📄 দুই ব্যক্তির রূহ কবজ করতে মালাকুল মাউতের কষ্ট হয়েছে
লোকমুখে প্রসিদ্ধ- আল্লাহ মালাকুল মাউতকে জিজ্ঞেস করলেন, হে মালাকুল মাউত! বনী আদমের রূহ কবজ করতে কি তোমার কখনো কষ্ট হয়নি? মালাকুল মাউত উত্তরে বললেন, জী, দুই ব্যক্তির রূহ কবজ করতে আমার কষ্ট হয়েছে। এক. একবার জাহাজ ডুবে গেলে এক মহিলা কাষ্ঠখ- ধরে সমুদ্রে ভাসছিল। এমতাবস্থায় তার একটি ছেলে সন্তান প্রসব হয়। এমন সময় ঐ মহিলার মৃত্যুর সময় চলে আসে। তো ঐ সদ্যভূমিষ্ঠ শিশুর দিকে তাকিয়ে তার মায়ের জান কবজ করতে আমার খুব কষ্ট হযেছিল। দুই. শাদ্দাদের জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল; যখন সে তার দুনিয়ার জান্নাত বানায় এবং সেখানে প্রবেশ করার মুহূর্তে এক পা ভেতরে দেওয়ার সাথে সাথে আরেক পা বাইরে থাকা অবস্থায়ই তার মৃত্যুর পরওয়ানা চলে আসে আর আমি তার জান কবজ করে নিই।
আল্লাহ বললেন, ওহে মালাকুল মাউত! সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল সে শিশুটিই ছিল শাদ্দাদ!
কেউ কেউ কিসসাটিকে এভাবেও বলে- (সংক্ষেপে) ... জনমানবশূন্য মরুভূমির মধ্যে সদ্যভূমিষ্ঠ দুগ্ধপোষ্য শিশুর মায়ের জান কবজ করতে... এবং এক অশীতিপর বৃদ্ধ কামারকে তার লাঠির নিচের অংশে লোহা লাগিয়ে দিতে বলছিল, যাতে লাঠিটি অনেক বছর টেকসই হয়। এমতাবস্থায় বৃদ্ধের মৃত্যু চলে আসে আর আমি তার জান কবজ করি। তো এ কথা শুনে আল্লাহ বলেন, ঐ শিশু ও এই বৃদ্ধটি একই ব্যক্তি।
কেউ কেউ এভাবেও বলে, আল্লাহ মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, বনী আদমের রূহ কবজ করতে তোমার কখনো কান্না আসেনি? মালাকুল মাউত উত্তরে বললেন, হে আমার রব! বনী আদমের রূহ কবজ করতে গিয়ে আমি একবার কেঁদেছি, একবার হেসেছি এবং একবার ভীত-সন্ত্রস্ত হয়েছি। ... জনমানবশূন্য মরুভূমিতে সদ্যভূমিষ্ঠ শিশুর মায়ের জান কবজ করতে গিয়ে শিশুটির কান্না ও অসহায়ত্ব দেখে কেঁদেছি। আর ভয় পেয়েছি এক আলেমের জান কবজ করতে গিয়ে। আমি যখন তার জান কবজ করতে যাই তো তার কামরা থেকে এক নূর বের হয় তা দেখে আমি ভয় পেয়ে যাই। আল্লাহ বললেন, ঐ আলেমই হল মরুভূমির ঐ শিশু; তাকে আমি লালন-পালন করেছি।
(মালাকুল মাউত বলেন,) আর এক ব্যক্তি মুচির কাছে তার জুতা দিযে বলল, এটা এমনভাবে সেলাই করে দাও যাতে এক বছর পরতে পারি। সে ঐ জুতা পায়ে দেয়ার পূর্বেই তার জান কবজ করেছি আর হেসেছি- কয়েক মুহূর্ত তার হায়াত নেই আর সে এক বছরের জন্য জুতা ঠিক করছে। যাইহোক এগুলো সবই ভিত্তিহীন কিসসা-কাহিনী। কোনো নির্ভরযোগ্য সনদে তা বর্ণিত হয়নি।
- শাদ্দাদের বেহেশতের কাহিনীর কোনো ভিত্তি নেই, এর কোনো অস্তিত্ব নেই। (আলইসরাঈলিয়্যাত ওয়াল, মাউযূআত ফী কুতুবিত তাফসীর ২৮২-২৮৪)। তেমনি এই ঘটনায়ও আমরা শাদ্দাদের বেহেশতের আলোচনা দেখতে পাচ্ছি। সুতরাং তা কখনোই সত্য হতে পারে না।
এছাড়াও এ ঘটনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, শাদ্দাদের মত নাফরমানের জান কবজ করতে মালাকুল মাউতের কষ্ট হচ্ছে; সে তার আল্লাহদ্রোহিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চাচ্ছে এবং আল্লাহদ্রোহিতায় লিপ্ত রয়েছে অথচ মালাকুল মাউত তার জান কবজ করতে কষ্ট পাচ্ছেন। এটি এ ঘটনা বাতিল হওয়ার আরেকটি প্রমাণ। (আল-কাউসার:সংখ্যা: ০২: জুমাদাল উলা ১৪৩৮)
📄 আওজ ইবনে উনুক, নূহ আলাইহিস সালাম এবং বিসমিল্লাহর ঘটনা
বিসমিল্লাহর বরকত বিষয়ে মানুষের মুখে একটি কিসসা শোনা যায়- হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এক লোক ছিল। সে এত লম্বা ছিল যে, সাগরের তলদেশ থেকে মাছ ধরে সূর্যের কাছে নিয়ে সেদ্ধ করে খেত। আবার সে ছিল অনেক মোটা, কখনও পেট ভরে খেতে পারত না। কিস্তি বানানোর সময় নূহ আলাইহিস সালাম তাকে গাছ এনে দিতে বললেন।
তখন সে কিছু শর্ত দিল। ১. পেট ভরে খেতে দিতে হবে। ২. মন ভরে গোসল করতে দিতে হবে ইত্যাদি। নূহ আলাইহিস সালাম তার শর্ত মেনে নিলেন। সে দুই হাতে অনেক বড় বড় দুটি গাছ এনে দিল। তা দিয়ে নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। তখন সে বলল, আমার শর্ত পূরণ করুন। নূহ আলাইহিস সালাম তাকে দুইটি রুটি দিয়ে বললেন, 'বিসমিল্লাহ' বলে খাও। সে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করল। দেড়টা রুটি খেয়েই তার পেট ভরে গেল, সে আর খেতে পারল না। তারপর হাঁটু পানি দেখিয়ে বললেন, যাও বিসমিল্লাহ বলে এখানে গোসল করতে নামো। সে বিসমিল্লাহ বলে পানিতে নামতেই তার পুরো শরীর পানিতে ডুবে গেল।
এটি একটি অলীক কাহিনী, যা বলার অপেক্ষা রাখে না। না এমন কোনো ব্যক্তির বাস্তবে কোনো অস্তিত্ব ছিল, না এ ধরনের কিসসার সাথে নূহ আলাইহিস সালামের বা 'বিসমিল্লাহ'-এর ফযীলতের কোনো সম্পর্ক রয়েছে। উপরে উল্লেখিত বিশালদেহী লোকটি আউজ ইবনে উনুক নামে প্রসিদ্ধ। কেউ কেউ উস পালোয়ান বলে। তার কেন্দ্রিক লোকমুখে অনেক কাহিনী প্রসিদ্ধ আছে। সে নাকি তিন হাজার তিনশত তেত্রিশ হাত লম্বা ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবন নাকি তার হাঁটু পর্যন্তও পৌঁছেনি। সে সমুদ্রের তলদেশ থেকে বিশাল বিশাল মাছ ধরে সূর্যের কাছে নিয়ে সেদ্ধ করে খেত। আবার কেউ কেউ বলে, সে মূসা আলাইহিস সালামের যামানা পর্যন্ত হায়াত পেয়েছে। যাকেই মূসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত দিয়ে পাঠাতেন তাকেই ধরে পকেটে ভরে রাখত। একবার মূসা আলাইহিস সালাম তার উপর রুষ্ট হলেন। মূসা আলাইহিস সালাম ছিলেন দশ হাত লম্বা। তাঁর লাঠি ছিল দশ হাত। তিনি লাফ দিতে পারতেন দশ হাত। তো তিনি লাফ দিয়ে নিজ লাঠি দিয়ে তাকে আঘাত করলেন। তা গিয়ে লাগল তার হাঁটুতে। এর ফলে সেখান থেকে পচন ধরল এবং এক পর্যায়ে সে মারা গেল ইত্যাদি। আউজ ইবনে উনুক কেন্দ্রিক এ সব কিচ্ছা-ই অলীক ও ভিত্তিহীন। হাদীসশাস্ত্রবিদগণ এগুলোকে ভিত্তিহীন বলেছেন। ইবনে কাসীর রাহ. এগুলো উল্লেখ করার পর বলেন-
وهذا كذب وافتراء এগুলো মিথ্যা ও বানোয়াট কথা। -তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে সূরা মায়েদা, আয়াত ২০-২৬ দ্রষ্টব্য ইবনুল কায়্যিম রাহ. 'আলমানারুল মুনীফ' কিতাবে মূলনীতি আলোচনা করেন যে, কিছু বর্ণনা আছে, যেগুলোর ভিত্তিহীন হওয়ার উপর স্পষ্ট দলীল বিদ্যমান। এর উদাহরণ হিসেবে তিনি আউজ ইবনে উনুকের বর্ণনার কথা উল্লেখ করেন। -আলমানারুল মুনীফ, পৃ ৭৬ আরও দ্রষ্টব্য : কাশফুল খফা ২/৫১০; আলআসরারুল মারফুআহ ফিল আখবারিল মাউযূআহ, পৃ. ৪৪৭; আসনাল মাতালিব, পৃ. ৩৫২; আলইসরাঈলিয়্যাত ওয়াল মাউযূআত ফী কুতুবিত তাফাসীর, পৃ. ১৮৬
📄 স্ত্রীকে মাছ কাটতে দিয়ে গোসল করতে যায়
লোকমুখে শোনা যায়- এক ব্যক্তি মেরাজের ঘটনা অস্বীকার করল। একদিন সে স্ত্রীকে মাছ কাটতে দিয়ে নদীতে গোসল করতে যায়। ডুব দিয়ে উঠে দেখে সে মহিলা হয়ে গেছে। সেদিক দিয়ে যাচ্ছিল এক সওদাগর। সে তাকে দেখে বিবাহ করে। তাদের সন্তান-সন্ততি হয় এবং তারা বড় হয়ে যায়। পরবর্তীতে একদিন সে নদীতে গোসল করতে যায়। ডুব দেওয়ার পর দেখে আবার সে আগের পুরুষ ব্যক্তি হয়ে গেছে। তখন সে বাড়িতে ফিরে দেখে তার স্ত্রী এখনো মাছ কাটছে। স্ত্রীকে সব ঘটনা খুলে বলে এবং তার ভুল বুঝতে পারে। এভাবে তার মেরাজের ঘটনা বুঝে আসে।
এটি একটি অলীক কাহিনী, যা আরেক অসার কথার উপর ভিত্তি করে আবিষ্কার করা হয়েছে। তা হল, কিছু মানুষ মনে করে, মিরাজে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতাশ বছর অতিবাহিত হয়েছে। অর্থাৎ মিরাজে তো নবীজী গিয়েছেন এক রাতে, কিন্তু আল্লাহ তাআলা তখন সময় ও সৃষ্টিজগৎকে স্থির করে রেখেছেন। মাঝখান দিয়ে মেরাজে নবীজীর সাতাশ বছর সময় কেটে গেছে।
আবার এই সাতাশ বছর কেন্দ্রিক আরেক অলীক কাহিনীরও আবিষ্কার করা হয়েছে। সেটি হল, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় জিবরীল আমীন ও মালাকুল মাউত হাজির হল। তখন নবীজী মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, আপনি এত তাড়াতাড়ি কেন এলেন? আল্লাহ তো আমাকে নব্বই বছর হায়াত দিয়েছিলেন। তখন জিবরীল আমীন বললেন, আপনার জীবনের সাতাশ বছর তো মেরাজের রাতেই অতিবাহিত হয়ে গেছে!
তো আমরা দেখতে পাচ্ছি, একটি ভিত্তিহীন কথাকে প্রমাণ করার জন্য আরেকটি অলীক কাহিনীর আবিষ্কার করা হচ্ছে।
এসকল বর্ণনার কোনো ভিত্তি আমরা পাইনি। মেরাজের সহীহ ও নির্ভরযোগ্য রেওয়ায়েতগুলোর কোথাও বলা হয়নি যে, মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কত সময় অতিবাহিত হয়েছিল। কুরআন মজীদ এবং সহীহ ও নির্ভরযোগ্য হাদীসে বলা হয়েছে যে, এই ঘটনাটি রাতের কোনো একটি অংশে সংঘটিত হয়েছিল। তাতে পুরো রাত লেগেছিল নাকি রাতের কিছু অংশ, না চোখের পলকেই ঘটে গিয়েছিল তা সহীহ হাদীসে নেই। হাদীসে এই কথাও নেই যে, আল্লাহ তাআলা তখন সময় ও সৃষ্টিজগতকে স্থির রেখেছিলেন কি না।
অতএব মিরাজের ব্যাখ্যা-বিশ্লেষণ এবং তার রহস্য ও তাৎপর্য আলোচনার সময় এইসব অমূলক কথাবার্তার আশ্রয় নেওয়া খুবই নিন্দনীয় ও সর্বতোভাবে পরিত্যাজ্য। আল্লাহ তাআলার পরিষ্কার আদেশ-
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
'যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই এর পিছনে পড়ো না।' এরপরও শুধু অনুমান ও ধারণার উপর ভিত্তি করে বলা বড়ই অন্যায়। (আল-কাউসার:সংখ্যা: ০১: রবিউস সানি ১৪৩৮)
📄 সাপের পেটে করে ইবলিস জান্নাতে প্রবেশ করে এবং আদম-হাওয়া আ.- কে ধোঁকা দেয়
কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়- ইবলিস যখন আদম-হাওয়া আ.-কে ধোঁকা দেওয়ার ইচ্ছা করে তখন সাপের পেটে করে জান্নাতে প্রবেশ করে এবং আদম-হাওয়া আ.-কে ধোঁকা দেয়। ফলে সাপ অভিশপ্ত। কেউ কেউ এভাবেও বলে, ইবলিস জান্নাতে প্রবেশ করার জন্য সকল প্রাণীকে আবেদন করেছে, কেউ রাযি হয়নি। সাপ রাযি হয়; ইবলিস সাপের পেটে করে জান্নাতে প্রবেশ করে এবং আদম-হাওয়া আ.-কে ধোঁকা দেয়। ফলে আল্লাহ সাপকে অভিশপ্ত করেন। কেউ কেউ এটাও বলে, সাপ আগে চার পা বিশিষ্ট প্রাণী ছিল, এ অপরাধের কারণে আল্লাহ তাকে পা-বিহীন করে দিয়েছেন।
এ সবই ভিত্তিহীন কথা। শয়তান সাপের পেটে করে জান্নাতে প্রবেশ করা এবং এ কারণে অভিশপ্ত হওয়া এবং পা-বিহীন প্রাণী হয়ে যাওয়া ইত্যাদি কিসসা-কাহিনী ইসরাঈলী বর্ণনা-নির্ভর, যার গ্রহণযোগ্যতার কোনো প্রমাণ নেই। নির্ভরযোগ্য সূত্রে এ সকল কিসসা-কাহিনী পাওয়া যায় না। ফলে এগুলো বিশ্বাস করা যাবে না। -আলইসরাঈলিয়্যাত ওয়াল মাউযূআত ফী কুতুবিত তাফাসীর ১৭৮-১৮০; আলবাট্ট ওয়াত তারীখ, মুতাহহির ইবনে তাহের আলমাকদিসী ২/৯৫-৯৬