📘 ভুলে ভুলে জীবন পার > 📄 ওলী-বুযুর্গদের কবরকে কি কবর বলা যাবে না, মাযার বলতে হবে?

📄 ওলী-বুযুর্গদের কবরকে কি কবর বলা যাবে না, মাযার বলতে হবে?


কিছু মানুষের ধারণা, ওলী-বুযুর্গগণের কবরকে কবর বলা যাবে না; মাযার বলতে হবে। কবর বললে নাকি তাঁদের সাথে বেয়াদবি হবে। এটি একটি অমূলক কথা। কবর শব্দের অর্থ দাফনস্থল অর্থাৎ যে স্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। আর মাযার শব্দের অর্থ দুটি: যিয়ারত করা এবং যিয়ারত স্থল। তাই যে কোনো মুসলমানের দাফনস্থলকে যেমন কবর বলা যায় তেমনি যে কোনো মুসলমানের কবরকে আভিধানিক অর্থে মাযারও বলা যায়। কেননা, সকল মুসলমানের কবরই কমবেশি যিয়ারত করা হয়। বুযুর্গ, নেককার ও ওলীদের দাফনস্থলকে কবর বলা যাবে না- এমন কোনো বিধান শরীয়তে নেই। হাদীসে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীগণের দাফনস্থলকেও কবর বলা হয়েছে। এমনকি হাদীসে নবী-রাসূলগণের কবরকেও কবর শব্দেই উল্লেখ করা হয়েছে। সহীহ বুখারীতে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
مَسَاجِدَ أَنْبِيَائِهِمْ قُبُورًا تخَذُوا وَالنَّصَارَى اليَهُودِ عَلَى اللَّهِ لَعْنَةُ
ইহুদী ও নাসারাদের উপর আল্লাহর লা'নত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার স্থান বানিয়েছে। -সহীহ বুখারী, হাদীস ৪৩৫ এই হাদীসে নবীদের দাফনস্থলকে কবর বলা হয়েছে। অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজের ব্যাপারেই বলেন-
عِيدًا قَبْرِي تَجْعَلُوا لَا
আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানিও না। -সুনানে আবু দাউদ, হাদীস ২০৪২ সুতরাং বোঝা গেল, যত সম্মানিত ব্যক্তিই হোক তার দাফনস্থলকে কবর বলা দোষণীয় নয়। তাই ওলি-বুযুর্গগণের দাফনস্থলকেও কবর বলা যাবে। এতে বেয়াদবির কিছু নেই; বেয়াদবি তো তাঁদের শিক্ষার বিপরীতে তাঁদের কবরে সিজদা করা, ওরছ করা, মান্নত করা ইত্যাদি। (আল-কাউসার: সংখ্যা: ০১: রবিউস সানি ১৪৩৯)

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 ইবরাহীম আ. কি আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন?

📄 ইবরাহীম আ. কি আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন?


লোকমুখে প্রচলিত আছে, ইবরাহীম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন জিবরীল আলাইহিস সালাম এসে বললেন, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? তিনি বললেন, আপনার কাছে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তখন জিবরীল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন। তখন ইবরাহীম আলাইহিস সালাম বললেন, যিনি আমার অবস্থা জানেন তাঁর কাছে আমার প্রার্থনা করার প্রয়োজন নেই। তাঁর জানাটাই আমার জন্য যথেষ্ট।
এটি একটি ভিত্তিহীন কাহিনী। ইবনে তাইমিয়া রাহ. বলেন, এর নির্ভরযোগ্য কোনো সনদ নেই। এটি একটি ভিত্তিহীন কথা। বরং ইবনে আব্বাস রা. থেকে সহীহ বর্ণনায় (সহীহ বুখারী, হাদীস ৪৫৬৪) এসেছে, ইবরাহীম আলাইহিস সালাম এই দুআ করেছিলেন- حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ -মাজমুউল ফাতাওয়া, ইবনে তাইমিয়া ১/১৮৩

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 ইবরাহীম আলাইহিস সালাম কি ইসমাইল আলাইহিস সালাম ও তার মাকে দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে যান?

📄 ইবরাহীম আলাইহিস সালাম কি ইসমাইল আলাইহিস সালাম ও তার মাকে দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে যান?


কোনো কোনো অসতর্ক বক্তাকে বলতে শোনা যায়, ইবরাহীম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানী করার জন্য নিয়ে যান, তখন তাকে এবং তার মা'কে দাওয়াত খাওয়া বা বেড়াতে যাওয়ার কথা বলেন। মা তাকে সাজিয়ে-গুছিয়ে প্রস্তুত করে দেন। পথিমধ্যে গিয়ে ইবরাহীম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সত্য কথা খুলে বলেন।
এটি একটি বানোয়াট কিসসা, নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এমনটি পাওয়া যায় না। কুরআনে কারীমে ইবরাহীম আলাইহিস সালামের স্বপ্নের কথা ও ইসমাঈল আলাইহিস সালামের কাছে তা ব্যক্ত করার কথা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সেখানে এজাতীয় কিছু নেই। সুতরাং এ ধরনের ভিত্তিহীন কথা বলার বা বিশ্বাস করার কোনো অবকাশ নেই।
তাছাড়া অবাস্তব কথা বলে সন্তানকে কুরবানীর জন্য নিয়ে যান- এমন কথা বলা একজন নবীর শানে বেআদবী। একজন নবী এমনটি করতে পারেন না এবং এমনটি ঘটেওনি। কুরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে- فَلَمَّا بَلَغَ مَعَهُ السِّعْيَ قَالَ يُبْنَى إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَا ذَا تَرَى * قَالَ يَابَتِ افْعَلُ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصُّبِرِينَ.
অতপর সে যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপণীত হল তখন ইবরাহীম বললেন, বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি, এখন তোমার অভিমত কী বল? সে বলল, হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। -সূরা সাফফাত (৩৭) : ১০২
এছাড়াও আরেকটি কথাও লোকমুখে প্রসিদ্ধ- 'ইবরাহীম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, তাঁকে তাঁর প্রিয় বস্তু কুরবানী করতে বলা হচ্ছে।' এ কথাও কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। উল্লিখিত কুরআনের আয়াতে স্পষ্ট রয়েছে- ইবরাহীম আলাইহিস সালাম স্বপ্নে ইসমাঈল আলাইহিস সালামকে যবেহ করতে দেখেছেন। সুতরাং এ কথা বলারও কোনো সুযোগ নেই。

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 শাদ্দাদের বেহেশত

📄 শাদ্দাদের বেহেশত


সমাজে 'শাদ্দাদের বেহেশত' শিরোনামে বিভিন্ন ধরনের কিসসা প্রচলিত আছে। কেউ কিসসাটি এভাবে বলেন-
শাদ্দাদ বিশাল রাজত্ব ও ধন-সম্পদের মালিক ছিল। তার কওমের নবী তাকে দাওয়াত দিলে সে বলে, ঈমানের বদলে কী মিলবে? নবী বললেন, জান্নাত। তখন সে ঔদ্ধত্য দেখিয়ে নিজেই জান্নাত বানাতে শুরু করে।
৩০০ বছর ধরে জান্নাত বানায়; তাতে বিভিন্ন ফলের গাছ লাগায়। প্রাসাদ বানায়, নহর খনন করে ইত্যাদি। এরপর সে যখন সৈন্য-সামন্ত নিয়ে তার বানানো বেহেশতের দিকে রওনা হয়। এক দিন এক রাতের রাস্তা বাকি থাকতেই আল্লাহ তাকে তার সৈন্য-সামন্তসহ ধ্বংস করে দেন।
কেউ বলে, তার বানানো জান্নাত দেখতে যাওয়ার পথে একটি সুন্দর হরিণ দেখতে পায়। হরিণটি শিকার করতে গিয়ে সে একটু দূরে চলে যায়। এ মুহূর্তে মালাকুল মাউত হাযির হয় এবং তার রূহ কবয করে। সে তার বানানো জান্নাত নিজেও দেখতে পারে না।
কেউ বলে, সে তার বানানো বেহেশতে প্রবেশ করার জন্য যখন এক পা দিল, তখন দ্বিতীয় পা রাখার আগেই মালাকুল মাউত তার রূহ কবয করে ফেলে ইত্যাদি ইত্যাদি।
কারো কারো মুখে এ-ও শোনা যায়, এরপর আল্লাহ তাআলা তার ঐ জান্নাত যমিনে ধ্বসিয়ে দেন; মাটির সাথে মিশিয়ে দেন। বালুর মধ্যে যে অংশ চিকচিক করে, তা শাদ্দাদের বানানো বেহেশতের ধ্বংসাবশেষ।
এ ছাড়াও শাদ্দাদের বেহেশত কেন্দ্রিক আরো অনেক কথা সমাজে প্রচলিত আছে। তার বেহেশত কীভাবে বানালো, কতজন শ্রমিক লেগেছে, এর দেয়াল কিসের ছিল, ফটক কিসের ছিল, মেঝে কিসের ছিল, ইত্যাদি।
শাদ্দাদের বেহেশত বানানোর কিসসা একেবারেই অবাস্তব ও কাল্পনিক; নির্ভরযোগ্য কোনো দলীল দ্বারা তা প্রমাণিত নয়। যারা এটি উল্লেখ করেছেন তারা ইসরাঈলী বর্ণনা থেকে তা এনেছেন। এজন্যই ইমাম ইবনে কাসীর ও আল্লামা ইবনে খালদুনসহ আরো অনেকেই এ কিসসাকে অবাস্তব ও কাল্পনিক বলে অভিহিত করেছেন। তাফসীরে ইবনে কাসীর ৪/৮০২-৮০৩; মুকাদ্দামাতু ইবনে খালদুন ১/১৭; আলইসরাঈলিয়্যাত ওয়াল মাউযূআত ফী কুতুবিত তাফসীর ২৮২-২৮৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00