📄 নিজের নফসকে চিনুন
৬০. ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, জনৈক ব্যক্তি দীর্ঘদিন ইবাদত-বন্দেগিতে তার জীবন অতিবাহিত করলেন। একদিন আল্লাহ তাআলার কাছে তার কোনো একটা প্রয়োজন দেখা দিল। তাই তিনি ৭০টি শনিবারে রোজা রাখলেন। প্রতি সপ্তাহে মাত্র এগারোটি খেজুর খেতেন। এতদিন রোজা রাখার পর তিনি আল্লাহ তাআলার কাছে সেই প্রয়োজনটি পেশ করলেন। কিন্তু তার সেই প্রয়োজনটি পূর্ণ হলো না। তখন তিনি নিজের নফসকে সম্বোধন করে বললেন, হে আত্মা! যদি তোমার মধ্যে কোনো কল্যাণ থাকত, তুমি যদি ভালো আত্মা হতে, তবে তোমার এই প্রয়োজন পূর্ণ হতো।
তিনি যখন এভাবে নিজের নফসের সমালোচনায় লিপ্ত হলেন, তখন আসমান থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন এবং তাকে বললেন, হে ইবনে আদম! তুমি এত বছর যে ইবাদত করেছ তার চেয়ে এই মুহূর্তটি তোমার জন্য উত্তম, যে মুহূর্তে তুমি নিজের নফসকে চিনেছ এবং নফসের অকল্যাণ নির্ণয় করতে পেরেছ। আর তুমি নিজের নফসকে চেনার সুবাধে আল্লাহ তাআলা এখন তোমার সেই কাঙ্ক্ষিত বাসনাটি পূর্ণ করেছেন।