📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 বন্ধু কবরেও গিয়ে পর্নোগ্রাফি পাঠায়

📄 বন্ধু কবরেও গিয়ে পর্নোগ্রাফি পাঠায়


একটা ঘটনা মনে পড়ল। আরব বিশ্বের অন্যতম আলেম ড. মুহাম্মাদ আল আরিফি- তাঁর একটা বয়ানে শুনেছি। তিনি বলেন, এক যুবক তাঁর কাছে খুব লজ্জিত হয়ে আসলো এবং কান্নাকাটি শুরু করে দিল। শায়খকে সে জানালো, শায়খ! আমি খুব বিপদে আছি। আমার বন্ধু মারা গেছে। আমার বন্ধু কবরে চলে গিয়েছে। সে তো কবরে চলে গিয়েছে কিন্তু তার ইমেইল আইডি থেকে আমার ইমেইলে এখনও প্রতিনিয়ত পর্নোমুভি আসে। বন্ধু তো কবরে চলে গিয়েছে কিন্তু আমার কাছে পর্নোমুভি পাঠানো বন্ধ করে যায়-নি। এ জন্য আমি খুব টেনশনে আছি।

শায়খ বললেন, খুলে বল কী ঘটনা? যুবক বলা শুরু করল, আমরা কয়েকজন বন্ধু ছিলাম। সবাই এক সময় নামায-কালাম পড়তাম। ভালোই ছিলাম। কিন্তু আমাদের সঙ্গে একজন খারাপ বন্ধু জুটে গেল। সে বিভিন্ন সময় স্মার্টফোনের বিভিন্ন জিনিস দেখাতো। বন্ধুবান্ধবের মাঝে সম্পর্ক খোলামেলা টাইপের হয়, তাই আমরাও ওই বন্ধুর পাল্লায় পড়ে মাঝে মাঝে এগুলো দেখা শুরু করে দিলাম।

একটা সময়ে সে আর সাধারণ জিনিস দেখায় না। একেবারেই খারাপ অশ্লীল মুভিগুলো, সরাসরি ব্যভিচার টাইপের জিনিসগুলো দেখানো শুরু করল। প্রথম প্রথম আমরা তাকে বকাঝকা করতাম। কিছু উপদেশও দিতাম। বলতাম, এগুলো ভালো না ভাই, ঠিক হয়ে যাও। কিন্তু মনে মনে এটাও চাইতাম যে, একটুখানি আরও দেখি। একদিন দুইদিন এরকম হতে হতে একটা পর্যায়ে এসে আমরাও অভ্যস্ত হয়ে পড়েছিলাম। একটা সময়ে সব বন্ধুবান্ধব মিলে একেবারে গ্রুপিংভাবে এই নোংরা জিনিসগুলো দেখা শুরু করলাম। তো একদিন আমাদের ওই বন্ধুকে বললাম, বন্ধু! তুমি তো দেখি প্রতিদিন নতুন নতুন জিনিস আনো, ঘটনা কী! কোথায় পাও এগুলো? আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করে তো এগুলো পাই না।

তো বন্ধু আমাদেরকে বলল, আমি একটা ওয়েবসাইটের সাবস্ক্রাইবার। যখনই কোনো নতুন ভিডিও আপলোড হয় আমার কাছে নোটিফিকেশন আসে আর আমি সেটা পেয়ে যাই।

আমরা আগ্রহ প্রকাশ করলাম এবং বললাম, আমাদেরকেও ওটার সাবস্ক্রাইবার বানিয়ে দাও। সে উত্তর দিল, ডলার খরচ হবে। এরপরেই বন্ধু আমাদেরকে যুক্তি দিল, ডলার খরচের দরকার নেই। তোমরা নিজেদের মেইল আইডি আমার কাছে দিয়ে দাও। আমি এমন একটা সিস্টেম করে দিবো যে, যখন আমার কাছে নতুন ভিডিওর নোটিফিকেশন আসবে তখন তোমাদের কাছেও অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে, অটো ফরওয়ার্ড করে দিবো আমি। তোমরা আমার মতো দেখতে পারবে।

আল্লাহর কী হুকুম! আমাদের ওই বন্ধু হঠাৎ করে এক্সিডেন্টে মারা গেল। একেবারে বাসের তলায় পিষ্ট হয়ে অন দ্যা স্পট মারা গেল। বন্ধুতো কবরে চলে গেল কিন্তু সে কী করে গিয়েছে জানি না; হয়তো কোনো অটো সিস্টেম করে গিয়েছে যে, তার আইডি থেকে নোটিফিকেশন আসা এখনও বন্ধ হয়নি। এখনও ওই ওয়েবসাইটে যখনই কোনো ভিডিও আপলোড হয় সঙ্গে সঙ্গে আমাদের আইডিতে নোটিফিকেশন চলে আসে। এভাবে আমাদের বন্ধু এখনও কবর থেকেও আমাদের কাছে পর্নোমুভির নোটিফিকেশন পাঠাচ্ছে! আমার তো ভয় হয়, এর কারণে আমার কী হয়! তাই আমি তাওবা করতে এসেছি।

শায়খ আরেফি যুবকের দীর্ঘ বক্তব্য শোনার পর বললেন, ব্যাপারটা তো কঠিন কিছু নয়। ওয়েবসাইট কতৃপক্ষের কাছে তোমরা মেইল করে বলো, আমরা আর এটা চাই না। এটা পাঠানো বন্ধ করে দাও।

তখন যুবক বলল, এ চেষ্টাও আমরা করেছি। কিন্তু কতৃপক্ষ জানালো, তোমার আইডি দিয়ে আমাদের ওয়েবসাইটে কোনো সাবস্ক্রাইবার নেই। কাজেই আমরা এটা অফ করতে পারব না। যার আইডি তার মেইল থেকে যদি আমাদের অফ করার জন্য বলা হয় তাহলে আমরা অফ করবো। এর আগে নয়। এখন সমস্যা হল, আমাদের ওই বন্ধুর আইডির পাসওয়ার্ড তো আমাদের জানা নেই। পাসওয়ার্ড আমরা উদ্ধার করার চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। যার কারণে বন্ধুর কাছে যতবার নোটিফিকেশন আসে আমাদের কাছেও ততবার নোটিফিকেশন আসে।

চিন্তা করে দেখুন, এই যে এতগুলো বন্ধু পর্নোমুভিতে এডিক্টেড হল কার কারণে? একজন খারাপ বন্ধুর কারণে। আসলে একটি সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একজন এডিক্টেডই যথেষ্ট। একজন আসক্ত রোগীই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তাওফীক দান করুন আমীন।

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ

📄 খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ


ফারসিতে একটা প্রবাদ আছে—
ইয়ার বদ বদ তর বুদ আজ মারবদ

অর্থাৎ খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ। কিছু বন্ধু থাকে, যারা সব সময় অন্যদের নিয়ে সমালোচনা বা পরচর্চা করতে পছন্দ করে। অন্যদের নিয়ে মিথ্যা বানোয়াট গল্প সাজাতেও তাদের জুড়ি নেই। বিভিন্ন গুনাহের কাজটিও তারা ভালোভাবে করতে জানে। এদের কাছ থেকে দূরে থাকুন। নবীজী এদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, এরা কামারের হাপরের মত।

وإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا مُنْتِنَةً

হয় তোমার বাড়ি জ্বালিয়ে দেবে, নচেৎ তোমার কাপড় পুড়িয়ে দেবে আর না হলে অন্তত দুর্গন্ধ হলেও ছড়াবে। ১২

টিকাঃ
১২ সহিহ বুখারী: ২১০১

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 এমন বন্ধু নির্বাচন করুন, যে আপনাকে জান্নাতে না পেলে খুঁজবে

📄 এমন বন্ধু নির্বাচন করুন, যে আপনাকে জান্নাতে না পেলে খুঁজবে


বিপরীতে ভালো বন্ধু হলে কী হয় দেখুন, হাসান বসরী রহ. লিখেন যে, এক লোক জাহান্নামী হয়ে যাবে। দুনিয়াতে যার এক বন্ধু ছিল ভালো, যে জান্নাতে যাবে। জান্নাতী বন্ধু পৃথিবীতে থাকা সময়ের স্মৃতিচারণ করবে। তখন তার বন্ধুর কথা মনে পড়ে যাবে। তাই সে ফেরেশতাদের জিজ্ঞেস করবে—

مَا فَعَلَ صَدِيقِي فُلانٌ؟ وَصَدِيقُهُ فِي الْجَحِيمِ

'আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না, সে কোথায়?' বলা হবে, 'সে তো জাহান্নামে'।

তখন ওই জান্নাতী বন্ধু আল্লাহর কাছে বলবে, 'হে আমার রব! আমার বন্ধুকে খুব মিস করছি। তাকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ যে পরিপূর্ণ হচ্ছে না!' এবার বলুন, জান্নাতীদের কোনো আশা অপূর্ণ থাকবে এমনটি কী হবে? বরং আল্লাহ তাআলা তো বলেছেন—

وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ

সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে যা তোমরা দাবী কর। ১৩ আল্লাহ জান্নাতীদের সকল আশা পূরণ করবেন। কেবল মনে মনে চিন্তা করবে সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, 'তাড়াতাড়ি তার ওই জাহান্নামী বন্ধুটাকে জাহান্নাম থেকে বের করো।' দেখুন, তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এ কারণে নয় যে, সে রাতভর ইবাদত করত কিংবা কুরআন পড়ত, বেশি বেশি সাদকা করত, দিনের পর দিন রোজা রাখত! বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার বন্ধু তাকে স্মরণ করেছে। তার জান্নাতী বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়েছে।

এ অবাককরা দৃশ্য দেখে জাহান্নামের বাকি লোকগুলো জানতে চাইবে, 'কী কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হল, তার বাবা কি শহীদ? তার ভাই কি শহীদ? তার জন্য কি কোনো ফেরেশতা বা নবী সুপারিশ করেছেন?' জাহান্নামিরা এ জাতীয় বহু প্রশ্ন ও মন্তব্য করতে থাকবে। কেননা বিষয়টা তখন জাহান্নামের মধ্যে ভাইরাল হয়ে যাবে যে, কোনো সুপারিশ ছাড়া জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাচ্ছে!

তখন তাদের এসব প্রশ্নের জবাবে বলা হবে, 'না; বরং দুনিয়াতে তার যে নেককার বন্ধু ছিল, সেই বন্ধু জান্নাতে তার কথা স্মরণ করেছে। তার কথা জিজ্ঞেস করেছে। তাই আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দার আশা পূর্ণ করার জন্য এ জাহান্নামিটাকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।' এ কথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে, 'হায়! আজ আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই। হায়! আমাদের এমন কোনো সত্যিকারের বন্ধু নেই!' ১৪

উক্ত ঘটনা বর্ণনা করার পর হাসান বসরী রহ. বলেন, এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন যে, সেদিন জাহান্নামীরা বলবে—

فَمَا لَنَا مِن شَافِعِينَ . وَلَا صَدِيقٍ حَمِيمٍ

আজ আমাদের না আছে কোনো সুপারিশকারী এবং না আছে কোনো সুহৃদয় বন্ধু। ১৫

টিকাঃ
১৩ সূরা ফুসসিলাত: ৩১
১৪ তাফসীরে বগভি: ৩৭১
১৫ সূরা আশ-শুআরা: ১০০, ১০১

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 যার তার সঙ্গে মহব্বতের সম্পর্ক নয়

📄 যার তার সঙ্গে মহব্বতের সম্পর্ক নয়


এ কারণেই যেখানে সেখানে আত্মীয়তা নয়। যার তার সঙ্গে বন্ধুত্ব নয়। যার তার সঙ্গে মহব্বতের সম্পর্ক নয়। আপনি আজ আপনার যে নেতার পিছনে স্লোগান দিচ্ছেন, তার সঙ্গে আপনার সম্পর্কটা কিন্তু লেনদেনের। স্লোগান বন্ধ করবেন, ডাস্টবিনে, রাস্তার কিনারায় ফেলে দিবে। মামলা ঠুকে দিবে। জেলে ঢুকিয়ে দিবে। আর একজন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাঁকে ভালোবাসবেন তাহলে তিনি জান্নাতে গিয়েও আপনার কথা স্মরণ করবে। তার উসিলায় আপনি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবেন।

ফন্ট সাইজ
15px
17px