📄 যে যতবার লাব্বাইক বলেছে ততবার হজ্বে যাবে
لَمَّا نَادَى إِبْرَاهِيمُ بِالْحَجِّ لَبَّى الْخَلْقُ فَمَنْ لَبِّي تَلْبِيَةً وَاحِدَةً حَجَّ حَجَّةً وَاحِدَةً وَمَنْ لَبَّى مَرَّتَيْنِ حَجَّ حَجَّتَيْنِ ...
যখন ইবরাহীম আলাইহিস সালাম হজ্বের আহ্বান করলেন। তখন সকল সৃষ্টি লাব্বাইক বলেছে। তো যে একবার লাব্বাইক বলেছে সে একবার হজ্ব করবে, যে দুইবার বলেছে সে দুইবার... এভাবে যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ্ব করবে।
বর্ণনাটি লোকমুখে প্রসিদ্ধ। কিন্তু কোনো নির্ভরযোগ্য সনদে এটি বর্ণিত হয়নি।
ইবনে আররাক রাহ. জাল বর্ণনা বিষয়ক তাঁর কিতাব তানযীহুশ শরীয়াহয় (২/১৭৬) বলেন, এটি আহলে বাইতের নামে মুহাম্মাদ ইবনে আশআছের জালকৃত কিতাবের একটি বর্ণনা। এ বর্ণনাটি সে আলী রা.-এর নামে জাল করেছে।
আরো দ্রষ্টব্য : আলফাওয়াইদুল মাজমূআ, হজ্ব অধ্যায়, পৃ. ১০৯; তাযকিরাতুল মাউযূআত ১/৭৩; আদ্দুররুল মানছুর, সুয়ূতী ৪/৩৮৮
📄 হজ্বে কি মহিলাদের পর্দা করতে হয় না
মক্কায় এক ভাই বলছিলেন, তার এক আত্মীয়া বাড়িতে খুব গুরুত্বের সঙ্গে পর্দা করেন, শুধু নামের পর্দা নয়, শরয়ী পর্দা। কিন্তু হজ্ব করতে এসে পর্দা বাদ দিয়েছেন। তার কথা এই যে, 'হজ্বের সময় মেয়েদের পর্দা করা লাগে না।' অনেক দ্বীনদার মহিলা এ ধারণা পোষণ করেন। কিন্তু এটা ঠিক নয়। এটা একটা ভুল ধারণা। ইহরামের হালতেও গায়রে মাহরামের সঙ্গে মেয়েদের পর্দা করা অপরিহার্য। এটা ঠিক যে, ইহরামের হালতে মুখমন্ডলে কাপড় লাগানো নিষেধ, কিন্তু মুখে কাপড় লাগানো এবং গায়রে মাহরামের সামনে ইচ্ছা করে মুখ খোলা রাখা এক বিষয় নয়।
হযরত আয়েশা রা. বলেন, ইহরামের হালতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। লোকেরা যখন আমাদের নিকট দিয়ে অতিক্রম করত তো আমরা আমাদের চাদর মাথার সামনে ঝুলিয়ে দিতাম। চলে যাওয়ার পর সরিয়ে ফেলতাম। (সুনানে আবু দাউদ)
এরপর মুখে কাপড় না লাগানোর বিধান তো শুধু ইহরামের হালতে প্রযোজ্য। উমরায় খুব বেশি হলে এক দুই দিন এবং হজ্বে তিন চার দিন। (তবে যদি কেউ ইফরাদ বা কিরানের নিয়তে ইহরাম বাঁধে তার বিষয় ভিন্ন) এই দিনগুলো ছাড়া যারা বেপর্দা ঘুরাফেরা করে তাদের তো ইহরামেরও অজুহাত নেই।
তাছাড়া মদীনা মুনাওয়ারার সফরে তো ইহরামের প্রশ্ন নেই। এই সফরে এবং মদীনা মুনাওয়ারায় অবস্থানের দিনগুলোতে মুখ খুলে রাখা এবং সকল গায়রে মাহরামকে মাহরাম মনে করা অবশ্যই অজ্ঞতার পরিচায়ক এবং অযথা গুনাহগার হওয়া ছাড়া আর কিছুই নয়। এই মোবারক সফরের পূর্ণ বরকত লাভের জন্য সতর্ক থাকা অত্যন্ত জরুরি। (কিতাবুল হজ্ব, মাওলানা আশেকে ইলাহী বুলন্দশহরী পৃ. ২৮-২৯)
📄 ইহরাম অবস্থায় কি চাদর কিংবা লেপ দ্বারা পা আবৃত করা যাবে?
এক ব্যক্তিকে বলতে শোনা গেল যে, মিনায় এক লোক চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। কিন্তু তার মাথা ও পা অনাবৃত। পা আবৃত করেছিলেন, কিন্তু কয়েকজন মানুষ তাকে অত্যন্ত জোর দিয়ে বলল যে, ভাই! ইহরাম অবস্থায় পায়ের উপর কাপড় লাগানো সঠিক নয়।
জেনে রাখুন, এজাতীয় ধারণা পোষণ কিংবা নামকরণ কোনটাই সঠিক নয়। ইহরাম অবস্থায় পা ঢাকা যায়। তবে মুজা কিংবা সাধারণ জুতা পরিধান করা যায় না। চপ্পল কিংবা এ জাতীয় কোন জুতা পরিধান করা যেতে পারে।
📄 মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ পড়াকে জরুরী মনে করা
মসজিদে নববীতে এক রাকাত নামাজ ৫০ হাজার রাকাত নামাজের সমতুল্য। হজ্বের সময় মসজিদে নববীতে উপস্থিত হওয়া এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক গিয়ে সরাসরি সালাম করার সৌভাগ্য অর্জন এর জন্য মদিনা-মনোয়ারা উদ্দেশ্যে সফরের ধারা হাজী সাহেবানদের মধ্যে রয়েছে, যা অতি উত্তম আমল। কিন্তু সেখানে অবস্থানের জন্য শরীয়তের পক্ষ থেকে কোনো মেয়াদ নির্ধারিত নেই। অর্থাৎ এটা অপরিহার্য নয় যে, সেখানে কমপক্ষে আট দিন থাকতে হবে। কোন কোন মানুষ আট দিন অবস্থানকে এত আবশ্যক মনে করে যে, এর জন্য নিজেকে, সফরসঙ্গীদের এবং কাফেলার আমিরকে কষ্ট ফেলে দিতেও দ্বিধাবোধ করে না। অথচ তা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত কোনো মেয়াদ নির্দিষ্ট করা নেই যে, তা পূরণ করা আবশ্যক মনে করতে হবে। এ প্রসঙ্গে মুসনাদে আহমদ (৩/১৫৫: পৃঃ) ও তাবরানী শরীফ এ একটি বর্ণনা আছে যে, কেউ যদি এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে ধারাবাহিকভাবে চল্লিশ দিন নামাজ আদায় করে তাহলে সে জাহান্নামের আজাব ও নিফাক থেকে মুক্তি পাবে। এই বর্ণনার কারণে লোকেরা আটদিন অবস্থান করা আবশ্যক মনে করে। অথচ উক্ত হাদীসের সনদের বিচারে দুর্বল। উপরোক্ত এই হাদীসে শরীফের প্রসিদ্ধ মতন যা তিরমিজী শরীফে রয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য চল্লিশ দিন জামাতে তাকবিরে উলার সাথে নামাজ আদায় করে তার জন্য দুটো পরোয়ানা লেখা হয়, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা ও নিফাক থেকে মুক্তির পরোয়ানা। (জামে তিরমিজি:২৪১)
অতএব স্পষ্ট বুঝা যায় যে, এই ফজিলত যে কোন মসজিদে জামাতে শামিল হওয়ার দ্বারা হাসিল হতে পারে।
বিষয়টি ভুল না বুঝার অনুরোধ করবো। ফজিলত এর ক্ষেত্রে দুর্বল হাদীস শর্তসাপেক্ষে আমল যোগ্য তা সবারই জানা আছে। কিন্তু একই সাথে এটাও সত্য যে, দুর্বল হাদীস দ্বারা শরীয়তের কোন বিধান প্রমাণ হয় না এবং কোনো মেয়াদ নির্ধারিত হয় না। এজন্য সহজভাবে সেখানে আট দিন থাকার সুযোগ হয়ে গেলে ভালো। কিন্তু একে আবশ্যক মনে করা কিংবা অপরিহার্য বিধানের মত এত বেশি গুরুত্ব দেওয়া যাতে, কষ্ট ও পেরেশানিতে পড়ে যেতে হয় কিংবা পরস্পর মনোমালিন্য সৃষ্টি হয়, যা ঠিক নয়। প্রকৃত করণীয় হচ্ছে হারাম শরীফে যতদিন থাকার সুযোগ হয় চেষ্টা করবে মসজিদে হারামে ও মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করা। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে, আট দিন থাকতেই হবে এটাকে শরীয়তের আবশ্যক কিংবা অপরিহার্য বিষয় মনে না করা।