একদা মাক'না যাদের শাসনাধীন ছিল) এবং আল-হাকিম বিআমরিল্লাহ্ তাঁর এক ক্ষ্যাপামির যুগে যখন য়াহূদী ও অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের উপর সীমাহীন জুলুম অত্যাচার শুরু করেন তখন এই দ্বিতীয় চুক্তিটি তৈরী করে নেওয়া হয়, যা মিসরের য়াহূদী উপাসনালয় থেকে বেরিয়ে পড়ে । যাহোক এই বানোয়াট চুক্তির মাধ্যমে য়াহূদীরা এমন সব অধিকার আদায় করে নেয়, যা ফাতিমী যুগে না হলেও রসূলুল্লাহ্ (সা)-এর যুগে যেকোন য়াহূদী ভোগ করত । হার্শফিন্ড, লেশেঙ্কীর্ণ প্রমুখ য়াহূদী শিক্ষাবিদ সাম্প্রতিককালে এই বিষয়ের উপর প্রবন্ধ লিখেছেন এবং উক্ত চুক্তিপত্রকে আদি ও আসল প্রমাণের জন্য তাদের যাবতীয় শক্তি নিয়োজিত করেছেন । কিন্তু উপরিউক্ত কারণসমূহের প্রেক্ষিতে আমরা এই চুক্তিপত্রের যাবতীয় বচনকে বানোয়াট আখ্যা না দিয়ে পারছি না ।
বিজিত আহলে কিতাবদের কাছ থেকে জিযিয়া গ্রহণের কুরআনী নির্দেশ খুব সম্ভব এই নবম হিজরীতেই অবতীর্ণ হয়েছিল । বাহরাইনের ইরানী গভর্নর মুনযার বিন সাভা খুব সম্ভব ষষ্ঠ হিজরীতে মুসলমান হয়েছিলেন এবং রসূলুল্লাহ্ (সা) তাঁকে স্বপদেই বহাল রেখেছিলেন ।
মুনযারের নামে লিখিত রসূলুল্লাহ্ (সা)-এর একটি পত্র ইবনে তোলোন প্রভৃতিতে পাওয়া যায় । তাতে আছে 'যতক্ষণ পর্যন্ত তুমি ভালভাবে কাজ করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে পদ থেকে অপসারণ করা হবে না । যারা অগ্নি উপাসনা ও য়াহুদী ধর্ম ছাড়তে চায় না তাদের উপর জিযিয়া ধার্য করা হবে ।' সৌভাগ্যবশত বর্তমানে আসল পত্রটি পাওয়া গেছে । এই পত্র পেয়ে মুনযার রসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞাসা করেছিলেন 'বাহরাইনের য়াহূদীদের সাথে কিরূপ আচরণ করা হবে (ইবনে সা'দ) ?' এই জিজ্ঞাসার উত্তরে রসূলুল্লাহ্ (সা) যা বলেছিলেন তা হলো, 'ইসলাম প্রচার সত্ত্বেও যারা মুসলমান হবে না তাদের কাছ থেকে জিযিয়া হিসাবে বার্ষিক এক দীনার আদায় কর ।' [ ইমাম আবূ ইউসুফ (র) প্রমুখ থেকে এ উক্তিটি বর্ণিত আছে । ]
খুব সম্ভব নবম হিজরীতে এবং তাবুক যুদ্ধের কিছু পূর্বে এই পত্র লেখালেখি হয়েছিল, কেননা কিছুদিন পরই আবু হুরায়রা প্রমুখকে বাহরাইন পাঠানো হয়েছিল এবং মুনযারের কাছে সংগৃহীত জিযিয়া সমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল । এই সাথে অন্য একজন মুসলমান শাসককেও লেখা হয়েছিল, যেন তিনি স্থানীয় মুসলমানদের কাছ থেকে আদায়কৃত কর (বিশেষ করে যাকাত) আবূ হুরায়রা প্রমুখের হাতে মদীনায় পাঠিয়ে দেন । এসব অর্থ তাবুক অভিযানের প্রস্তুতিতে খরচ করা হয়েছিল ।
এরই কাছাকাছি সময়ে ইয়ামনের গভর্নরদের নামে রসূলুল্লাহ্ (সা) যে সমস্ত পত্র পাঠিয়েছেন তাতেও স্থানীয় য়াহূদীদের উপর জিযিয়া কর ধার্য করার নির্দেশ দেওয়া হয়েছিল । একটি পত্রের (যা ইবনে হিশাম প্রভৃতিতে আছে) বচন ছিল, 'যে সমস্ত য়াহূদী তাদের ধর্ম ছাড়তে চায় না তাদের উপর কোনরূপ জবরদস্তি করা হবে না, তবে তাদের উপর জিযিয়া ধার্য করা হবে ।'
পরিশিষ্ট
কুরআনী নির্দেশ অনুযায়ী রসূলুল্লাহ্ (সা)-এর যুগে য়াহুদী প্রজারা আইন ও বিচারের ক্ষেত্রে স্বায়ত্তশাসনের অধিকারী ছিল । তাদের দু'দলের মধ্যে কোন বিরোধ দেখা দিলে তাদের বিচারকরা তাদের আইন অনুযায়ী সে বিরোধের মীমাংসা করে দিতেন । অবশ্য এ অনুমতিও ছিল যে, তারা ইচ্ছা করলে তাদের মোকদ্দমা ইসলামী আদালতেও পেশ করতে পারবে । এ ধরনের কিছু মোকদ্দমা রসূলুল্লাহ্ (সা)-এর কাছে পেশ করা হয়েছিল এবং তিনি তাওরীত অনুযায়ী সে সমস্ত মোকদ্দমার রায় দিয়েছিলেন । উদাহরণ স্বরূপ বলা যায় যে, "একবার তাঁর কাছে একটি ব্যভিচারের মোকদ্দমা পেশ করা হয় এবং তাতে চারজন য়াহূদী সাক্ষ্য প্রদান করে । তখন রসূলুল্লাহ্ (সা) য়াহূদীদেরকেই জিজ্ঞাসা করেন, 'এ ব্যাপারে তোমাদের আইন কি?' তারা উত্তর দেয়, 'মুখে কালি মাখিয়ে ঘোরানো ।' রসূলুল্লাহ্ (সা) এতে আশ্বস্ত না হয়ে একখানি তাওরীত চেয়ে পাঠান এবং পড়িয়ে জানতে পারেন যে, অনুরূপ অপরাধের শাস্তি হচ্ছে প্রস্তর নিক্ষেপ । অতএব সে শাস্তিই কার্যকর করা হয় । (বুখারী, ইবনে হিশাম ইত্যাদি)
উল্লেখযোগ্য যে, আজকালও তাওরীত পাওয়া যায়, কিন্তু তাতে উপরিউক্ত শাস্তির উল্লেখ পাওয়া যায় না । কিন্তু ইনজীলের একটি কাহিনী এখানে পাওয়া যায় । আর তা হচ্ছে, "ব্যভিচারের অভিযোগে একটি স্ত্রীলোককে হযরত ঈসা (আ)-এর সামনে পেশ করা হয় এবং বলা হয় যে, তাওরীতের মধ্যে এর শাস্তি হচ্ছে প্রস্তর নিক্ষেপ । এখন আপনার রায় কি?..... ইত্যাদি ।" এর দ্বারা রসূল চরিত্র রচয়িতাদের বর্ণনার সত্যতা এবং তাওরীতের মধ্যে পরিবর্তন পরিবর্ধন হয়েছে বলে কুরআন যে দাবি করেছে তার যথার্থতা প্রমাণিত হয় ।
মদীনার একজন য়াহূদী জনৈক স্ত্রীলোককে পাথর দ্বারা পর পর কয়েকটি আঘাতে হত্যা করলে রসূলুল্লাহ্ (সা) তাওরীতের "কিসাস" আইন অনুযায়ী তাকে অনুরূপভাবে হত্যা করার নির্দেশ দেন (বুখারী, তাফসীরে তাবারী প্রভৃতি) ।
আরবী সাহিত্যে য়াহুদী জাতির অনেকেই বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত অথবা কুখ্যাত হয়ে আছে । প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে তাদেরই সামওয়াল বিন আদিয়া যেমন অপরিসীম খ্যাতি অর্জন করেছেন, তেমনি মিথ্যাচার ও প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষেত্রে তাদেরই আরকোব যারপর নাই কুখ্যাত হয়ে আছে । কুরআনেও তাদের সম্পর্কে বলা হয়েছে, 'তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যার কাছে বিপুল সম্পদ আমানত রাখলেও তা সে ফিরিয়ে দেবে, আবার এমন লোকও আছে যার কাছে একটি দীনারও আমানত রাখলে সে তা ফিরিয়ে দেবে না, যতক্ষণ না তুমি তার মাথার উপর দাঁড়িয়ে থাক' (৩ : ৭৫) । এভাবে কুরআনের বিভিন্ন জায়গায় য়াহূদীদের অবিশ্বস্ততা, নির্দয়তা, কাপুরুষতা প্রভৃতির বর্ণনা দেওয়া হয়েছে ।
য়াহূদীদের history সম্পর্কে কুরআনের একটি বিবরণ বিশেষভাবে প্রণিধানযোগ্য (দ্বিতীয় পারায় শেষাংশে দ্রষ্টব্য) । বলা হয়ে থাকে যে হযরত মূসা (আ)-এর ইন্তিকালের পর য়াহুদীদের মধ্যে একজন নবীর আবির্ভাব হলো । তখন সামরিক এবং রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে য়াহূদীদের বিশেষ কোন যোগ্যতা ছিল না । যা হোক তারা নবীর কাছে ইচ্ছা ব্যক্ত করলো যেন তিনি তাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দেন, যার নেতৃত্বে তারা আল্লাহ্ পথে যুদ্ধ করবে । কিন্তু নবী তাদের বুঝালেন, তোমরা যুদ্ধের নাম নেবে না । কেননা আল্লাহর পক্ষ থেকে যদি একবার যুদ্ধ ফরয হয়ে যায়, আর তখন তোমরা পৃষ্ঠপ্রদর্শন কর তাহলে এর পরিণতি হবে অত্যন্ত মারাত্মক । তারা বললো, 'আমরা পৃষ্ঠপ্রদর্শন করবো কেন? আমাদেরকে যে আমাদের ঘরবাড়ি ও সন্তান-সন্ততি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ।' অতঃপর শাওল নামক এক ব্যক্তিকে তাদের 'তালোত' বা বাদশাহ নিযুক্ত করা হলো এবং বলা হলো যে, সে আল্লাহর মনোনীত । য়াহূদীরা তখন আপত্তি করে উঠলো, 'এ যে গরীব ।' কিন্তু নবী বললেন, একে আল্লাহ্ প্রচুর জ্ঞান-বুদ্ধি ও দৈহিক শক্তি দিয়েছেন ইত্যাদি, ইত্যাদি ।
এই কাহিনীর মধ্যে ধর্মনীতি এবং রাজনীতিকে পৃথক করা হয়েছে এবং নবীর কাজ ও বাদশাহর কাজের মধ্যে মোটামুটি সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যদিও নবী এবং বাদশাহ উভয়ই আল্লাহর নির্দেশের অধীন । উপরন্তু ধর্মীয় এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই কারো চরিত্রকে কটাক্ষ করে কিছু বলতে বারণ করা হয়েছে । খুব সম্ভব এই জীবনদর্শন ইউরোপে ছড়িয়ে পড়েছে । ফলে কোন রাজনীতিক আল্লাহর হুকুমের স্থলে নিজের হুকুম জারী করলেও তাকে কটাক্ষ করে কিছু বলা হয় না এবং মনে করা হয় যে, এক ব্যক্তির দ্বারা ধর্ম ও রাষ্ট্র পরিচালনা সম্ভব না হলে দু'ব্যক্তির মধ্যে তা ভাগ করে দেওয়া হবে (ফলে একজন শুধু ধর্ম নিয়ে অন্যজন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে) ।
দু'হাজার বছর ধরে ঈসায়ীরা 'আল্লাহ্-দ্রোহিতার' অভিযোগে য়াহুদীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আসছে এবং গত চৌদ্দশ' বছর ধরে যতবারই তারা য়াহূদী নিধনযজ্ঞে মেতে উঠেছে, ততবারই ইসলামী রাষ্ট্র য়াহূদীদেরকে আশ্রয় দিয়ে এসেছে । কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো এতদসত্ত্বেও য়াহূদীরা ইসলাম বিরোধিতার ক্ষেত্রে ঈসায়ীদের প্রাণের দোসর । তাদের এ আচরণ শুধু আজ নয়, রসূলুল্লাহ্ (সা)-এর উপর ওহী নাযিলের সময়ও ছিল । তাই সূরা মায়িদায় (যা অবতীর্ণ হওয়ার দিক দিয়ে খুব সম্ভব শেষ সূরা) বলা হয়েছে :
"হে ঈমানদারগণ, তোমরা য়াহুদী ও খ্রীস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে সে হয়ে যায় তাদেরই একজন । নিশ্চয়ই আল্লাহ্ অত্যাচারীদের হিদায়েত করেন না ।" (৫ : ৫১)
এর কিছু দিন পর সূরা 'বারাআত' নাযিল হয়-যার মধ্যে অমুসলিম প্রজাদের সাথে আচরণের সাধারণ নিয়ম অর্থাৎ জিযিয়া ধার্য করার নির্দেশ দেওয়া হয় ।
মি. পিকথল তাঁর কুরআনের ইংরেজী অনুবাদের ভূমিকায় য়াহূদীদের মনোদর্শনের একটি সুন্দর নকশা এঁকেছেন, যেমন-
শেষ নবীর আগমন মুহূর্তে য়াহূদীদের এই ধারণা ছিল যে, তাঁর আগমনের মাধ্যমে তারা দুনিয়ার একটি শাসক সম্প্রদায়ে পরিণত হবে । কিন্তু যখন নবী এসে বংশ-গোত্রের সাম্য এবং "ইন্না আকরামাকুম 'ইনদাল্লাহি আতকাকুম" (নিশ্চয়ই সে ব্যক্তি সবচেয়ে বেশি অভিজাত যে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহভীরু ।) নীতি প্রতিষ্ঠা করলেন তখন তারা অসন্তুষ্ট ও নিরাশ হলো ।
টিকাঃ
১. মদীনায় সম্পাদিত চুক্তি অনুযায়ী য়াহুদীদের দায়িত্ব ও কর্তব্য ছিল যে, বহিরাক্রমণ প্রতিরোধে তারা মুসলমানদেরই সমপরিমাণ অংশ নেবে । কিন্তু ওহুদ যুদ্ধকালে য়াহুদীরা সাধারণভাবে কোন সাহায্য তো করেই নি বরং মুনাফিকদের তিন শ' সৈন্য। যারা পুরা ইসলামী সেনাবাহিনীর এক-তৃতীয়াংশ ছিল। সম্বলিত একটি বাহিনীকে ধোঁকা দিয়ে মুসলিম বাহিনীর মধ্যে ভীতি ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেছিল । ওদের মধ্যে কিছু য়াহূদীও থেকে থাকবে । সর্বোপরি ঐ বাহিনীর উপর য়াহূদীদের যে অসামান্য প্রভাব ছিল তা মোটেই অস্বীকার করা যায় না । খুব সম্ভব এই কারণে ইমাম যুহরীর মতে (ইবনে কাছীর দ্রষ্টব্য) : "ওহুদ যুদ্ধের সময় আনসাররা তাদের মিত্র সম্প্রদায় য়াহুদীদের সাহায্য গ্রহণের জন্য রসূলুল্লাহ্ (সা)-এর অনুমতি প্রার্থনা করলে তিনি বলেছিলেন, না তাদের সাহায্যের আমাদের দরকার নেই ।"
২. এক রাতে তো এমনও আশংকা হয়েছিল যে, ওরা সত্যি সত্যি মুসলমানদের উপর আক্রমণ করে বসবে । রসূলুল্লাহ্ (সা) তখন পাঁচ শ' সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন-যারা সারা রাত য়াহুদীদের বসতির আশেপাশে 'আল্লাহু আকবর' ধ্বনি দিতে থাকে, যার ফলে ওরা ভীতিগ্রস্ত হয়ে পড়ে (শামী) ।
৩. ইয়াকৃত ইবনে কাইয়িমও, এর উল্লেখ করেছেন । অতএব এটা তাদের পূর্বেই তৈরী করা হয়েছিল । ইবনে কাছীরও এর উপর পুস্তিকা লিখেছেন ।
৪. হার্শফিল্ড, য়াহূদী আরবে (জার্মান ভাষায় লিখিত) , পৃষ্ঠা ১১০৭ ।
৫. জুইশ কোয়াটারলি (লেওন থেকে প্রকাশিত) , ১৯০৩ ইং, পৃষ্ঠা ১৭৩ ।
৬. এটা মাওলানা মানাযির আহসানের গবেষণালব্ধ তথ্য । অন্যথায় সাধারণভাবে ধারণা করা হয় যে, আরকোব ছিল আমালিকা বংশোদ্ভূত ।