📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 অনর্থক বিষয়ে লিপ্ত হওয়া

📄 অনর্থক বিষয়ে লিপ্ত হওয়া


মানুষের একটি মন্দ অভ্যাস হলো, দুনিয়াবি বিষয়ে এবং মানুষের সাথে অতি কথনে নিমগ্ন হওয়া। এর প্রতিকার হলো, সবসময়ই আল্লাহর যিকিরে নিমগ্ন থাকা। যাতে করে দুনিয়া, দুনিয়ার মানুষজন ও দুনিয়াবি ব্যস্ততার কথা তার তেমন স্মরণে না আসে। সেই সাথে এটাও মনে রাখা যে, এসবই হলো অনর্থক ও ফায়দাহীন কাজ। সুতরাং তা পরিহার করাই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-বলেছেন,
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
'ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে সে অনর্থক বিষয় পরিহার করবে।' [৪০]

টিকাঃ
[৪০] সুনান তিরমিযি: ২৩১৭; সুনান ইবনু মাজাহ : ৩৯৭৬; মুসনাদ আহমাদ: ১৭৩৭। হাদীসের মান সহীহ

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 লৌকিকতা প্রদর্শন করা

📄 লৌকিকতা প্রদর্শন করা


ইবাদাত-বন্দেগিতে লৌকিকতা প্রদর্শন করা হলো মানুষের আরেকটি রোগ। এমনটা করার কারণ হলো যাতে করে অন্যরা তার ইবাদাত-বন্দেগির কথা জানতে পারে এবং তার কাজকর্মগুলো প্রত্যক্ষ করে। ফলে মানুষের কাছে তার আলাদা একটা অবস্থান তৈরি হবে। এটি দূর করতে হলে এই কথা মনে গেঁথে নিতে হবে যে, তার লাভ-ক্ষতির কোনো বিষয়ই সৃষ্টিজীবের কাছে অর্পিত হয়নি। সুতরাং এই ত্রুটি দূর করতে তার উচিত নিজের ইবাদাত-আমলে ইখলাস বা আল্লাহ-নিষ্ঠতা আনয়নের চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন,
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ
“তাদেরকে কেবল এই বিষয়েরই আদেশ করা হয়েছে যে, তারা দ্বীনকে একনিষ্ঠ করে আল্লাহর ইবাদাত করবে।”[৪১]
নবি-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-হাদীসে কুদসিতে স্বীয় রব থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন,
مَنْ عَمِلَ لِي عَمَلًا أَشْرَكَ فِيهِ غَيْرِي، فَأَنَا مِنْهُ بَرِيءٌ، وَهُوَ لِلَّذِي أَشْرَكَ
"যে ব্যক্তি আমার জন্য এমন কোনো আমল করলো, যাতে সে অন্য কাউকে আমার সাথে শরীক করলো তাহলে আমি তার থেকে মুক্ত। সে কাজ তার জন্য যাকে সে শরীক করেছে।”[৪২]

টিকাঃ
[৪১] সূরা বাইয়িনাহ: ০৫
[৪২] সুনান ইবনু মাজাহ: ৪২০২, হাদীসের মান সহীহ

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 লোভ-লালসার শিকার হওয়া

📄 লোভ-লালসার শিকার হওয়া


লোভ-লালসা হলো মানুষের অন্যতম আত্মিক রোগ। এটি দূর করার তরিকা হলো এই বিষয়ে সচেতন হওয়া যে, লোভ তাকে দুনিয়ার ভেতর প্রবিষ্ট করে দিবে এবং ইবাদাতের মজা ভুলিয়ে দিবে। সেই সাথে তাকে মানুষের গোলামও বানিয়ে দিবে। অথচ আল্লাহ তাআলা তাকে তাদের গোলামি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-লোভ থেকে পানাহ চেয়েছেন। তিনি বলেছেন,
اسْتَعِيدُوا بِاللَّهِ مِنْ طَمَع يَهْدِي إِلَى طَبْعِ، وَمِنْ طَمَع فِي غَيْرِ مَطْمَع
(হে আল্লাহ,) আমি তোমার কাছে পানাহ চাই এমন লোভ থেকে, যা হৃদয়কে মোহাবিষ্ট করার দিকে নিয়ে যায়। এবং এমন লালসা থেকেও তোমার আশ্রয় চাই, যেখানে লালসা করার মতো কিছু নেই।[৪৩]
এটি এমন লোভ, যা মানুষের অন্তরে গেঁথে গিয়ে তাকে দুনিয়ার প্রতি প্রলুব্ধ করে এবং আখিরাত থেকে বিমুখ করে। একজন সালাফ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, 'লোভ হলো উপস্থিত দরিদ্রতা। লোভগ্রস্থ ধনী ব্যক্তি প্রকৃতপক্ষে দরিদ্র। আর লোভমুক্ত দরিদ্র ব্যক্তি প্রকৃতপক্ষে ধনী।'
আল্লাহ তাআলা (হাদীসে কুদসিতে) বলেছেন, 'আমি কোনো সৃষ্টিজীবকে অন্য সৃষ্টিজীবের দায়িত্বে ঠিক ততোটুকুই অর্পণ করি যতোটুকু সে অন্যের থেকে আশা করে। যদি সে আমি ছাড়া অন্য কারও কাছে কিছু প্রত্যাশা না করতো তবে আমি এক সৃষ্টিজীবকে অন্য সৃষ্টিজীবের দায়িত্বে কখনো অর্পণ করতাম না।'
কবি বলেছেন,
أتطمع في ليلى وتعلم إنَّما ... تقطع أَعْنَاقِ الرِّجَال المطامع
লায়লাকে পাবার লোভ করছো তুমি
অথচ লোভ-লালসা কাটে গলা
সেই কথা জানো তুমি।
আরেক কবি বলেছেন,
أطعت مطامعي فاستعبدتني ... ولوأني قتعت لكنت حرا
লোভের পিছে ছুটে আমি
হলাম অন্যের অধীন,
নয়তো এখন হতাম আমি
পুরোপুরি স্বাধীন।

টিকাঃ
[৪৩] মুসনাদ আহমাদ: ২২০২১; হাদীসের মান যঈফ (সিলসিলা যঈফা: ১৩৭৩)

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 ঘরবাড়ি বানানোর নেশা

📄 ঘরবাড়ি বানানোর নেশা


দুনিয়ার বুকে অধিকহারে ঘরবাড়ি বানানোর নেশা অনেকের বদ-স্বভাব। এর প্রতিকারের জন্য আগে বুঝে নিতে হবে যে, দুনিয়া কোনো স্থায়ী ঠিকানা নয়। বরং আখিরাত হলো তার স্থায়ী ঠিকানা। বুদ্ধিমান তো সে, যে স্থায়ী বাসস্থানের জন্য কাজ করে। সাময়িক বিরতিস্থলের জন্য নয়। কারণ সাময়িক বিরতিস্থল একসময় আপনি ছেড়ে আসবেন। কিন্তু স্থায়ী আবাসস্থল রয়ে যাবে। তাই যে আবাসস্থলে আপনি চিরস্থায়ী বন্দোবস্ত করে থাকবেন তার জন্যই তো আমল করা উচিত।
আল্লাহ তাআলা বলেন,
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةً وَتَفَاخُرُ بَيْنَكُمْ وَتَكَاثُرُ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ
“নিশ্চয়ই দুনিয়ার জীবন খেল-তামাশা, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহঙ্কার এবং ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র।” [৪৪]
আল্লাহ তাআলা আরও বলেন,
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى
"এবং আখিরাতই হলো উত্তম ও স্থায়ী। "[৪৫]
তিনি অন্যত্র বলেন,
وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ
“নিশ্চয়ই আখিরাতের আবাসস্থল মুত্তাকীদের জন্য উত্তম।”[৪৬]

টিকাঃ
[৪৪] সূরা হাদীদ: ২০
[৪৫] সূরা আ'লা: ১৭
[৪৬] সূরা আনআম : ৩২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00