📄 মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামোফোবিয়া
সমসাময়িক বিশ্বে সবচেয়ে বহুল পরিচিত এক তত্ত্ব হলো 'ইসলামোফোবিয়া'। বিশ্বে নানান জাতি, নানান বর্ণ, বিচিত্র সংস্কৃতি আর বিভক্ত ধর্মে পরিচিত মানুষ। যেখানে সবার একটা অভিন্ন পরিচয় হলো মানুষ। তবে মুসলমান মানুষের বড় পরিচয় এখন সন্ত্রাসী হিসেবে, ইসলামবিদ্বেষী মনোভাবে মানুষের পরিচয় ছাপিয়ে তাকে এক ধর্মান্ধ জাতি হিসেবে বিবেচনার শিল্পের প্রচলন এখন দারুণ অবস্থায় পৌঁছেছে। পশ্চিমা স্বার্থে ইসলামোফোবিয়া শিল্পের বাম্পার ফলন দেখা যায় আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে, এশিয়া থেকে আমেরিকা এবং সর্বশেষ ভৌগলিক অবস্থায় সর্ব দক্ষিণে থাকা নিউজিল্যান্ডে।
বর্ধিষ্ণু ইসলামোফোবিয়া কেবল পশ্চিম ইউরোপের একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আজ তা বলকানের মুসলিম দেশগুলোতেও ভয়ানকরূপ ধারণ করছে। কিন্তু কেনই বা এমন হচ্ছে? এর পেছনে কলকাঠি নাড়ছে কারা? তা খতিয়ে দেখতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি তুর্কি গবেষণা সংস্থা ইউরোপ ও বলকান অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর পেছনের সত্যকে বের করে এনেছে।
চারশ' বছরের অধিক সময় ধরে বলকান মুসলিম অঞ্চলের সাথে ইসলামোফোবিয়া জুড়ে যাওয়ায় তা এখন হয়ে দাঁড়িয়েছে কৌতূহলোদ্দীপক পাঠ্য। বলকান অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আলবেনিয়া, কসোবো ও বসনিয়া মুখোমুখি হচ্ছে ইসলাম-বিদ্বেষমূলক (বহু কর্মকাণ্ডের) নানা বাকবিতণ্ডায়। অধিকন্তু ম্যাসেডোনিয়া, সার্বিয়া ও মন্টিনিগ্রোর আদিবাসী মুসলমানদের বহুলাংশই ধর্মচর্চার ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। ২০১৯ সালে প্রকাশিত “Islamophobia in Muslim Majority Societies" বইটি অবান্তর ও আপাতদৃষ্টিতে স্ববিরোধী মানসিকতার জবাব দিয়েছে। 'ইসলামোফোবিয়ার কলকব্জা নানাভাবেই চালিত হতে পারে। তবে মূলত তা বৈশ্বিক রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই রাজনীতি উত্তর- উপনিবেশী একটি পর্যায়; যা মূলত আমেরিকার সম্পৃক্ততায় তৈরি হয়েছে।' এ দাবি বইটির রচয়িতাদের।
ইসলাম-বিদ্বেষী মনোভাব বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কেন্দ্রীয় ভূমিকায় আমেরিকা। Hijacked by Hate: American Philanthropy and the Islamophobia Network নামক প্রতিবেদনে ২০১৯ সালে চিত্রিত হয়েছে মুসলিম-বিদ্বেষী প্রচারণা ছড়িয়ে দিতে ১০৯৬টি সংস্থা দায়বদ্ধ। যারা অকাতরে অর্থ ঢেলে যাচ্ছে। হিসাবটা প্রায় ৩৯ মিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। ফলে ইসলামোফোবিয়া আটলান্টিক ছাড়িয়ে ইউরোপ ও বলকানের দেশগুলোতে চলে গেছে এবং সেখানকার মুসলমানদের সাথে মিলেমিশে হয়ে গেছে একাকার। তাই মুসলিম-বিরোধী মনোভাব বেড়েছে হু হু করে। আত্ম- পশ্চিমীয় ও মুসলমানদের একাংশ যারা অভিজাত (নিজেদের মনে করে) যেমন- বলকানিরা ইসলামি বিধি-বিধানকে নিছক পরিচয় হিসেবে দেখতো; আর সাথে সাথে তা পশ্চিমী ধর্মনিরপেক্ষ দেশের জন্য আশঙ্কাজনক হিসেবেও বিবেচিত হতো।
২০১৯ সালে প্রকাশিত ইসলামোফোবিয়া রিপোর্টে তুর্কি সাংবাদিক নাদা দোস্তী আলবেনিয়ায় মুসলিম-বিদ্বেষী প্রচারণা চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও সমাধান করা আলবেনিয়া ও আলবেনিয়ান ভাষাভাষী দেশগুলোতে জরুরি বলে দাবি করেন। তুর্কি সংবাদ সংস্থা TRT World-কে তিনি আরও জানান, আলবেনিয়ায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে নেতিবাচক প্রচারণার ফলে কর্মসংস্থান, শিক্ষা, গণমাধ্যম প্রতিনিধিত্ব ও বিচারব্যবস্থাসহ জীবনের নানা পর্যায়ে তীব্র থেকে তীব্রতর ইসলামোফোবিয়ার দেখা মিলছে।
২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৫১ জন শহিদ হওয়ায় আলবেনিয়ান কাস্তরিয়ত মাইফতরাজ নামক একব্যক্তি আলবেনিয়ান মুসলিমদের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা প্রয়োজনীয় বলে মন্তব্য করে।
ইসলাম-বিদ্বেষী প্রচারণার ক্ষেত্রে 'ইসলামোফোবিয়া'র ইন্ধনদাতার ভূমিকায় থাকে রাজনীতিবিদ ও সাংবাদিকরা। ফলত আলবেনিয়ায় ইসলামোফোবিয়া দিন দিন চিরাচরিত স্বাভাবিক বিষয়ে পরিণত হচ্ছে বলে দোস্তীর দাবি।
এ প্রতিবেদনের কসোবো অংশের লেখক আদেম ফেরিজাজের মতে, কসোভো; যার ৯৬ ভাগ মুসলিম। তারা ইসলামোফোবিয়ার তীব্র উপস্থিতি আঁচ করতে পারছেন জীবনের পরতে পরতে। রাষ্ট্র হিসেবে যা কসোভোর অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। অধিকন্তু মুসলিম গণহত্যার মদতদাতা (যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন) অস্ট্রিয়ান ঔপন্যাসিক পিটার হ্যান্ড সাহেবকে (২০১৯ সালে) সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করায় দেশটিতে ইসলামোফোবিয়ার আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে।
সাহিত্যাঙ্গনের সবচেয়ে মূল্যবান পুরস্কার এমন ব্যক্তিকে দেয়ায় বসনিয়া হার্জেগোভিনা, কসোভোর মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইউরোপীয় দেশগুলোর প্রতি মূল ধারার ইউরো-আটলান্টিকিদের উপেক্ষার কথাই বলছে না; বরং এ অনুষ্ঠান ইউরোপীয় রাজনীতিবিদদের দিয়ে কসোভোর অধিকার অস্তিত্বের বিরুদ্ধে ইসলামোফোবিয়ার আক্রমণকে সহজ ও সুগম করে তোলারই একটি পদক্ষেপ। কসোভোতে দৃশ্যত (হিজাব, দাড়ি) ইসলামচর্চায় মুসলমানগণ প্রতিনিয়ত নানা বৈষম্যের শিকার হচ্ছে। আর এটাও স্মরণীয় যে, বলকানের বিভিন্ন অঞ্চল বিশেষত বসনিয়া ও কসোভোতে ৯০ শতকের দিকে গণহত্যাগুলোর মূল কারণ ছিল ইসলামচর্চা। এ অঞ্চলের বহু মানুষ তাদের ধর্মীয় বিশ্বাসের ফলে জীবন হারায়।
ভাষান্তর: হাবিবুর রহমান রাকিব
টিকাঃ
[৩৮] দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চলকে বোঝায়। এর পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর। দানিউব, সাভা ও কুপা নদীগুলো অঞ্চলটির উত্তর সীমানা নির্ধারণ করেছে। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে।
📄 জেন্ডার ও ইসলামোফোবিয়া
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি রেস্টুরেন্ট। সাতজন হিজাব পরিহিত মহিলা প্রায় ৪৫ মিনিট সেখানে অবস্থান করেন। পুরো সময়জুড়ে তাদের পুলিশি নজরদারিতে রাখা হয়। এরপর, সেই সাতজন নারীকে হিজাব পরিধান করার অপরাধে গ্রেফতার করা হয়। তাদের আদালতে হাজির করা হয়। এখান থেকে প্রতিয়মান, মুসলিম নারীদের জন্য রেস্টুরেন্টে আহারাদি গ্রহণ চ্যালেঞ্জ হয়ে উঠছে, তার ওপর হিজাব পরিহিত হলে তো আর কথাই নেই। এ তীব্র প্রচারণাটি আমেরিকা, ইউরোপ ও বেশকিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও আগ্রাসী ও সহিংসতার রূপ নিচ্ছে।
ইউরোপীয় ধর্মনিরপেক্ষতার জের ধরে ফ্রান্স ও হল্যান্ডে হিজাব নিয়ে বিতর্ক দিন দিন তুঙ্গে উঠছে। পর্যায়ক্রমে ইউরোপীয় পরিচয়টি সংজ্ঞায়িত হচ্ছে এটি কী তা দিয়ে নয়; বরং ভবিষ্যতে এটি কী হবে তা দিয়ে। ইউরোপিয়ান পরিচয় গড়ে তোলা হয়েছে যা মুসলমানদের দলছুট বলে বিবেচনা করে। অপরদিকে মুসলিম নারীদের সমাজবহির্ভূত জ্ঞান করা হচ্ছে। মুসলিম নারীদের হিজাব পরিধান করা (তাদের আঁতে ঘা দিয়ে) পশ্চিমা ও ইউরোপীয় পরিচয় রক্ষার্থে এবং ইসলাম, মুসলিম নামক হুমকিকে প্রতিহত করতে ডানপন্থি রাজনৈতিক দলকে (টনক নাড়িয়ে) সুসংহত করেছে।
একাধিক পন্থায় ইউরোপীয় ও আমেরিকান সমাজে বর্ণবাদী মনোভাবে ঘি ঢালতে মুসলিম নারীদের ইন্ধন হিসেবে ব্যবহার করে ইসলামোফোবিয়ায় গতি সঞ্চার করা হয়। একইভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কে হিজাবের বিরুদ্ধে বহুদিন ধরে প্রচারণা চলমান ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হিজাব, ঐতিহ্যগত মুসলিম নিকাব আধুনিকতা ও ধর্মনিরপেক্ষতা বিবর্জিত প্রতীক। তাই আধুনিকতায় প্রবেশের এবং উন্নত হিসেবে দাবি করার পূর্বশর্ত ছিল এ আবরণটি বলপূর্বক অপসারণ করা।
বলাবাহুল্য, যে আধুনিকতা ও ধর্মনিরপেক্ষতা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে উপনিবেশিক যুগে পরিচিতি লাভ করে এবং পশ্চিমারা ইসলামকে জাগতিক অনুন্নতির জন্য দোষারোপ করে। ইউরোপ আমেরিকার রাষ্ট্রীয় নৈপুণ্যের হাত ধরে মুসলিম জাতিগুলো যখন উন্নয়ন ও আধুনিকতার (স্বপ্নে বিভোর হয়ে) প্রাথমিক ধাপগুলো পার হচ্ছিল তখন ছিল মুসলিম হিজাব পরিহিতাদের জন্য দুঃসময়।
ঔপনিবেশিক চিন্তাধারা আর মুসলিম জাতিগোষ্ঠী একই আবর্তে বৈধতাপ্রাপ্তির দিকে তাড়িত হয়। সাথেসাথে মুসলিম নারীদের সমস্যাজনক বিবেচনাটা স্বাভাবিক হতে থাকে। ঔপনিবেশিক ও বিকৃত সেকুলার আধুনিকতার চোখে মুসলিম নারীর হিজাব পরিধান কোনো প্রকার ধার্মিকতার প্রতীক বলে বিবেচিত হয় না বরং তা পশ্চাদপদতা ও অসঙ্গতির প্রতীক। এ চিন্তার ধারক- বাহকদের নিকট হিজাব অপসারণ করাই আধুনিকতা আর প্রাসঙ্গিকতার প্রতীক। অপরদিকে সে সমাজে তখন হিজাব পরিহিতারা নানা প্রতিকূলতার সম্মুখীন হতেন। মুসলিম প্রেক্ষিতে আধুনিকতা ও ধর্মনিরপেক্ষতা উপনিবেশিকতার গর্ভে লালিত হয়েই এসেছে। আর জন্ম দিয়েছে একটি বিকৃত জাতি-রাষ্ট্র প্রকল্প যেখানে গঠনমূলক সামাজিক চুক্তি, নাগরিকত্বের মৌলিক বাস্তবায়ন এবং প্রত্যেকের মৌলিক অধিকারের নিতান্ত অভাব পরিলক্ষিত হয়।
ইসলামোফোবিয়া ইন্ডাস্ট্রি, আধুনিক সেকুলার আর ঔপনিবেশিকদের অব্যাহত আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় হিজাবি মুসলিম নারী। আধুনিকীকরণ ও সেকুলারাইজেশনের নামে মুসলিম নারীকে হিজাব বর্জনের নির্দেশনা প্রদান করা হয়, যদি না করে তাদের হিজাব ছাড়তে বাধ্য করা হয়; কেননা পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে মুসলিম নারীগণের বুদ্ধির স্বল্পতা রয়েছে। তারা নিজেদের ভালোটা বোঝার জ্ঞান রাখে না।
এই বর্ণবাদী মনোভাবটি ইসলামোফোবিয়ার কুশীলব ও অরিয়েন্টালিস্টদের হিজাব বিষয়ে মৌলিক অবস্থানটি পরিষ্কার করে। হিজাবকে কেন্দ্র করে নারীর প্রতি এহেন অবমননাকর ধারণা পোষণ করা হয়- বিশেষত যেসব নারী জনসমক্ষে হিজাব পরিধান করে তাদের সম্পর্কে। মুসলিম নারীদের সভ্য করার জন্য আধুনিকতা ও ধর্মনিরপেক্ষতাকে তত্ত্ব ও মতাদর্শের খোলসে মুড়িয়ে এই চলমান ও বৈশ্বিক প্রকল্পকে বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রজেক্ট হাল আমলের বুদ্ধিবৃত্তিক প্রজেক্ট হিসেবে উদযাপিত হচ্ছে। হিজাবী নারীদের প্রতি তেড়ে আসা সকল আক্রমণই গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় যখন তা সভ্যতা সমুন্নত রাখা, পিছিয়ে পড়া মুসলিম মেয়েদের আলোকিতকরণের নাম করে করা হয়।
মুসলিম নারী হয়রানি ঘটনার যেন কোনো অন্ত নেই। যার আওতায় যেমন আছে তীব্র মৌখিক আক্রমণ তেমন আছে শারীরিক হুমকি; যার মধ্যে রয়েছে ব্যক্তিপর্যায়ে সহিংসতা ও হিজাব ছিনিয়ে নেয়া। উন্মাদনার ধোঁয়াশায় আরও একটু ঘৃতাহুতি দিতে যুক্ত করে, মুসলিম হিজাব পরিহিতা নারী প্যাসিভ সন্ত্রাসবাদের প্রতিনিধিত্ব করে। তাই এটি একটি চ্যালেঞ্জ যা নিয়ন্ত্রিত হতে হবে। ইসলামি অন্যান্য নিদর্শনের চেয়ে তারা ডানপন্থি বামপন্থি উভয় চরম মাত্রার ইসলামোফোবিয়াকে ত্বরান্বিত করতে মুসলিম নারীদের মাথায় পরিহিত এ পোশাককে কাজে লাগায়। আর তারা সভ্যতা নামের ছায়াতলে আশ্রয় নেয়। তাই সভ্যতা রক্ষার নামে ইসলামোফোবিয়ার প্রচারণা কোনো কলঙ্কজনক কিছু নয় বরং তা বর্ণবাদী জনতার লক্ষ্যকে ত্বরান্বিতকারী।
ইসলাম বিদ্বেষের নানা রূপই সমাজে উপস্থিত। তবে সবচে দৃঢ় ও ক্রমবর্ধমান আগ্রাসী ভূমিকা ললালিত হয় মুসলিম নারীদের কেন্দ্র করে। কেননা হিজাব দৃশ্যমানভাবে চিহ্নিতকরণের কাজ করে। ইসলাম-বিদ্বেষের বিদ্যমান তথ্য ও গবেষণায় দেখা যায় যে, মুসলিম নারীদের প্রতি সহিংসতা ও বৈরিতার ঘটনার আরও বেড়ে চলার দিকে ইঙ্গিত করে। মুসলিম মেয়েরা মুসলিম পুরুষদের তুলনায় মারাত্মক আক্রমণের শিকার হয় প্রতিনিয়ত; অথচ তারা পশ্চিমা সংস্কৃতি ধারণ করে নিমেষেই পশ্চিমা ভিড়ে হারিয়ে যেতে পারত। বেঁচে যেতে পারত এহেন সব বৈরিতার ভয়াল থাবা থেকে। মুসলিম পুরুষরা পশ্চিমা সমাজে যেখানে ক্লার্ক কেন্ট হয়ে থাকে সেখানে মুসলিম রমণীরা সমাজে ইসলামের নিদর্শন উজ্জীবিতকারী হিসেবে আবির্ভূত হয়।
ভাষান্তর : হাবিবুর রহমান রাকিব
📄 হিজাব নিয়ে পশ্চিমা গপ্পো
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে আধুনিকতাবাদী এজেন্টদের (পশ্চিমা) কাছ থেকে ওয়েস্টার্ন কাপড় পরে হেটে যাওয়া অতীতকালের মুসলিম দেশের নারীদের ছবি দেখতে পাওয়া যায়। এই প্রচারণায় ইরান ও আফগানি নারীদের তারা লক্ষ্যবস্তু বানায়। আধুনিকতার মশালবাহীরা ওয়েস্টার্ন পোষাক পরা নারীদের ছবি প্রচার করে বলে বেড়ায়, “এরা আগে কী ছিল, আর এখন কী হয়েছে!” আর কেউ কেউ মাথা নেড়ে বলেন, তাই তো! তাই তো!
এখানে একটা বড় ধোকাবাজি রয়েছে। ১৯২৪ সালের ইরানের শাসক ছিলেন সেক্যুলার রেজা শাহ। তবে তিনি কোনো গণতান্ত্রিক নেতা ছিলেন না। তিনি সেখানে ধর্ম পালনে অত্যধিক কড়াকড়ি জারি করছিলেন। হিজাব, বোরকা, দাঁড়ি রাখা সব বে-আইনি। ধর্মীয় উৎসব পালনে বিধিনিষেধ। কিন্তু তিনি ধীরে ধীরে কঠোরতর হতে থাকলে ইংল্যান্ড-সোভিয়েত তাকে নির্বাসনে দেয়। এরপর, তিনি ১৯৪৪ সালে গত হন।
১৯৪১ থেকে ১৯৫৩ পর্যন্ত ইরানে ডেমোক্রেটিক সেক্যুলারিজম ছিল। ১৯৫১ সালে মোসাদ্দদেগ ছিলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। সেক্যুলার হলেও ছিলেন উপনিবেশবিরোধী মানুষ। নিজের দেশের ভালো-মন্দ বুঝতেন। ঐতিহাসিক এরভান্ড আব্রাহামিয়ান তার The Coup: 1953, the CIA and the Roots of Modern US-Iranian Relations বইতে লিখেছেন, মোসাদ্দেগ এমন উপনিবেশবিরোধীএকজন মানুষ ছিলেন, যিনি গনতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে আপোসহীন ছিলেন।
১৯১৩ থেকে ইরানের সব তেল ইন্ড্রাস্ট্রি ছিল এংলো-পারসিয়ান অয়েল কোম্পানির অধীনে। ইউরোপ থেকে আইনে পিইচডি করা মোসাদ্দেকের সরকার তল বানিজ্যের জাতীয়করণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ঘটনায় ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্ষতি হলো। সেই ক্ষতি বজ্রদন্ডের সাহায্যে স্বহস্তে ফেলেছিলেন অলিম্পাসের দেবতা জিউস। তেল রক্ষার্থে ব্রিটিশ সিক্রেট ইন্টিলিজেন্স সার্ভিস (ব্রিটিশ গোয়েন্দাদের দল) আমেরিকান গোয়েন্দাদের দল সিআইএকে বলল, চলো আমরা একসাথে কাজ করি। শুরু হলো
সামরিক অভ্যুত্থান। সিআইএ মোসাদ্দেগকে সেনাবাহিনী দ্বারা উৎখাতের নাম দিল 'অপারেশন এজাক্স'। মোসাদ্দেগকে গ্রেফতার করে তিন বছরের জেল দেয়া হল। তারপর রাখা হল নিজগৃহে নজরবন্দী অবস্থায়। জনগণের একটা সমর্থন ছিল তার প্রতি। তাই তিনি মারা গেলে তার বাড়িতেই নিরবে দাফন করা হয় বিপ্লবের আশংকায়। মোসাদ্দেগকে সরানোর পর ইরানে আমেরিকান পেট্রোলিয়াম কোম্পানিগুলো কাজ শুরু করে। ফ্রান্স এবং ডাচ পেট্রোলিয়াম কোম্পানিও কাজ শুরু করে।
এরপর রেজা শাহের পুত্র রেজা শাহ পহলবী রাজা হিসেবে শাসন করতে লাগলেন। দেশের সম্পদ বিদেশীরা নিয়ে যাবে এমন ইচ্ছা তারও ছিল না। তিনি তেল বানিজ্যের জাতীয়করণের ক্ষেত্রে মোসাদ্দেকের মতকে সমর্থনই করতেন। তবে পশ্চিমের বিরুদ্ধে যাওয়ার সাহস পাননি তিনি। হয়ে গেলেন একজন একনায়ক, সেক্যুলার। পোস্ট রেভ্যুলোশনারী ফ্রান্স এবং ক্লাসিক্যাল আমেরিকান রাজনৈতিক চিন্তা থেকে ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করার চিন্তা তার মাথায় ছিল।
দেশে স্বৈরশাসক। এর মাঝে মুসলিম দেশ। যে দেশের শক্ত ইতিহাস ও ঐতিহ্য আছে। সেসব ভুলে গিয়ে তিনি ভীনদেশের তরিকামতো আগানো শুরু করলেন। যার ফলাফল হিসেবে মাথা তুলতে শুরু করল সে দেশের ইসলামি দলগুলো। দেশে দূর্নীতি হলে, মানবাধিকার লংঘিত হলে সাধারণ মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারে। অসহ্য পর্যায়ে চলে গেলে যেকোন আদর্শের ছায়াতলে গিয়ে তাদের বিদ্রোহ করার সম্ভাবনা থাকে। মানুষ বিদ্রোহী হলো। শাহ এই বিদ্রোহের উত্থানের নেপথ্যনায়ক হিসেবে ব্রিটিশদের দায়ী করতে লাগলেন। ব্রিটিশদের সাথে সম্পর্ক খারাপ করে তিনি আমেরিকা ও ফ্রান্সের সাথে জোট গঠন করলেন। কিন্তু ইসলামি জনশক্তির বিজয় ঠেকানো সম্ভব হলো না।
১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে হল বিপ্লব। যাকে বলা হয় ইরানি বিপ্লব। শাহের পতন ঘটে। ইরান ইসলামি প্রজাতন্ত্র হয়। ইরানের রাজতন্ত্র বিলোপ করা হয়। শাহকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আসলে কী জানা গেল? মোসাদ্দেক, শাহ বা ইরানের কথা। তবে আলোচ্য বিষয়বস্তু হলো স্কার্ট পরা আধুনিক নারীরা। এই ইতিহাসের সাথে একটু যুক্ত করলেই সেটা বুঝে আসবে। তৎকালীন রেজা শাহ পুলিশদের নির্দেশ দিয়েছিলেন হিজাব পরে বের হলে বা মাথায় কাপড় দিলে পুলিশ যেন জোর করে তা খুলে ফেলে। এটাই হলো ওইসব ছবির মূল ইতিহাস। এইসব অতীতের ছবি দিয়ে এবং তার বিপরীতে বোরকা পরা মেয়েদের ছবি দেখিয়ে ভয়ের পলিটিক্স করা হয়। বুঝানো হয় যে আগে সেখানে মহিলাদের অধিকার ছিল আর এখন কিছুই নাই। এর মাঝে এমন কিছু ইঙ্গিত থাকে যা আধুনিক মানবতাবাদীর মনে ভয়ের উদ্রেক করে। এবং জাগিয়ে তুলে ইসলামোফোবিয়া।
আমাদের দেশেও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মেয়েদের প্রতিবাদের ছবি দেখিয়ে বলা হয়, দেখুন আগে কোন মেয়েদের মাথায় কাপড় ছিল না। কিন্তু এখন ভার্সিটিতে কত হিজাবী মেয়ে দেখা যায়। যারা এসব বলেন তারা বুঝাতে চান যে, দেশে ব্যাপক হারে ইসলামাইজেশন বা মৌলবাদী ইসলামাইজেশন হচ্ছে। সেই একই ভয়ের রাজনীতির চেষ্টা। কিন্তু এই কথার ফাঁকটা হল, ১৯৫২ সালে কতজন রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে বিশ্ববিদ্যালয়ে যেত, এখন কতজন পড়ে সেই সংখ্যার তারতম্য। আগে রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়েরা কম যেত বিদ্যালয়ে, এখন অনেক বেশী যাচ্ছে। বর্তমানে ১৯৫২ সালের থেকে অনেক অনেক বেশি কনজারভেটিভ ফ্যামিলির মেয়েরা বিদ্যালয়ে পড়ছেন। সেই অনুপাতে দেখা যাচ্ছে হিজাবের সংখ্যাবৃদ্ধি। এইসব ছবি নিয়ে যারা খেলতে আসেন তাদের ঘরের মেয়েরাও এখন বোরকা পরা শুরু করেছে, এমন খবর আমরা সংবাদমাধ্যমেও দেখতে পাই অহরহ।
📄 ‘ওয়ার অন টেরর’: সন্ত্রাস দমনের নামে মুসলিমনিধন প্রকল্প
চলতি শতকের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (ওয়ার অন টেরর) ঘোষণা করে, কি এক অলৌকিক কারণে এই যুদ্ধটা মুসলিম জাতির বিরুদ্ধেই সমাধিক খ্যাতি পেয়ে যায়। পশ্চিমা মোড়লরা 'ওয়ার অন টেরর'র নামে মুসলিম বিশ্বকে সামরিকভাবে যুদ্ধের বেশে ধ্বংস করতো, তা এখন সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে দিয়েছে। যুদ্ধক্ষেত্র ছাড়াই অমুসলিমরা হাতে অস্ত্র তুলে নিয়ে সামরিক ঢঙ্গে মুসলিমকে মারা শুরু করেছে, ইসলাম আর সংখ্যালঘুদের ওপর যেখানে সেখানে আক্রমণ করছে।
বিশ্বে পশ্চিমা শিক্ষিত পণ্ডিতদের প্রচারিত বিচিত্র সমাজের ধারণা যে অকার্যকর হয়ে পড়েছে, তা দাতব্য সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন থেকে জানা যায়। সেখানে বলা হয়েছে, নিজেদের সঠিক প্রমাণ করতে শেতাঙ্গ ধর্মান্ধরা এখন হাতে অস্ত্র তুলে নিয়েছে। আমরা কেবল শোক প্রকাশ করে পরবর্তী নারকীয়তার জন্যে অপেক্ষা করে থাকতে পারি না। সন্ত্রাসী বেন্টন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে যে নৃশংসতার সৃষ্টি করেছে তা বিশ্বে ভয়াবহ এক পরিণতির চূড়ান্ত সতর্কতা মাত্র। 'স্পষ্টত, এটা শুধু পশ্চিমা সমাজের ব্যাপার নয়। অনেক মুসলিমই ক্রাইস্টচার্চকে বিশ্বে বিপজ্জনক সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের প্রতিষ্ঠিত ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার ক্ষুদ্র একটা অংশ হিসেবেই দেখছে।'
এভাবেই আজকের ক্রাইস্টচার্চের বীজ বপন হয়েছিল পেন্টাগনের গোপন কোনো কক্ষে, আধুনিক বিশ্বের মোড়লদের চকচকে হাতে। ইসলামবিদ্বেষ, সদা চামড়াই শ্রেষ্ঠ, এই শিল্পকে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক পর্যায়ে নিয়ে গেছে যার ফলে কিছু মুর্খ বর্বর শিকারির হাতে পাখির মতো প্রাণ হারাতে হয়েছে ক্রাইস্টচার্চের দুই মসজিদে প্রার্থনারত অর্ধশত মুসলিমকে। এভাবেই বুলেটভর্তি রাইফেল নিয়ে পশ্চিমের অনেক ঘরেই তৈরি হচ্ছে নব্যক্রুসেড। মানুষের মধ্যে যে অসভ্য উগ্রতা শায়িত থাকে, বর্ণবাদের যে ধারণা শৈশব থেকে মানুষকে পণ্যের ন্যায় চিহ্নিত করতে শেখায়, সেই উগ্রতাকে উসকে দিতে ইসলামোফোবিয়া খুবই কার্যকর হাতিয়ার হয়ে ওঠে পশ্চিমা শেতাঙ্গ অভিজাত শ্রেণির কাছে।
এরকম শত ঘটনার মধ্যে আরেকটি ঘটনা হলো, ২০১৯ সালের ফেব্রুয়ারির ১৪ তারিখ আনুমানিক দুপুর ২টার দিকে ১৯ বছর বয়সি একজন বন্দুকধারী ফ্লোরিডার মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে তার সাবেক শিক্ষক এবং সহপাঠীদের ওপর গুলি বর্ষণ শুরু করে। এতে ১৭ জন নিহত এবং কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়। এ পর্যন্ত মার্কিন স্কুল ক্যাম্পাসে এটি ১৮তম হামলার ঘটনা এবং এটিই সবচেয়ে ভয়াবহ ঘটলেও, ভয়াবহ বন্দুক হামলার মধ্যে এটি নবমতম স্থানে ওঠে এসেছে। পরের দিন সকাল ৬ টায় কর্তৃপক্ষ বন্দুকধারীকে নিকোলাস ক্রুজ নামে চিহ্নিত করে এবং ১৭ জনের খুনের মামলায় তাকে অভিযুক্ত করা হয়। যদিও এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে, হত্যাকারীর মনস্তাত্ত্বিক প্রোফাইল ইতোমধ্যে বেরিয়ে আসতে শুরু করেছে এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই সাধারণ একটি বিষয়।
কিলার এমন ঘটনা ঘটাতে পারে সে সম্পর্কে পূর্ব থেকেই অনেক জল্পনা ছিল। সেখানে সতর্কবার্তা ছিল। ফ্লোরিডা টেলিভিশন স্টেশনকে একজন শিক্ষার্থী বলেন, 'অনেক লোক বলছিল যে, সে ক্রুজ এমন একটি ঘটনা ঘটাতে যাচ্ছে। ঘটনাটি অনেকের পূর্বাভাসকে সত্যে পরিণত করেছে। এটা সত্যিই ক্রেজি।' ক্রুজ যে এই ধরনের নিষ্ঠুরতা চালাতে সক্ষম- সে সম্পর্কে তারা কীভাবে ভবিষ্যদ্বাণী করতে পেরেছিল, ছাত্রটি তা বলেনি। তবে তাদের ভবিষ্যদ্বাণীর কারণগুলো সম্ভবত হতে পারে যে, ক্রুজকে ক্রমাগতভাবে স্কুলটি থেকে বরখাস্ত করা হচ্ছিল এবং অবশেষে তাকে সেখান থেকে বহিষ্কৃত করা হয়। এটি সম্ভবত বন্দুক ও ছুরির প্রতি তার আগ্রহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট এবং মুসলিমদের প্রতি ঘৃণা পোষণের কারণে স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ছাত্রটি বলেছিল, 'সামাজিক মাধ্যমে তার পোস্ট করা সব কিছুই ছিল অস্ত্র সম্পর্কিত। এটা তার অসুস্থতা প্রকাশ করে।' আরেকজন ছাত্র ক্রুজ সম্পর্কে জানায় যে, 'সে প্রায়ই ট্রাম্প ক্যাপ পরতো এবং ইসলাম সম্পর্কে ঘৃণাসূচক লেখা সম্বলিত অতি-দেশপ্রেমিক টি-শার্ট পরতো। এছাড়াও, মুসলিমদের সন্ত্রাসী ও বোমাবাজ হিসেবে উপহাস করার জন্যও ক্রুজ পরিচিত ছিল।'
এই ঘটনার পর ফ্লোরিডার রিপাবলিক প্রতিনিধি ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গ্রুপের নেতা- যার লক্ষ্য হলো ফ্লারিডাকে শুধুই শ্বেতাঙ্গ অধ্যুষিত রাজ্য বানানো। তিনি বলেন, ক্রুজ তাদের আধা-সামরিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছিল এবং সে তাদের একজন সদস্যে পরিণত হয়েছিল এবং হামলায় ব্যবহৃত তার কেনা 'এআর-১৫' রাইফেলটি তাদের গ্রুপটি থেকে কেনা হয়েছিল বলে ছাত্রটি স্বীকার করে।
আমেরিকার উচ্চ শক্তিধর অস্ত্রের জন্য বিকৃত লালসা মুসলিম ঘৃণার পিছনে কাজ করছে এবং ক্ষমতাশালী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) দেশটির ৩.৫ মিলিয়ন আমেরিকান মুসলমানদের প্রতি ক্রমবর্ধমানভাবে বিদ্বেষকে উসকে দিচ্ছে। এনআরএ -এর ২০১৫ জাতীয় বার্ষিক সম্মেলনের একটি সেশনে সদস্যদেরকে কিছু নিদের্শনা দেয়া হয়েছিল। এরমধ্যে ছিল-ইসলামিক চরমপন্থিরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলোকে নিয়ন্ত্রণ ও ইসলামিক আইন প্রণয়ন করে, সেক্ষেত্রে সদস্যরা কী কী পদক্ষেপ নিতে পারে, সেইসব নির্দেশনা। এটিকে আমেরিকান বন্দুক মালিকদের জন্য প্রকৃত হুমকি বলে অভিহিত করা হয়েছিল। অনুষ্ঠানের উপস্থাপক শ্রোতাদের জানান যে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এমন এলাকায় ছিলেন যেখানে কেবল মুসলিমদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তিনি দাবি করেন, এটি এমন এলাকা যেখানে পুলিশও প্রবেশ করতে অস্বীকার করে। তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্য বলেছিলেন, 'রাস্তার চিহ্নগুলো রাতারাতি ইংরেজি থেকে আরবিতে রুপান্তরিত হয়ে যায়। কোনো দোকান বা রাস্তার কোনো চিহ্নে একটি ইংরেজি শব্দও ছিল না। এটা আমি আমার নিজের চোখে দেখেছি এবং এটিই বাস্তব।'
পরে ডানপন্থী 'ফক্স নিউজ' সহ মার্কিন গণমাধ্যমের খবরে স্বীকার করা হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট এলাকায় শুধু ধর্মের ওপর ভিত্তি করে ব্যক্তিরা থাকেন- এমন বিবৃতিকে সমর্থন করার বিশ্বাসযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু আসল সত্য উৎঘাটন হোক বা না হোক, এই মুসলিম-বিরোধী ষড়যন্ত্র তত্ত্বগুলো কেবল সত্য হিসাবেই গ্রহণ করাই হয়নি, বরং এটি মিডিয়ার মাধ্যমেও অতিরঞ্জিত করে তোলা হয়। যারা মুসলমানদের সম্পর্কে ভয়, ঘৃণা ও সন্দেহের গুজব ছড়ায়, এটি ছিল তাদের জন্য এক ধরনের পুরস্কার।
আমেরিকান মানবাধিকার গ্রুপ 'হেইট হার্টস'- এর প্রতিষ্ঠাতা ইমরান সিদ্দিকী বলেন, 'যদিও এই বিষয়ে খুব সামান্যই কভারেজ রয়েছে। এটা খুব কমই বিস্ময়কর যে, বেশির ভাগ মুসলিমবিরোধী রাজ্যগুলোতে ব্যাপক মিলিশিয়া কার্যকলাপ এবং অনিয়ন্ত্রিত বন্দুকসংস্কৃতি বিরাজ করছে। বন্দুক-সংস্কৃতি ও ইসলামোফোবিয়ার মধ্যে যে অন্তচ্ছেদ রয়েছে তার একটি স্পষ্ট উদাহরণ হিসেবে আমরা ফিনিক্স, অ্যারিজোনার সশস্ত্র মসজিদ প্রতিরক্ষাকে ফিরে দেখতে পারি। মিলিশিয়া সদস্যরা মসজিদের বাইরে এরআর-১৫ এবং অন্যান্য উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে।' ইমরান সিদ্দিকী বলেন, 'এই ধরনের পদক্ষেপসমূহ টেক্সাস, সাউথ ডাকোটা, ক্যানসাসের মতো জায়গায় বিদ্যমান রয়েছে। এটা ভুলে যাওয়ার নয় যে, ট্রাম্পের সমর্থক শ্বেতাঙ্গ আধিপত্যের মিলিশিয়া গ্রুপটি ২০১৬ সালে সোমালি সম্প্রদায়ের ওপর বোমা-হামলার চেষ্টা করেছিল।'
একজন সুপরিচিত আমেরিকান মুসলিম বক্তা ও ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামি রিসার্চের প্রেসিডেন্ট ওমর সুলায়মান এক সাক্ষাতকারে বলেন, 'সশস্ত্র সদস্যরা মুখোশের আড়ালে শুয়োরের রক্তে তাদের বুলেট ডুবিয়ে দিচ্ছে। এটি এই প্রতিশ্রুতি দেয় যে তারা একদিন আমাদের সব মুসলমানদের গুলি করতে যাচ্ছে।' যে শেষ পর্যন্ত আমরা ক্রুজের এই নিষ্ঠুর সহিংস আচরণের একটি পরিষ্কার ধারণা পাব বলে আশা করছি। এটি লক্ষণীয় যে, শ্বেতাঙ্গ মিলিশিয়াদের হাতে হত্যার সংখ্যা ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। 'এন্টি ডিফ্যামেশন লীগ'-এর একটি প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। বন্দুকের সহজলভ্যতা ঘৃণা অপরাধকে বৃদ্ধি করেছে। এই সহজলভ্যতা কেবল যুদ্ধক্ষেত্রের ইঙ্গিত দেয়।
এদিকে নিজেদের ঘরের লোকের খবর নেই এইসব মোড়লদের। আজোভ ব্যাটালিয়ন ট্রান্সন্যাশনাল রাইট উইং ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট (আরডব্লিউএইচ) নামটা শুনেছেন নিশ্চয়? এটি শ্বেতাঙ্গ সন্ত্রাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বেড়ে উঠছে। এই গোষ্ঠীটি নিজস্ব 'ওয়েস্টার্ন আউটরিচ অফিস' পরিচালনা করে, যা বিশ্বব্যাপী এমন সহিংস ও মনস্তাত্ত্বিকভাবে হিংস্র সংস্থার লোকদের আকর্ষণ করতে সহায়তা করে এবং এদের প্রশিক্ষণের জন্যে বিদেশি যোদ্ধাদের নিয়োগদান করে। আউটরিচ অফিসের অপারেটররা সংগঠনটিকে প্রচার করার জন্য এবং সাদা আধিপত্যবাদী মতাদর্শ ছড়িয়ে দিতে সমগ্র ইউরোপ ভ্রমণ করে। ২০১৮ সালের জুলাইতে, জার্মানির থুরিঙ্গা প্রদেশে ডানপন্থি এক রক উৎসবে জার্মান ভাষায় লেখা আজোভ ব্যাটালিয়নে যুক্ত হতে আমন্ত্রণপত্র বিলানো হয়। আমন্ত্রণপত্রে 'বিলুপ্তি থেকে ইউরোপকে রক্ষার জন্য' এবং 'সেরাদের দলে যোগদান করতে' আহ্বান জানানো হয়েছিল।
এমন ঘটনা মানুষ জানেও না তেমন, পশ্চিমা মিডিয়ায় জানানো হয়নি এসব, অথচ মুষ্টিমেয় কতক মুসলিম একই কাজ করলে প্রভাবশালী মিডিয়াগুলো চাউর করে সংবাদ প্রকাশ করতো। তার মানে এই নয় যে, উগ্রবাদ ভালো। উগ্রবাদ ক্ষতিকর তা সব ধর্মের জন্যেই একইভাবে সত্য। তবে, মুসলিমদের যেকোনো ক্ষুদ্র সহিংসতাকেও যতো সহজে জঙ্গিবাদের তত্ত্বে ফেলা যায়, অমুসলিমদের এমন নারকীয় কাণ্ডেও তাদের সন্ত্রাসী বলতে বিশ্বমিডিয়ার অনীহা দেখা যায়। বর্ণ, ধর্ম আর শ্রেণিভেদের পক্ষপাতে মানবতাকে গলা টিপে হত্যা করতেও বাধে না সুশীল-সমাজের এই প্রতিনিধিদের।
ওয়ার অন টেররের মাধ্যমে বিশ্বে ইসলামোফোবিয়ার যে নেতিবাচক জনপ্রিয়তা অর্জিত হয়েছে, তা অচিরেই নির্মূল করতে সমাজ থেকে বৈষম্য মুছে ফেলতে হবে। গুটিকতক মানুষের স্বার্থ হাসিলে, বিশ্বের অমুসলিমরা এমন ইসলামঘৃণার তত্ত্বকে আয়ত্ত্ব করতে থাকলে, তা অচিরেই সবকিছু ধ্বংস করে দিবে। বৈষম্যকে কখনই যেখানে স্থান দেয়া উচিৎ নয়। সন্ত্রাসের কোন ধর্ম থাকে না।