📘 বিপদ যখন নিয়ামাত 📄 অনুবাদকের কথা

📄 অনুবাদকের কথা


জীবনে চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত নানা বিপদ-আপদের সম্মুখীন হতে হয়। আর দ্বীন পালনের পথটা তো আরও বেশি বিপদসংকুল। বিপদের সময় সালাফদের ঈমান বেড়ে যেত, অথচ আমাদের ঈমান তখন নিভু নিভু হয়ে যায়। অনেকে তো সামান্য বিপদে পড়েই দ্বীন-পালনে বিতৃষ্ণ হয়ে যান, আল্লাহর ওপর তাওয়াক্কুল হারিয়ে ফেলেন, তাকদীরে বিশ্বাসের ভীত হয়ে পড়ে নড়বড়ে।

বিপদ বেশিরভাগ সময়ই আবির্ভূত হয় পরীক্ষারূপে। আমাদের একটু সতর্কতা বিপদরূপী সেই ঘন কালো মেঘকে রহমতের বারিধারায় পরিণত করতে সক্ষম। অন্যদিকে আমাদের সামান্য অসতর্কতার দরুন সেই বিপদ কালবৈশাখীর রূপ ধারণ করতে পারে, ধ্বংস করে দিতে পারে আমাদের দুনিয়া এবং আখিরাত। আর শাস্তিরূপী বিপদের আগমন তো নিঃসন্দেহে আমাদের জন্য নিয়ামাত। কেননা দুনিয়ার সামান্য কষ্টভোগ জাহান্নামের অসহনীয় শাস্তির পরিপূরক হয়ে যায়।

সর্বোপরি, আমাদের সম্পূর্ণ উম্মাহ-ই আজ বিপদের ঘোর অমানিশায় দিন কাটাচ্ছে। সাফল্যের সূর্যোদয় তখনই হবে, যখন আমরা সেই বিপদরূপী অন্ধকারের স্বরূপ অনুধাবন করতে পারব। এ বইয়ে সেই অন্ধকার কাটানোর জন্যে প্রয়োজনীয় কিছু দিনির্দেশনা দেওয়ার প্রয়াস চালানো হয়েছে, যাতে আমরা কঠিনতম বিপদের মুহূর্তেও অবিচল থাকতে পারি।

বিপদের বাস্তবতা, বিপদের পরিচয় ও ফযীলত এবং পরীক্ষার সময় অবিচল থাকার উপায়সমূহ এই বইয়ের প্রধান আলোচ্য-বিষয়। বিপদ এবং দুঃখ-দুর্দশার সময় কীভাবে একজন মুসলমান সঠিক দৃষ্টিভঙ্গি, উত্তম আচরণ এবং দৃঢ় মানসিকতার দ্বারা সবচেয়ে উত্তম পুরস্কার অর্জন করে নিতে পারে, তা কুরআন-সুন্নাহর আলোকে এখানে আলোচনা করা হয়েছে। এ বইয়ে যাদের রচনা অনূদিত হয়েছে তারা হচ্ছেন:

* শায়খ মূসা জিবরীল (আলেম ও খতিব, শায়খ আহমাদ বিন মূসা জিবরীলের পিতা)।
* শাওয়ানা এ আযীয (প্রতিষ্ঠাতা, কুরআন সুন্নাহ রিসার্চ অ্যাকাডেমি হায়দ্রাবাদ)।
* উস্তাদ আলি হাম্মুদা (আলেম, দ্বায়ী ও লেখক)।

উল্লেখ্য, অনুবাদের স্বার্থে অনেক সময়ই মূল লেখার সাথে পুরোপুরি সাদৃশ্য রাখা সম্ভব হয়নি। জটিল বক্তব্যকে বোধগম্য করার জন্য বেশিরভাগ সময়ই ভাবানুবাদের প্রয়োজন ছিল। তাই অনুবাদের ত্রুটিজনিত দায়ভার আমাদের। তা ছাড়া আল্লাহর কিতাব—আল কুরআনুল কারীম—ছাড়া আর কোনো গ্রন্থই ভুলের ঊর্ধ্বে নয়। তাই এই বইয়ের কোনো অসঙ্গতি নজরে এলে তা আমাদের জানিয়ে বাধিত করবেন। এ বইয়ের যা-কিছু ভালো, তা আল্লাহর তরফ থেকে। আর যা-কিছু মন্দ, তার দায়ভার আমাদের। আশা করি এ বই, আঁধার কাটিয়ে সামান্য হলেও আলোকবর্তিকার সন্ধান দেবে, হতাশাগ্রস্ত অন্তরে জ্বালবে আশার মশাল।

মুহাম্মাদ বিন আবদুল ফাত্তাহ বিনতে ইবরাহীম

ফন্ট সাইজ
15px
17px