📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 অন্তর পাপকাজে দ্রুতগামী

📄 অন্তর পাপকাজে দ্রুতগামী


৬৩. হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, এই অন্তরগুলোর সঙ্গে তোমরা মোকাবিলা করো, কেননা এগুলো পাপকাজে দ্রুতগামী। এসব অন্তরে করাঘাত করো, কেননা অন্তর পাপের অনুসন্ধানী। আর এরা অত্যধিক খারাপ কাজে লিপ্ত হতে তোমার সঙ্গে ঝগড়া করে। যদি তোমরা তোমাদের নফসকে সাহায্য করো, তাদের কামনা অনুযায়ী পরিচালিত হও, তবে অচিরেই তোমার আমলনামায় সওয়াব বলতে কিছু থাকবে না। সুতরাং সবর করো, ধৈর্যধারণ করো। তোমার জীবন তো অনন্তকালের হিসেবে কয়েকটি মাত্র মুহূর্ত। সুতরাং এই অল্প সময়ের জীবনে তুমি তোমার নফসের ওপর কঠোরতা করো। মনে রেখো, তোমরা বিদায়ী মুসাফির, অতিসত্বর তোমাদেরকে পরকালের যাত্রার জন্য আহ্বান করা হবে, তখন চলে যেতেই হবে, পেছনে তাকানোর সুযোগও থাকবে না। অতএব, তোমরা সেই নেককর্মের দিকে অগ্রসর হও, যা তোমরা নফসের বিরুদ্ধে লড়াই করে অগ্রগামী করেছ।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 প্রকৃত মুজাহিদের পরিচয়

📄 প্রকৃত মুজাহিদের পরিচয়


৬৪. আমর ইবনে মালেক ইবনে জুহানি রাহিমাহুল্লাহ বলেন, আমি ফাদালা ইবনে উবায়দকে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুজাহিদ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজের নফসের সঙ্গে জিহাদ করে।

টিকাঃ
২৮. মুসনাদে আহমাদ: ২৩৯৫১, সুনানে তিরমিযি: ১৬২১।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নফসের সঙ্গে প্রতিজ্ঞা

📄 নফসের সঙ্গে প্রতিজ্ঞা


৬৫. মালেক ইবনে দিনার রাহিমাহুল্লাহ স্বীয় নফসকে সম্বোধন করে বলতেন, হে আমার নফস! আমি তোমার সঙ্গে কঠোরতা করি একমাত্র তোমার কল্যাণের জন্যই।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নফসের সম্মান তার প্রতি কঠোরতায়

📄 নফসের সম্মান তার প্রতি কঠোরতায়


৬৬. ইসমাইল ইবনে উমাইয়া রাহিমাহুল্লাহ বলেন, আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ অত্যধিক ইবাদত-বন্দেগি করতেন আর নিয়মিত নফল রোজা রাখতেন। বিরামহীন ইবাদত ও একটানা রোজা রাখার কারণে তার দেহ দুর্বল হয়ে যেত এবং চেহারা হলুদবর্ণ ধারণ করত। আলকামা রাহিমাহুল্লাহ এই অবস্থা দেখে বলতেন, আর কত আপনার দেহকে আজাব দেবেন? জবাবে আসওয়াদ রাহিমাহুল্লাহ বলতেন, নফসকে কষ্ট দেয়াই কর্তব্য। সুতরাং এর সঙ্গে যথাযথ ব্যবহারই করা হচ্ছে। আর আসওয়াদ রাহিমাহুল্লাহ আরও বলতেন, আমি আমাদের দেহকে সম্মানিত করতেই তার প্রতি এই কঠোরতা করছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00