📄 অবসর সময়ের মূল্যায়ন করুন
রাসূলুল্লাহ ﷺ যথার্থ বলেছেন—
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ
এমন দু'টি নিয়ামত আছে, যে দুটোর সঠিক মূল্যায়ন না করার কারণে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে الصِّحَّةُ وَالْفَرَاغُ সুস্থতা আর অবসর থাকার নেয়ামত। ২৩
সুতরাং অবসর থাকাটা যেন শয়তানের সঙ্গে বন্ধুত্বের কারণ না হয়। শয়তানের সঙ্গে সঙ্গ দেয়ার কারণ না হয়; বরং অবসর থাকাটা যেন আল্লাহর সঙ্গে সঙ্গ দেয়ার কারণ বনে যায়।
তামান্না আমার যদি পেতাম এমন কোনো নির্জনতা; একাকী বসে ভাবতাম তাঁকে দূর করতাম অস্থিরতা।
শোকর আদায় কর, তুমি জিকির করার সময় পাচ্ছ। নফল আমল করার, দীনের কাজ করার সময় পাচ্ছ। শোকর আদায় কর, মসজিদে সময় দেয়ার সময় পাচ্ছ। শোকর আদায় কর একজন আল্লাহওয়ালার কাছে যাওয়ার সময় পাচ্ছ। যদি তুমি ব্যস্ত হয়ে যেতে তাহলে এই সময়গুলো তুমি পেতে না। তাহলে তুমি কীভাবে তোমার এই সময়টাকে নষ্ট করে দিচ্ছ!
টিকাঃ
২৩ বুখারী: ৬০৪৯
📄 আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি.-এর ঘটনা
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর কাছে এক যুবক এসে বলল, হযরত! আমল করতে পারি না। ইবনে আব্বাস রাযি. জিজ্ঞেস করলেন, কেন? যুবক উত্তর দিল إني كسلان আমি অলস। তাই সময় কেটে যায়, আমল করতে পারি না। ইবনে আব্বাস রাযি. তখন যুবককে বললেন—
إِنِّي أَكْرَهُ أَنْ يَقُولَ الرَّجُلُ: إِنِّي كَسْلَانٌ
আর আমি এ কথা কোনোভাবেই মেনে নিতে পারি না যে, একজন লোক বলবে আমি অলস। ২৪
টিকাঃ
২৪ মুসান্নাফ ইবনি আবী শাইবা: ৯/৬৭
📄 আসল কাজ তো আখেরাত উপার্জন করা
বেকারত্ব একজন মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কোনো মুমিন বেকার থাকতে পারে না। টাকা পয়সা ইনকাম করা আসল কাজ নয়। আসল কাজ তো আখেরাত উপার্জন করা। সুতরাং টাকা পয়সা ইনকাম করার কাজে না থাকলেই সে বেকার নয়। কী আশ্চর্য! এটা তো বস্তুবাদী চিন্তা। বস্তুবাদ আমাদের মনে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে, যে ব্যক্তি টাকা পয়সা ইনকাম করে না, সে বেকার। আর যে ব্যক্তি টাকা পয়সা ইনকাম করে সে চালাক, বুদ্ধিমান। অথচ প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি চালাক এবং বুদ্ধিমান কে? রাসূলুল্লাহ ﷺ বলেন الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে রেখেছে এবং মৃত্যুর পরের জন্য নেকীর পুঁজি সংগ্রহ করেছে, সে ব্যক্তিই প্রকৃত সবল ও বুদ্ধিমান। ২৫
টিকাঃ
২৫ তিরমিযী: ২৪৪২