📄 সংক্ষেপে আসক্তির কারণসমূহ
গতিকালের মজলিসে আসক্তি, আসক্তির ভয়াবহতা এবং আসক্তির কারণগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। বলা হয়েছিল একজন মানুষ কোনো গুনাহে আসক্ত হওয়ার প্রথম ও প্রধান কারণ হলো ঈমানের দুর্বলতা। দ্বিতীয় কারণ হলো অসৎ সঙ্গ। তৃতীয় কারণ হলো দৃষ্টির হেফাজত না করা। চতুর্থ কারণ হলো বেকারত্ব। আর আসক্তির ষষ্ঠ কারণ হলো রাস্তার হক পূরণ না করা। একজন একটু হু করে উঠেছে আর তা দেখার জন্য দাঁড়িয়ে গিয়েছে। একজন তামাশা করছে তো অন্যরা দেখার জন্য দাঁড়িয়ে গিয়েছে। রাস্তা তামাশার জায়গা নয়।
📄 রাস্তার হক
আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
ই ইয়াকুম ওয়া আল-জুলুসা ফিত-তুরুকাত... (আরবি পাঠ)
তোমরা রাস্তার ওপর বসা ছেড়ে দাও। লোকজন বলল, এ ছাড়া আমাদের কোনো উপায় নেই। কেননা এটাই আমাদের উঠাবসার জায়গা এবং এখানেই আমরা কথাবার্তা বলে থাকি। তিনি বলেন, যদি তোমাদের সেখানে বসতেই হয়; তবে রাস্তার হক আদায় করবে। তারা বলল, রাস্তার হক কী? তিনি বললেন, দৃষ্টি অবনমিত রাখা, কষ্ট দেওয়া হতে বিরত থাকা, সালামের জওয়াব দেওয়া, সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎকাজে নিষেধ করা। ৩২
টিকাঃ
৩২ বুখারী: ২৪৬৫, মুসলিম: ৫৩৮০
📄 মৌলভী সাহেবের শয়তান-মৌলভী টাইপের হয়
রাস্তায় আড্ডা দিবে তো বদনজর পড়ে যাবে। এবার এটা মাথায় কিলবিল করবে। শয়তান ওয়াসওয়াসা দিবে। আর এ ওয়াসওয়াসাকে চরিতার্থ করার জন্য যুবক হয়তো গুগলে সার্চ দিবে, পর্ন দেখবে, মাস্টারবেশন করবে। ধীরে ধীরে এডিক্টেড হয়ে যাবে। তাহলে শুরুটা হয়েছে রাস্তা থেকে। রাস্তার হক পূরণ না করা এটাও আসক্তির একটা কারণ।
আমরা উক্ত ৬টি কারণ সম্পর্কে আলাহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা করেছি। আমরা কেউই বলতে পারবো না যে, আমরা আসক্তি থেকে মুক্ত। সাধারণ মানুষের শয়তান সাধারণ টাইপের। আর মৌলভি সাহেবের শয়তান মৌলভি টাইপের।
كُلٌّ يَعْمَلُ عَلَى شَاكِلَتِهِ
প্রত্যেকেই আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকে। ৩৩
টিকাঃ
৩৩ সূরা আল-ইসরা : ৮৪
📄 যে-জাতীয় গুনাহের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে
আমরা এটাও আলোচনা করেছিলাম যে, হঠাৎ হয়ে যাওয়া গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে কম। জাহান্নামে বেশি যাবে ওই সকল গুনাহের কারণে যেগুলো আসক্তির পর্যায়ে। হঠাৎ যে সকল গুনাহ হয়ে যায় সেগুলো বিভিন্ন নেক আমল দ্বারা, তাওবা দ্বারা সহজে মাফ হয়ে যায়। আল্লাহ কেবল বিচারক নন, দয়াবানও। দু'একটি গুনাহ হয়ে গিয়েছে আর আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন- এমন নন। আল্লাহ বলেন—
بَلَىٰ مَن كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
হ্যাঁ, যে ব্যক্তি গুনাহ করে এবং সেই গুনাহ তাকে ঘিরে নিয়েছে, তারা জাহান্নামের অধিবাসী। সেটি তাদের স্থায়ী আবাস। ৩৪ গুনাহ যখন ঘিরে ফেলে তখন একটা সময় সে গুনাহের বৈধতা খুঁজে বেড়ায়। ধীরে ধীরে সে হারামকে হালাল করতে শুরু করে। এভাবে একটা পর্যায়ে সে ঈমানটা হারিয়ে ফেলে এবং চিরস্থায়ী জাহান্নামের উপযুক্ত হয়ে যায়।
টিকাঃ
৩৪ সূরা বাকারা: ৮১