📄 সুযোগে জীবনে একবারই পাওয়া যায়
১৩৬. আবুল আবইয়াজ রাহিমাহুল্লাহ নামের একজন ব্যক্তি অতিশয় আবেদ ও নেককার ব্যক্তি ছিলেন। তিনি তার একজন বন্ধুর নিকট চিঠি লিখলেন এভাবে:
'হামদ-সালাতের পর কথা এই যে, তুমি পার্থিব জীবনে একটিমাত্রই প্রাণের অধিকারী হয়েছ। সুতরাং যদি পরিশ্রম ও কঠোরতার মাধ্যমে একে পরিশুদ্ধ করে নাও, তবে তোমার আশেপাশের লোকেরা খারাপ হলেও তোমার ঈমান ও আমলে কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে যদি তুমি তোমার নফসকে কলুষিত করে নাও, তবে তোমার আশেপাশের সবাই ফেরেশতার মতো ভালো হলেও তোমার কোনো উপকারে আসবে না। আর মনে রেখো, তুমি দুনিয়ায় ততক্ষণ পর্যন্ত নিরাপদ নও, যতক্ষণ পর্যন্ত না ভালো-মন্দ বা সামান্য যা কিছু তোমার রিজিকে জোটে, তাতে অভ্যস্থ হও।'
এই ঘটনায় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে। সেটা হলো, মানুষকে আল্লাহ তাআলা একটিমাত্রই জীবন দিয়েছেন এবং একবারই মৃত্যু হবে। একবারের জীবনে যত ইচ্ছা ভালো কাজ করা যাবে, ভুল হলে, পাপ হলে, অন্যায় হলে যতবার ইচ্ছা মাফ করিয়ে নেয়া যাবে, তাওবা করা যাবে। কিন্তু একবার মৃত্যু হয়ে গেলে, হাজারবার অনুরোধ, আবেদন করলেও আল্লাহ তাআলা বান্দাকে পুনরায় সুযোগ দেবেন না। এটা কুরআনেরই ভাষ্য। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন:
وَلَوْ تَرَى إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُو رُءُوسِهِمْ عِنْدَ رَبِّهِمْ رَبَّnā أَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ.
'হায়, তুমি যদি দেখতে! যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সম্মুখে অধোবদন হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম। এখন আপনি আমাদেরকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করুন, আমরা নেك আমল করব, আমরা এখন দৃঢ়বিশ্বাসী হয়েছি।" ৩০
অর্থাৎ মৃত্যুর পর অপরাধীরা হাজারবার অনুরোধ করবে, কিন্তু সেই সুযোগ আর তাদেরকে দেয়া হবে না। দুনিয়ায় আবার পাঠিয়ে তাওবা করে আমল করার সুযোগ আর কাউকেই দেয়া হবে না। তাই ওই বুজুর্গ বলেছেন, তোমার জীবন মাত্র একটি। সুতরাং নেك আমল করার সুযোগও এই একটি জীবনে করার সুযোগ হবে। অতএব, হেলায় এই সুযোগ নষ্ট করে চিরস্থায়ী আফসোসে নিজেকে নিমজ্জিত করো না। সেদিনের হাজার আফসোস কোনো কাজে আসবে না।
টিকাঃ
৩০. সুরা সাজদাহ: ১২।
📄 উমর ইবনে আযিয রহ.-এর আত্মসমালোচনা
১৩৭. ফজল ইবনে ইউনুস রাহিমাহুল্লাহ বলেন, জনৈক ব্যক্তি উমর ইবনে আব্দুল আযিয রহ.-কে বললেন, হে আমিরুল মুমিনিন! আপনি সকালে কীভাবে ঘুম থেকে জাগ্রত হন। তিনি আত্মসমালোচনা করে জবাব দিলেন, আমি সকালে অতি বিলম্বে, স্থূলকায় অবস্থায় এবং পাপে জর্জরিত হয়ে জাগ্রত হই। আর আল্লাহর নিকট নেকি না থাকা সত্ত্বেও মঙ্গলের আকাঙ্ক্ষা করি!
📄 অদৃশ্যের শব্দে নফসের পরিচয় প্রকাশ
১৩৮. একদিন সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ ঘুমিয়েছিলেন। হঠাৎ ঘুমের মধ্যেই তিনি অদৃশ্যের একটি ডাক শুনতে পেলেন। কে যেন বলছে, হে আবু আব্দুল্লাহ! তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে; মানুষের আত্মা তার আমল ও উপার্জন দ্বারা বাধিত। সুতরাং আমল করো, কেননা আত্মার মুক্তি তার ভালো অভ্যাসের ওপর নির্ভরশীল।
📄 নফসকে ক্লান্ত ও শায়েস্তা করা
১৩৯. আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ মক্কায় হাজির হলেন। হাজির হয়ে তিনি বিছানায় পিঠ লাগালেন না। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে বললেন, বহুদিন পর নফসকে ক্লান্ত ও অনুগত পেয়েছি। তাই শয্যাগ্রহণ করে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া অপছন্দ করলাম।