📘 বিলাসিতা করবেন না > 📄 ৮. বিলাসিতা ইবাদতে অনাগ্রহী ও অলস করে তোলে

📄 ৮. বিলাসিতা ইবাদতে অনাগ্রহী ও অলস করে তোলে


বিলাসিতা বিলাসীকে ইবাদত-বন্দেগীতে অনাগ্রহী ও অলস করে তোলে। কারণ, বিলাসী চায় সর্বদাই আরাম-আয়েশ ও বিলাসব্যসনে লিপ্ত থাকতে। ফলে সে ইবাদত-বন্দেগী ও অন্যান্য নেকের কাজ করার মতো সময় বের করতে পারে না। সে কুরআনে কারীম তিলাওয়াতের সময় পায় না, দিনে রোযা রাখতে পারে না, রাতে সালাত পড়তে পারে না- ইত্যাদি কোনো ইবাদতই সে করতে পারে না।

📘 বিলাসিতা করবেন না > 📄 ৯. হারাম পন্থায় উপার্জনে আগ্রহী করে তোলে

📄 ৯. হারাম পন্থায় উপার্জনে আগ্রহী করে তোলে


যে ব্যক্তি আল্লাহ -কে ভয় করে না, সে কোথা থেকে সম্পদ আয় করে আর কোথায় তা ব্যয় করে- এ ব্যাপারে তার কোনো পরোয়াই থাকে না। বরং তার একটাই ইচ্ছা- সম্পদ বৃদ্ধি করা, চাই তা অবৈধ ও হারাম যা-ই হোক না কেন। এজন্য সে চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ, অন্যের সম্পদ আত্মসাৎ, হারাম দ্রব্য ক্রয়-বিক্রয়, এতিমের মাল ভক্ষণ কিংবা যেকোনো হারাম কর্ম- যেমন, জ্যোতিষগিরি, বেশ্যাবৃত্তি, গান-বাজনা ইত্যাদি উপায়ে সম্পদ উপার্জন করে থাকে। এমনকি সরকারি কোষাগার কিংবা জনগণের সম্পদ কুক্ষিগত করা, মানুষকে বিপদে ফেলে তাদের সম্পদ হাতিয়ে নেওয়া, বিনা প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করা ইত্যাদি যেকোনো উপায়ে অর্থ উপার্জন করে। অতঃপর সে ওই উপার্জন থেকে খায়, পরে, গাড়িতে চড়ে, বাড়ি-ঘর তৈরি করে এবং দামি দামি আসবাবপত্র দিয়ে সজ্জিত করে। এভাবে সে হারাম আর হারাম দিয়েই তার উদর পূর্তি করে। অথচ রাসূলুল্লাহ্ ইরশাদ করেছেন-
كُلُّ لَحْم نَبَتَ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَوْلَى بِهِ.
শরীরের যতটুকু গোশত হারাম থেকে উৎপন্ন হয়েছে, তা জাহান্নামের জন্যই সবচেয়ে বেশি উপযুক্ত। [তবরানী ফিল কাবীর : ১৯/১৩৬]

অচিরেই কেয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে- কোথা থেকে সে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে। সুতরাং, এ শ্রেণির লোকদের জন্য সেখানে [কেয়ামতের দিন হাশরের ময়দানে] শুধু ধ্বংস আর ধ্বংসই অপেক্ষা করছে。

অতএব, যার কাছে হারাম সম্পদ রয়ে গেছে, তার উচিত অনতিবিলম্বে তা থেকে নিজেকে মুক্ত করে নেওয়া। যদি মানুষের হক হয়, তবে যেন তার কাছে তা ফেরত দেওয়ার সাথে সাথে তার কাছ থেকে ক্ষমাও চেয়ে নেয়- ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো মানুষ কোনো টাকা-পয়সা নিয়ে আসবে না, আসবে শুধু নেক আমল আর বদ আমল নিয়ে。

📘 বিলাসিতা করবেন না > 📄 ১০. বিলাসিতা পুরো সমাজ ধ্বংস করে ছাড়ে

📄 ১০. বিলাসিতা পুরো সমাজ ধ্বংস করে ছাড়ে


বিলাসিতার কারণে পুরো সমাজ অলস হয়ে পড়ে। যে সমাজে বিলাসিতা ছড়িয়ে পড়ে, সে সমাজে উৎপাদনশীলতা থাকে না। সেখানে কৃষি উৎপাদনে ঘাটতি আসে, শিল্পোন্নয়নে ভাটা পড়ে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে, ইত্যাদি। কেননা, সে সমাজের সকলে সারাক্ষণ ব্যস্ত থাকে বিলাসী পণ্য অর্জনে; বিলাসী উপকরণ জোগাড়ে; ব্যস্ত থাকে এমনসব আমোদ-প্রমোদ ও বিনোদনে, যা একই সাথে সময় ও সুস্থতা উভয়ই ধ্বংস করে ছাড়ে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00