📄 মৃত্যুর পর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে?
৩৬. মুহাম্মাদ ইবনে ওয়াসি রাহিমাহুল্লাহ যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তিনি লোকদেরকে সম্বোধন করে বললেন, হে ভাইয়েরা! আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওই সত্তার কসম, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, হয়তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, নতুবা আল্লাহর ক্ষমার দিকে।
📄 পাপের যদি দুর্গন্ধ থাকত!
৩৭. মুহাম্মাদ ইবনে ওয়াসি রাহিমাহুল্লাহ বলেন, যদি পাপের দুর্গন্ধ থাকত, তবে কোনো ব্যক্তি আমার কাছেই বসতে ও ঘেঁষতে পারত না।
📄 তোমার মায়ের মূল্য মাত্র দুইশ দিরহাম!
৩৮. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ জাররাদ বলেন, মুহাম্মাদ ইবনে ওয়াসি রাহিমাহুল্লাহ একদিন তার ছেলেকে দেখলেন, সে সবার সামনে তার দুই হাত ওপরে তুলে আছে। তখন তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি নিজেকে বড়ো মনে করো না। আফসোস, তুমি কি জানো, তুমি কে? তোমার মাকে আমি দুইশ দিরহামে ক্রয় করেছিলাম। আর তোমার পিতা? তোমার পিতা তো কোটি কোটি মানুষের মধ্যে সামান্য মর্যাদাও রাখে না। সুতরাং তোমার অহংকার প্রদর্শনের কী আছে?
৩৯. আবু জাফর রাহিমাহুল্লাহ বলেন, বসরা নগরীর জনৈক ব্যক্তি স্বপ্ন দেখল, যেন একজন ঘোষক আসমান থেকে এ কথার ঘোষণা করছে যে, বসরার সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন মুহাম্মাদ ইবনে ওয়াসি।
📄 ইবনে উমর রাযি.-এর নিজের নগ্নতা প্রকাশ
৪০. আবু ওয়াজ্জা রাহিমাহুল্লাহ বলেন, একবার জনৈক ব্যক্তি ইবনে উমর রাযি.-কে বললেন, আল্লাহ তাআলা যতদিন আপনাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন আমরা কল্যাণের মধ্যেই নিমজ্জিত থাকব। জবাবে তিনি নিজের নগণ্যতা প্রকাশ করে বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, মনে হয় একজন ইরাকি বাসিন্দা? তুমি কি জানো, তোমার ভাতিজাই তার জন্য দরজা বন্ধ করে দিয়েছে?
ব্যাখ্যা: ইবনে উমর রাযি. নিজেকে নগণ্য মনে করে বললেন, তুমি তো আমাকে এত বড়ো মনে করো, অথচ তোমার এলাকার গভর্নর আমার জন্য ইরাকে প্রবেশের দরজা বন্ধ করে রেখেছেন। তিনি আমাকে শত্রু মনে করেন। তাহলে আমি এমন ব্যক্তি হলাম কী করে, যার কল্যাণে দুনিয়ার মানুষ কল্যাণে নিমজ্জিত থাকবে?