📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 হিংসা পোষণ করা

📄 হিংসা পোষণ করা


মনের ভেতর হিংসা পোষণ করা একটি আত্মিক ব্যাধি। এর প্রতিকারের জন্য এ কথা মানতে হবে যে, হিংসুক ব্যক্তি আল্লাহর নিয়ামতের শত্রু। নবি-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-বলেছেন,
لَا تَحَاسَدُوا، وَلَا تَبَاغَضُوا ، وَلَا تَقَاطَعُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا
“তোমরা পরস্পর হিংসা কোরো না। বিদ্বেষ পোষণ কোরো না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কোরো না। আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থেকো।”[৭৭]
জেনে রাখুন, হিংসা মুসলমানদের উপর দয়া-মায়ার হ্রাস ঘটায়।

টিকাঃ
[৭৭] সহীহ মুসলিম : ২৫৫৯

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 অনবরত গুনাহের কাজ করে যাওয়া

📄 অনবরত গুনাহের কাজ করে যাওয়া


আল্লাহর দয়া এবং ক্ষমা পাওয়ার আশা করে অনবরত গুনাহের কাজ করে যেতে থাকা-এটাও মানুষের একটি আত্মিক সমস্যা। একে পরিমার্জন করার জন্য যা জানতে হবে তা হলো, আল্লাহ তায়ালা তাঁর দয়া সে সকল বান্দাদের জন্য বরাদ্দ রেখেছেন যারা গুনাহের উপর অবিচল থাকে না।
তিনি বলেছেন,
وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
“তারা জেনেবুঝে তাদের কৃতকর্মের উপর অবিচল থাকে না।”[৭৮]
আবু হাফিজ বলেছেন, 'গুনাহের উপর অটল থাকা আল্লাহর ক্ষমতাকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করার নামান্তর।'
এছাড়াও জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সৎকর্মশীল ব্যক্তিদের জন্যই তার দয়া বরাদ্দ রেখেছেন।
তিনি বলেছেন,
إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ
“নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীল ব্যক্তিদের নিকটবর্তী।”[৭৯]
আর তিনি তাঁর ক্ষমা তাওবাকারীদের জন্য বরাদ্দ রেখেছেন।
তিনি বলেছেন,
وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ
“তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার কাছে তাওবা করো।”[৮০]

টিকাঃ
[৭৮] সূরা আল-ইমরান : ১৩৫
[৭৯] সূরা আল-আ'রাফ: ৫৬
[৮০] সূরা হুদ : ৯০

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 ইবাদাতে মন না বসা

📄 ইবাদাতে মন না বসা


মানুষের মন ইবাদতের কাজে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতে চায় না। একে শায়েস্তা করার জন্য যা করা দরকার তা হলো-ক্ষুধা, পিপাসা এবং দীর্ঘপথ ভ্রমণ করার মাধ্যমে সাধনা করা এবং মনকে তার অনিচ্ছার কাজ করতে বাধ্য করা।
আমি মনসুর ইবনে আব্দুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আমার চাচাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, এক ব্যক্তি আবু ইয়াযিদ-রাহিমাহুল্লাহ-কে জিজ্ঞাসা করল, 'আল্লাহর পথে সবচেয়ে কষ্টকর কোন বস্তুর সাক্ষাৎ আপনি পেয়েছেন?'
তিনি বললেন, 'এটা বলা সম্ভব নয়।'
সে জিজ্ঞেস করল, 'আল্লাহর পথে সবচেয়ে সহজ কোন বস্তুর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে?'
তিনি বললেন, 'এটা বলা যাবে না।'
সে আবার জিজ্ঞেস করল, 'আল্লাহর পথে আপনার মন সবচেয়ে কষ্টকর কোন বিষয়ের দেখা পেয়েছে?'
তিনি বললেন, 'এটা বলা অসম্ভব।'
সে আবার জিজ্ঞেস করল, 'আল্লাহর পথে আপনার মন আপনার থেকে সবচেয়ে সহজ কোন বিষয়টি পেয়েছে?'
তিনি বললেন, 'হ্যাঁ, এটা বলা যেতে পারে। তা হলো আনুগত্যের কাজে তাকে আহ্বান করা হলে সে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়নি। তখন আমি এক বৎসর পর্যন্ত তাকে পানির কষ্ট দিয়েছি।'

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 ধন-সম্পদ পুঞ্জীভূত করে রাখা

📄 ধন-সম্পদ পুঞ্জীভূত করে রাখা


ধন-সম্পদ খরচ না করে পুঞ্জীভূত করে রাখা মানুষের একটি মন্দ স্বভাব। একে সংশোধন করার জন্য জানতে হবে যে, মানুষের জীবন বিনাশ হওয়া থেকে নিরাপদ নয়। তার মৃত্যু অতি সন্নিকটে। যদি এমনটি না হতো তখন মানুষ তার সুনিশ্চিত জীবনের পরিমাণ অনুসারে সম্পদ পুঞ্জীভূত করে রাখতে পারতো। এবং তার হায়াতের সীমা অনুপাতে সম্পদ দান করা থেকে বিরত থাকতে পারতো। যে ব্যক্তির সাধারণ একটি নিশ্বাসের নিশ্চয়তা নেই তার জন্য সম্পদ পুঞ্জীভূত করে রাখা এক ধরনের ধোঁকাগ্রস্ত হওয়ারই নামান্তর।
অন্যকে সম্পদ দান না করে নিজে কষ্ট করে তা আগলে রাখা এক ধরনের মূর্খতা। অথচ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-থেকে বর্ণিত আছে, সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করলেন,
أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ؟
'তোমাদের মধ্যে কে এমন আছে, যে নিজের সম্পদের তুলনায় উত্তরাধিকারীর সম্পদকে বেশি ভালোবাসে?'
সাহাবায়ে কেরাম বললেন, 'আমাদের সকলের কাছেই উত্তরাধিকারীর সম্পদের তুলনায় নিজের সম্পদ অধিক প্রিয়।' তখন তিনি বললেন,
اعْلَمُوا أَنَّهُ لَيْسَ مِنْكُمْ أَحَدٌ إِلَّا مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ، مَا لَكَ مِنْ مَالِكَ إِلَّا مَا قَدَّمْتَ، وَمَالُ وَارِثِكِ مَا أَخَّرْتَ
'জেনে রাখো, তোমাদের প্রত্যেকেই এমন যে, উত্তরাধিকারীর সম্পদই তার কাছে নিজের সম্পদের তুলনায় অধিক প্রিয়। তুমি যা দান করেছো সেটিই কেবল তোমার সম্পদ। আর তোমার উত্তরাধিকারীর সম্পদ হলো তা, যা তুমি (দুনিয়াতে) রেখে গেলে।’[৮১]

টিকাঃ
[৮১] মুসনাদ আহমাদ: ৩৬২৬, হাদীসের মান সহীহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00