📄 যৌবন-তারুণ্যের সৌভাগ্য
এজন্যই তাবিঈ আইয়ূব সাখতিয়ানী রহ. বলেন—
من سعادة الحدث أن يوفقه الله لعالم من أهل السنة
যৌবন-তারুণ্যের সৌভাগ্য হলো, আল্লাহ তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কোনো আলেমের সাহচর্য লাভের তাওফিক দেওয়া। ৩৫
টিকাঃ
৩৫ আততালবীস: ১৭
📄 নেক মজলিসের প্রভাব
নেক মজলিসের প্রভাব কী? রাসূলুল্লাহ ﷺ হাদীসে বলেন—
هُمُ القَومُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ
তারা সেই সম্প্রদায়, তাদের সঙ্গে যে বসে সেও বঞ্চিত হয় না। ৩৬ একজন বঞ্চিত মানুষের সবচেয়ে বড় হতভাগ্য হল ঈমানহারা হওয়া। তাহলে নেককারদের মজলিসে বসলে সে ঈমানহারা হয় না।
টিকাঃ
৩৬ বুখারী: ৬৪০৮, মুসলিম: ২৬৮৯, তিরমিযী: ৩৬০০, আহমাদ: ৭৩৭৬, ৮৪৮৯, ৮৭৪৯
📄 সোহবত এমন আমল যার বিকল্প নেই
মনে রাখবেন, সোহবত এমন এক আমল যার কোনো বিকল্প নেই। আপনি দীনের যে খেদমতই করেন না কেন, আপনার সোহবত ইখতিয়ার করা উচিত। আল্লামা আলুসি বাগদাদী রহ. বলেন, যদি তুমি গুনাহ থেকে বাঁচতে চাও, তবে তোমাকে একজন আল্লাহওয়ালার সোহবত নিতে হবে। তাঁর সংস্পর্শে কিছুকাল অতিবাহিত করতে হবে।
দম কে দম মে কলব নূরানি হুয়ি
মর্দ হক সে মিলকে হক্কানী হুয়ি
ধীরে ধীরে অন্তর আলোকিত হয়েছে, আল্লাহওয়ালার সোহবতে অন্তর হক্কানী হয়েছে।
📄 আমাদের কিছু ধোঁকাবাজিপূর্ণ কথা
আমরা কিছু ধোঁকাবাজিপূর্ণ কথা বলি। ইলম শিখলে বলি, ইলম তো শিখেছি আল্লাহওয়ালার কাছে যাওয়ার দরকার কী? চিল্লা দিলে বলি, তাবলীগ করলেই হবে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে আবার যাওয়ার কী দরকার! কিন্তু আপনারা একটু ভেবে দেখুন, ইসলাম কি এই শিক্ষা দেয় যে, নেককার লোকদের মজলিসে যাওয়ার প্রয়োজন নেই? না ইসলাম এটা শিক্ষা দেয় যে, নেককারদের সঙ্গে চলাফেরা করতে হবে, সুসম্পর্ক রাখতে হবে! সাহাবায়ে কেরাম রাযি. তাবেঈন তাবে-তাবেঈন আমাদের আদর্শ। তাঁদের সবাই তো নেককার ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে যারা অধিক মুত্তাকী ছিলেন তাঁদের ব্যাপারে তাঁদের নীতি কী ছিল? তাঁদের কাছে যাওয়া না তাঁদের থেকে দূরে থাকা?
সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগে কেমন ছিলেন! কিন্তু ইসলাম গ্রহণের পর যে তারা এত ভালো হলেন তা কীভাবে হয়েছে? রাসূল ﷺ এর সোহবত তাঁদের জন্য এই মাকামে এনে দিয়েছে। মুফতি শফি রহ. বলেন, নবুওয়াতের পর যদি সোহবতের চেয়ে দামি কিছু থাকত তাহলে সাহাবীদের নাম সাহাবী না হয়ে অন্য কিছু হত।