📄 আভিধানিক অর্থ
বাংলা ভাষায় হিসাব-নিকাশ দু'টি বহুল ব্যবহৃত শব্দ। আরবীতে দু'টি শব্দই মাছদার। বাংলায় মাছদারকে ক্রিয়ামূল বা ধাতু বলে। এই হিসাব শব্দেরই আরেকটি প্রতিরূপ মুহাসাবা। শব্দটি বাব مفاعلة-এর মাছদার। এটি 'মাযীদ ফীহ' বা অতিরিক্ত হরফ যোগে গঠিত ক্রিয়ার মাছদার। অভিধান অনুসারে 'মুহাসাবা' ও 'হিসাব' শব্দের অর্থ পূর্ণরূপে গণনা করা। শব্দটির আরেকটি অর্থ, হিসাব যাচাই করা।
মুজারাদ বা মূল শব্দে গঠিত 'হাসিবা-ইয়াহসাবু' ক্রিয়া হ'লে তখন অর্থ হবে- গণনা করল, গুণল। 'হুসবান' ও 'হিসাবাহ' অর্থ গণনা করা।
টিকাঃ
১. আত-তাওকীফ 'আলা মুহিম্মাতিত তা'আরীফ, পৃ. ৬৪০।
২. মিছবাহুল লুগাত, পৃ. ১৫২।
৩. ফিরোযাবাদী, আল-ক্বামূসুল মুহীত, ১/৯৪।
📄 পারিভাষিক অর্থ
মুহাসাবার আভিধানিক অর্থের সাথে পারিভাষিক শব্দের যোগ রয়েছে। সাধারণত নিজের গোনাহ-অপরাধ এবং দোষ-ত্রুটি হিসাব করাকে মুহাসাবা বলে।
মাওয়ার্দী বলেছেন, أن يتصفح الإنسان في ليله ما صدر من أفعال نهاره، فإن كان محمودًا أمضاه وأتبعه بما شاكله وضاهاه، وإن كان مذموما استدركه إن أمكن، وانتهى عن مثله في المستقبل 'মানুষ রাতে শোয়ার আগে দিনের কাজগুলো যাচাই-বাছাই করে দেখবে। যদি সেগুলি ভাল ও প্রশংসনীয় হয় তাহ'লে তা যথারীতি বহাল রাখবে এবং ভবিষ্যতে অনুরূপ কাজ সামনে এলে তা করে যাবে। আর যদি তার কাজগুলো নিন্দনীয় হয় তাহ'লে যথাসম্ভব তার প্রতিকার করবে এবং ভবিষ্যতে ঐ জাতীয় কাজ থেকে বিরত থাকবে'।
টিকাঃ
৪. মাওয়ার্দী, আদাবুদ্দুনিয়া ওয়াদ্দীন, পৃ. ৪৫৩-৪৫৪ (ঈষৎ পরিবর্তিত)।