📄 ১২. ইসলামের শিক্ষা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদআত করতে নিষেধ করেছেন:
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدُّ
"যে আমাদের এ (দীনী) কাজের মধ্যে এমন কিছু নতুন উদ্ভাবন করল যা এর মধ্যে নয়, তবে তা প্রত্যাখ্যাত।” (বুখারী, আস সহীহ, কিতাবুস সুলহ্, হা/২৬৯৭; মুসলিম, আস সহীহ, কিতাবুল আকযিয়া, হা/১৭১৮)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
"সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব, আর সর্বোত্তম আদর্শ মুহম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ, (দীনে) সবচেয়ে খারাপ বিষয় হলো নতুন উদ্ভাবিত বিষয়, প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয়ই বিদআত। আর প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা এবং সকল পথভ্রষ্টতাই জাহান্নামে যাবে।” (সহীহ: সুনানে নাসাঈ, হা/১৫৭৮; সহীহ মুসলিম, কিতাবুল জুমু'আ, হা/১৪৩৫।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জীবদ্দশায় কখনো কারো জন্মদিবস পালন করেননি, আর না কারো মৃত্যুর পরে কুরআন পাঠের মত কোনো অনুষ্ঠান পরিচালনা করেছেন। তাঁর পূত্রগণ, কন্যাগণ, তাঁর নেককার স্ত্রী খাদিজা (রাঃ), তাঁর চাচা হামযাহ্ (রাঃ)- সবাই তাঁর জীবদ্দশায় মৃত্যুবরণ করেছেন, তথাপিও তিনি এমন কোনো আচার-অনুষ্ঠান পালন করেননি যে সকল আচার অনুষ্ঠান (এ সকল বেরেলভী ও দেওবন্দী সুফীদের মাঝে) পরিলক্ষিত হয়। এসকল আচার-অনুষ্ঠান উদ্যাপনের মাঝে যদি কোনো কল্যাণ থাকতো, অথবা এর মধ্যে কোনো সওয়াব অর্জন (এর ব্যাপার) থাকতো, তবে নিশ্চয়ই তিনি তা করতেন এবং সেগুলো করার জন্য তাঁর সাহাবীগণকে নির্দেশ দিতেন। উরসে যাওয়ায় যদি কোনো কল্যাণ থাকতো তবে হেদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদীন তা করার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের ছাড়িয়ে যেতেন। তাঁদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেশি ভালবাসার দাবি করতে পারে, এমন কে আছে? তথাপিও তাঁদের থেকে এ ধরনের আমলের কোনো প্রমাণ আমরা পাই না। এখন এটি জানা কথা যে, এসব আচার-অনুষ্ঠান ও উৎসব-উদ্যাপন নিছক দুনিয়াবী স্বার্থ/ লাভের জন্য করা হয় এবং কল্যাণ লাভ ও সওয়াবের কথা একটি প্রতারণা/ছুতো মাত্র।
শাহ ওয়ালীউল্লাহ দেহলবী বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধুমাত্র কবর যিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করতে নিষেধ করেছেন এবং কবরের নিকট সংঘটিত বিদআতসমূহ মন্দ প্রকৃতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে দুআ করেছেন যে, তাঁর কবর যেন ঈদ (উৎসবের)-এর স্থল না হয়'।
বিখ্যাত হানাফী মুফাস্সির কাজী সানাউল্লাহ পানিপথী বলেন: "আজকাল কিছু জাহিল লোকেরা কবরকে কেন্দ্র করে কিছু অবৈধ বিদআতী কর্মকাণ্ড চালু করেছে, এর পক্ষে তাদের নিকট কোনো দলীল নেই। উরস ও এসকল স্থানগুলোতে বাতি জ্বালানো- এসবই বিদআত।”
টিকাঃ
[৩৭১] হুজ্জাতুল্লাহিল বালিগাহ, ২য় খণ্ড, পৃ-৭৭।
[৩৭২] তাফসীরে মাযহারী, ২য় খণ্ড, পৃ-৬৫।
📄 ১৩. কবরের চারপাশে তাওয়াফ করা ও হানাফী মাযহাবের শিক্ষা
ইবনু নুজাইম আল হানাফী কবরের চারপাশে তাওয়াফ করা সম্পর্কে বলেন, “কা'বা ব্যতীত অন্য যেকোনো কিছুর চারপাশে তাওয়াফ করা কুফরী। "
মোল্লা আলী কারী হানাফী বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর কবর তাওয়াফ করা জায়েয নয়, কারণ এটি আল্লাহর ঘর (বায়তুল্লাহ)-এর অবমাননা এবং মর্যাদাহানী। ইদানিং কিছু জাহিল লোকেরা নিজে আলিম সেজেছে এবং এ সকল জাহিলী কর্মকাণ্ডকে চালু করেছে। এ ধরনের কর্মকাণ্ডের কোনো অবকাশ নেই এবং এ সকল কর্মকাণ্ডের ভিত্তি জাহিলিয়াত (মুর্খতা) ছাড়া আর কিছুই নয়।”
টিকাঃ
[৩৭৩] আল বাহরুর রায়িক।
[৩৭৪] শারহুল মানাসিক।
📄 ১৪. ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কিছু কথা
মিলাদুন্নবী এর বিষয়টি হলো-৭ম হিজরী শতকের মুযাফফরুদ্দীন (আবু সাঈদ কুকুবুরী) নামক (ইরাকের ইরবিল প্রদেশের) এক শাসকের নব-উদ্ভাবন বা বিদআত, যে বিদআতকে প্রশ্রয় দান করতো।
"সে একজন শাসক ছিল যে মুক্ত হস্তে তার সম্পদ ব্যয় করতো এবং মিলাদুন নবী উদযাপন করতো। সে-ই হলো প্রথম ব্যক্তি যে মিলাদুন্নবী উদযাপন চালু করেছিল। "
আবার "সে প্রতিবছর এ বিদআত (মিলাদুন্নবী) উপলক্ষে প্রায় তিন লক্ষ দীনার ব্যয় করতো। "
আবার, তার সাথে ছিল একজন পথভ্রষ্ট আলিম উমর বিন ওয়াহিয়া যে একাজে তার সাথে যোগদান করেছিল। তাই শাসক তাকে উপঢৌকন হিসেবে এক হাজার স্বর্ণমুদ্রা দান করেছিল।”
উমার বিন ওয়াহিয়া সম্পর্কে "আল বিদায়া ওয়ান নিহায়া"তে এসেছে: "সে ছিল একজন মিথ্যুক, লোকেরা তার বর্ণনার উপর আমল করা পরিত্যাগ করেছিল এবং লোকজনের দৃষ্টিতে (একাজ) তাকে নিম্নস্তরে অবনমিত করে দিয়েছিল। "
ইমাম ইবনু হাজার রহিমাহুল্লাহ তার সম্পর্কে উল্লেখ করেছেন যে, "সে ছিল অত্যন্ত মিথ্যাবাদী। সে হাদীস বানাতো/জাল করতো এবং তারপর সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর দিকে সম্বন্ধিত করতো। সে সালফে সালেহীনদের গালাগাল করতো। ইমাম ইসবাহানী তার সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন: একদিন সে আমার পিতার নিকট এলো এবং তার হাতে একটি জায়নামায ছিল। সে এটি চুমু খেলো এবং তার চোখে মুছল এবং বলল, “এই মুসাল্লা (জায়নামায) টি খুবই বরকতময়। আমি এর উপর অনেক নফল (সালাত) আদায় করেছি এবং বায়তুল্লাহতে এর উপর বসে বহুবার কুরআন খতম করেছি।”
আরেকটি ঘটনা ঘটলো: "সেইদিনই একজন ব্যবসায়ী আমার পিতার সাথে সাক্ষাত করতে এলো এবং বলল, আপনার অতিথি আমার নিকট থেকে একটি অতি মূল্যবান জায়নামায ক্রয় করেছে।' আমার পিতা উমার বিন দেহিয়া কর্তৃক আনীত সেই জায়নামাযটি তাকে দেখালো এবং সে বলল: 'এ হলো সেই জায়নামায যা সে তার নিকট হতে ক্রয় করেছিল। এর জন্য আমার পিতা উমর বিন দেহিয়াকে তিরস্কার করেছিল এবং তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। "
এ হলো সেই লোক যে মিলাদের বিদআতে শাসকের সঙ্গী হয়েছিল। মিলাদ শুরু হয়েছিল কেবল খৃষ্টানদের অনুকরণে এবং এর সাথে ইসলামী শরীয়াতের কোনো সম্পর্ক নেই।
মিলাদ মাহফিলে বেরেলভীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে রচিত আনাশীদ আবৃত্তির সময় দাঁড়িয়ে যায়, কারণ তাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাহফিলে উপস্থিত হন।
অনেক সময় বেরেলভীগণ কবিতার এ লাইনটি আবৃত্তি করে:
"প্রতি শ্বাস-প্রশ্বাসে দরুদ পড়,
রাসূল এখানে আমাদের সাথে উপস্থিত।"
এক বেরেলভী লিখেছে: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে রচিত কবিতা পাঠের সময় দাঁড়ানো বা কিয়াম করা ওয়াজিব।”
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন:
مَنْ أَحَب أَنْ يَمْثُلَ لَهُ الرِّجَالُ قِيামاً، فَلْيَتَبوأ مقعده مِن النَّারِ.
“যে ব্যক্তি পছন্দ করে যে, লোকেরা তার জন্য মূর্তির মত দাঁড়াক, সে যেন জাহান্নামে তার আবাসস্থল বানিয়ে নেয়।" (সুনানে আবু দাউদ, হা/৫২২৯, আলবানী, সহীহ আবু দাউদ; জামিউত তিরমিযী, হা/২৭৫৫; মেশকাত হা/৪৬৯৯। হাদীসটি সহীহ)।
আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন:
لم يكن شخص أحب إليهم من رسول الله صلى الله عليه وسلم وكانوا إذا رأوه لم يقوموا لما يعلمون من كراهيته لذلك .
তাঁদের (সাহাবীগণের) নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর চেয়ে কোনো ব্যক্তিই অধিক প্রিয় ছিল না। অথচ তারা যখন তাকে দেখতেন তখন তাঁরা দাঁড়াতেন না। কেননা, তাঁরা জানতেন যে, তা তিনি পছন্দ করেননি।” (তিরমিযী, হা/২৭৫৪; মেশকাত, হা/৪৬৯৮; হাদীসটি সহীহ)।
আশ্চর্যের বিষয় হলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর মৃত্যু দিবসে জন্মদিন (মীলাদ) পালন করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১২ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেন। তাঁর জন্ম তারিখ ৯ই রবিউল আউয়াল যা নতুন পঞ্জিকা দ্বারা প্রমাণিত। আরো আশ্চর্যের বিষয় হলো, মাত্র কয়েক বছর আগে তারা এদিনকে "বারোই ওয়াফাত” বলতো, কিন্তু এখন তারাই একে "ঈদে মিলাদুন্নবী” তে পরিণত করেছে।
টিকাঃ
[৩৭৫] আল কওলুল মুতামিল ফী আমালিল মাওলিদ, আহমাদ বিন মুহাম্মদ আল মিশরী।
[৩৭৬] দাওয়ালাল ইসলাম, ইমাম যাহাবী।
[৩৭৭] আল-বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনু কাছীর, ১৩শ খণ্ড, পৃ-১৪৪।
[৩৭৮] প্রাগুক্ত, পৃ-১৪৫।
[৩৭৯] লিসানুল মীযান, ইমাম ইবনু হাজার আসকালানী, ৪র্থ খণ্ড, পৃ-২৯৬।
📄 ১৫. খাদ্যের বিষয়
মৃতের ওয়ারিশদের নিকট হতে মৃত্যুর তৃতীয় দিনে, সপ্তম দিনে, ১০ম দিনে ও অন্যান্য দিন উপলক্ষ্যে খাদ্য ও পানীয় গ্রহণ করা বিদআত। কারণ তা ইসলামের সুদীর্ঘ সোনালী যুগের কারো থেকে প্রমাণিত নয়। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে এসবের কোনো দলীল প্রমাণ আছে, আর না সাহাবীদের থেকে, আর না তাবেঈ ইমাম, মুহাদ্দিস ও ফকীহদের কারো থেকে। নিশ্চয় এটা হারাম ও নিষিদ্ধ হানাফী ফিকহের কিতাবসমূহে, যদিও তারা দাবি করে তারা হানাফী। আসলে এসকল লোকেরা হানাফী নয়, কারণ তাদের দাবি মিথ্যা, তারা হানাফী ফিকহের অনুসরণ তারা করে না, তাদের নিজস্ব ফিকাহ রয়েছে তারা যার অনুসরণ করে। মূলত তারা হানাফী মাযহাব হতে বের হয়ে গেছে। অথচ মুকাল্লিদ কখনো ইমামের কথার বিরোধীতা করে না এবং মাযহাব থেকেও বের হয় না। এসব বিষয়ে হানাফী ফকীহদের মতামত হলো: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন তাতে এগুলো নেই, বরং তা এসেছে অগ্নিপূজক, খ্রিষ্টান ও হিন্দুদের নিকট থেকে।
হানাফী ফিকহের ইমাম মোল্লা আলী কারী আল হানাফী বলেন, "আমাদের মাযহাবের আলেমগণের মাঝে ইজমা (ঐক্যমত) হয়েছে যে, ৩য়া বা ৭মী (পালন/উদযাপন) জায়েয নয়। "
ইবনু বায্যায আল হানাফী বলেন: “৩য়া এবং ৭মী ইত্যাদি (পালন) মাকরূহ। অনুরূপ কল্যাণ (সওয়াব) লাভের উদ্দেশ্যে খাওয়া-দাওয়ার জন্য কোনো দিন নির্ধারণ করা এবং খতম দেওয়া (বা দেওয়ানো উভয়ই) মাকরূহ। "
কিন্তু বেরেলভীগণ কোনো লোকের মৃত্যুর পর তার কবরে 'কুল (খানী)' এবং এছাড়াও অন্যান্য বিষয়গুলো উদ্যাপন করা বাধ্যতামূলক মনে করে এবং সওয়াবের জন্য নিজেদের খানা-পিনার আয়োজন করে।
১১শী (যাকে তারা 'এগারো শরীফ' বলে) সম্পর্কে বেরেলভীদের আকীদা হলো: "যদি ১১শ দিনে নির্দিষ্ট অংকের (অর্থ) দ্বারা ফাতিহা অনুষ্ঠান কায়েম করা হয়, তবে বাড়িতে বরকত নাযিল হবে।" 'ইয়াযিদা মাজালিস' বইতে লেখা হয়েছে যে, “হযরত গাওস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর দ্বাদশ দিবসের অর্থাৎ মিলাদের (জন্মের) ১২শ দিবসের নিয়মিত উদযাপনকারী ছিলেন। একদিন মালিক স্বপ্নে তাকে বলেন: হে আব্দুল কাদির! তুমি ১২শ দিবসে আমাকে স্মরণ করেছো, আমি তোমাকে একাদশী (১১ শরীফ) দিলাম। অর্থাৎ লোকজন তোমাকে একাদশী বা ১১ শরীফে তোমাকে স্মরন করবে। এ হলো মালিকের দান হতে একটি দান/অনুগ্রহ।
এ হলো একাদশী (তাদের ১১ শরীফ) এবং 'ইয়াযিদাহ মাজালিস' হতে তার 'কীর্তিমান' দলীল। কে জানে, অনুগ্রহ লাভের জন্য কতগুলো দিন তারা নির্ধারণ করেছে! বেরেলভীদের মাঝে বৃহস্পতিবারের (হালুয়া) রুটি ব্যাপকভাবে প্রচলিত, কারণ "বৃহস্পতিবারে নেককারগণের রূহ তাদের বাড়িতে ফিরে আসে এবং দরজায় দাঁড়ায় এবং করুণ আর্তনাদের সাথে কান্নাকাটি করে (বলে): হে আমার আহলে বাইত (পরিবার-পরিজন)! হে আমার প্রিয়জন! দান-সদকার মাধ্যমে আমার প্রতি অনুগ্রহ কর।' তাই বৃহস্পতিবারের মৃতদের রূহ তার বাড়িতে আসে এবং দেখে তার পক্ষ হতে দান-সদকা করা হচ্ছে কি-না।"
শুধু বৃহস্পতিবারেই রূহগুলো আসে এবং দান-সদকা করার জন্য বলে, তা-ই নয়, বরং "রূহসমূহ ঈদের দিনে, মহিমান্বিত জুমার দিনে, আশুরার দিনে এবং (শবে) বারাআতের রাতেও আসে এবং দান-সদকা কামনা করে।"
টিকাঃ
[৩৮০] মিরকাত শরহে মিশকাতুল মাসাবীহ, ৫ম খণ্ড, পৃ.-৪৮৬।
[৩৮১] কিছু ভাড়াটে দিয়ে কুরআন পাঠ (ও মৃত ব্যক্তির উপর তার সওয়াব পৌঁছানো)।
[৩৮২] ফতোয়া বায্যাযিয়া, ৪র্থ খণ্ড, পৃ-৮১।
[৩৮৩] মালিক: লেখক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বুঝিয়েছে।
[৩৮৪] জা আল-হাক্ব, ১ম খণ্ড, পৃ-২৭০।
[৩৮৫] রিসালাহ ইতিয়্যান আল আরওয়াহ দার মাজমু'আহ, ২য় খণ্ড, পৃ-২৯; জা আল-হাক্ব, ১ম খণ্ড, পৃ-২৬২।
[৩৮৬] রিসালাহ ইতিয়্যান আল আরওয়াহ দার মাজমু'আহ, পৃ-৭০।