📄 যাকাত কি শুধু রমজান মাসেই আদায় করতে হয়
অনেক মানুষ মনে করে যে যাকাত শুধুমাত্র রমজান মাসে আদায় করতে হয় এটাও একটি ভুল ধারণা। নিসাব পরিমাণ সম্পদের উপর এক চন্দ্র বছর অতিবাহিত হলেও সেই সম্পদের যাকাত দেওয়া ফরজ। যাকাত ফরজ হওয়ার পর দ্রুত আদায় করতে হবে কিন্তু অনেককে দেখা যায় তাদের যাকাত বর্ষ রমজান মাসের আগে এমনকি ৪-৫ মাস আগে অতিবাহিত হয়ে যায় তারপরও যাকাত আদায় না করে রমজানের অপেক্ষা করতে থাকে। এটা একেবারেই ঠিক নয়। গরিবের পাওনা যত দ্রুত আদায় করা যায় ততই উত্তম। যাদের যাকাত বর্ষ রমজান মাসে পূর্ণ হয় তারা রমজানে আদায় করবে।
📄 যাকাত থেকে বাঁচার জন্য নাবালেগ সন্তানকে মালিক বানিয়ে দেয়া!
কোনো কোনো মানুষ সম্পর্কে শোনা যায়, তারা যাকাত থেকে বাঁচার জন্য না-বালেগ সন্তানদেরকে সম্পদের মালিক বানিয়ে দেয়। এটি একটি গর্হিত আমল ও কঠিন কবীরা গুনাহ।
যাকাত ইসলামের অন্যতম প্রধান রোকন। যাকাত সম্পদের হক। কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকার পরও যাকাত আদায় না করা বা আদায় না করার জন্য হীলা-বাহানা অবলম্বন করা নিন্দনীয় ও অত্যন্ত গর্হিত কাজ। শরীয়তের দৃষ্টিতে তা সম্পূর্ণ নাজায়েয এবং আল্লাহকে ধোঁকা দেয়ার শামিল।
সম্পদ আল্লাহ তাআলার দান। পৃথিবীতে কেউই সম্পদ নিয়ে আসে না; আল্লাহ দান করেন। সুতরাং আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর হুকুম আদায়ে ব্যয় করতে কার্পণ্য করা উচিত নয়। মুমিন আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর হুকুমে ব্যয় করতে কার্পণ্য করে না।
সূরা বাকারার শুরুতে মুমিনের এ গুণ বর্ণনা করা হয়েছে-
وَمِمَّا رَزَقْتُهُمْ يُنْفِقُونَ.
এবং আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে ব্যয় করে। (আয়াত : ৩)
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا أَتْهُمُ اللهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُمْ ، بَلْ هُوَ شَرٌّ لهُمْ ، سَيُطَوِّقُوْنَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيمَةِ ، وَلِلهِ مِيْرَاثُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَ اللهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ .
আর আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদের যা দিয়েছেন, তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল- এটা যেন তারা কিছুতেই মনে না করে। না, এটা তাদের জন্য অমঙ্গল। যাতে তারা কৃপণতা করবে, কিয়ামতের দিন তা তাদের গলায় বেড়ি হবে। আসমান-যমীনের স্বত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যা কর আল্লাহ তা বিশেষভাবে অবহিত। -সূরা আলে ইমরান (৩) : ১৮০
সুতরাং আমরা যাকাত আদায়ে অবহেলা করব না বা যাকাত থেকে বাঁচার জন্য হীলা-বাহানা অবলম্বন করব না।
হাঁ, সন্তানকে যদি সম্পদ দিতে হয় দিব, কিন্তু তা যাকাত থেকে বাঁচার হীলা-বাহানা হিসেবে নয়। আর একথা মনে রাখা চাই যে, যাকাতের ভয়ে সন্তানকে নামেমাত্র মালিক বানালেও যাকাত মাফ হবে না। (রদ্দুল মুহতার ২/২৮৪)