📄 আলাইহিস সাল্লাম
আমাদের নবীজীর নাম উচ্চারণ করলে আমরা বলি ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’। অন্যান্য নবীগণের নাম উচ্চারণ করলে বলি, ‘আলাইহিস সালাম’। কয়েকজন নবীর নাম উচ্চারণ করলে ‘আলাইহিমুস সালাম’। কিন্তু কিছু মানুষ সাল্লাম ও সালাম-এর মাঝে পার্থক্য করতে পারেন না। ফলে দ্বিতীয় ক্ষেত্রে আলাইহিস সালাম-এর স্থলে আলাইহিস সাল্লাম বলেন, যা সম্পূর্ণ ভুল।
সঠিক উচ্চারণ হল, প্রথমটির শেষ শব্দ হল ‘সাল্লাম’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), আর দ্বিতীয়টির শেষ শব্দ হল ‘সালাম’ (আলাইহিস সালাম)।
📄 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি শুধু মৃত্যু সংবাদ শুনলে?
আল্লাহ তায়ালা কুরআন মাজিদে ধৈর্য্যশীল মুমিনের গুণাবলী বর্ণনা করে বলেন,
الذين اذا اصابتهم مصيبة قالوا انا لله وانا اليه راجعون. (অর্থ) তারা কোনো মুসিবতে অক্রান্ত হলে বলে,
انا لله وانا اليه راجعون আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহ্র কাছেই ফিরে যাব। -সূরা বাকারা : ১৫৬
এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে, একজন মুমিন যে কোন ধরনের মুসিবত সামনে আসলেই
انا لله وانا اليه راجعون বলবে। আল্লাহর ফয়সালা সমর্পিত চিত্তে মেনে নিবে। অথচ অনেক মানুষ মনে করেন যে,
انا لله وانا اليه راجعون শুধু মৃত্যুসংবাদ শুনলে বলতে হয় । এ ধারণা ঠিক নয়। হাদীস শরীফে এসেছে হযরত উম্মে সালামা রা. বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, মুসলিম যখন কোনো মুসিবতে আক্রান্ত হয় এবং আল্লাহ তাকে যা বলতে বলেছেন তাই বলে, (অর্থাৎ) إِنَّ اللَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اللَّهُمَّ أَجْرُنِي فِي مُصِيبَتِي وَاخْلُفُ لِي خَيْرًا مِنْهَا. তখন আল্লাহ তাকে ঐ মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। -সহীহ মুসলিম, হাদীস ৯১৮
📄 দুআয়ে কুনূত কি শুধু আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা
বিতর নামাযের তৃতীয় রাকাতে 'কুনূত' (কুনূতের দুআ) পড়া জরুরি। এর বিভিন্ন দুআ রয়েছে : একটি হচ্ছে 'আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া ... ', আরেকটি হল, 'আল্লাহুম্মাহদিনী ফীমান হাদাইৎ ...' এ ধরনের আরো দুআ রয়েছে। যেকোনো দুআ পড়া যায়। বরং কুরআন-হাদীসের যেকোনো দুআ পড়ার দ্বারাও কুনূতের ওয়াজিব আদায় হয়ে যায়। কেউ কেউ প্রথম দুআটিকেই একমাত্র দুআ মনে করেন। তাদের ধারণা এটা ছাড়া 'কুনূত' আদায় হয় না। এই ধারণা ঠিক নয়। যেকোনো মা'ছুর ও মাসনূন দুআর দ্বারা ওয়াজিব কুনূত আদায় হয়। (আল-কাউসার:সংখ্যা: ০৩: রবিউল আউয়াল ১৪৩০)
📄 ইন্নি কুনতুম মিনায যলিমীন
দুআ ইউনুসের সহীহ পাঠ হল, 'লা ইলা-হা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলিমীন।' (আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি। নিশ্চয় আমি অপরাধী।) কিন্তু কিছু কিছু মানুষকে বলতে শোনা যায় বা বিভিন্ন গাড়িতে লেখা দেখা যায়, তারা এ বাক্যের 'ইন্নি কুনতু মিনায যলিমীন'-এর স্থলে 'ইন্নি কুনতুম মিনায যলিমীন' বলে বা লেখে, যা ভাষাগতভাবে ভুল। আর দুআটি যেহেতু কুরআন মাজিদের অংশ তাই এ ভুল আরো মারাত্নক। 'ইন্নি কুনতু মিনায যলিমীন' অর্থ হল, নিশ্চয় আমি অপরাধী। আর 'ইন্নি কুনতুম মিনায যলিমীন'-এর অর্থই মেলে না, এর এক রকম অর্থ দাঁড়ায়- নিশ্চয় আমি তোমরা অপরাধী। সুতরাং এ বাক্যটি সহীহভাবে বলা জরুরি।