📄 নফসকে নেতা বানানোর ক্ষতি
৬৮. হাকিম ইবনে জাফর রাহিমাহুল্লাহ বলতেন, আমি সাইদ বুরানি রাহিমাহুল্লাহকে বলতে শুনিছি, যদি কোনো ব্যক্তির নফস তার কাছে সম্মানিত, মান্যবর ও নেতা হয়ে যায়, তবে সে তখন দুনিয়ার প্রতি আগ্রহী হয়।
📄 জান্নাতের ক্রয়মূল্য
৬৯. ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বললেন, মুহাম্মাদ ইবনুল হানাফিয়া রাহিমাহুল্লাহ আরও বলতেন, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন নফসের প্রতি কঠোরতার বিনিময়ে। সুতরাং তোমরা নফসের বদলায় অন্য কিছুর মোকাবিলায় জান্নাত ক্রয়ের চেষ্টা করো না।
📄 ব্যক্তির ওপর নফস কখন সওয়ার হয়?
৭০. মিসইয়ার ইবনে কিদাম রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তির কাছে তার নিজের নফসই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তার ওপর তার নফস সওয়ার হয়ে বসে।
📄 সবচেয়ে দামি মানুষ কারা?
৭১. উসমান ইবনে জায়েদা রাহিমাহুল্লাহ বলেন, মুহাম্মাদ ইবনুল হানাফিয়া রাহিমাহুল্লাহকে বলা হলো, মানুষের মধ্যে সবচেয়ে দামি কারা? তিনি জবাবে বললেন, সেই ব্যক্তি, গোটা দুনিয়ার কোনো কিছুই যার জন্য ক্ষতিকর বলে মনে হয় না।