📄 সন্ধ্যার বাতি
অনেকের ধারণা, মাগরীবের আযান দিলে দোকান পাট বা গাড়িতে বাতি জ্বালাতে হয় নইলে ব্যবসায় ক্ষতি হয়। এটাকে 'সন্ধ্যার বাতি' বলে। এ ধরণা ঠিক নয়। সন্ধ্যা হলে প্রয়োজনে খাতিরে এমনিতেই দোকান পাট বা গাড়িতে বাতি জ্বালাতে হয় এর সাথে লাভ ক্ষতির কী সম্পর্ক? লাভ ক্ষতি তো হয় আল্লাহর পক্ষ হতে বাতি; জ্বালা না জ্বালার এখানে কোনো দখল নেই। প্রয়োজন হলে বাতি জ্বালাবে না হলে জ্বালাবে না।
📄 বরকতের জন্য সকালে গোলাপজল সন্ধ্যায় আগরবাতি
বিভিন্ন দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় বরকতের জন্য সকালে গোলাপজল ছিটায় আর সন্ধ্যা হলে আগরবাতি জালায়।
গোলাপজল একটি সুগন্ধি পানি আর আগরবাতি একটি সুগন্ধি ধূপ। এর সাথে বরকতের কী সম্পর্ক? বরকত তো আসে আল্লাহর পক্ষ থেকে, তাঁর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে এবং তাঁর কাছে বরকতের দুআর মাধ্যমে। শুকরিয়া আদায় (যবানের মাধ্যমে ও আমলের মাধ্যমে) বরকত লাভের সবচেয়ে বড় উপায়।
আল্লাহ তাআলা আলকুরআনুল কারীমে বলেছেন (অর্থ) তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় কর তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দিব।... (ইব্রাহীম ১৪: ৭) মুমিন বরকত কামনা করবে নেক আমলের মাধ্যমে ও সকাল সন্ধ্যা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন-
اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك، فمنك وحدك لا شريك لك، فلك الحمد ولك الشكر.
সন্ধ্যায় বলবে
اللهم بي أمسى ما অর্থ : হে আল্লাহ এই সকালে (বা এই সন্ধ্যায়) আমি অথবা আপনার যে কোন মাখলুক যত নেয়ামত ভোগ করছে সকল নেয়ামত কেবল আপনারই দান। আপনার কোন শরীক নেই। সুতরাং আপনারই প্রশংসা এবং আপনারই জন্য শোকরগোজারী।
সুতরাং আমরা দ্বীন অনুযায়ী চলার মাধ্যমে ও নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে বরকত কামনা করব। কোন রসম-সর্বস্ব বিষয়ের মাধ্যমে নয়।
📄 দোকান ঝাড়ু দেয়ার আগে ভিক্ষা না দেয়া বা বেচা-কেনা না করা
অনেক দোকানদারকে দেখা যায়, দোকান খোলার পর ঝাড়ু দেয়ার আগে কোনো ভিক্ষুক আসলে ভিক্ষা দেয় না বা কেউ কিছু কিনতে আসলে বিক্রি করে না। এটাকে অলক্ষুণে মনে করে। মনে করে, ঝাড়ু দেয়ার আগে এগুলো করলে সারাদিন বেচা-কেনা ভালো হবে না।
এটি একটি অমূলক ধারণা ও ভিত্তিহীন বিশ্বাস। ঝাড়ু দেয়া যেমন ভালো কাজ, দোকান খোলার পর ভিক্ষুককে দান করা তো আরো ভালো কাজ। দোকান খোলার পর একটি ভালো কাজের মাধ্যমে ব্যবসা শুরু করা হল; এতে আরো বরকত বেশি হওয়ার কথা। তেমনিভাবে পণ্য বিক্রি করা-এটি ব্যবসার সাথে সাথে একটি সেবাও বটে। সুতরাং এটিও একটি ভালো কাজ। শুধু ঝাড়ু দেয়ার ওসিলায় এ ভাল কাজগুলো থেকে বিরত থাকার কোনোই অর্থ হয় না। সুতরাং ঝাড়ু দেয়ার আগে ভিক্ষা দেয়া যাবে না বা বিক্রি করা যাবে না মনে করা ঠিক নয়。
📄 কার মুখ দেখে যে বের হয়েছিলাম
বিপদাপদের সম্মুখীন হলে কোন কোন মানুষকে এই ধরনের কথা বলতে শোনা যায় যে, কার মুখ দেখে যে বের হয়েছিলাম! আজকের দিনটাই মাটি হয়ে গেল।
বাস্তবে এটি আরেকটি গর্হিত কথা। যার কোন ধরনের ভিত্তি নেই। আর এ ধরনের ভিত্তিহীন কথার উপর নির্ভর করে দিনের প্রথম দেখা মানুষটির ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা তো মারাত্মক অন্যায়। কারণ আল্লাহ তাআলা বিভিন্ন হিকমতে বান্দাদেরকে বালা-মুসিবত দিয়ে থাকেন। যেমন দিয়ে থাকেন অসংখ্য নিয়ামত। এর সাথে প্রথম দেখা মানুষটির কোন সম্পর্ক নেই। ইসলামে এ ধরনের মানসিকতাকে কঠোরভাবে প্রত্যাহার করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোগ লেগে যাওয়া, কুলক্ষণ ইত্যাদি এগুলোর কোন বাস্তবতা নেই। (সহীহ বুখারী শরীফ: ৫৭০৭)
অতএব এই ধরনের অমূলক ধারণা ও অসমীচীন কথা পরিত্যাগ করা একজন মুমিনের জন্য অত্যাবশ্যকীয়।