📘 ভুলে ভুলে জীবন পার > 📄 বানর প্রাণিটি কি বনী ইসরাঈলের বানরে রূপান্তরিত হওয়া মানুষের বংশধর?

📄 বানর প্রাণিটি কি বনী ইসরাঈলের বানরে রূপান্তরিত হওয়া মানুষের বংশধর?


বনী ইসরাঈলের জন্য শনিবারে মাছ শিকার করা নিষেধ ছিল। তারা সমুদ্র-উপকূলের অধিবাসী হওয়াতে মাছ শিকার করা ছিল তাদের প্রিয় কাজ। এদিকে অন্যান্য দিনের তুলনায় শনিবারে সমুদ্রকূলে মাছ আসত বেশি। নিষেধাজ্ঞা অমান্য করেই তারা মাছ শিকার করতে থাকে। এতে আল্লাহ ওদের প্রতি অসন্তুষ্ট হন এবং তাদের উপর বানর ও শুকরে রূপান্তরিত হওয়ার আযাব নেমে আসে। এ থেকে কারো কারো মনে এ ধারণা জন্মেছে যে, বানর জাতি সেই বিকৃত বনী ইসরাঈলেরই বংশধর। কিন্তু তাদের এ ধারণা ঠিক নয়। মানুষ ও বানর আল্লাহ তাআলার ভিন্ন দুটি সৃষ্টি। বানর মানুষ ছিল না এবং মানুষও বানর ছিল না। এরা সম্পূর্ণ পৃথক দুটি প্রজাতি। আল্লাহ তাআলা আযাব স্বরূপ কিছু মানুষকে বানর-শুকরে রূপান্তরিত করে দিয়েছিলেন। রূপান্তরিত বানর পৃথিবীতে বংশবিস্তার করেনি। সেই অবস্থাতেই তাদের মৃত্যু হয়েছে। সুতরাং বানর স্বতন্ত্র একটি প্রজাতি; বিকৃত ও রূপান্তরিত কোনো প্রজাতি নয়। সহীহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত হয়েছে, জনৈক ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, আল্লাহর রাসূল! আমাদের যুগের বানর ও শুকরগুলো কি সেই রূপান্তরিত সম্প্রদায়? নবীজী উত্তরে বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়ের আকৃতি রূপান্তরিত করেন তখন তাদের বংশ বিস্তার হয় না। অর্থাৎ তারা রূপান্তরিত অবস্থায়ই ধ্বংস হয়ে যায়। তিনি আরো বললেন, বানর ও শুকর তো পৃথিবীতে আগেও ছিল। -সহীহ মুসলিম, হাদীস ২৬৬৩

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 ওলী-বুযুর্গদের কবরকে কি কবর বলা যাবে না, মাযার বলতে হবে?

📄 ওলী-বুযুর্গদের কবরকে কি কবর বলা যাবে না, মাযার বলতে হবে?


কিছু মানুষের ধারণা, ওলী-বুযুর্গগণের কবরকে কবর বলা যাবে না; মাযার বলতে হবে। কবর বললে নাকি তাঁদের সাথে বেয়াদবি হবে। এটি একটি অমূলক কথা। কবর শব্দের অর্থ দাফনস্থল অর্থাৎ যে স্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। আর মাযার শব্দের অর্থ দুটি: যিয়ারত করা এবং যিয়ারত স্থল। তাই যে কোনো মুসলমানের দাফনস্থলকে যেমন কবর বলা যায় তেমনি যে কোনো মুসলমানের কবরকে আভিধানিক অর্থে মাযারও বলা যায়। কেননা, সকল মুসলমানের কবরই কমবেশি যিয়ারত করা হয়। বুযুর্গ, নেককার ও ওলীদের দাফনস্থলকে কবর বলা যাবে না- এমন কোনো বিধান শরীয়তে নেই। হাদীসে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীগণের দাফনস্থলকেও কবর বলা হয়েছে। এমনকি হাদীসে নবী-রাসূলগণের কবরকেও কবর শব্দেই উল্লেখ করা হয়েছে। সহীহ বুখারীতে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
مَسَاجِدَ أَنْبِيَائِهِمْ قُبُورًا تخَذُوا وَالنَّصَارَى اليَهُودِ عَلَى اللَّهِ لَعْنَةُ
ইহুদী ও নাসারাদের উপর আল্লাহর লা'নত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার স্থান বানিয়েছে। -সহীহ বুখারী, হাদীস ৪৩৫ এই হাদীসে নবীদের দাফনস্থলকে কবর বলা হয়েছে। অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজের ব্যাপারেই বলেন-
عِيدًا قَبْرِي تَجْعَلُوا لَا
আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানিও না। -সুনানে আবু দাউদ, হাদীস ২০৪২ সুতরাং বোঝা গেল, যত সম্মানিত ব্যক্তিই হোক তার দাফনস্থলকে কবর বলা দোষণীয় নয়। তাই ওলি-বুযুর্গগণের দাফনস্থলকেও কবর বলা যাবে। এতে বেয়াদবির কিছু নেই; বেয়াদবি তো তাঁদের শিক্ষার বিপরীতে তাঁদের কবরে সিজদা করা, ওরছ করা, মান্নত করা ইত্যাদি। (আল-কাউসার: সংখ্যা: ০১: রবিউস সানি ১৪৩৯)

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 ইবরাহীম আ. কি আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন?

📄 ইবরাহীম আ. কি আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন?


লোকমুখে প্রচলিত আছে, ইবরাহীম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন জিবরীল আলাইহিস সালাম এসে বললেন, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? তিনি বললেন, আপনার কাছে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তখন জিবরীল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন। তখন ইবরাহীম আলাইহিস সালাম বললেন, যিনি আমার অবস্থা জানেন তাঁর কাছে আমার প্রার্থনা করার প্রয়োজন নেই। তাঁর জানাটাই আমার জন্য যথেষ্ট।
এটি একটি ভিত্তিহীন কাহিনী। ইবনে তাইমিয়া রাহ. বলেন, এর নির্ভরযোগ্য কোনো সনদ নেই। এটি একটি ভিত্তিহীন কথা। বরং ইবনে আব্বাস রা. থেকে সহীহ বর্ণনায় (সহীহ বুখারী, হাদীস ৪৫৬৪) এসেছে, ইবরাহীম আলাইহিস সালাম এই দুআ করেছিলেন- حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ -মাজমুউল ফাতাওয়া, ইবনে তাইমিয়া ১/১৮৩

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 ইবরাহীম আলাইহিস সালাম কি ইসমাইল আলাইহিস সালাম ও তার মাকে দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে যান?

📄 ইবরাহীম আলাইহিস সালাম কি ইসমাইল আলাইহিস সালাম ও তার মাকে দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে যান?


কোনো কোনো অসতর্ক বক্তাকে বলতে শোনা যায়, ইবরাহীম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানী করার জন্য নিয়ে যান, তখন তাকে এবং তার মা'কে দাওয়াত খাওয়া বা বেড়াতে যাওয়ার কথা বলেন। মা তাকে সাজিয়ে-গুছিয়ে প্রস্তুত করে দেন। পথিমধ্যে গিয়ে ইবরাহীম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সত্য কথা খুলে বলেন।
এটি একটি বানোয়াট কিসসা, নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এমনটি পাওয়া যায় না। কুরআনে কারীমে ইবরাহীম আলাইহিস সালামের স্বপ্নের কথা ও ইসমাঈল আলাইহিস সালামের কাছে তা ব্যক্ত করার কথা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সেখানে এজাতীয় কিছু নেই। সুতরাং এ ধরনের ভিত্তিহীন কথা বলার বা বিশ্বাস করার কোনো অবকাশ নেই।
তাছাড়া অবাস্তব কথা বলে সন্তানকে কুরবানীর জন্য নিয়ে যান- এমন কথা বলা একজন নবীর শানে বেআদবী। একজন নবী এমনটি করতে পারেন না এবং এমনটি ঘটেওনি। কুরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে- فَلَمَّا بَلَغَ مَعَهُ السِّعْيَ قَالَ يُبْنَى إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَا ذَا تَرَى * قَالَ يَابَتِ افْعَلُ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصُّبِرِينَ.
অতপর সে যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপণীত হল তখন ইবরাহীম বললেন, বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি, এখন তোমার অভিমত কী বল? সে বলল, হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। -সূরা সাফফাত (৩৭) : ১০২
এছাড়াও আরেকটি কথাও লোকমুখে প্রসিদ্ধ- 'ইবরাহীম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, তাঁকে তাঁর প্রিয় বস্তু কুরবানী করতে বলা হচ্ছে।' এ কথাও কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। উল্লিখিত কুরআনের আয়াতে স্পষ্ট রয়েছে- ইবরাহীম আলাইহিস সালাম স্বপ্নে ইসমাঈল আলাইহিস সালামকে যবেহ করতে দেখেছেন। সুতরাং এ কথা বলারও কোনো সুযোগ নেই。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00