📘 ভুলে ভুলে জীবন পার > 📄 কবরের চার কোণে চার কুল

📄 কবরের চার কোণে চার কুল


অনেক এলাকায় প্রচলন আছে, মায্যেতকে দাফন করার পর চার ব্যক্তি কবরের চার কোণে দাঁড়িয়ে চার কুল (অর্থাৎ সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস) পড়ে। তারপর তারা কবরের চার কোণে চারটি তাজা ডাল পুঁতে দেয়।
কোথাও আবার চার কোণের চারটি খুঁটি হাতে চার কুল পড়ে খুঁটিগুলো গেড়ে দেয়। কোথাও চার খুঁটিতে সূতা পেঁচায়। আবার কেউ বলল, তাদের এলাকায় চারটি কঞ্চি হাতে চার কুল পড়ে কঞ্চি চারটি কবরের উপর রাখে। এটি একটি মনগড়া রসম যার কোনো ভিত্তি নেই। কোনো হাদীসে বা সাহাবা-তাবেয়ীন থেকে এ আমলের কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং তা বর্জনীয়। এজাতীয় মনগড়া কোনো রসমের পিছে না পড়ে প্রমাণিত কোনো আমল করা উচিৎ। যেমন দাফন শেষে মায্যেতের জন্য মাগফিরাতের দুআ করা এবং কবরের সুওয়াল জওয়াব সহজ হওয়ার জন্য দুআ করা। সূরা বাকারার শুরু থেকে মুফলিহুন (১-৫ আয়াত) পর্যন্ত এবং শেষে আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত (২৮৫-২৮৬ আয়াত) তিলাওয়াত করে ইসালে সওয়াব করা ইত্যাদি。

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 দাফনের পর কবরে আযান দেওয়া

📄 দাফনের পর কবরে আযান দেওয়া


কোনো কোনো এলাকায় এ প্রচলন রয়েছে, মায্যেতকে দাফন করার পর কবরে দাঁড়িয়ে আযান দেওয়া হয়। তাদের ধারণা, আযান দিলে শয়তান পলায়ন করবে, তাহলে কবরের সুওয়াল-জওয়াবের সময় মায্যেতকে কুমন্ত্রণা দিতে পারবে না।
এটি একটি ভিত্তিহীন রসম। রাসূলে কারীম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন-তাবে তাবেয়ীন কারো থেকেই এ ধরনের আমল বা বক্তব্য প্রমাণিত নয়। এটি একটি বিদআত, এ থেকে বিরত থাকা আবশ্যক।
আর শয়তানকে কবরেও ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ দেওয়া হয়- আমাদের জানামতে এটি দলীলবিহীন একটি ধারণা মাত্র।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 ঝুড়িতে করে কবরের মাটি এনে বাড়ির মহিলাদের থেকে ছুঁয়ে নেওয়া

📄 ঝুড়িতে করে কবরের মাটি এনে বাড়ির মহিলাদের থেকে ছুঁয়ে নেওয়া


কোনো কোনো এলাকায় এ রসম রয়েছে যে, দাফনের সময় কবরের মাটি একটি ঝুড়িতে করে বাড়ির মহিলাদের কাছে নিয়ে আসা হয়। মহিলারা দুআ পড়ে ঐ মাটি ছুঁয়ে দেয়। তারপর তা কবরে ঢেলে দেওয়া হয়। এটি একটি অমূলক রসম, শরীয়তে যার কোনো ভিত্তি নেই। সুতরাং তা অবশ্যই বর্জনীয়।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি আঙুল পচে যায়?

📄 কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি আঙুল পচে যায়?


কারো কবর দেখাতে গিয়ে যদি কেউ আঙুল দিয়ে ইশারা করে দেখায় যে, ঐটা অমুকের কবর তাহলে কিছু মানুষকে বলতে শোনা যায়- কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করতে নেই, আঙুল পচে যাবে। এটি একটি ভুল বিশ্বাস, যা অজ্ঞতাবশত মানুষ বলে থাকে। এর কোনো ভিত্তি নেই। এ ধারণা বর্জন করা উচিত。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00