📄 নামাযে পায়ের আঙ্গুল কেবলামুখী না রাখা
নামাযে দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল কেবলামুখি করে রাখতে হয়। কিন্তু অনেক মানুষকেই দেখা যায় নামাযে দাঁড়ানোর সময় পায়ের পাতা (আঙ্গুলগুলো) ডানে বামে ঘুরিয়ে রাখেন। এটা ঠিক নয়। দুই পায়ের পাতার মাঝে সামনে পিছনে সমান ফাঁকা রেখে পায়ের আঙ্গুল সোজা কিবলামুখী করে দাঁড়াতে হয়।
অবশ্য কারো যদি ওযর থাকে তাহলে ভিন্ন কথা।
তেমনিভাবে অনেক মানুষকে দেখা যায় তাকবীর বলে হাত ওঠানোর সময় হাতের তালু নিজের কানের দিকে বা আকাশের দিকে করে রাখেন এটিও ঠিক নয়। নিয়ম হল এ সময় হাতের তালু কেবলামুখী করে রাখা।
📄 ইমামকে রুকুতে পেলে কি তাকবির বলে হাত বেঁধে দাঁড়াতে হয়
ইমামকে রুকুতে পেলে নিয়ম হল প্রথমে সোজা হয়ে দাঁড়ানো তারপর দুহাত তুলে তাকবীর বলবে এবং হাত ছেড়ে দিবে হাত বাঁধবে না। এরপর দাঁড়ানো থেকে তাকবীর বলে চলে যাবে কিন্তু এক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে থাকে তা হচ্ছেঃ প্রথমে তাকবির বলে হাত বেঁধে দাঁড়ায় এরপর তাকবীর বলে যায় এখানে হাত বাধার কোন প্রয়োজন নেই। আবার অনেকে প্রথমে তাকবীর বলে সোজা হয়ে দাঁড়ায় না, রুকুতে যেতে যেতে তাকবীর বলে, এটাও একটি ভুল ধারণা। তাকবীরে তাহরীমার জন্য দাঁড়ানো জরুরি।
📄 ইচ্ছাধীন ভাবে চেয়ারে বসে নামাজ আদায় করা
চেয়ারের প্রচলন বেড়ে যাওয়ায় কিছু মানুষ হয়তো মনে করেন যে চেয়ারে বসে নামায আদায় করাটা ইচ্ছাধীন বিষয়।
কোন ধরনের ওজর হলে চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ?
কোন ক্ষেত্রে নামাজ সহি হয় না বা মাকরুহ হয়?
কোন ক্ষেত্রে চেয়ারে না বসে জমিনে বসে নামাজ আদায় করতে হয়?
এসব বিষয়ে শরীয়তের যে বিধান রয়েছে তা মনে হয় এদের জানা নেই। যাদের আছে তাদের উচিত নিজের অবস্থা কোন বিজ্ঞ আলেমের কাছে পেশ করা এবং সঠিকভাবে মাসালা জেনে আমল করা। এ বিষয়ে মৌলিক কথা হল, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম তার জন্য বিকল্প পদ্ধতি হলো জমিনে বসে তা আদায় করা। যেমন তার জন্য বিকল্প ইশারায় তা আদায় করা। নামাজ আদায় করতে অক্ষম তার জন্য বিকল্প হলো চেয়ারে বসে নামায আদায় করা। ছোটখাটো ওজরের জন্য চেয়ারে বসে নামায আদায় করা ঠিক নয়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে বিজ্ঞ আলেমের শরণাপন্ন হওয়া। অনুরূপভাবে নফল নামাজও বিনা কারণে বসে না পড়া যদিও জায়েজ; কিন্তু এতে সোয়াব কম হয় তাই বসে পড়া উত্তম নয়।
📄 সফর অবস্থায় কি সুন্নত নামায পড়া যাবে না?
কিছু কিছু মানুষের ধারণা সফর অবস্থায় সুন্নত নামায পড়া যায় না। এ ধারণা ঠিক নয়।
হাঁ, মুকীম অবস্থার চেয়ে সফর অবস্থায় সুন্নত নামাযে কিছুটা শিথিলতা রয়েছে। তাই সফর অবস্থায় চলন্ত পথে, তাড়াহুড়োর সময় সুন্নত নামায ছেড়ে দেওয়া ভালো। কিন্তু সফরের শান্তিপূর্ণ অবস্থায় সুন্নত নামায পড়াই উত্তম। বিশেষত ফজরের সুন্নত সফর অবস্থায়ও অধিক গুরুত্ব রাখে। সুতরাং 'সফর অবস্থায় সুন্নত নামায পড়া যাবে না' ঢালাওভাবে এমন মনে করা ঠিক নয়।