📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 লোভের শিকার হওয়া

📄 লোভের শিকার হওয়া


লোভ করা হলো মানুষের অন্তরের একটি মন্দ স্বভাব। একে দূর করার জন্য যা করতে হবে তা হলো একথা বিশ্বাস করা যে, আল্লাহ তাআলা তার জন্য যে রিযিক বরাদ্দ রেখেছেন লোভ করার মাধ্যমে এর থেকে এক বিন্দুও বৃদ্ধি পাবে না।
আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন,
اكْتُبْ رِزْقَهُ وَعَمَلَهُ وَأَجَلَهُ وَشَقِيٌّ أَمْ سَعِيدٌ
'তুমি তার রিযিক, তার আমল ও তার মৃত্যু এবং সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এগুলো লিখে রাখো।'[৭৫]
আল্লাহ তাআলা আরও বলেন,
مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِلْعَبِيدِ
“আমার কাছে কোনো সিদ্ধান্তের পরিবর্তন হয় না এবং আমি বান্দাদের উপর জুলুমও করি না।”[৭৬]

টিকাঃ
[৭৫] আল-আসমা ওয়াস সিফাত, বাইহাকি : ৮২১
[৭৬] সূরা কাফ : ২৯

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 হিংসা পোষণ করা

📄 হিংসা পোষণ করা


মনের ভেতর হিংসা পোষণ করা একটি আত্মিক ব্যাধি। এর প্রতিকারের জন্য এ কথা মানতে হবে যে, হিংসুক ব্যক্তি আল্লাহর নিয়ামতের শত্রু। নবি-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-বলেছেন,
لَا تَحَاسَدُوا، وَلَا تَبَاغَضُوا ، وَلَا تَقَاطَعُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا
“তোমরা পরস্পর হিংসা কোরো না। বিদ্বেষ পোষণ কোরো না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কোরো না। আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থেকো।”[৭৭]
জেনে রাখুন, হিংসা মুসলমানদের উপর দয়া-মায়ার হ্রাস ঘটায়।

টিকাঃ
[৭৭] সহীহ মুসলিম : ২৫৫৯

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 অনবরত গুনাহের কাজ করে যাওয়া

📄 অনবরত গুনাহের কাজ করে যাওয়া


আল্লাহর দয়া এবং ক্ষমা পাওয়ার আশা করে অনবরত গুনাহের কাজ করে যেতে থাকা-এটাও মানুষের একটি আত্মিক সমস্যা। একে পরিমার্জন করার জন্য যা জানতে হবে তা হলো, আল্লাহ তায়ালা তাঁর দয়া সে সকল বান্দাদের জন্য বরাদ্দ রেখেছেন যারা গুনাহের উপর অবিচল থাকে না।
তিনি বলেছেন,
وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
“তারা জেনেবুঝে তাদের কৃতকর্মের উপর অবিচল থাকে না।”[৭৮]
আবু হাফিজ বলেছেন, 'গুনাহের উপর অটল থাকা আল্লাহর ক্ষমতাকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করার নামান্তর।'
এছাড়াও জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সৎকর্মশীল ব্যক্তিদের জন্যই তার দয়া বরাদ্দ রেখেছেন।
তিনি বলেছেন,
إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ
“নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীল ব্যক্তিদের নিকটবর্তী।”[৭৯]
আর তিনি তাঁর ক্ষমা তাওবাকারীদের জন্য বরাদ্দ রেখেছেন।
তিনি বলেছেন,
وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ
“তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার কাছে তাওবা করো।”[৮০]

টিকাঃ
[৭৮] সূরা আল-ইমরান : ১৩৫
[৭৯] সূরা আল-আ'রাফ: ৫৬
[৮০] সূরা হুদ : ৯০

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 ইবাদাতে মন না বসা

📄 ইবাদাতে মন না বসা


মানুষের মন ইবাদতের কাজে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতে চায় না। একে শায়েস্তা করার জন্য যা করা দরকার তা হলো-ক্ষুধা, পিপাসা এবং দীর্ঘপথ ভ্রমণ করার মাধ্যমে সাধনা করা এবং মনকে তার অনিচ্ছার কাজ করতে বাধ্য করা।
আমি মনসুর ইবনে আব্দুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আমার চাচাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, এক ব্যক্তি আবু ইয়াযিদ-রাহিমাহুল্লাহ-কে জিজ্ঞাসা করল, 'আল্লাহর পথে সবচেয়ে কষ্টকর কোন বস্তুর সাক্ষাৎ আপনি পেয়েছেন?'
তিনি বললেন, 'এটা বলা সম্ভব নয়।'
সে জিজ্ঞেস করল, 'আল্লাহর পথে সবচেয়ে সহজ কোন বস্তুর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে?'
তিনি বললেন, 'এটা বলা যাবে না।'
সে আবার জিজ্ঞেস করল, 'আল্লাহর পথে আপনার মন সবচেয়ে কষ্টকর কোন বিষয়ের দেখা পেয়েছে?'
তিনি বললেন, 'এটা বলা অসম্ভব।'
সে আবার জিজ্ঞেস করল, 'আল্লাহর পথে আপনার মন আপনার থেকে সবচেয়ে সহজ কোন বিষয়টি পেয়েছে?'
তিনি বললেন, 'হ্যাঁ, এটা বলা যেতে পারে। তা হলো আনুগত্যের কাজে তাকে আহ্বান করা হলে সে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়নি। তখন আমি এক বৎসর পর্যন্ত তাকে পানির কষ্ট দিয়েছি।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00