📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 সর্বদা অতিমাত্রায় আনন্দিত ও খুশি থাকা

📄 সর্বদা অতিমাত্রায় আনন্দিত ও খুশি থাকা


মানুষের স্বভাবের একটি মন্দ দিক হলো (সর্বদা অতিমাত্রায়) আনন্দিত ও খুশি থাকা এবং আরাম-আয়েশ অন্বেষণ করা। এটি গাফলতি থেকে সৃষ্টি হয়ে থাকে। এর প্রতিষেধক হলো, আপন অবস্থার ব্যাপারে সচেতন থাকা। আদিষ্ট বিষয় পালন না করা এবং নিষিদ্ধ বিষয়ে জড়িয়ে পড়ার কথা স্মরণ করা। সেই সাথে এই কথাও মাথায় রাখা যে, এই দুনিয়া হলো তার জন্য কারাগার সদৃশ। আর কারাগারে কখনো আনন্দ-বিনোদন থাকে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الكَافِرِ
“দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত।”[৫৫]
এই কারণে দুনিয়ার যাপিত জীবন হওয়া উচিত কারাবাসী মানুষদের জীবনের মতো। ফুর্তিবাজ মানুষদের মতো নয়।
দাঊদ আত-তাঈ বলেছেন, 'আল্লাহ-প্রেমী বান্দাদের অন্তর জাহান্নামের স্মরণ ক্ষত-বিক্ষত করে দিয়েছে।'
এক ব্যক্তি বিশর আলহাফি-রাহিমাহুল্লাহ-কে বললেন, কী ব্যাপার আপনাকে চিন্তিত দেখছি যে!' তিনি উত্তরে বললেন, 'কারণ আমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।' [৫৬]

টিকাঃ
[৫৫] সুনান তিরমিযি : ২৩২৪, হাদীসের মান সহীহ
[৫৬] অর্থাৎ ফেরেশতা যেহেতু সর্বদা আমাদের পর্যবেক্ষণে রাখছে এবং ভালোমন্দ কাজের হিসাব রাখছে তখন এতো আনন্দ করার সুযোগ কই!

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 কুপ্রবৃত্তির অনুসরণ করা

📄 কুপ্রবৃত্তির অনুসরণ করা


কুপ্রবৃত্তির অনুসরণ করা, তার সন্তুষ্টি অনুযায়ী পরিচালিত হওয়া এবং তার চাওয়া-পাওয়ার বাস্তবায়ন করা হলো মানুষের অন্যতম মনোরোগ। এটি দূর করার তরীকা হলো সেটা, যা আল্লাহ তাআলা আদেশ করেছেন যে,
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
“যে ব্যক্তি স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বারণ করবে জান্নাতই হবে তার বাসস্থান।”[৫৭]
আল্লাহ তাআলা আরও বলেন,
إِنَّ النَّفْسَ لَأَمَّارَةُ بِالسُّوءِ
“নিশ্চয়ই প্রবৃত্তি মন্দ বিষয়ের আদেশদাতা।” [৫৮]
মুদর আল-ক্বারি বলেছেন, 'প্রবৃত্তি যখন অন্তরের ভেতর শেকড় গেঁড়ে বসে তখন তার বিরোধিতা করা নখ দিয়ে পাহাড় খোদাই করার চেয়েও কঠিন হয়ে যায়।'

টিকাঃ
[৫৭] সূরা নাযিআত: ৪০-৪১
[৫৮] সূরা ইউসুফ: ৫৩

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 অন্যের সঙ্গ কামনা করা

📄 অন্যের সঙ্গ কামনা করা


চিরকাল আত্মীয়-স্বজন ও ভাই-বেরাদারদের সঙ্গ পাওয়া ও তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে থাকার কামনা করে থাকেন অনেকে। অথচ যে-কোনো সঙ্গীকেই কোনো না কোনো সময় ছেড়েই যেতে হয়। সব ধরনের ঘনিষ্ঠতা এক সময় না এক সময় ছিন্ন হয়ে যায়। যেমন বর্ণিত আছে যে, জিবরীল—আলাইহিস সালাম-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলেছিলেন,
يَا مُحَمَّدُ، أَحْبِبْ مَنْ شِئْتَ فَإِنَّكَ مُفَارِقُهُ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكِ مَجْزِيٌّ بِهِ، وَعِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَاعْلَمْ أَنَّ شَرَفَ الْمُؤْمِنِ قِيَامُهُ بِاللَّيْلِ وَعِزَّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ
“হে মুহাম্মাদ, যাকে ইচ্ছা ভালোবেসে নিন। কারণ (একসময়) তাকে আপনার ছাড়তে হবে। যা ইচ্ছা হয় আমল করে নিন। কারণ আপনাকে তার প্রতিদান দেওয়া হবে। যতোটুকু ইচ্ছা জীবনযাপন করে নিন। কারণ আপনাকে মরতে হবে। জেনে রাখুন, মুমিনের মর্যাদা (ইবাদাতের মাধ্যমে) রাত্রিজাগরণের দ্বারা নির্ণীত হয়ে থাকে। এবং মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়ার দ্বারা তার সম্মান নির্ধারণ হয়ে থাকে।”[৫৯]
আবুল কাসিম আল-হাকীম বলেছেন,
'বন্ধুত্বের মাঝে শত্রুতা লুকিয়ে থাকে। তবে যা আন্তরিকতার সাথে হয় তা ভিন্ন। সম্পদ সঞ্চয়ের মাঝে আফসোস লুকিয়ে থাকে। তবে যা অন্যের উপকারার্থে হয় তা ভিন্ন। আর মানুষের সাথে মেলামেশার ভেতর ক্ষতি লুকিয়ে থাকে। তবে যে মেলামেশা শিক্ষার জন্য হয় তা ভিন্ন।'

টিকাঃ
[৫৯] বাইহাকি, শুআবুল ঈমান: ১০০৫৮, হাদীসের মান সহীহ (সিলসিলা সহীহা : ৮৩১)।

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 নিজের আমলকে ভালো মনে করা

📄 নিজের আমলকে ভালো মনে করা


নিজের ইবাদাত-বন্দেগিকে পছন্দ করা ও নিজেকে ভালো মনে করা অনেকের বদ স্বভাব। এর প্রতিকার হলো, এই বিষয়ে অবগত থাকা যে, তার আমলসমূহ ইখলাসপূর্ণ হলেও তা শঙ্কামুক্ত নয়। আর নিজের কাজকর্ম ও আমলসমূহকে দারুণ মনে করা পরিহার করার মাধ্যমেই মূলত প্রকৃত ইখলাস অর্জিত হয়ে থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00