📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 বাহ্যিক তাকওয়া প্রদর্শন করা

📄 বাহ্যিক তাকওয়া প্রদর্শন করা


মানুষের আরেকটি সমস্যা হলো সৎলোকদের সাজসজ্জা গ্রহণ করা কিন্তু অসৎ লোকদের কর্মে জড়িয়ে পড়া। এর প্রতিকার হলো বাহ্যিক সাজগোজকে অভ্যন্তরীণ অবস্থার সংশোধনের পরই কেবলমাত্র গ্রহণ করা। যখন কোনো কওমের সাজসজ্জা গ্রহণ করবে তখন চেষ্টা করবে স্বভাব চরিত্রে এবং সকল কাজ-কর্মে তাদের অনুসরণ করে তাদের কর্মপন্থা অনুযায়ী সবকিছু করতে। কারণ হাদীসে এসেছে,
كَفَى بِالْمَرْءِ شَرًّا أَنْ لَا يَكُونَ صَالِحًا، وَهُوَ يَقَعُ فِي الصَّالِحِينَ
“একজন মানুষের নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে সৎ না হয়েও সৎলোকদের অন্তর্গত হয়।”[৬৭]
আবু ওসমান বলেছেন, 'অন্তরে পাপের সঙ্কল্প রেখে বাহ্যিকভাবে তাকওয়া প্রদর্শন করলে সীমাহীন পাপাচারে লিপ্ত হওয়া আশঙ্কা রয়েছে।'

টিকাঃ
[৬৭] শুআবুল ঈমান: ৬৩৫৮

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 অনর্থক কাজে সময় নষ্ট করা

📄 অনর্থক কাজে সময় নষ্ট করা


মানুষের একটি আত্মিক ব্যধি হলো দুনিয়ার বিভিন্ন অনর্থক কাজে জড়িয়ে সময় নষ্ট করা এবং এমন কাজ যারা করে তাদের সাথে চলাফেরা করা।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই কথা জানতে হবে যে, সময় হলো সবচেয়ে মূল্যবান বস্তু। সুতরাং মূল্যবান কাজকর্মেই তা ব্যয় করা উচিত। এই ধরনের মূল্যবান কাজকর্মের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার যিকির করা, সর্বদা তার অনুগত হওয়া এবং নিজেকে মুখলিস বা একনিষ্ঠ বান্দা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকা।
রাসূলে কারীম-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-থেকে বর্ণিত আছে,
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ
“যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের আশঙ্কা নেই তাই গ্রহণ কোরো।”[৬৮]
রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-আরও বলেছেন,
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
“একজন মানুষের ইসলামের সৌন্দর্যের মধ্যে এটাও আছে যে, সে অনর্থক কাজ-কর্ম পরিহার করবে। আর যে অনর্থক কাজ পরিহার করে সে ফলপ্রসূ কাজে ব্যস্ত হয়ে পড়ে।”[৬৯]
হুসাইন ইবনে মনসুর বলেছেন, 'নিজের নফস সম্পর্কে সচেতন থেকো। যদি তুমি তাকে ব্যস্ত না রাখো তাহলে সে তোমাকে ব্যস্ত করে ফেলবে।'

টিকাঃ
[৬৮] সুনান তিরমিযি: ২৫১৮, হাদীসের মান সহীহ।
[৬৯] সুনান তিরমিযি: ২৩১৭, হাদীসের মান হাসান।

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 ক্রোধাবিষ্ট হওয়া

📄 ক্রোধাবিষ্ট হওয়া


মানুষের অন্তরের একটি ব্যাধি হচ্ছে ক্রোধান্বিত হওয়া। এর চিকিৎসা হলো, আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকার উপর নিজেকে অভ্যস্ত করে নেওয়া। কারণ ক্রোধ হলো শয়তানের অগ্নিস্ফুলিঙ্গ।
এক ব্যক্তি রাসূলে কারীম-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে বললো, 'আমাকে উপদেশ দিন।' তিনি বললেন, 'রাগ করবে না।' সে বারবার একই কথা জিজ্ঞেস করলো। তিনি তাকে বললেন, 'তুমি রাগ করবে না।’[৭০]
তাছাড়া ক্রোধ মানুষকে ধ্বংসের প্রান্তসীমায় পৌঁছে দেয়। যদি আল্লাহর পক্ষ থেকে আগত নিরাপত্তা তার সঙ্গী না হয়।

টিকাঃ
[৭০] সহীহ বুখারি: ৬১১৬

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 মিথ্যা কথা বলা

📄 মিথ্যা কথা বলা


মনুষ্য স্বভাবের একটি জটিল রোগ হচ্ছে মিথ্যা কথা বলা। এটি দূর করার উপায় হচ্ছে নিজেকে সত্যবাদিতার উপর অভ্যস্ত করে তোলা এবং মানুষের সন্তুষ্টি-অসন্তুষ্টিকে পাত্তা না দেওয়া। কারণ একজন মিথ্যাবাদীকে মিথ্যার উপর প্ররোচিত করে থাকে মানুষের সন্তুষ্টি অর্জনের লোভ। তাদের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন এবং তাদের কাছে পদ-পদবী কামনা করতে গিয়েই দেখা যায় সে মিথ্যায় লিপ্ত হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম—বলেছেন,
إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البرّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ
“সততা মানুষকে সৎকাজের পথ প্রদর্শন করে আর সৎকাজ জান্নাতে নিয়ে যায়। মিথ্যা মানুষকে পাপাচারের পথ প্রদর্শন করে। আর পাপাচার জাহান্নামে নিয়ে যায়।”[৭১]

টিকাঃ
[৭১] সহীহ বুখারি: ৬০৯৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00