📄 গুনাহ সম্পর্কে মুমিনের দৃষ্টিভঙ্গি
যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে, কোনো গুনাহের প্রতি আসক্ত হয়ে পড়ার একটা কারণ হল, যে গুনাহ-টাতে সে অভ্যস্ত ওটাকে সে বড় করে না দেখা। ওটাকে হালকা মনে করা। তার চিন্তা হল, এ আর তেমন কী! বুড়ো বয়সে তাওবা করে নিলেই বেড়া পার! অথচ এটা ভুল চিন্তা। একজন মুমিন এ ধরণের চিন্তা লালন করতে পারে না।
গুনাহ সম্পর্কে মুমিনের দৃষ্টিভঙ্গি তো এমন হবে যে, নবীজি ﷺ বলেন—
إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يقع عَلَيْهِ
'ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করবে, যেন সে একটা বিশাল পাহাড়ের নীচে বসে আছে, আর সে আশঙ্কা করছে যে, সম্ভবত পর্বতটা তার ওপর ধ্বসে পড়বে।' নবীজি বলেন, পাপিষ্ঠ কিংবা মুনাফিকরাই গুনাহকে হালকা মনে করে। ঈমানদার গুনাহকে হালকা মনে করতে পারে না। নবীজির ভাষায়—
وإِنَّ الفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ فَقَالَ بِهِ هَكَذَا
পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মত মনে করে, যা তার নাকে বসে চলে যায়। ৩০
টিকাঃ
৩০ বুখারী: ৬৩০৮