📄 অন্তরকে পাক করার মাজুনি হল আল্লাহর জিকির
মূলত কুরআনের নূর এমন এক নূর এর মোকাবেলায় জগতের আর কিছু নেই। কারণ এটা আল্লাহর কালাম। একেকটি আয়াত, একেকটি হরফ আপনার দিলে পড়বে আপনার দিলের জং দূর হতে থাকবে। এটা আমার কথা না। বরং নবীজী এক হাদীসে সকল জিকির সম্পর্কে বলেছেন لِكُلِّ شَيْءٍ صِقَالَةٌ وصِقَالُ القلوبِ ذَكْرُ اللهِ নিশ্চয় প্রত্যেক জিনিসকে পাকসাফ করার একটা মাজুনি আছে। আর অন্তরকে পাক করার মাজুনি হল আল্লাহর জিকির। ৩৮
আর জিকিরের মধ্যে কুরআন তেলাওয়াত হল সর্বোত্তম। তাই নবীজী কুরআন তেলাওয়াত সম্পর্কে বিশেষভাবে বলেছেন যে, এটি অন্তরের মরিচা দূর করে। আবদুল্লাহ ইবন ওমর রাযি. থেকে বর্ণিত, নবীজী বলেন إِنَّ هَذِهِ الْقُلُوبَ تَصْدَأُ كَمَا يَصْدَأُ الْحَدِيدُ إِذَا أَصَابَهُ الْمَاءُ . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا جِلَاؤُهَا؟ قَالَ : كَثْرَةُ ذِكْرِ الْمَوْতِ وَتِلَاوَةُ الْقُرْآنِ
নিশ্চয় অন্তরে মরিচা ধরে, যেভাবে পানি লাগলে লোহায় মরিচা ধরে। তাঁকে জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রসূল! এ মরিচা দূর করার উপায় কী? তিনি ﷺ বললেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা ও কুরআন তেলাওয়াত করা। ৩৯
টিকাঃ
৩৮ কানযুল উম্মাল: ১৮৪৮
৩৯ শুআবুল ঈমান: ১৮৫৯
📄 জিকরে-কালবি অন্তর পরিষ্কার করার একটি শক্তিশালী মাধ্যম
জিকিরের মধ্যে অন্তর পাক করার দ্বিতীয় শক্তিশালী আমল হল জিকরে-কালবি। কারণ সমস্যাটা কোথায়? সমস্যাটা হল কলবে। কলবে বা অন্তরে নানা চিন্তার উদ্রেক হয়। মনে হচ্ছে গুগল সার্চ মারি, মনে হচ্ছে এবারের জন্য হারাম টাকাটা নিয়ে নেই। মনে হচ্ছে গেম্স খেলি। এভাবে কলবে নানা চিন্তার উদ্রেক হয়। কলব সব সময় একটা না একটা কিছু নিয়ে ব্যস্ত থাকে। তাই কলবের খাদ্য পরিবর্তন করতে হবে। হয়ত তাকে নেক আমলের চিন্তা দিতে হবে অন্যথায় সে গুনাহের চিন্তা করবে।
এখন অন্তরকে এত নেক আমলের চিন্তা কীভাবে দিবেন। হজ করব, হজ করব এটা দশ বার না হয় বললেন, এগারবার বলতে মনে চাইবে না। ইলম শিখব, ইলম শিখব বিশবার না হয় বললেন, এরপর আর মনে চাইবে না। এজন্য বলা হয়, অন্তরকে একটা সহজ জিকির দিয়ে দাও যেন সে সব সময় করতে পারে। এই সহজ জিকিরটি হল, আল্লাহ আল্লাহ। অন্তর যখন আল্লাহ আল্লাহ বলাতে অভ্যস্ত হয়ে যাবে তখন বাহ্যিক দৃষ্টিতে হয়তো সে কাজে ব্যস্ত থাকবে কিন্তু তার অন্তর থাকবে আল্লাহর সঙ্গে। কবির ভাষায়—
দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও সে আল্লাহ্র সঙ্গে থাকে।
সকলের সঙ্গে থেকেও সে সকল থেকে আলাদা থাকে।
📄 হাত কাজে ব্যস্ত অন্তর বন্ধুর সঙ্গে
এটাকে বলা হয়, দাস্ত ব-কার দিল ব-য়ার। হাত কাজে ব্যস্ত, অন্তর বন্ধুর সঙ্গে।
হযরত রাবেয়া বসরি রহ. বলতেন, আমার জবান যখন মানুষের সঙ্গে কথা বলে তখন আমার দিল কথা বলে আল্লাহর সঙ্গে।
📄 অন্তরের জিকিরের ফজিলত
তো যেটা বলতে চাচ্ছিলাম যে, অন্তরকে পরিষ্কার করার দ্বিতীয় আমল হল জিকির। আর জিকিরের মাঝে প্রথম হল কুরআন তেলাওয়াত। এটা সহজ। যত বড় আসক্তির রোগীই হোক তাকে এ কথা খাওয়ানো সহজ যে, ভাই কুরআনটা সহিহ কর। কুরআন সহিহ কর এ কথা খাওয়ানো যত সহজ, ভাই তুমি জিক্রে কালবি কর, চিল্লা দাও এ কথাগুলো খাওয়ানো তত সহজ নয়। দ্বিতীয় হল জিক্রে কালবি। রাসূলুল্লাহ ﷺ বলেন আল্লাহ তাআলা বলেন, হাদীসে কুদসি—
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ، ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذكَرَنِي فِي مَলা ذَكَرْتُهُ فِي مَলা خَيْرٍ مِنْهُمْ
আমি আমার বান্দার ধারণার পাশে থাকি; অর্থাৎ সে যদি ধারণা রাখে যে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, তার তওবা কবুল করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, তাহলে তাই করি। আর আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সুতরাং সে যদি তার মনে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে আমার মনে স্মরণ করি। সে যদি কোনো সভায় আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে তাদের চেয়ে উত্তম ব্যক্তিদের ফেরিশতাদের সভায় স্মরণ করি। ৪০
টিকাঃ
৪০ বুখারী: ৭৪০৫