📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 তাওয়াক্কুলের ক্ষেত্রে ভুল পথে হাঁটা

📄 তাওয়াক্কুলের ক্ষেত্রে ভুল পথে হাঁটা


অনেক মানুষ আয়-উপার্জনের পথ পরিহার করে বসে থাকে। যাতে করে সে মানুষকে দেখাতে পারে যে, তাওয়াক্কুল অবলম্বন করেই সে এমনটি করছে। তারপর সে রিযিকের জন্য অপেক্ষা করতে থাকে। যখন রিযিকের দেখা না পায় তখন ক্রোধান্বিত হয়ে পড়ে। এই ধরনের স্বভাবও মানব মনের ব্যাধি। এর চিকিৎসা হলো- আয়-উপার্জনে নিজেকে নিয়োজিত করা। কারণ নবি-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন,
إِنَّ أَطْيَبَ مَا أَكَلَ الرَّجُلُ مِنْ كَسْبِهِ
“মানুষ স্বীয় উপার্জন থেকে যা ভক্ষণ করে তা-ই হচ্ছে সর্বোত্তম।”[৮৪]
সুতরাং বাহ্যিকভাবে আয়-উপার্জনে লিপ্ত হওয়া এবং অভ্যন্তরীণভাবে তাওয়াক্কুল অবলম্বন করার কর্মপন্থা অনুসরণ করা উচিত। যাতে করে বাহ্যিকভাবে মানুষের কাছে উপার্জনকারী হিসেবে এবং অভ্যন্তরীণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী রূপে পরিগণিত হওয়া যায়। এটিই হলো প্রকৃত পুরুষের কাজ এবং মুখলিস বান্দাদের কর্মপন্থা।

টিকাঃ
[৮৪] সুনান নাসাঈ: ৪৪৪৯, হাদীসের মান সহীহ।

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 ইলমের দাবী না মানা

📄 ইলমের দাবী না মানা


মানুষের একটি সমস্যা হলো ইলমের চাহিদা এবং দাবি-দাওয়া পূরণ না করে তা থেকে পলায়ন করা। এর প্রতিকার হল ইলমকে শক্তভাবে আঁকড়ে ধরা। কারণ আল্লাহ তাআলা বলেছেন,
فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ
“কোনো বিষয়ে তোমাদের বিরোধ হলে আল্লাহ এবং তাঁর রাসূলের দিকে তা প্রত্যাবর্তিত কোরো।”[৮৫]
আল্লাহ তাআলা আরও বলেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল ও তোমাদের মধ্য থেকে উলুল আমর যারা, তাদের আনুগত্য করো।”[৮৬]
'নবি-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-বলেছেন,
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
“ইলম তলব করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।”[৮৭]

টিকাঃ
[৮৫] সূরা নিসা : ৫৯
[৮৬] সূরা নিসা : ৫৯
[৮৭] সুনান ইবনু মাজাহ: ২২৪, মূল কিতাবে মুসলিম এর সাথে মুসলিমাহ শব্দটিও ছিল। শব্দটি মুনকার। এখানে লেখক আরও একটি বক্তব্য হাদীস হিসেবে উল্লেখ করেছেন। তা হলো: "তোমরা চীন দেশে গিয়ে হলেও ইলম তলব কর।” এটি প্রসিদ্ধ জাল হাদীস হওয়ায় তা মূল অনুবাদের ভেতরে উল্লেখ করা হলো না। (ইবনুল জাওযি, আল-মাউদুয়াত: ১/২১৫)

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 দান করে গর্ব করা ও খোঁটা দেওয়া

📄 দান করে গর্ব করা ও খোঁটা দেওয়া


দান-খয়রাত করে বড়াই ও গর্ববোধ করা এবং দানগ্রহীতাকে দানের খোটা দেওয়া অনেক মানুষের মন্দ স্বভাব। এটি সংশোধনের জন্য এই বিষয়টি অবগত হতে হবে যে, দানকারী তো কেবল ওই সমস্ত ব্যক্তির কাছে তাদের রিযিক পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে। প্রকৃতপক্ষে আসল রিযিকদাতা এবং দানকারী হলেন আল্লাহ তাআলা। সে কেবলমাত্র আল্লাহ এবং বান্দাদের মাঝে মাধ্যম হিসেবে কাজ করেছে। সুতরাং হকদারের কাছে তার হক পৌঁছে দেওয়ার মধ্যে গর্ববোধ করা এবং বড়াই করার কিছু নেই।

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 অহেতুক দরিদ্রতা প্রদর্শন করা

📄 অহেতুক দরিদ্রতা প্রদর্শন করা


মানুষের একটি আত্মিক রোগ হলো যথেষ্ট সম্পদ থাকা সত্বেও দরিদ্রতা প্রদর্শন করা। এর প্রতিকারের জন্য যা করতে হবে তা হলো, অভাব-অনটন যদি থাকেও তবু যথেষ্ট আর্থিক সঙ্গতি আছে বলে মনে করা। আমি আমার দাদাকে বলতে শুনেছি, 'আগে মানুষ ধনী অবস্থায় আত্মশুদ্ধিতে লিপ্ত হয়ে অতপর (অধিক দান-খয়রাতের কারণে) দরিদ্র হয়ে যেতো। তবুও মানুষের সামনে নিজেদেরকে ধনী হিসেবে প্রদর্শন করতো। আর বর্তমানে মানুষ দরিদ্র অবস্থায় আত্মশুদ্ধি শুরু করে অতপর ধনী হয়ে যায়। কিন্তু মানুষের সামনে সেই আগের দরিদ্রতাকেই প্রদর্শন করে বেড়ায়।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00