📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 অলসতা ও ঢিলেমিতে আক্রান্ত হওয়া

📄 অলসতা ও ঢিলেমিতে আক্রান্ত হওয়া


মানুষের মন্দ স্বভাবগুলোর মধ্যে অন্যতম হলো অলসতায় আক্রান্ত হওয়া, ঢিলেমি করা, সীমালঙ্ঘনে লিপ্ত হওয়া, টালবাহানার পথ বেছে নেওয়া, দীর্ঘ-আশা পোষণ করা ও মৃত্যুকে সুদূরপরাহত ভাবা।
এসবের প্রতিকার বিষয়ে আমি হুসাইন বিন ইয়াহয়াকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি জাফর খলদিকে বলতে শুনেছি যে, জুনাইদ বাগদাদি-রাহিমাহুল্লাহ-কে প্রশ্ন করা হলো, 'আল্লাহর কাছে একান্তে পৌঁছার উপায় কী?' তিনি জবাব দিলেন, 'এমনভাবে তাওবা করা, যা গুনাহের পুনরাবৃত্তিকে বিনাশ করে দেয়। আল্লাহকে এমনভাবে ভয় করা, যা টালবাহানা করার মানসিকতাকে খতম করে দেয়। এমনভাবে আমল করায় মনোযোগী হওয়া, যা দীর্ঘ-আশা পোষণ করাকে স্বল্পতায় নামিয়ে দেয়। সময়ে সময়ে আল্লাহর যিকির করা ও তার কথা স্মরণ করা। দীর্ঘ-আশা থেকে নিজেকে দূরে রাখা ও মৃত্যুর কাছাকাছি পৌঁছার (কথা স্মরণ করিয়ে) স্বীয় খাহেশাতকে অবদমিত করে রাখা।'
পুনরায় তাকে প্রশ্ন করা হলো, 'কীভাবে একজন মানুষ নিজেকে এসব গুণাবলিতে উন্নীত করতে পারবে?' তিনি বললেন, 'একাগ্রচিত্ত ও একনিষ্ঠ হৃদয়ের সহায়তায়।'

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 বাহ্যিক অঙ্গসজ্জার প্রতি বেশি মনোযোগী হওয়া

📄 বাহ্যিক অঙ্গসজ্জার প্রতি বেশি মনোযোগী হওয়া


মানুষ বাহ্যিক অঙ্গসজ্জার প্রতি বেশি মনোযোগী হয়। খুশুখুযূ যতোটুকু না অবলম্বন করে, তারচেয়ে বেশি ভান ধরে। তার তনু ইবাদাতে মগ্ন হলেও মন পড়ে থাকে অন্য কোথাও। এর প্রতিষেধক হলো, নিজের ভেতরগত অবস্থাকে উন্নত করার প্রতি মনোযোগী হওয়া। যাতে করে এর আলোয় বহির্গত অবস্থাও সুসজ্জিত হয়ে যায়। এতে করে বাড়তি কোনো সজ্জা ছাড়াই সে হবে সুসজ্জিত। অনুসারীবৃন্দ ছাড়াই হবে গাম্ভীর্যপূর্ণ। আপনজন ছাড়া অন্যদের কাছেও হবে প্রিয়।
এই কারণেই মা'কিল বিন উবাইদিল্লাহ আল-জাযারি বলেছেন,
مَنْ أَصْلَحَ سَرِيرَتَهُ أَصْلَحَ اللَّهُ عَلَانِيَتَهُ
"যে ব্যক্তি তার অভ্যন্তরীণ অবস্থাকে সংশোধন করবে আল্লাহ তাআলা তার বাহ্যিক অবস্থাকে সংশোধন করে দিবেন।”[২৫]

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 প্রত্যেক আমলেরই প্রতিদান তলব করা

📄 প্রত্যেক আমলেরই প্রতিদান তলব করা


যে-কোনো আমল করেই তার প্রতিদান তলব করা কোনো ভালো গুণ নয়। এর প্রতিষেধক হলো, আমল করার ক্ষেত্রে নিজের কমতি ও ইখলাসহীনতার কথা মাথায় রাখা। যারা জ্ঞানী হয় তারা শিষ্টাচারবশত নিজ আমলের প্রতিদান তলব করাকে পরিহার করে। কারণ তারা জানে, আল্লাহ তাআলা একটি পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন। আর তিনি যা নির্দিষ্ট করেছেন, দুনিয়া বা আখিরাতে তা বান্দা অবশ্যই লাভ করবে।

টিকাঃ
[২৫] ইবনু আবিদ দুনয়া, আল-ইখলাস ওয়ান নিয়‍্যাহ ৫৪ পৃষ্ঠা। মূল কিতাবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা হিসেবে উদ্ধৃত হয়েছে, যা সঠিক নয়।

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 ইবাদাতের স্বাদ হারিয়ে ফেলা

📄 ইবাদাতের স্বাদ হারিয়ে ফেলা


মানুষ অনেক সময় ইবাদাতের স্বাদ হারিয়ে ফেলে। এটা হয় অন্তরের ব্যাধি আর মনের অসুখের কারণে। এটি ফিরে পাওয়ার উপায় হচ্ছে, হালাল খাদ্য ভক্ষণ করা। সর্বদা যিকির করা। নেককার লোকদের খিদমত করা এবং তাদের সংস্পর্শে যাওয়া। ইবাদাতের স্বাদ ফিরে পাওয়ার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা। যাতে করে তিনি অন্তরের অন্ধকার ব্যাধি দূর করে এই রোগের নিরাময় করেন। এর দ্বারা বান্দা ইবাদাতের স্বাদ পুনরায় ফিরে পাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00