📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নিজের নফসকে সন্তুষ্ট করাতেই আল্লাহর সন্তুষ্টি

📄 নিজের নফসকে সন্তুষ্ট করাতেই আল্লাহর সন্তুষ্টি


১০৫. ইবনে আবু শুমায়লা রাহিমাহুল্লাহ বলেন, জনৈক ব্যক্তি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহর দরবারে উপস্থিত হলেন, যিনি তুখোর মেধাবী ও আরবি সাহিত্যের পণ্ডিত বলে প্রসিদ্ধ ছিলেন। খলিফা তাকে বললেন, কিছু বলো।
জবাবে তিনি বললেন, কোন বিষয়ে কথা বলব? আমি জানি, বক্তা যে বিষয়েই কথা বলুক না কেন, এর দায়ভার তাকেই বহন করতে হবে, প্রতিটি কথার হিসাব দিতে হবে। একমাত্র সেই কথা ব্যতীত, যা আল্লাহ তাআলার জন্য বলা হয়েছে।
তার কথা শুনে আব্দুল মালিক ইবনে মারওয়ান কাঁদলেন এবং বললেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন। লোকেরা তো কেবল অপরকে উপদেশই দিতে জানে।
লোকটি বললেন: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ لِلنَّاسِ فِي الْقِيَامَةِ جَوْلَةً لَا يَنْجُو مِنْ غُصَصِ مَرَارَتِهَا وَمُعَايَنَةِ الرَّدَى فِيهَا إِلَّا مَنْ أَرْضَى اللَّهُ عَزَّ وَجَلَّ بِسَخَطِ نَفْسِهِ.
'হে আমিরুল মুমিনিন! কেয়ামত দিবসে মানুষের ভীষণ ছোটাছুটি করতে থাকবে। সেদিনের ভয়াবহ দুশ্চিন্তা ও ক্ষতি থেকে একমাত্র তারাই রক্ষা পাবেন, যারা নিজেদের নফসকে অসন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন।'

কথাগুলো শুনে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ আবার ক্রন্দন করলেন এবং বললেন: لَا جَرَمَ لَأَجْعَلَنَّ هَذِهِ الْكَلِمَاتِ مِثَالًا نُصْبَ عَيْنَيَّ مَا عِشْتُ أَبَدًا. 'তোমার এই কথাগুলো আমি আমার জীবদ্দশা পর্যন্ত দৃষ্টান্ত হিসেবে চোখের মণিকোঠায় লিখে রাখব।'

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 মুমিনের জীবন বন্দির মতো

📄 মুমিনের জীবন বন্দির মতো


১০৬. হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মুমিন-মাত্রই দুনিয়াতে কয়েদি ব্যক্তির মতো, যে নিজেকে বন্দিদশা থেকে মুক্ত করার জন্য সদা সচেষ্ট। তাই সে আল্লাহ তাআলার সঙ্গে ভালোভাবে সাক্ষাতের আগ পর্যন্ত নিজেকে নিরাপদ ভাবতে পারে না।
১০৭. মুসা ইবনে জুহানি রাহিমাহুল্লাহ বলেন, আউন ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলতেন, আমাকে আমার বন্ধকের জন্য বন্দি করার আগে আমি কীভাবে নিজেকে তা থেকে ছাড়ানোর জন্য প্রচেষ্টায় নিয়োজিত না হয়ে থাকতে পারি?
অর্থাৎ মানুষ-মাত্রই আল্লাহ তাআলার আদেশ পালনের আমানতের জিম্মাদারি নিয়ে দুনিয়ায় আগমন করেছে। আর জিম্মাদারি পালন না করলে সেভাবে ধৃত হতে হবে, যেভাবে কেউ ঋণ আদায় না করলে ধৃত হয়ে থাকে। তাই তিনি বলেছেন, জিম্মাদারি পালনে ত্রুটি করলে যেহেতু জাহান্নামের কয়েদি হওয়ার আশঙ্কা আছে, তাই সেই কয়েদখানা থেকে মুক্তি লাভের চেষ্টা না করে আমরা কীভাবে থাকতে পারি?

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 যৌবনকালের একটি উপদেশ

📄 যৌবনকালের একটি উপদেশ


১০৮. আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন যুবক ছিলাম, তখন জনৈক ব্যক্তি আমাকে বললেন:
خَلَّصْ رَقَبَتَكَ مَا اسْتَطَعْتَ فِي الدُّنْيَا مِنْ رِقَّ الْآخِرَةِ فَإِنَّ أَسِيرَ الْآخِرَةِ غَيْرُ مَفْكُوكَ أَبَدًا.
'হে যুবক! দুনিয়ায় থাকতেই তুমি আখেরাতে বন্দি হওয়া থেকে বাঁচতে যথাসম্ভব চেষ্টা করে যাও। কেননা আখেরাতের বন্দিদশা থেকে মুক্তি লাভ করা খুব কঠিন।'
আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার যৌবনকালে শ্রবণ করা এই অমূল্য উপদেশ-বাণী কখনই ভুলিনি। তাই নিজের নফসকে পরকালের বন্দিদশা থেকে মুক্ত রাখতে আজ আমি নিজেই তাকে বন্দি করে রেখেছি।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নফসের ওপর কঠোরতা না করার পরামর্শ

📄 নফসের ওপর কঠোরতা না করার পরামর্শ


১০৯. ইসমাইল ইবনে উমাইয়া রাহিমাহুল্লাহ বলেন, একবার মাসরুক রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনি নিজের নফসের ওপর যে সীমাহীন কঠোরতা করেন, যদি তার কিছুটা কমাতেন, তাহলে কতই-না ভালো হতো! নিজের ওপর তো একটু রহম করুন।
তিনি জবাবে বললেন, আমার রবের তরফ থেকে কোনো বার্তাবাহক এসে যদি বলত, আল্লাহ আমাকে আজাব দেবেন না, তাহলে আমি ইবাদতে শিথিলতা করার চেষ্টা করতাম।
লোকটি তখন বললেন, এটা কী করে সম্ভব?
তিনি বললেন, আমার নফসের ব্যাপারে এই দায়িত্ব গ্রহণ করো যে, আমি জাহান্নামে প্রবেশ করলে তাকে আমি তিরস্কার করব না। তোমার কাছে কি আয়াত পৌঁছেনি যে, আল্লাহ তাআলা বলেছেন:
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ.
'আমি শপথ করছি তিরস্কারকারী আত্মার।'
মানুষ কেয়ামত দিবসে নিজেদের আত্মাকে তিরস্কার করতে থাকবে। তিরস্কার করতে করতেই জাহান্নামের দরজায় উপনীত হবে। জাহান্নামের রক্ষী ফেরেশতাগণ তাদেরকে বন্দি করে ফেলবে এবং তখন তাদের ও তাদের আশা-আকাঙ্ক্ষার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাদের আশা শেষ হযে যাবে, তাদের থেকে রহমত তুলে নেয়া হবে এবং তাদের প্রত্যেকেই নিজেদের নফসকে কঠোরভাবে তিরস্কার করতে থাকবে। কিন্তু সেদিনের সেই তিরস্কার তাদের কোনোই কাজে আসবে না। তাই প্রত্যেকের উচিত, দুনিয়ায় থাকতেই নিজেকে শাসন করা, আত্মসমালোচনা করা এবং নিজের নফসের ওপর কঠোর নিয়ন্ত্রণভার আরোপ করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00