📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 জীবন তোমার যেমন হবে, মরণ তোমার তেমন হবে

📄 জীবন তোমার যেমন হবে, মরণ তোমার তেমন হবে


হাসান বসরী রহ. বলতেন— أَمْسُ أَجَلٌ، وَالْيَوْمُ عَمَلٌ، وَغَدًا أَمَلٌ
গতকাল তোমার হাতে নেই, সেটা শেষ। বর্তমান তোমার হাতে আছে, এটা আমলের। আর আগামী কালও তোমার হাতে নেই; কেননা সেটা প্রত্যাশা ছাড়া কিছু নয়। ২৬

সুতরাং আমি সারা জীবন গুনাহের উপরে থাকবো আর বুড়ো বয়সে এসে হঠাৎ করে ভালো হয়ে যাবো, তাওবা করে নিব, নিজেকে সংশোধন করে নিব— এটা কেবলই প্রত্যাশা। বাস্তবে তা হবে কিনা, আল্লাহ ছাড়া কেউ জানেন না। বরং রাসূলুল্লাহ ﷺ বলেন كَمَا تَعِيشُونَ تَمُوتُونَ জীবন তোমার যেমন হবে, মরণ তোমার তেমন হবে। وَ كَمَا تَمُوتُونَ تُبْعَثُونَ আর যেমন তোমার মরণ হবে, তেমন তোমার হাশর হবে। ২৭

টিকাঃ
২৬ আদাবুদদুনয়া ওয়াদ্দীন: ১৩৭
২৭ আসসীরাতুল হালাবিয়্যা: ১/২৭২

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 বুড়ো বয়সে তো জালিম বাঘও আল্লাহর ওলী হয়!

📄 বুড়ো বয়সে তো জালিম বাঘও আল্লাহর ওলী হয়!


শেখ সা'দী রহ. বলেন—
দর জওয়ানী তওবা শিওয়ায়ে পয়গম্বরী
ওয়াক্তে পীরি গুরগে জালিম মী শওয়াদ পরহেজগার

যৌবনকালে তাওবা করা নবীদের শিক্ষা। বুড়ো বয়সে তো অত্যাচারী নেকড়ে-বাঘও আল্লাহর ওলী হয়।

অর্থাৎ বুড়ো বয়সে নেকড়ে-বাঘ শিকার করতে পারে না। এ জন্য সে সুফি সাহেব সাজে! বলে— আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন আমি আর কারও ওপর আক্রমণ করি না, ভালো হয়ে গেছি। অনুরূপভাবে বুড়া বয়সে তো আর গুনাহ করতে পারে না! এ জন্য বলে, আমি ভালো হয়ে গেছি, এগুলো এখন আর করি না!

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 যৌবনের তাওবা আল্লাহ তাআলা বেশি কবুল করেন

📄 যৌবনের তাওবা আল্লাহ তাআলা বেশি কবুল করেন


যৌবনের তাওবা আল্লাহ কেন বেশি কবুল করেন? রাসূলুল্লাহ ﷺ বলেন—
وَشَابٌ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ

যে যুবক আল্লাহর ইবাদতের ভিতর গড়ে উঠেছে, আল্লাহ তাআলা তাকে কেয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। ২৮ দেখুন আরশের নিচে ছায়ার সঙ্গে সম্পৃক্ত যে সাতটা আমলের কথা প্রসিদ্ধ হাদীসে এসেছে, অধিকাংশ যৌবনের সঙ্গে সম্পৃক্ত। যেমন আরেকটি দেখুন— وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلى نَفْسِهَا، قَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ

'এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী নারী অবৈধ মিলনের জন্য আহ্বান জানিয়েছে। তখন সে বলেছে আমি আল্লাহকে ভয় করি।'

এ আহ্বান করাটা ছবিতে হতে পারে, ভিডিওতে হতে পারে, কথিত সেলিব্রেটি হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, মুভি হতে পারে, বাস্তবে হতে পারে। এ সবই হচ্ছে আহ্বান করা বা invite করা। একটা মেয়ে তোমাকে invite করেছে নানাভাবে অঙ্গভঙ্গি দিয়ে, গান দিয়ে, বাদ্য দিয়ে, অভিনয় দিয়ে অথবা বাস্তব জীবনে। আর তুমি ওই সময়ে বলেছ إِنِّي أَخَافُ اللَّهَ দেখতে তো মনে চায় কিন্তু আমি দেখব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমার তো মনে চায়, রাতের দু'টায় উঠে একটা খারাপ কাজ করি। কিন্তু আমি করবো না, কারণ إِنِّي أَخَافُ اللَّهَ আমি আল্লাহকে ভয় করি। আমার তো মনে চায়, পরনারীর ফটো দেখতে ভিডিও দেখতে তার প্রতি কুদৃষ্টি দিতে কিন্তু আমি তা করবো না। কারণ إِنِّي أَخَافُ اللَّهَ আমি আল্লাহকে ভয় করি। রাসূলুল্লাহ ﷺ বলেন, এ যুবককে কেয়ামতের দিন আরশের নিচে ছায়া দেয়া হবে। আরেকটি আমল দেখুন, এটাও অনেকটা যৌবনের সঙ্গে সম্পৃক্ত। নবীজি বলেন— وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلَاءٍ فَفَاضَتْ عَيْنَاهُ যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে তার চোখ হতে অশ্রু বের হয়ে পড়ে। ২৯

টিকাঃ
২৮ বুখারী: ১৪২৩; মুসলিম: ১০৩১
২৯ বুখারী: ১৪২৩, মুসলিম: ১০৩১

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 যৌবনের তাওবা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় কেন?

📄 যৌবনের তাওবা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় কেন?


বাস্তব অভিজ্ঞতা হল এই, একজন যুবক তাওবা করার পরে যে পরিমাণ চোখের পানি দিতে পারে, আল্লাহর কাছে লজ্জিত হতে পারে, ভালো হতে পারে, কাঁদতে পারে, দীনের ফিকির তার মাথায় আনতে পারে, দীনের মহব্বত তার অন্তরে আসে; যে পরিমাণ আল্লাহপ্রেম নবীজির প্রতি ভালোবাসা তার অন্তরে আসে, দীনের জন্য জান কুরবানী করার চিন্তা যে পরিমাণ তার মাঝে আসে— একজন সত্তর বছরের বৃদ্ধ এর চেয়ে বেশি তাওবা করে, বেশি ইস্তেগফার করে এ পরিমাণ কাঁদতে পারে না, এ পরিমাণ আল্লাহর মহব্বত অন্তরে আনতে পারে না! এ কারণেই যৌবনের তাওবা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন।

ফন্ট সাইজ
15px
17px